শিক্ষাওয়ালা, জাগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

এর পরেও কি ঘুম ভাঙবে না? নাকি ‘আজ বড় রবি জ্বলে, কেই বা আজ চক্ষু মেলে’ বলে পাশ ফিরে শুয়ে পড়বে শিক্ষা মন্ত্রণালয়, নীতিনির্ধারকেরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলও কি আমাদের জন্য যথেষ্ট পরিমাণে চক্ষু-উন্মীলক নয়! আমরা জেনে গেছি, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ পরীক্ষার্থী পাসই করতে পারেনি। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতার কথা হচ্ছে না। কারণ, পরীক্ষাটা প্রতিযোগিতামূলক, সবাই ভালো করলেও সবাইকে ভর্তি নেওয়া সম্ভব হবে না কোনোভাবেই, হচ্ছে পরীক্ষায় ন্যূনতম একটা পাস মার্কস অর্জনের কথা। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বিপর্যয় আরও মারাত্মক, ১০ জনের নয়জনই ফেল। পাস করেছে মাত্র একজন। অথচ এই ছেলেমেয়েদের বেশির ভাগই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুই পরীক্ষাতেই জিপিএ–৫ পেয়েছে। চরম উদ্বেগের কথা হলো, প্রতিবছর এই ফলের ক্রমাবনতি। এবার ‘ক’ ইউনিটে পাস করেছে ২১ দশমিক ৫০, গত বছর করেছিল ৩৯ দশমিক ৪৫, ২০১২-তে ৩১ দশমিক ৮৮, ২০১১-তে ৪১ দশমিক শূন্য ১, ২০১০-এ ৪৫ দশমিক শূন্য ৪, ২০০৯-এ ৪৬ দশমিক ২০। মানে যায় দিন ভালো, আসে দিন খারাপ।
আমাদের শিক্ষামন্ত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল বের হওয়ার পর হাসিমুখে বলে থাকেন, শিক্ষার উন্নতি হচ্ছে বলেই ছেলেমেয়েরা ভালো ফল করছে। ৯০ শতাংশ পাস করে, লক্ষাধিক জিপিএ–৫ পায়। অন্যদিকে অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদের মতো কয়েকজন উজান স্রোতের যাত্রী মিহি গলায় বলতে থাকেন, সর্বনাশ হয়ে যাচ্ছে, মেধার প্রকৃত মূল্যায়ন হচ্ছে না আর কোয়ালিটি এডুকেশন বলতেও কিছু থাকছে না। ফল ভালো করে বের হচ্ছে যারা, তারা আদৌ কিছু শিখছে কি? একই প্রশ্ন সর্বত্র। স্কুলে যাচ্ছে বাংলাদেশের ৯৮ শতাংশের বেশি ছেলেমেয়ে, তারা শিখছেটা কী? প্রাথমিক বিদ্যালয় থেকে পাস করে বের হওয়া ছেলেমেয়েকে দেখা যাচ্ছে বাংলা পড়তে পারে না, লিখতে পারে না, অঙ্ক পারে না, ইংরেজির কথা নাহয় না-ই বা হলো। সবার কথা হচ্ছে না, হচ্ছে অনেকেরই কথা। এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমাদের চোখে আঙুল দিয়ে, কাঠি দিয়ে, ছুরি দিয়ে খোঁচাচ্ছে, দেখো, তোমাদের ডাবল জিপিএ ফাইভের মান, এরা পাস মার্কসটাও পায় না।
বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। এবার বোধ হয় পরীক্ষার পরীক্ষা নেওয়ার সময় হয়ে এল। স্কুল-কলেজগুলোর পরীক্ষা নিতে হবে। পরীক্ষা নিতে হবে আমাদের পরীক্ষাপদ্ধতির, শিক্ষাপদ্ধতির, পরীক্ষকদের, প্রতিষ্ঠানগুলোর। স্কুল-কলেজে কি আদৌ লেখাপড়া হয়? শিক্ষকেরা ক্লাসে যান? গিয়ে পড়ান?
