শিক্ষক হয়ে কেন সবজি বিক্রি করছি, খোঁজ নিয়েছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার পরিচিত একজন ভদ্রমহিলা ঢাকার একটা বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। করোনার আগে ভালোই চলছিল দিনকাল। সেদিন তিনি প্রশ্ন করলেন, দেশের বেসরকারি স্কুল, কলেজ, কিন্ডারগার্টেনগুলোর লাখ লাখ শিক্ষক কেমন আছেন, সে খবর কি আপনারা রেখেছেন?

শুনে মাথাটা নিচু করলাম। তিনি বললেন, আমরা বেতন পাই না। বহু শিক্ষক আছেন, যাঁদের আয়ের একমাত্র উৎস স্কুলের বা কলেজের বেতন। কত মাস তাঁরা বেতন পাচ্ছেন না, কীভাবে তাঁদের সংসার চলছে, খবর রাখেন? একটা কিন্ডারগার্টেন স্কুল ভাড়া বাসায় চলে। স্কুল বন্ধ। ছাত্রছাত্রীরা বেতন দেয় না। কয়েক মাস ভাড়া দিয়ে অনেক স্কুল বাসা ছেড়ে দিয়েছে। আসবাব রাখবে কোথায়? কত যন্ত্রণা-কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে তারা!

জাতীয় কিন্ডারগার্টেন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল-কলেজ অ্যাসোসিয়েশন কিন্ডারগার্টেনগুলো খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করেছিল। তাদের মতে, দেশে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬৫ হাজার, শিক্ষক-কর্মচারী মিলে ১২ লাখ মানুষের জীবন-জীবিকা এদের ওপরে নির্ভরশীল।

আমার পরিচিত কলেজশিক্ষিকার প্রশ্নের পরে একটু খোঁজখবর করতে লাগলাম। গত ২৪ এপ্রিল প্রথম আলোয় ছাপা হয়েছে গাইবান্ধার এক স্কুলশিক্ষকের কাহিনি। নাম শাহ আলম। বাড়ি শহরের ডেভিড কোম্পানিপাড়ায়। ১৯৯৪ সালে স্নাতক পাসের পর ২০১৩ সালে এসে এলএলবি পাসও করেছেন। ১৯৯৯ সালে গাইবান্ধা শহরের ল কলেজ কিন্ডারগার্টেনে শিক্ষকতা শুরু করেন। এখন তিনি সেই কিন্ডারগার্টেনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ছোটদের এ স্কুলে বর্তমানে শিক্ষক-কর্মচারী আছেন ১১ জন আর শিক্ষার্থী প্রায় ৩০০ জন। কেউ আর বেতন পান না। স্কুলের চার শিক্ষক চাকরি ছেড়ে দিয়ে চলে গেছেন জীবিকার সন্ধানে। শাহ আলমের সংসার আর চলে না। প্রায় এক লাখ টাকা ধারদেনা হয়ে গেছে। দোকানিরা তাঁকে দেখলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। আর কত বাকি নেবেন? আর কবে টাকা শোধ করবেন?

গত ১২ মে বাংলা ট্রিবিউন–এ প্রকাশিত হয়েছে আরেক স্কুলশিক্ষকের খবর। ‘করোনায় কর্মহীন হয়ে সেই স্কুলশিক্ষক আজ কচু বিক্রেতা।’

বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় পশ্চিমা ধাঁচের লকডাউন সম্ভব নয়। আমরা ইউরোপ-আমেরিকার মতো বিচ্ছিন্নভাবে বসবাস করি না, আমরা পরস্পরের সঙ্গে মিলেমিশে লেপ্টে থাকি। টিকা এবং টিকাই একমাত্র সমাধান।

খবরে বলা হয়েছে, ‘শেরপুরের নকলা উপজেলায় করোনায় স্কুল, কলেজ ও কোচিং সেন্টার বন্ধ রাখার কারণে বাধ্য হয়েই এ পথ বেছে নিয়েছেন শিক্ষক আবদুল জলিল। তাঁর মতো একই অবস্থা এ উপজেলায় আরও শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের।...নকলা পৌরসভার গেটে বেবি কেয়ার স্কুল ছিল আবদুল জলিলের। প্লে শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান হতো। গত বছর থেকে অদ্যাবধি পর্যন্ত কিন্ডারগার্টেন স্কুল বন্ধ থাকায় বর্তমানে কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে আবদুল জলিলের। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় বর্তমানে তিনি অন্যের ২০ শতাংশ জমিতে কচু চাষ শুরু করেন। সেটার সামান্য আয় দিয়ে কোনোমতে চলছে পাঁচ সদস্যের সংসার।’

