
আমার শৈশবের প্রথম স্কুল ছিল সাভারে, আরিচা রোড পার হয়ে বহুদূর হেঁটে যেতে হতো সেখানে। সেই স্কুলের নাম এখন আর মনে নেই। শুধু মনে আছে স্কুলে রিলিফের ছাতু দেওয়ার কথা। আমরা দুই হাত ভরে সেই ছাতু খেয়ে পানির জন্য এদিক-সেদিক ছোটাছুটি করতাম। ক্লাসের সময় সারি সারি বেঞ্চের পেছন থেকে একজন মানুষকে ব্ল্যাকবোর্ডে লিখে কী সব বোঝাতে দেখতাম। কিছু বুঝতাম না, শুধু বুঝতাম তিনি স্যার, শিক্ষক। তাঁকে সালাম দিতে হয়, অনেক সম্মান করতে হয়, তিনি তাকালে বাঁদরামো করাও থামিয়ে দিতে হয়।
দেশ মাত্র স্বাধীন হয়েছে তখন। আরিচা রোডে তেমন একটা গাড়িঘোড়া থাকত না। তবু সাভারে আমাদের রেডিও কলোনির সরকারি কর্মকর্তারা ভয় পেতেন তাঁদের সন্তানদের জন্য। আরিচা রোডের টেনশন থেকে বাঁচার জন্য তাঁরা কলোনির ভেতরেই টিন দিয়ে একটি স্কুল নির্মাণ করলেন। সেখানকার শিক্ষকদের অধিকাংশ ছিলেন পাশের ক্যান্টনমেন্টের। ছোট স্কুল, এক ক্লাসে মাত্র সাত-আটজন ছাত্রছাত্রী। ফাঁকি দেওয়ার উপায় ছিল না, উপায় ছিল না দুষ্টুমি করার। করলে কঠোর শাস্তি দিতেন তাঁরা। মজিদ স্যার হাতে বেত মারতেন, ফিরোজ স্যার আঙুল মুচড়ে ধরতেন। আরেকজন স্যারের নাম মনে নেই, শুধু মনে আছে রেগে গেলে তিনি হাতের ডাস্টার ছুড়ে মারতেন। সেই ডাস্টার লক্ষ্যভেদ হয়ে মাথায় লাগল একদিন। ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে বাসায় এসেছি। বাসায় ঢোকার আগে কান্না মুছে ফেলেছি।
আমরা কোনো দিন কল্পনা করতে পারিনি শিক্ষকের নামে অভিযোগ করা যায় বাবা-মা বা অন্য কারও কাছে। ভাবিনি শিক্ষকের শাসনে কোনো দোষ থাকতে পারে। আমাদের কাছে শিক্ষকেরা ছিলেন শুধু পড়ানোর জন্য না, শাসনের জন্যও। শিক্ষকেরা ছিলেনও তেমনি আদর্শবান।
সেই সময় বদলে গেছে। আমরা আধুনিক ও প্রগতিশীল হয়েছি। কখনো তা পাশ্চাত্য মূল্যবোধ ও সংস্কৃতির বিকৃত অনুকরণে, কখনো তা খুবই খণ্ডিতভাবে। আমরা এমন এক সমাজ নির্মাণ করেছি, যেখানে পুলিশের লাথির চেয়েও নিন্দনীয় হয়েছে যেকোনো শিক্ষকের বেত। গত কয়েক বছরে নানা কাজে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে অনেকের সঙ্গে সঙ্গে কিছুসংখ্যক স্কুলের শিক্ষকের সঙ্গেও কথা হয়েছে আমার। তাঁরা বলেছেন, বেত মারা দূরের কথা, কঠোরভাবে মৌখিক শাসন করার সাহসই তাঁদের আর এখন নেই। প্রতিটি ক্লাসে দুষ্টু, ইঁচড়ে-পাকা, বেয়াদব কিছু ছাত্র থাকে। তারা আর পাত্তা দেয় না শিক্ষকদের, সালাম দেয় না, ক্লাসেও আসে না। প্রথম আলোর এক কর্মসূচিতে কুমিল্লা গিয়ে এক শিক্ষকের কাছে শুনলাম, তিনি কড়া শিক্ষক ছিলেন বলে তাঁকে দেখে শিস দেওয়ার অশালীনতাও দেখায় কোনো কোনো ছাত্র।
