চীনের নেতৃত্বে বড় রকমের রদবদল হলো। বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাওয়ের উত্তরসূরি হলেন শি জিনপিং। দলীয় প্রধান হিসেবেও তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। আর হু জিনতাও? স্বেচ্ছায়ই তিনি সব পদ থেকে পদত্যাগ করলেন। যদিও একসময় ধারণা করা হয়েছিল, সেনাবাহিনীর নীতিনির্ধারক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি থাকতে পারেন। তবে তিনি পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন, কোনো পদই তিনি আঁকড়ে ধরে রাখবেন না। নতুন নেতৃত্ব, নতুন উদ্দীপনা—সব ক্ষেত্রেই নতুনের আবাহন।মহাচীনের ৬৩ বছরের ইতিহাসে শি জিনপিং হলেন পঞ্চম মহানায়ক। প্রতিষ্ঠাতা মাও সেতুং (সঙ্গে চৌ এন লাই), দেং জিয়াও পিং, জিয়াং জেমিন ও হু জিনতাওয়ের পর কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ও রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিচ্ছেন এই স্পষ্টভাষী, দুর্নীতিবিরোধী ৫৯ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি একজন পরীক্ষিত নেতা। ভাইস প্রেসিডেন্ট ছাড়াও কেন্দ্রীয় সামরিক পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেছেন। অল্প বয়সেই তিনি প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং কমিউনিস্ট পার্টির বিভিন্ন দায়িত্বশীল পদে আপন কর্মক্ষমতার পরিচয় দেন। জন্মস্থান ফুজিয়ান প্রদেশে তাঁর রাজনৈতিক জীবনের শুরু হলেও তিনি অন্যান্য প্রদেশে তাঁর কর্মদক্ষতার পরিচয় দেন। চেচিয়াং প্রদেশে তিনি পার্টির প্রধান হয়ে দাঁড়ান।এই পরিবর্তন এবং শি জিনপিংয়ের রাষ্ট্রের ও পার্টির সর্বোচ্চ পদপ্রাপ্তি প্রত্যাশিত ছিল। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, পূর্বসূরিদের সঙ্গে তাঁর দায়িত্বভার গ্রহণের কিছু ব্যতিক্রমী ভাব রয়েছে। শি জিনপিং হচ্ছেন একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা প্রয়াত শি জোংশুন ছিলেন কমিউনিস্ট পার্টির একজন অত্যন্ত শীর্ষস্থানীয় কর্মকর্তা। তা ছাড়া, চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) নেতৃত্বে এবং সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদে (স্ট্যান্ডিং কমিটি অব দ্য পলিটব্যুরো) যাঁরা স্থান পেয়েছেন, তাঁদের অনেকেরই রয়েছে এই পারিবারিক রাজনৈতিক পটভূমি। তবে বিবিসির বিশ্লেষণ অনুযায়ী এটাও ঠিক যে, সব নতুন নেতাই অল্প বয়স থেকে পার্টির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। অভ্যন্তরীণ দলীয় নেতৃত্বের সমর্থন তাঁরা পেয়েছেন। তাঁদের নৈতিকতাবোধ, সংযম ও সততা পরীক্ষিত ও প্রতিষ্ঠিত। তৃণমূল জনগণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁদের রয়েছে। আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, যদিও চীনা সমাজে ও রাষ্ট্রযন্ত্রে নারীদের অধিকার সর্বস্বীকৃত, তবু সর্বোচ্চ পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির ২৪ সদস্যের মধ্যে মাত্র একজন রয়েছেন নারী। তিনি হচ্ছেন লিউ ইয়ান দং।