শিক্ষকের পাশে দাঁড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসভ্যতার অগ্রগতিতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাব্যবস্থার মূল চালিকাশক্তি শিক্ষক। শিক্ষকের মেধা, দক্ষতা সর্বোপরি নিষ্ঠার ওপরই নির্ভর করে শিক্ষার গুণগত উৎকর্ষ। তাই উন্নত সমাজ বিনির্মাণে প্রয়োজন মেধাসম্পন্ন নিবেদিতপ্রাণ শিক্ষক। বিভিন্ন শিক্ষক সংগঠনের ক্রমাগত প্রচেষ্টা এবং ইউনেসকো-আইএলওর সদিচ্ছায় ১৯৬৬ সালের ৫ অক্টোবর অর্জিত হয় শিক্ষকসমাজের পেশাগত অধিকার ও মর্যাদা এবং দায়িত্ব ও কর্তব্যবিষয়ক সনদ। ১৪৬ ধারা-উপধারাবিশিষ্ট এই ঐতিহাসিক দলিলের যথাযথ বাস্তবায়নের জন্য এডুকেশন ইন্টারন্যাশনালসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের অনুরোধ ও আহ্বানের পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সালে অনুষ্ঠিত ইউনেসকোর ২৬তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ইউনেসকোর সাবেক মহাপরিচালক ফ্রেডারিক মেয়র ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের ঘোষণা দেন।আজ ৫ অক্টোবর জাতিসংঘের সদস্যভুক্ত সব দেশেই ‘টেক স্ট্যান্ড ফর টিচার্স’ প্রতিপাদ্য সামনে রেখে পালিত হচ্ছে ১৯তম বিশ্ব শিক্ষক দিবস।১৯তম বিশ্ব শিক্ষক দিবসে বিশ্ব শিক্ষকসমাজ যখন যুগোপযোগী ও উন্নত শিক্ষার কথা ভাবছে, তখন আমাদের দেশের শিক্ষকসমাজ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করছে। গোটা শিক্ষাব্যবস্থার ৯০ ভাগ নিয়ন্ত্রণকারী বেসরকারি শিক্ষকদের আর্থসামাজিক অবস্থান অনেকটাই অবহেলিত। আবার এ কথাও সত্য যে, আমাদের শিক্ষকতা পেশার সম্মানজনক অবস্থা না থাকায় মেধাবী ও নিবেদিতপ্রাণ ব্যক্তিরা এই পেশায় আসছেন না। পক্ষান্তরে অযোগ্য ও অশিক্ষক মানসিকতার প্রার্থীরা অসাধু উপায়ে শিক্ষাঙ্গনে প্রবেশ করছেন। ফলে নিম্নমুখী হচ্ছে আমাদের শিক্ষার মান। তাই শিক্ষকতায় মেধাবীদের আকৃষ্ট করা এখন সময়ের দাবি। যেকোনো মূল্যে শিক্ষকতা পেশায় অযোগ্যদের অনুপ্রবেশ ঠেকাতে হবে। আজকের দিনের অঙ্গীকার হতে হবে গুণগত শিক্ষার জন্য চাই যোগ্য, দক্ষ, মেধাবী ও নীতিমান শিক্ষক। সে জন্য ইউনেসকো-আইএলও সনদের ভিত্তিতে শিক্ষক নিয়োগ, শিক্ষকের দায়িত্ব-কর্তব্য নির্ধারণ এবং অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।বিভিন্ন সময়ে জাতীয় শিক্ষানীতি প্রণীত হলেও আমাদের স্বাধীনতা অর্জনের চার দশক পরও কোনো শিক্ষানীতি গ্রহণযোগ্যতা পায়নি, বাস্তবায়ন তো অনেক দূরের কথা। একটি স্বাধীন জাতির জন্য এ অবস্থা যেমন দুর্ভাগ্যজনক, তেমনই লজ্জার। ভাবতে অবাক লাগে, কীভাবে চলে আসছে লক্ষ্য, উদ্দেশ্য ও দিকনির্দেশনাহীন শিক্ষাব্যবস্থা। বর্তমান সরকার একটি শিক্ষানীতি প্রণয়ন করেছে, কিন্তু এর বাস্তবায়ন সেই অর্থে শুরু হয়নি। শিক্ষানীতিতে অনেক ইতিবাচক দিক থাকলেও সরকারি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থাপনায় বৈষম্য অবসানের কোনো দিকনির্দেশনা নেই। তার পরও বলব, শিক্ষানীতির কল্যাণমূলক বিষয়গুলো কার্যকর হলে তা জাতির জন্য মঙ্গলজনক হতে পারে।সরকার শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেলের কথা বলেছে, এটা নিঃসন্দেহে আমাদের আশান্বিত করেছে। তবে প্রকৃত অবস্থা হলো, আজও সব পর্যায়ের বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ১০০ টাকা, পদোন্নতির সুযোগ নেই, বার্ষিক প্রবৃদ্ধি নেই বললেই চলে। সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকদের অবসর জীবনে পেনশনের ব্যবস্থা নেই, নেই পরিপূর্ণ উৎসব ভাতা। আবার বেসরকারি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা যেমন নেই, তেমনই উন্নত শিক্ষার জন্য নেই গবেষণার সুযোগও।এমতাবস্থায় সংগত কারণে প্রশ্ন আসে, শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল প্রবর্তন করা হলে তা কি কেবল সরকারি শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে? যদি শিক্ষকদের জন্য সম্মানজনক পৃথক বেতন স্কেল প্রবর্তন করা হয়, তবে তা দেশের সরকারি-বেসরকারি সব পর্যায়ের শিক্ষকদের জন্য হতে হবে। তবে সর্বাগ্রে যা প্রয়োজন তা হলো, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য পাবলিক সার্ভিস কমিশনের মতো শিক্ষা সার্ভিস কমিশনের মাধ্যমে দক্ষ, যোগ্য, মেধাবী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা ও পদোন্নতির ব্যবস্থা করতে হবে।আজকাল শিক্ষার সবচেয়ে অশুভ দিক হলো শিক্ষাঙ্গনে দলীয়করণ। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষাঙ্গনগুলোতে শুরু হয় দলীয়করণের প্রতিযোগিতা। যার ফলে কেবল দলীয় স্বার্থ বিবেচনা করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক নিরপরাধ শিক্ষককে হয়রানি, এমনকি চাকরিচ্যুত করা হয়। লক্ষ করা গেছে, বর্তমান সরকারের সময়কালেও কেবল দলীয়করণের লক্ষ্যে স্কুল-কলেজ ব্যবস্থাপনা বা পরিচালনা কমিটির নির্দেশে অনেক নিরপরাধ শিক্ষককে চাকরি হারাতে হয়েছে।শিক্ষাঙ্গনে দলাদলি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা দূর করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কমিটি প্রথা বিলুপ্ত করা এখন জরুরি হয়ে পড়েছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মতো করেই বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করা উচিত। শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির জন্য ক্রমাগত শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার সুযোগ সৃষ্টি করতে হবে।বঞ্চনা থেকে সৃষ্টি হয় হতাশা। তাই আর বঞ্চনা নয়, বরং বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ইউনেসকো-আইএলওর শিক্ষক সনদের ভিত্তিতে সরকারি-বেসরকারি বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থার অবসান ঘটাতে হবে। এ জন্য দরকার এক ও অভিন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। বিশ্ব শিক্ষক দিবসে এই প্রত্যাশা গোটা শিক্ষকসমাজের। অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নানসাবেক কোষাধ্যক্ষ, খুলনা বিশ্ববিদ্যালয় এবং সভাপতি, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