শিউলি ফুলের গন্ধের ভেতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরে দুর্গাপূজার একটি মণ্ডপ থেকে আরেকটি মণ্ডপের দূরত্ব গড়ে এক থেকে দেড় কিলোমিটার। ১১-১২টি মণ্ডপে পূজা হয় চার দশক ধরে। মাঝেমধ্যে কোনো কোনো বছরে একটি মণ্ডপ বাড়ে-কমে। সেটি সোনাতলার মণ্ডপ, স্থানীয় বাসিন্দারা বলে সরকারি পূজা। কোনো কোনো বছর এই মণ্ডপে পূজা হয়, কোনো বছর হয় না। আর সব বারোয়ারি, একখানা পারিবারিক।শহরের উত্তর দিকে হাঁড়িখালি ও মুনিগঞ্জ, মাঝখানে শালতালায় হরিসভা, চালপট্টির রাধেশ্যাম মন্দির, দক্ষিণে নাগেরবাজার; সেখান থেকে পশ্চিম দিকে বাগেরহাট-খুলনা মহাসড়ক মাথায় রেখে এগোলে দাসপাড়া, বাসাবাটিতে দুটো, বাসাবাটিতেই আছে পারিবারিক ছোট্ট একটি মণ্ডপ, এরপর সাহাপাড়া আর পশ্চিম মাথায় সোনাতলা, এর একটু উত্তর দিকে সোনাতলা সরকারি পূজামণ্ডপ আর দশানি। এই মণ্ডপগুলোর কোনো কোনোটায় এই শহরের জমিদারি ব্যবস্থায় মণ্ডপ পত্তনের সম্পর্ক আছে। সেই সম্পর্কের জের ধরে এখনো মণ্ডপ ও প্রতিমার চাকচিক্য এদিক-ওদিক হয়, ভেতরে ভেতরে ছদ্ম প্রতিযোগিতাও চলে। সেখানে এখন যুক্ত হয়েছে শহরের স্থানীয় রাজনীতির প্রভাব। দিন গুনে পঞ্চমীর দিনেও সেভাবে বোঝার উপায় থাকে না কাল থেকে মূল পূজা শুরু হচ্ছে। হ্যাঁ, শিশু-কিশোরদের ভেতর এক প্রকার নিজস্ব হিসাব থাকে। আমাদের বাল্যে তা ছিল। দেবীর চক্ষুদানের আগে কী তারও আগে প্রায় প্রতিদিন একমাটি দোমাটি থেকে একবার ধারে-কাছের মণ্ডপে ঢুঁ মারার যে রীতি, তা চলে। প্রতিমা কেমন হচ্ছে, অন্য পাড়ার সহপাঠীকে জানানোর বিষয়টিও এই দেখাশোনায় খোলাসা হয়। কিন্তু মণ্ডপ মাইক না বাজলে পূজা যে শুরু হয়েছে তা বোঝা যায় কই?ষষ্ঠীর দিন সকালে একেকটি মণ্ডপে যখন ভারতীয় শিল্পীদের বাংলা গানের রেকর্ড বাজতে থাকে, মাইকে শোনা যায় ঢাকের আওয়াজ, অঞ্জলি দানের সময় পুরোহিতের গলা—এসব মিলে এক প্রকার আবহ তৈরি হয়ে যায়। ভারতীয় পঞ্চাশ ও ষাটের দশকের শিল্পীদের যে গান বাজে, তা প্রায় প্রতিটি মণ্ডপেই একই। সেখানে দেবী দুর্গা আর তাঁর ক্ষমতাবান সন্তানসন্ততি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, স্বামী শিব আর প্রতিপক্ষ সবচেয়ে আকর্ষণীয় মূর্তি অসুরকে নিয়ে কোনো গান যেমন আগেও বাজত না, এখনো বাজে না। ফলে, যেকোনো একটি মণ্ডপের কাছে কিছুক্ষণ দাঁড়ালে যে গানগুলো বাজে, রিকশায় উঠে গোটা শহর চক্কর দিলেও সেই প্রায় একই গানগুলোর আসরেই যেন থাকা হয়। যেমন, মুনিগঞ্জে যদি আশা ভোঁসলের গলায় ‘ঠাকুরঝি কেমন তোমার ভাই, লিখেছে পুজোর ছুটি নাই, পুজোতে আসবে না বাড়ি’ শুনতে শুনতে রওনা দেওয়া যায়, শালতালায় হরিসভা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কিশোর