এটা অনস্বীকার্য, এবারের পার্টির নেতৃত্বে যাঁরা এসেছেন, তাঁদের অনেকেরই ক্ষমতাধর পারিবারিক সম্পর্ক রয়েছে।সম্প্রতি ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন-এ ইয়ান জনসনের লিখিত একটি প্রবন্ধে (১৪ নভেম্বর) বলা হয়েছে, এই রাজনৈতিক পারিবারিক প্রাধান্য বিস্তারের সূচনা হয়েছিল সত্তরের দশকের জেনারেল ইয়ে জিয়ান ইংয়ের আবির্ভাবের পর থেকে। ‘কালচারাল রেভল্যুশন বা সাংস্কৃতিক বিপ্লবের পর থেকে সত্তরের দশকেও যখন উগ্র মাওবাদী চক্র চীনের নিয়ন্ত্রণ কুক্ষিগত করার চেষ্টা করছিল, তখন শক্তিধর জেনারেল ইয়ে জিয়ান ইং মধ্যমপন্থীদের সহায়তায় আবির্ভূত হয়ে দেশটিকে কিছুটা মুক্ত অর্থনীতি এবং উদার রাজনৈতিক চিন্তাধারার দিকে চালিত করার সফল চেষ্টা করেন। এর সঙ্গে সঙ্গে তিনি যোগ্য সন্তানদের সহযোগে একটি প্রভাবশালী রাজনৈতিক ও বাণিজ্যিক পারিবারিক পরিমণ্ডল সৃষ্টি করতে সমর্থ হন। ১৯৮৬ সালে ৮৯ বছর বয়সে তাঁর মৃতুর পরও তাঁর সন্তানেরা দেশে, বিশেষ করে দক্ষিণ চীনে তাঁদের প্রভাব অক্ষুণ্ন রাখতে সক্ষম হন। মঞ্চের অন্তরালে প্রায় অলক্ষেই চীনে এই পারিবারিক প্রভাবের সংস্কৃতি গড়ে উঠতে শুরু করে। অবশ্য সেটা অনানুপার্জিত নয়, পারিবারিক পটভূমি শুধু রাজনৈতিক অগ্রগতিতে সহায়তা করে মাত্র। যেমন, এবার হলো শি জিনপিংয়ের উত্থান। শক্তিশালী পারিবারিক সমর্থন থাকলেও তাঁকে যে আপন দক্ষতা ও বিচক্ষণতা প্রমাণের জন্য কায়ক্লেশে তৃণমূল থেকেই জীবনের অগ্রযাত্রা শুরু করতে হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। এটাও অনস্বীকার্য, চীন এখন এমন একটি স্তরে পৌঁছেছে যে রাজনীতি ও অর্থনীতিতে ব্যক্তিগত সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ উৎপাদক। কিন্তু এককভাবে শুধু তা-ই নয়, এ হচ্ছে সহায়ক, অন্যান্য বহু দেশের মতো—যেমন রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ—নিয়ামক নয়।শি জিনপিংয়ের কথাই ধরা যাক। তাঁর বাবা গুরুত্বপূর্ণ ‘পার্টি লিডার’ ছিলেন। গভর্নর, উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এক অগ্রগামী চিন্তাবিদ ছিলেন। কিন্তু শুধু এরই জোরে শি জিনপিং এই সর্বোচ্চ পদ লাভ করলেন, তা মোটেই ঠিক নয়। তাঁর বাবা তাঁকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের ব্যবস্থা করে দিতে পেরেছিলেন। পরবর্তী সময়ে শি জিনপিং নিজের দক্ষতায় (যদিও পৈতৃক সম্পর্ক সহায়তা করেছিল) নেতাদের ব্যক্তিগত সহকারী, স্থানীয় সরকারের কর্মকর্তা, প্রাদেশিক পার্টিতে উল্লেখযোগ্য পদ লাভ ইত্যাদি অর্জনের ভেতর দিয়ে উচ্চতম স্তরে আসীন হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এককালে মনে হয়েছিল যে লি কেকিয়াং তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন। আসলে লি কিন্তু হু জিনতাওয়ের নৈকট্যধন্য ছিলেন। ডেং জিয়াওপিং জিয়াং জেমিনকে চয়ন করেন ১৯৮৯ সালের তিয়েনআনমেন স্কয়ারের গণ-অভ্যুত্থানের পর। পরবর্তী সময়ে তাঁরই পছন্দের হু জিনতাও