দোষ কাকে দেব। আমরাই কি কোনো দিন ঢাকার কিংবা কোনো প্রত্যন্ত দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়ে সারাটা দিন ঘাপটি মেরে থেকে দেখার চেষ্টা করেছি, কী হচ্ছে এইসবে? কতজন ছাত্র আসার কথা, কতজন আসছে; কতজন শিক্ষকের আসার কথা, কতজন এলেন; কী পড়ানোর কথা, কী পড়ালেন?
লেখাপড়া শহরকেন্দ্রিক হয়ে গেছে এবং হয়ে গেছে বাণিজ্যকেন্দ্রিক। কোচিং আর প্রাইভেট টিউটরের ব্যবসা চলছে। কোটি কোটি টাকার ব্যবসা। এই টিউটরদের হাত থেকে, কোচিং ব্যবসা থেকে বাঁচতে শিক্ষাবিদেরা নতুন পদ্ধতির প্রবর্তন করলেন। সৃজনশীল পদ্ধতি। যাতে শিক্ষার্থীদের মুখস্থ করতে না হয়, যাতে তাদের কোচিং সেন্টারে যেতে না হয়, টিউটরের মুখাপেক্ষী হতে না হয়। কর্তারা আর কতটা সৃজনশীল! আমাদের কোচিং সেন্টার এবং কোনো কোনো শিক্ষক তার চেয়েও সৃজনশীল। ছাত্রছাত্রীদের কাছে সৃজনশীল পদ্ধতিটাকে তারা এক বিভীষিকা হিসেবে হাজির করতে সক্ষম হয়েছেন। প্রশ্ন কী হবে আর সেটার উত্তর কী হবে, সেটা কেবল জানি আমি। কাজেই আমার কাছে পড়তে এসো। শিক্ষক কিংবা কোচিং ক্লাস যেভাবে উত্তর লেখা শেখাবে, হুবহু সেটাই পরীক্ষার খাতায় উগরে আসতে হবে, তা না হলে সৃজনশীলে তুমি পাবে গোল্লা। আমি যেখানেই যাই, শিক্ষার্থীদের অভিভাবকেরা আমাকে ঘিরে ধরেন, ভাইরে, কী পদ্ধতি প্রবর্তন করলেন, আমাদের জীবন তো নাস্তানাবুদ। ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে ছুটছে প্রাইভেট পড়তে, এই ক্লাস থেকে বেরিয়ে ওই ক্লাসে, সৃজনশীলের দুঃস্বপ্ন নাকি তাদের তাড়িয়ে ফিরছে। আমি বলি, পাঠাবেন না ছেলেমেয়েদের, নিজেরা ক্লাসে যা বুঝবে, পরীক্ষায় তা-ই লিখবে বানিয়ে, কেন মার্কস দেবেন না শিক্ষক? তাঁরা করুণ চোখে বলেন, আমার বাচ্চাটাকে ফেল করিয়ে দেবে, তখন আপনি সামলাবেন? গাইড বইওয়ালারাও সৃজনশীল পদ্ধতিটাকেই দাঁও মেরে দেওয়ার এক সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছে। কেউ কিছু বুঝছে না, এই তো সুযোগ। ওলট-পালট হয়ে গেছে, এখন লুটেপুটে খাও।
আছে মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দেওয়া। প্রথম দিকে করা হলো প্রশ্নব্যাংক। ৫০০ প্রশ্ন আগে থেকেই দেওয়া থাকে। ছেলেমেয়েরা উত্তর শিখে যায়। জিপিএ ফাইভের প্রাচুর্যের সেই শুরু। তারপর প্রশ্নব্যাংক তুলে দেওয়া হলো। শিক্ষার্থীরা পথে নামল, ভাঙচুর করল। এখন প্রশ্নব্যাংক নেই, তবে এমসিকিউ আছে। কৌতুক প্রচলিত আছে, জিজ্ঞেস করা হলো, তোমার বাবার নাম কী? ছেলে বলে, আপনি চারটা নাম বলুন, অপশন দিন, আমি টিক দিয়ে দিচ্ছি।
গোদের ওপর বিষফোড়া। এবার আবার এল প্রশ্নপত্র ফাঁসের মহামারি। শিক্ষামন্ত্রী বলছেন, প্রশ্নপত্র ফাঁস হয়নি। একটায় হয়েছিল, ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলছে, ফাঁস হয়েছে। আমরা ফাঁস হওয়া প্রশ্নের কপি পরীক্ষার আগেই থানায় জমা দিয়েছি। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের কাছে ই-মেইলে পাঠানো হয়েছিল। তিনি তাই শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করলেন দিনের পর দিন। লিখলেন একটার পর একটা কলাম।
প্রশ্নপত্র ফাঁস হওয়াকে যদি আমরা চলতে দিই, সামনের বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৫ শতাংশও পাস করতে পারবে না। কারণ, সারা বছর ছেলেমেয়েরা পড়বে না। পরীক্ষার আগে প্রশ্নপত্র খুঁজে ফিরবে। সত্য হোক, মিথ্যা হোক, কিছু একটা তারা হাতে পাবেই। সেটা শিখে যাবে, যদি মেলে তাহলে জিপিএ ফাইভ, না মিললে ফেল। কিন্তু কেন কষ্ট করে সারাটা বছর তারা পড়াশোনা করবে?
আমাদের এমপি সাহেবদের সংখ্যাগরিষ্ঠ অংশ পাস করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। যেসব এলাকায় ভোট হয়েছে, সেখানেও কোনো সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা হয়নি। তার পরেও অবশ্য ক্ষমতাসীন দলের মার্কা নিয়ে কয়েকজন পাস করতে পারেননি। এখন আমাদের শিক্ষার্থীরাই বা কেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদ্ধতির ভেতর দিয়ে মূল্যায়িত হবে। পরীক্ষা ব্যাপারটাই তুলে দিন। লটারি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বুয়েটে, মেডিকেলে ভর্তি নিন। যদি রাজউকের প্লট লটারি করে বরাদ্দ করা যায়, তাহলে এসব প্রতিষ্ঠানের ছাত্র ভর্তিও করা যাবে। তাতে মন্ত্রী কোটা, এমপি কোটা, মায় সাংবাদিক কোটা পর্যন্ত রাখা যাবে।
অন্যদিকে মুহম্মদ জাফর ইকবালই শুধু প্রাণপাত করলেন অভিন্ন ভর্তি পরীক্ষার জন্য। উচ্চমাধ্যমিক পাস করা একটা ছেলে বা মেয়েকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে হচ্ছে। সে জানে না কোথায় সে ভর্তি হতে পারবে। একবার চট্টগ্রামে পরীক্ষা দিয়ে সে ছুটে যাচ্ছে সিলেটে, সিলেট থেকে খুলনা, খুলনা থেকে রাজশাহী, রাজশাহী থেকে ঢাকা। কখনো কখনো একই দিনে পড়ে যাচ্ছে পরীক্ষা।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মধ্যেই পড়ল হরতাল। আমার এক বন্ধুকে দেখি দুই হরতালের মধ্যের এক গিরিখাতে ছেলেমেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। রংপুর থেকে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবে মেয়ে। বহুদিন আগে শরৎচন্দ্রের বিলাসী গল্পে পড়েছিলাম, ‘সে দুর্ভাগা বালকদের মা-সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন, ভাবিয়া পান না।’ এই ছেলেমেয়েরা ভর্তি পরীক্ষা কী দেবে, এরা পাস করবে কী, এদের শারীরিক কষ্ট, এদের বাবা-মায়েদের উদ্বেগ-যন্ত্রণা, এদের আর্থিক দুর্ভোগ দেখলে তো বিদ্যাদেবীর কেবল চোখের জলই পড়বে। মেডিকেল কলেজগুলো অভিন্ন ভর্তি পরীক্ষা নিতে পারল, বিশ্ববিদ্যালয়গুলো পারল না। নাহয় বুয়েটকেই দায়িত্ব দিন সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা করতে, স্থানীয় কোটা রেখেও তা করা সম্ভব, তেমনিভাবে সব বিশ্ববিদ্যালয় মিলেমিশে তাদের জন্যও একটা অভিন্ন পরীক্ষা চালু করতে পারে। পারে, যদি চাওয়া হয়। শুনতে পাই, শিক্ষার্থীরা যে পরীক্ষার ফি দেয়, তাতে বেশ আয় হয়, সেই আয়ের দিকে তাকিয়ে প্রতিষ্ঠানগুলো ভর্তি পরীক্ষা আলাদা নেওয়াটাকেই শ্রেয় বলে মনে করে। শোনা কথা, তাই বিশ্বাস করতে চাই না।

যা-ই হোক, নৈরাজ্যই দেখি চারদিকে। বহু প্রাইমারি স্কুলে, হয়তো হাইস্কুল ও কলেজে, হয়তো বিশ্ববিদ্যালয়েও, শিক্ষকসংখ্যা অপ্রতুল, স্যাররা ক্লাস নেন না, ক্লাস এমনভাবে নেন, যাতে ছাত্ররা প্রাইভেট পড়তে বাধ্য হয়। কোথাও কোথাও ক্লাসরুমও উড়ে গেছে ঝড়ে, ডুবে গেছে বন্যায়। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি বিক্রি করা হয়। জানি না আমাদের ভবিষ্যৎ কী!