এই সমাজে বহু মানুষের মর্যাদা কমেছে কালোটাকা, অবৈধ ক্ষমতা আর বিকৃত মূল্যবোধের দাপটের কাছে। সবচেয়ে কমেছে সম্ভবত শিক্ষকদের মর্যাদা। একটি ঘটনার কথা কিছুতেই ভুলতে পারি না আমি। ২০১২ সালের ১৫ মে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গিয়ে শাহবাগে পুলিশের বেধড়ক পিটুনিতে রাস্তায় লুটিয়ে পড়েছিলেন বহু শিক্ষক। হাসপাতাল থেকে বাড়ি ফিরে মারা গিয়েছিলেন লাঞ্ছিত একজন শিক্ষক, যিনি একাত্তরে এ দেশকেই স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন। আমি এ ঘটনায় প্রচণ্ড দুঃখ পেয়ে প্রথম আলোয় লিখেছিলাম। তাঁর মৃত্যুতে কোনো মন্ত্রী দুঃখ প্রকাশ করেননি, বুদ্ধিজীবীরা বিবৃতি দেননি, কেউ আদালতে রুল চাইতে যাননি! এমনকি ফেসবুকেও তেমন প্রতিবাদের ঝড় ওঠেনি।
শিক্ষকেরা এরপর আরও বহুভাবে অপদস্থ হয়েছেন। গৌরীপুরে একজন শিক্ষককে দিগম্বর করে ফেলা হয়েছিল, সিলেটে কয়েকজন স্বনামধন্য শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছিল, বরিশাল বিএম কলেজে দায়িত্ব নিতে আসা একজন বর্ষীয়ান শিক্ষককে কিল-ঘুষি-লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল। অধিকাংশ ঘটনায় জড়িত ছিল ক্ষমতাসীন মহল বা তাদের সাঙ্গপাঙ্গরা। শেষোক্ত ঘটনার অনেক ছবি এখনো ফেসবুক খুঁজলে পাওয়া যাবে। এসব ঘটনায় কারও কোনো বিচার হয়েছে কি না, আমরা জানি না। এমনকি সামাজিকভাবেই এর যথেষ্ট প্রতিবাদ আমরা করতে পারিনি।
প্রতিবাদ তেমনভাবে কোনো ঘটনাতেই হয়নি। তবে এখন হচ্ছে। নারায়ণগঞ্জে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে, শ্যামল কান্তি ভক্তকে, শত শত লোকের সামনে কান ধরে ওঠবস করানো হয়েছিল স্থানীয় সাংসদ সেলিম ওসমানের অঙ্গুলি হেলনে। শ্যামল কান্তির অবমাননার এ ঘটনা সারা দেশের বহু মানুষকে স্পর্শ করেছে। তাঁর প্রতি সহমর্মিতা থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘সরি স্যার’ হ্যাশ ট্যাগ নিয়ে বহু মানুষ নিজেদের কান ধরা ছবি ফেসবুকে পোস্ট করেছেন। এই সংবাদ এখন চলে গেছে বিবিসির মতো গণমাধ্যমের ওয়েব পাতায়ও।
এই প্রতিবাদের প্রয়োজন ছিল। অনেকে প্রশ্ন করেছেন, শিক্ষক লাঞ্ছনার তেমন কোনো প্রতিবাদ হয়নি আগে, এখন কেন? কেউ কেউ কান ধরে প্রতিবাদ নিয়ে বিদ্রূপ করেছেন, অল্প কয়েকজন শ্যামল কান্তির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
আমার কথা হচ্ছে, প্রতিবাদ আগে হয়নি বলে এখন হওয়া কোনোভাবেই অনুচিত নয়। বাংলাদেশে বিভিন্ন ঘটনায় প্রতিবাদের ব্যাকরণ নিয়ে আমারও প্রশ্ন আছে। কোন ঘটনার অপরাধী বা ভিকটিম কে, তাদের রাজনৈতিক পরিচয় আছে কি না, তাদের এমনকি ধর্মীয় পরিচয় কী—এসব বিষয় বিবেচনা করে এ সমাজে বহু মানুষ কোনো ঘটনার প্রতিবাদ করা হবে কি না সেই সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মোতাবেক সুচিন্তিতভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বা নীরব থাকেন। এই সমাজে সুবিধাভোগী মানুষের মধ্যে এই প্রবণতা রয়েছে। এটি অবশ্যই হতাশাজনক। তবে প্রতিবাদ যে কারণেই করা হোক, তা যদি অন্যায়ের বিরুদ্ধে হয় তাহলে তাকে অবশ্যই আমাদের সমর্থন করা উচিত।