আরটিভির খবরে দেখতে পেলাম একজন স্কুলশিক্ষকের ওপরে প্রতিবেদন। গত ৩০ জুন ইউটিউবে আরটিভি তাদের খবরের এই অংশ প্রকাশ করেছে। ঢাকার মগবাজারের পেয়ারাবাগ মসজিদের সামনে স্কুলশিক্ষক থমাস হাওলাদার সবজি বিক্রি করছেন। ২১ বছর ধরে শিক্ষকতা করে আসছেন তিনি। মডার্ন চাইল্ড’স এডুকেয়ারের শিক্ষক এবং প্রতিষ্ঠাতা। করোনায় স্কুল বন্ধ। ছাত্রছাত্রীরা আসে না। বেতন আদায় হয় না। তাঁদেরও কোনো আয় নেই। কিন্তু আছে স্কুলের বাড়িভাড়া। তিনি স্কুলের সামনেই এখন সবজি বিক্রি করছেন।

নিউজ বাংলার খবর: নিজাম উদ্দিন ২০০৩ সালে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে স্থাপন করেন আঞ্জুমান রেসি. মডেল স্কুল। আর ২০১২ সালে গাবতলীতে দেন ইউএনবি মডেল স্কুল। দুই শিক্ষাপ্রতিষ্ঠানেরই প্রধান শিক্ষক তিনি। তিনি এখন আদাবরে চা বিক্রি করছেন।

২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের জুলাই। ১৫ মাস হয়ে গেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। সরকারি শিক্ষকেরা বেতন-ভাতা পান। বেসরকারিগুলোর অবস্থা খারাপ। শুধু তো শিক্ষক-কর্মচারীরা উপার্জনহীন, কষ্টে দিন কাটাচ্ছেন তা নয়, একটা প্রতিষ্ঠানের ওপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে আরও অনেকে। একটা কেজি স্কুলে রিকশাভ্যানে করে শিক্ষার্থীদের আনা-নেওয়া করে হয়তো ১০ জন ভ্যানওয়ালা। ওই স্কুলের ক্যানটিনে কাজ করে দুজন আর স্কুলের সামনে বসে ফেরিওয়ালারা। ওই রাস্তায় দুটো বইপত্র, খাতা-পেনসিলের দোকান চলে। এখন সবার আয়ের পথ হয়ে গেছে বন্ধ। কলেজ-বিশ্ববিদ্যালয়ের কত শিক্ষার্থী চলত টিউশনির টাকায়। সরকার নিম্নবিত্ত পরিবারে সরাসরি অর্থসাহায্য করেছে দুবার। শিক্ষকেরা নিশ্চয়ই তা প্রাপ্য হবেন না। কোনো দানশীল প্রতিষ্ঠান ত্রাণ দিতে গেলে তাঁরা সেই সাহায্যপ্রার্থীর লাইনে দাঁড়াতে পারবেন না।

আমি হয়তো একা ১০০ লোকের পাশে দাঁড়াতে পারব না, একজনের পাশেও ১০০ দিন দাঁড়াতে পারব না, একটা দিন তো একটা পরিবারের পাশে দাঁড়াতে পারব। বিপদের দিনেই তো দিতে হবে মনুষ্যত্বের পরিচয়। সেটাই সত্যিকারের মনুষ্যত্ব।

এ অবস্থায় আছে লকডাউন, কঠোর লকডাউন, শাটডাউন। বাসশ্রমিকদের চলবে কী করে? পর্যটনকেন্দ্রের ওপরে নির্ভরশীল মানুষের আয়রোজগার হবে কোত্থেকে? দোকানপাট বন্ধ থাকলে মালিক-কর্মচারীরা সংসার চালাবেন কীভাবে?