মনীষীদের জীবনী থেকে সান্ত্বনা খুঁজি। নিজেকে বলি, রবীন্দ্রনাথ ছিলেন একজন প্রবলেম চাইল্ড। একটার পর একটা স্কুল বদলেছেন, মন বসাতে পারেননি, শেষ পর্যন্ত কোনো সার্টিফিকেটই পাননি কোনো প্রতিষ্ঠান থেকে। আইনস্টাইন কলেজের ভর্তি পরীক্ষায় ফেল করেছিলেন। আশা করছি, যে ৭০ শতাংশ বা ৮০ শতাংশ বা ৯০ শতাংশ ছেলেমেয়ে ফেল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, তারা সবাই হয় আইনস্টাইন নাহয় রবীন্দ্রনাথ হবে। অন্য ভাবেও ভাবি। বুয়েটের ভর্তি পরীক্ষা খুব ভালো, কিন্তু আমার এক বন্ধু ওয়েটিং লিস্ট থেকে চান্স পেয়েছিল। সে পরে তার ডিপার্টমেন্টে ফার্স্ট হতো। কাজেই ভর্তি পরীক্ষা কিছুই বোঝায় না। সেই বন্ধুটি এখন কোনো কাজ করে না, বেবি-সিটিং করে, তার স্ত্রী চাকরি করেন। তার মানে বুয়েটের রেজাল্টও কিছুই বোঝায় না। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পদে অভিষিক্ত মানুষটিকে দেখেছি এই রাষ্ট্রের সংকটময় মুহূর্তটিতে কাঠের পুতুলের ভূমিকা পালন করেছেন।
লন্ডন থেকে আসা তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলাম বলেন, একাডেমিক শিক্ষার সবচেয়ে বড় সমস্যা হলো, এর বাইরে যে অসংখ্য প্রকারের জ্ঞানের শাখা আছে, তা থেকে তোমাকে সে চোখ সরিয়ে রাখতে বলে।
আসল কথা হলো, যোগ্যতা অর্জন, নিজের গুণগুলোকে প্রকাশ করা, মানুষের মতো মানুষ হওয়া, দেশের জন্য, সভ্যতার জন্য কিছু করা। আমাদের শিক্ষার্থীদের বলব, তোমরা হতাশ হয়ো না। তোমরা নিজে থেকেই পড়ো। জানার চেষ্টা করো। মানুষ হওয়ার চেষ্টা করো। তোমাদের দুর্ভাগ্য, তোমরা ভালো সিস্টেম পেলে না। তার ভুক্তভোগী তোমরা, কিন্তু এ জন্য তোমরা দায়ী নও। প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়ে তোমরা নোবেল জয়ী গবেষক হও, ডাক্তার-ইঞ্জিনিয়ার-শিক্ষক হও, ব্যবসায়ী হও, না পেলেও দুশ্চিন্তা কোরো না, সারাটা জীবনই শেখা যায়, পড়া যায়, একাডেমিক জীবনের বাইরের শিক্ষাই অনেক সময় প্রকৃত শিক্ষা।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।