কুমারের ‘সে যেন আমার পাশে আজও বসে আছে’, রাধেশ্যাম মন্দির থেকে ভেসে আসবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় ‘চন্দন পালঙ্কে শুয়ে একা একা কী হবে, জীবনে তোমায় যদি পেলাম না’, নাগেরবাজারের দিকে যেতে যেতে হেমন্তের গলায় ‘আমি দূর হতে তোমারে দেখেছি’, বাসাবাটিতে তখন বাজছে, লতা মুঙ্গেশকরের ‘প্রেম একবারই এসেছিল নীরবে’, হয়তো, দূরে কান পাতলে সাহাপাড়ার মণ্ডপ তখন মান্না দে বা শ্যামল মিত্র অথবা অন্যত্র সতীনাথ বা প্রতিমা বন্দ্যোপাধ্যায় হয়তো কোথাও মোহাম্মদ রফি বা তরুণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ‘কাজল নদীর জলে’। সঙ্গে কোনো ফাঁকে বাজে পান্নালালের ভক্তিমূলক, কৃষ্ণা চট্টোপাধ্যায়ের অতুলপ্রসাদী। গানের এই বৈচিত্র্যহীনতা অথবা প্রতিটি মণ্ডপে একই সমস্বরের ভেতরই পুরো শহরে যেন পূজার একটা স্থিরীকৃত আবহ তৈরি হয়ে যায়। যেন এসব গানের বছরের একবারের এমন এই উপস্থিতির সঙ্গে দুর্গোৎসবের বেশ যোগ আছে। কিন্তু কল্পিত একটা দূরত্ব থেকে যদি শোনা যায়, তা হলে মনে হবে, একই হাতে বাজানো হচ্ছে এসব গ্রামফোন রেকর্ড, ক্যাসেট বা অডিও সিডি ভিন্ন ভিন্ন মণ্ডপে।কৈশোরকালীন এসব দেখার একটি নিজস্ব কায়দা ছিল, অন্তত বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার আগ পর্যন্ত। পাড়ার বন্ধুরা, দুই-একজন সহপাঠী ও বন্ধু সহযোগে সন্ধ্যা হলেই আট-দশটি রিকশা ঘণ্টাওয়ারি ভাড়া করে মণ্ডপে মণ্ডপে প্রতিমাদর্শন ছিল মূল কাজ। এক মণ্ডপ নেমে তারপর অন্য মণ্ডপে যাওয়ার আগে এক-একজনের রিকশা বদল হতো, হতো সঙ্গী বদলও। মুনির, ধীমান, রেঞ্জার, ছোট, রাজু আর আমি। নেতৃত্বে আমরা। আমাদের সঙ্গে বাকিরা, তারা আমাদের চেয়ে বয়সে ছোট। ভাবখানা এই—আমরা এই পাড়ার সবাই মিলে তোমাদের পাড়ার পূজা দেখতে এসেছি দলবেঁধে। সারা শহর ঘুরে নিজেদের হরিসভা পূজামণ্ডপেই আসতাম সবচেয়ে পরে। রাত তখন বেশ, সেই বয়সের হিসাবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার পরে টের পেলাম, প্রায় প্রত্যেকেরই ভেতরের এই সুতোর টান একটু একটু করে আলগা হয়ে গেছে। কেউ রাজশাহী বা ঢাকা থেকে হয়তো পূজার সময় আর আসছেই না। এলেও তার বন্ধুবৃত্তের পরিবর্তন হয়ে গেছে। শহরে যারা রয়ে গেছে, তাদের সময় নেই। কেউ হয়তো চিরতরে এই শহর ছেড়ে অন্যত্র চলে গেছে। আর কর্মজীবনে ঢুকতে ঢুকতে দেখা গেল, পূজায় কার সঙ্গে দেখা হবে কার সঙ্গে দেখা হবে না—তা যেন আর কোনোভাবেই স্থির নয়।গত প্রায় ২০-২২ বছর পূজার সময় বাগেরহাট যাওয়া মানেই দিনভর আড্ডা। পুরোনো কোর্ট চত্বরে সকালেই হাজির হয় ঢাকা আর অন্যান্য শহর থেকে যারা এসেছে আর স্থানীয় বন্ধুজন। বয়সের বাঁধ কেটে গেছে। এখন আমার চেয়ে বছর দশেকের বড় কেউ যেমন থাকেন, থাকে সমবয়সী বা বয়সে ছোট—যাকে এই শহর ছেড়ে পড়াশোনা ও জীবিকার সন্ধানে বেরোনোর আগে সবে স্কুলে যেতে দেখেছি।এর ভেতর, প্রায় অজ্ঞাতসারে পূজা দেখা আর মণ্ডপে মণ্ডপে ঘোরা একটা ভিন্ন রুটিন হয়ে গেছে আমার সঙ্গে জুয়েলের। সহপাঠী আমরা, একসঙ্গে খেলেছি। স্কুলের খাতাপত্রে ওর নাম ফররুখ হাসান। এই নামে তাকে শহরের প্রায় কেউ চেনে না, ডাকেও না। অন্তত ১৫ বছর আগে একদিন, পূজার সময় সন্ধ্যার পরে কোর্ট চত্বরের বাইরে উকিল বারের সামনে রাস্তার মুখে সিঁড়িতে বসে আছি। রাস্তার উল্টো পাশে সালাম ভাইয়ের চায়ের দোকান। শহরের এলে যাদের সঙ্গে আড্ডা মারি, তারা অনেকেই তখনো এখানে আসেনি। একলা চা খেয়ে এসে বসে আছি। জুয়েল আমাকে একলা পেয়ে জিজ্ঞেস করল, একলা বসে আছি কেন? তারপর বলল, চল, পূজা দেখি আসি। একটা রিকশা ডাকল। ডাকার ভঙ্গিতে বুঝলাম, শহরের রিকশাওয়ালাদের প্রায় সবাইকে ও নামে চেনে। রিকশায় উঠে মুনিগঞ্জ থেকে দশানি হয়ে একে একে শহরের সব পূজামণ্ডপ ঘুরে এসে আমরা আবার উকিল বারের সামনে এসে চা খেলাম।সেই থেকে শুরু। এর পর থেকে আমি আর জুয়েল প্রতিবছর অষ্টমী অথবা নবমীর দিনে প্রতিমা দেখতে বের হই। দশমীতে যাই না। অষ্টমী আর নবমীতেই যাই। পূজার আগে জুয়েল মনে করে ফোন করে। বাগেরহাট যাব কি না জানতে চায়। বাগেরহাটে গেলে যত রাতই হোক, আমরা পূজা দেখতে বের হই। শুধু একবার, ২০০১ সালে আমি বাগেরহাটে গেলে জুয়েল পূজা দেখতে যাব কি না জানতে চায়নি। আরও অনেকের সঙ্গে মুখ ভোঁতা করে বসেছিলাম আমরা একসঙ্গে। শুনছিলাম, আশপাশের গ্রামে ও থানায় এবারের পূজার আয়োজন আর অভিজ্ঞতা। শহরের অষ্টমীর দিন সন্ধ্যার মুখে শালতালার মতো লোক গিজগিজে মণ্ডপের সামনে প্রায় জনশূন্য। মণ্ডপের ভেতর ও বাইরে কালো কাপড়। এই কথা জানাতে জুয়েল বলল, এবার শহরের বাইরে অনেক মণ্ডপে শুধু ঘটপূজা হচ্ছে।জুয়েলের সঙ্গে পূজায় ঘোরায়, মণ্ডপে মণ্ডপে যাওয়ায় একটা সুবিধা আছে। আমরা তো শুধু প্রতিমা আর মণ্ডপ দেখতে বের হই না, একই সঙ্গে আয়োজন দেখি, মানুষ দেখি। এই উৎসবে সামগ্রিক মানুষের অংশগ্রহণ যেমন দেখি, একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের চলমান অবস্থাও এই আয়োজনে ধরা পড়ে। রিকশায় যেতে যেতে এই নিয়ে জুয়েলের সঙ্গে কথা হয়। পূজা আয়োজন মণ্ডপসজ্জায় থাকে চলমান রাজনীতির ছোঁয়া। জুয়েলের সঙ্গে কথা বলে স্থানীয় বা জাতীয় নির্বাচনের টান ও হিসাব, শহরের কোন অংশের রাজনৈতিক আবহাওয়া কী—তা বুঝে নেওয়া যায়। আমি এই শহরের ছেলে হলেও তো প্রায় আগন্তুক। রিকশায় এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যেতে জুয়েলের কথা শুনি। নিজের প্রশ্ন থাকলে করি।হয়তো, রাত ১০টার দিকে মুনিগঞ্জ থেকে দশানির দিকে যেতে যেতে পিসি কলেজ পার হয়ে নির্জন রাস্তায় আমি জানতে চাইলাম, ‘জুয়েল, গত কয়েকবারের চেয়ে সন্ধ্যার পর এবার মানুষ কম!’ সন্ধ্যার পরে হয়তো আমি হরিসভার সামনে ভিড় দেখেছি। তা-ও গত কয়েক বছরের তুলনা একটু কমই মনে হয়েছে। অথবা, এমনিতেই ওর কাছে বিষয়টা জানতে চেয়েছি।আমার কথার আঞ্চলিক উচ্চারণে একটু ভেজাল ঢুকে গেছে, জুয়েলের কথায় ঢোকেনি। যাকে আমরা বলি বাগেরহাইটে টান। সে আমাকে খাঁটি আঞ্চলিক স্বরে বলল, ‘বুঝিস নেই (বুঝিসনি), শহরের আশপাশে ১০-১৫ কিলোমিটারের মদ্যি এহোন অনেক পুজো হয়। কাঁটাখালি পর্যন্ত মানুষ পুজো দেখতি যায়। এই জন্যি সন্ধ্যার পর সেই ভিড় আর আগের মতন নেই। তা ছাড়া হিন্দু মানুষ কমও তো দেশ ছাড়িনি।’কাঁটাখালি খুলনা থেকে কাছে। বাগেরহাট শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। আমি ‘ও’ বলে জুলের কথাকে নিজের অভিজ্ঞতায় মিলিয়ে নিতে চাই।জুয়েল জানতে চায়, ‘কাইল দুপুরের পর চুলকাঠি যাবি নাকি? এক মণ্ডপে এক শ একখান প্রতিমার পুজো হচ্ছে।’ চুলকাঠি কাঁটাখালির কাছেই।আমি বলি, ‘দেখি’। জুয়েল বুঝল আমার ইচ্ছে নেই। ও কথা বাড়ায় না।আমরা আরেকটি মণ্ডপে ঢুকি। সেখানে এই পাড়ার কোনো সহপাঠিকে খুঁজি, যার সঙ্গে হয়তো বহু দিন বাদে দেখা হবে। কারও কারও সঙ্গে দেখা হয় না। পরিচিত কেউ বলে, সেও পূজা দেখতে বের হয়েছে পরিবার-পরিজন নিয়ে। দেখা হয়ও কারও কারও সঙ্গে। হয়তো গত আট, দশ বা পনেরো বছরে আমার সঙ্গে দেখা হয়নি একবারও। শরীরের গঠনই বদলে গেছে আমাদের। চুলের রঙে কি চুল পাতলা হয়ে যাওয়ায় সময় বয়ে যাওয়ার হিসাব বোঝা যায়। কুশলাদি বিনিময় হয়। তারপর, এক কাপ চা খেয়ে আমি আর জুয়েল আরেকটি মণ্ডপের দিকে যাই। যেতে যেতে জুয়েল অথবা আমি এই সহপাঠীকে নিয়ে স্কুলজীবনের কোনো ঘটনা মনে করি। তা নিয়ে একটু হাসি। ভেসে আসা গানের ফাঁকে শহরের নির্জন কোনো রাস্তা দিয়ে আরেকটি মণ্ডপের দিকে যেতে যেতে শিউলি ফুলের গন্ধ পাই!এর ভেতরে জুয়েল বলে, ‘চল, যাই যা দেখপিনে—’‘কী?’‘ওই মণ্ডপ রাস্তাজুড়ে সাজাইছে—‘কেন রে?’‘বুঝলি না, ওমুক টাকা দিচে, ভোটে দাঁড়াবে। দেখিস, রাস্তা মনে হবে সুড়ঙ্গ। তুই তো গতবার আসিসনি, গতবার যা করিল!’আমি বলি, ‘তাই নাকি?’‘চল, দেখতি পাবি। নিজের চোখরে ধন্য করি—’আমাদের রিকশা অন্ধকার কেটে এগিয়ে চলে। একসঙ্গে কানে আসছে দুই-তিনটি মণ্ডপের মাইকের গান।এবারও জুয়েল ফোন করেছিল, পূজায় বাগেরহাট যাব কি না? আমি বলেছি, যেতে পারব না। প্রশান্ত মৃধা: কথাসাহিত্যিক।