জিয়াং জেমিনের স্থলাভিষিক্ত হন। সুতরাং, হু জিনতাওয়ের নৈকট্যগুণে লি কেকিয়াংয়ের সর্বোচ্চ পদের দাবিদার হওয়া যথেষ্ট যুক্তিসংগত বলে ধরা হয়েছিল কয়েক বছর আগে। কিন্তু শি জিনপিং আপন গুণে এবং অনুকূল সম্পর্কের জোরে ধীরে ধীরে অগ্রগামী হয়ে গেলেন। লি কেকিয়াং এই কংগ্রেসে হলেন প্রধানমন্ত্রী। সদ্য সমাপ্ত অষ্টাদশ পার্টি কংগ্রেসের এটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষণীয় বৈশিষ্ট্য। এই কংগ্রেসের মাধ্যমে যাঁরা চীনের নেতৃত্ব লাভ করলেন, তাঁরা কেউই কিন্তু নিয়োগপ্রাপ্ত নন। তাঁরা সত্যিকার অর্থে নিজ গুণে বহু বন্ধুর পথ অতিক্রম করে বিভিন্ন কারণে নির্বাচিত (পার্টি কর্তৃক) হয়েছেন। পলিটব্যুরোর সদস্যসংখ্যা ২৪ এবং এর স্ট্যান্ডিং কমিটির সদস্যসংখ্যা ছিল ৯। কিন্তু এবার দেখা যাচ্ছে, সাতজনের নাম ঘোষণা করা হয়েছে। হয়তো বা পরবর্তী সময়ে এটা ৯-এ উন্নীত হবে। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেং ইয়ংনিয়ান মন্তব্য করেছেন, ‘এই প্রথমবারের মতো রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে নেতৃত্ব নির্ধারিত হলো।’ বোঝাই যাচ্ছে, এই নতুন নেতৃত্ব একটি অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব বলে পরিগণিত হবে এবং বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের পুনরাবির্ভূত ওবামার নেতৃত্বের সঙ্গে যুগপৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী কয়েক বছর।বাংলাদেশের জন্য এই প্রতীক্ষিত পরিবর্তন বিশেষ অর্থবহ হয়ে দাঁড়ানোর সমূহ সম্ভাবনা রয়েছে। কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সম্প্রতি চীন সফর করেছিলেন এবং এর মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল এই নবনিযুক্ত প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। তখনো শি জিনপিংয়ের নির্বাচন প্রত্যাশিত ছিল এবং এর পরিপ্রেক্ষিতে আসন্ন কংগ্রেসের আগেই শি জিনপিংয়ের এই আমন্ত্রণ ও আলোচনা বিশেষ অর্থবহ হিসেবে গ্রহণ করা যেতে পারে। খালেদা জিয়ার সঙ্গে শি জিনপিংয়ের এই আলোচনা সভা যথেষ্ট দীর্ঘ হয়েছিল—ঘণ্টা খানেকেরও অধিক—এবং তা লৌকিক কথাবার্তায় সীমিত ছিল না। উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল এবং বেগম জিয়া বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে চীনের সম্ভাব্য সহযোগিতার কথা খুব বলিষ্ঠভাবেই তুলে ধরেছিলেন। শি জিনপিং আন্তরিকভাবেই সব ধরনের সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়ে অদূর ভবিষ্যতে পরবর্তী ‘মিটিং’য়ে এই আলোচনার পরবর্তী কার্যক্রমের ধারাবাহিকতার আশা প্রকাশ করেছিলেন। আমরা আশা করি, চীনের এই নতুন নেতৃত্ব বাংলাদেশের সঙ্গে অধিকতর সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে বলিষ্ঠতর ভূমিকা নেবে। চাই কি, অন্য একটি পদ্মা সেতুও হয়ে যেতে পারে।সত্যিকার অর্থেই চীন বাংলাদেশের জন্য এক স্বস্তির বাতায়ন। ইনাম আহমদ চৌধুরী: উপদেষ্টা, বিএনপির চেয়ারপারসন।