
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। হত্যা করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা দিনে-দুপুরে প্রকাশ্যে তাঁকে আক্রমণ করেছে এবং এলোপাতাড়িভাবে কুপিয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়। যারা তাঁকে হত্যা করতে চেয়েছে, তারা সফল হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের ওপরে হামলার ঘটনা নতুন নয়। ২০০৬ সালে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস তাহেরকে হত্যা করা হয়।
২০০৪ সালে অর্থনীতি বিভাগের অধ্যাপক ইউনুসকে নগরের বিনোদপুর এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। এ ধরনের ঘটনা যে ব্যতিক্রম তাও নয়, গত কয়েক মাসেই বিভিন্নভাবে পরিকল্পিত হত্যার ঘটনা আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি। এসব হত্যার ঘটনার খুব কমই বিচার শেষ হয়, অধিকাংশ ক্ষেত্রে অপরাধীদের শনাক্ত পর্যন্ত করা যায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপরে হামলার ঘটনা দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোয় ঘটেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপরে বোমা হামলার ঘটনার কথা নিশ্চয় আমরা বিস্মৃত হইনি।
এই হত্যাকাণ্ডের সংবাদ দেশের গণমাধ্যমগুলোয় প্রকাশের পর তার প্রতিক্রিয়া হাজার হাজার মাইল দূরে বসেও টের পাওয়া যাচ্ছে। আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ফেসবুকে লিখেছেন, ‘যে কেউ খুন হতে পারি, যেকোনো মুহূর্তে—এমনই লাগছে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক লিখেছেন, ‘এ রকম একটি সংবাদের প্রতিটি শব্দের সঙ্গে আমার নিত্যদিনের জীবনের হুবহু মিল খুঁজে পাই। কেবল “রাজশাহী”র জায়গায় “চট্টগ্রাম” বসিয়ে দিলেই হলো! কিন্তু আমি এখনো বেঁচে আছি; অধ্যাপক শফিউল আর নেই। তাই আমার এ বেঁচে থাকাটা একটা বিরাট “দায়”, “বোঝা” এবং “ভার” মনে হচ্ছে!’
এই দুই প্রতিক্রিয়া থেকে নাগরিকের অসহায়ত্বের একটা ছবি আমরা দেখতে পাই। বেঁচে থাকাটা এখন জীবিত ব্যক্তির কাছে ভার মনে হচ্ছে, জীবন তার কাছে বোঝা মনে হচ্ছে। সেটা অস্বাভাবিক বলে মনে করার কারণ নেই। যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটায়, তাদের অন্যতম লক্ষ্য হচ্ছে নাগরিকদের মনে অসহায়ত্বের বোধ তৈরি করা।
যেকোনো হত্যাকাণ্ড শুধু হত্যাকাণ্ডই নয়, যেকোনো ধরনের সহিংসতার লক্ষ্য কেবল প্রতিপক্ষকে দমন করা নয়, কেবল তাকেই শারীরিকভাবে নিশ্চিহ্ন করা নয়। সহিংসতা ও সন্ত্রাসের লক্ষ্য হচ্ছে আতঙ্ক সৃষ্টি। একজনকে হত্যা করা কিংবা একটি জনপদের মানুষকে শঙ্কিত করা হচ্ছে সহিংসতার আশু লক্ষ্য। সমাজবিজ্ঞানী আচিন ভানায়েক বলেছেন, ভায়োলেন্স হচ্ছে একধরনের থিয়েটার। থিয়েটার এই অর্থে যে তা কেবল যার ওপরে প্রযুক্ত হলো, তারই ক্ষতি হলো তা নয়, যারা প্রত্যক্ষ করল তাদের জন্য একটা বার্তাও বটে।
সেই বার্তাটি কী? তা হলো ভীতি তৈরি করা। সমাজে যখন এই প্রবণতা প্রধান হয়ে ওঠে, তখন আমরা তাকে বলতে পারি ভয়ের সংস্কৃতি। বাংলাদেশে এখন সেই সংস্কৃতি শক্তিশালী হয়ে উঠেছে। সমাজে ও রাজনীতিতে সেই প্রবণতা এতটাই প্রবল, এটা বললে মোটেই অত্যুক্তি হবে না যে সেটাই এখন সমাজ ও রাজনীতির প্রধান প্রবণতা।
রাষ্ট্র পরিচালনা বলুন আর সমাজের প্রচলিত সামাজিক রীতিনীতি বলুন, ভালো করে তাকালে আমরা দেখতে পাব যে ভয় গ্রাস করেছে বাংলাদেশের রাজনীতি ও সমাজজীবনকে। দমন-পীড়ন হয়ে উঠেছে রাজনীতির একমাত্র হাতিয়ার। ভিন্নমত পোষণ ও প্রকাশকে দেখা হচ্ছে একধরনের ঔদ্ধত্য হিসেবে।
অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার কারণ তাঁর চিন্তাভাবনা, তাঁর লালনপ্রীতি হতে পারে বলে বলা হচ্ছে। সেটা এখনো অনুমান; কিন্তু অপ্রচলিত চিন্তার কারণে, ভিন্নমতের কারণে একজন মানুষ আক্রান্ত হতে পারেন, তাঁকে হত্যা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে, তাতে স্পষ্ট যে এমন এক পরিবেশ সমাজে বিদ্যমান। শুধু এ ঘটনায়ই নয়, আমরা গত দুই বছরে সংঘটিত অন্যান্য ঘটনায়ও দেখতে পাব যে ভিন্নমত এবং ভিন্নমতাবলম্বীরা কী করে আক্রান্ত হন। মনে রাখা দরকার, তা কেবল একপক্ষীয় নয়, এবং মনে রাখা দরকার, তার সূচনা হয়েছে আরও আগে। এখন তা প্রবল হতে উঠেছে।
এই যে আক্রমণের কথা আমি বলছি, তা কেবল শারীরিক হতে হবে তা নয়, মৌখিকও হতে পারে। হত্যার ঘটনা যেমন ঘটতে পারে, তেমনি হেনস্তাও হতে পারে। কিন্তু লক্ষণীয়ভাবে এগুলোকে করে তোলা হয়েছে নাটকীয়, ইংরেজিতে যাকে বলে স্পেকটাকুলার—দর্শনীয়।
আমরা দেখি যে হত্যাকাণ্ড বা দমন-পীড়নকে এমন রূপ দেওয়া হয়, যা ভয়াবহ। যেমনটি ঘটেছে অধ্যাপক ইসলামের ক্ষেত্রেও। তাঁকে যতটা নির্মমভাবে, যতটা প্রকাশ্যে সম্ভব হত্যা করা হয়েছে। তাতে করে অন্যদের মধ্যে তৈরি হয় ভীতি, অনিশ্চয়তা, অসহায়ত্ব। এই অসহায়ত্ব এখন প্রবল রূপ ধারণ করেছে। ভয়ের সংস্কৃতির এগুলো হচ্ছে স্মারক।
কিন্তু এসব হত্যাকাণ্ডকে আলাদা করে বিচ্ছিন্ন ঘটনা বলে বিবেচনা করলে তার কারণ ও সমাধান কিছুই পাওয়া যাবে না। আমরা অবশ্যই দাবি করব যে অধ্যাপক শফিউল ইসলামের হত্যাকারীদের খুঁজে বের করা হোক, তাদের বিচার নিশ্চিত করা হোক। এই দাবির মর্মবস্তু হলো যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। বিশিষ্ট আইনজ্ঞ শাহদীন মালিক সম্প্রতি লিখেছেন যে দেশে আইন আছে, শাসনও আছে কিন্তু আইনের শাসন নেই (শাহদীন মালিক, ‘আইন আছে, আইনের শাসন নেই’, প্রথম আলো ৬ নভেম্বর ২০১৪)। আইনের শাসন না থাকলে যে শাসন প্রতিষ্ঠিত হয়, তা হলো শক্তির শাসন, বলপ্রয়োগের ব্যবস্থাই হয়ে ওঠে একমাত্র আইন। কবির ভাষায় এই সেই অবস্থা যেখানে, ‘তোমরা ভয় দেখিয়ে করছ শাসন/ জয় দেখিয়ে নয়।’ এই ব্যবস্থায় নাগরিকের অধিকার কেবল অপহৃত হয় না, তার নিরাপত্তাও অপসৃত হয়। রাষ্ট্র তখন আর কারও নিরাপত্তা দিতে পারে না। আর অন্যদিকে রাষ্ট্র যখন এই নৈতিক অবস্থান থেকে সরে যায়, তখন বিভিন্ন রাজনৈতিক শক্তিও সেই পথেই নাগরিকের ওপরে তাদের কর্তৃত্ব তৈরি করতে চায়।
এই বৃত্ত থেকে বেরোনোর জন্য প্রথম কাজ হচ্ছে তার উপস্থিতি স্বীকার করা। অস্বীকার করলেই এই পরিস্থিতির অবসান হবে না। দরকার হচ্ছে ভয়ের সংস্কৃতির বিভিন্ন ধরনের প্রকাশের বিরুদ্ধে সোচ্চার হওয়া, বলপ্রয়োগের ধারার বিরুদ্ধে অবস্থান নেওয়া, ভিন্নমত প্রকাশের অধিকারকে রক্ষা করা, সহনশীলতার সংস্কৃতি তৈরি করা। এই কাজ সহজ নয়, কিন্তু তা এড়িয়ে যাওয়ারও উপায় নেই।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক। তাঁর গ্রন্থ ভয়ের সংস্কৃতি: বাংলাদেশে আতঙ্ক ও সন্ত্রাসের রাজনৈতিক অর্থনীতি প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।