শ্যামল কান্তির প্রতি অন্যায়ই করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ছাত্র প্রহার এবং ধর্ম নিয়ে অবমাননাকর উক্তির অভিযোগ করা হয়েছে, যদিও সরকারের প্রাথমিক তদন্তে ওই অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে যে অভিযোগই থাক না কেন, আইনসম্মত তদন্ত না করে তাঁকে শাস্তি দেওয়ার অধিকার কারও নেই। তাঁকে যে অবমাননাকর শাস্তি দেওয়া হয়েছে, তা বাংলাদেশের সংবিধানে নিষিদ্ধ এবং পেনাল কোড অনুসারে ফৌজদারি অপরাধ। তাঁর বিরুদ্ধে স্থানীয় জনগণকে উত্তেজিত করার জন্য যেভাবে মসজিদের মাইক ব্যবহার করা হয়েছে, তা শুধু নৈতিকভাবে নিন্দনীয় নয়, প্ররোচনা হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। আমাদের জন্য সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে, এই অপরাধগুলো সংঘটনে অন্যতম ভূমিকা রেখেছেন আর কেউ নন, একজন সাংসদ!
ওই সাংসদ সেলিম ওসমান সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তিনি স্থানীয় জনগণের রোষ থেকে বাঁচাতে গিয়ে শ্যামল কান্তিকে কান ধরে ওঠবস করিয়েছেন। এটি যদি সত্যিও হয়, তাঁর বরং দায়িত্ব ছিল স্থানীয় জনগণকে, যারা উত্তেজিত করেছে, তাদের প্রতিরোধ করার। নারায়ণগঞ্জে তাঁদের পরিবার এতই প্রভাবশালী যে এটি করা তাঁর জন্য দুরূহ ছিল না। সেলিম ওসমান উল্টো আইন নিজের হাতে তুলে নিয়ে প্রধান শিক্ষককে চড় মেরেছেন বলে তিনি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে এখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব অবশ্যই সরকারকে পালন করতে হবে।
আরেকটা কথা বলা প্রয়োজন এখানে। শ্যামল কান্তি ভক্তের অবমাননার ঘটনার প্রতিবাদ আমাদের কিছুটা হলেও আশাবাদী করেছে। তবে আমাদের ভেবে দেখতে হবে, আমরা কি শুধু তাঁর অবমাননার প্রতিবাদ করব? নাকি শিক্ষক তথা সমাজের যেকোনো মানুষ অন্যায়ের শিকার হলে তারও সমভাবে প্রতিবাদ করব? যদি একটি ঘটনার প্রতিবাদেই আমরা থেমে যাই, তাহলে হয়তো শুধু শ্যামল কান্তি ভক্ত নামের একজন শিক্ষক ন্যায়বিচার পাবেন। কিন্তু এই সমাজে ক্ষমতাবান ও অপপ্রচারকারী মহলের কাছে দুর্বল মানুষের প্রতিনিয়ত অপমানিত হওয়ার সংস্কৃতি তাতে মোটেও দুর্বল হয়ে পড়বে না। শিক্ষকের মর্যাদাও আপন মহিমায় ফিরে আসবে না।
আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।