আমার এক প্রকাশক বন্ধু আছেন। নিজের ছোট্ট প্রকাশনা প্রতিষ্ঠান চালান। বছরে গোটা দশেক বই প্রকাশ করেন, আর একটা বইয়ের দোকান চালান ঢাকার পল্টন এলাকায়। করোনার সময় দোকানে আর কেউ আসে না। বইমেলায় স্টল দিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করেছিলেন, বিক্রি করতে পারেননি ৩০ হাজার টাকার বই। কাউকে বলতে পারেন না নিজের অভাবের কথা। মাঝেমধ্যে ফোন করে জিজ্ঞেস করে জানতে চান, আমি কেমন আছি। আমি পাল্টা প্রশ্ন করতে সাহস পাই না। যদি জিজ্ঞেস করি, কেমন আছেন, উত্তর কী পাব, আমার তো জানাই।

জীবন আর জীবিকার এই দ্বন্দ্ব। আগে বেঁচে থাকা। রোজ শতাধিক মৃত্যু। ২৫ শতাংশের ওপরে করোনা পজিটিভ শনাক্তের হার। ডেল্টা ভেরিয়েন্ট বেপরোয়া। কঠোর লকডাউন ছাড়া তো উপায় নেই। সাতটা দিন সবাই যার যার ঘরে থাকার চেষ্টা করি। একেবারে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পা ফেলার দরকার নেই। এরপর সরকারের নির্দেশ যা আসে, তা–ও মানতে হবে। কঠোরভাবে শাটডাউন মানা হলে করোনার বিস্তার কমতে বাধ্য—এটা বৈজ্ঞানিক সত্য।

তবে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় পশ্চিমা ধাঁচের লকডাউন সম্ভব নয়। আমরা ইউরোপ-আমেরিকার মতো বিচ্ছিন্নভাবে বসবাস করি না, আমরা পরস্পরের সঙ্গে মিলেমিশে লেপ্টে থাকি। টিকা এবং টিকাই একমাত্র সমাধান। আশার কথা, টিকা আসছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী ১৩ কোটি টিকার জন্য তহবিল বরাদ্দ করে রেখেছেন। আগেও বলেছি, আবারও বলি, এখন বাজেট বলুন, স্বাস্থ্য খাতের করণীয় বলুন, শিক্ষা খাতের কর্তব্য বলুন, শিল্প খাতের অগ্রাধিকার বলুন—টিকা আনা আর টিকা দেওয়াই হলো সর্বাগ্রে কর্তব্য। দেশের ১৩ কোটি লোককে টিকা দিতে হলে ২৬ কোটি ডোজ লাগবে। প্রতি মাসে এক কোটি লোককে টিকা দেওয়া গেলেও ১৩ মাস লেগে যাবে। তবে রাজধানী, শিল্পশহর, বিভাগীয় শহর এবং সীমান্তবর্তী উপদ্রুত এলাকায় আগে টিকা দেওয়া গেলে প্রকোপ অনেকটাই কমে আসবে বলে আশা করা যায়। সেই কাজে সর্বশক্তি নিয়োগ করা হোক।

কিন্তু এখন কর্মহীন-উপার্জনহীন, পথে বসে পড়া পরিবারগুলোর পাশে কে দাঁড়াবে? কীভাবে তাদের চুলোয় হাঁড়ি উঠবে? সরকার, বেসরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক উদ্যোগ দরকার মানুষের পাশে দাঁড়ানোর। তবে সমন্বিত, আশু, পরিকল্পিত ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে সরকারকেই। সরকারি উদ্যোগ চাই মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত হয়ে পড়া এই পরিবারগুলোকে এ সংকটে কোনো রকমে হলেও টিকিয়ে রাখার। বাঁচিয়ে রাখার। অবস্থাপন্ন প্রতিষ্ঠান, করপোরেট, নাগরিকদেরও এগিয়ে আসার এখনই সময়। আমি হয়তো একা ১০০ লোকের পাশে দাঁড়াতে পারব না, একজনের পাশেও ১০০ দিন দাঁড়াতে পারব না, একটা দিন তো একটা পরিবারের পাশে দাঁড়াতে পারব। বিপদের দিনেই তো দিতে হবে মনুষ্যত্বের পরিচয়। সেটাই সত্যিকারের মনুষ্যত্ব। দুর্যোগ-দুর্বিপাকে এই দেশের মানুষ এক হয়েছে, রুখে দাঁড়িয়েছে, মারি-মড়ক জয় করে কেবল টিকে গেছে, তা-ই নয়, মাথা উঁচু করে সামনে এগিয়ে গেছে। এবারও তা-ই হবে। শুধু আলো হাতে, বাস্তব-প্রজ্ঞা আর দক্ষতা নিয়ে সামনে দাঁড়ানো চাই।

● আনিসুল হক প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক