দেশের শিক্ষার মানের কী অবস্থা তা তুলে ধরতে এক টিভি চ্যানেলে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। সেই প্রতিবেদন দেখে আমরা শিক্ষার মানের শোচনীয় দশা টের পেয়েছি বটে, তবে একই প্রতিবেদনের মধ্য দিয়ে আমাদের সাংবাদিকতার যে মান প্রকাশ পেল, তা তো শোচনীয়! ফেসবুক এখন আলোচনা, তর্ক-বিতর্ক ও মতামত প্রকাশের শক্তিশালী এক মাধ্যমে পরিণত হয়েছে। টিভি চ্যানেলে প্রচারিত সেই প্রতিবেদনটি ফেসবুকে ভাইরাল হয়েছে। দেশের শিক্ষার মান কোন পর্যায়ে তা দেখে অনেকেই হতাশ হয়েছেন। হওয়ারই কথা। এটা একধরনের প্রতিক্রিয়া। অন্যটি হচ্ছে এই প্রতিবেদন তৈরি ও প্রচারের ক্ষেত্রে সাংবাদিকতার নীতিনৈতিকতার কোনো তোয়াক্কা না করা। এভাবে প্রকাশ্যে ছাত্রছাত্রীদের ‘পরীক্ষা’ গ্রহণ করার অধিকার গণমাধ্যমের আছে কি না, সে প্রশ্নও উঠেছে। বিষয়টি গুরুতর। শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে আমাদের সাংবাদিকদের নিজেদের মানই যে বড় প্রশ্নের মুখে পড়ে গেল!
টিভি প্রতিবেদনে বেশ কিছু ছাত্রছাত্রীকে নানা প্রশ্ন করা হয়েছে। এসব প্রশ্নের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, নেপালের রাজধানী কোথায়, স্বাধীনতা ও বিজয় দিবস কবে, পিথাগোরাস কে বা বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কী—এ ধরনের নানা প্রশ্ন রয়েছে। এসবের উত্তর দিতে না পারা বা ছাত্রছাত্রীরা যে উত্তর দিয়েছে, তা হয়তো অনেককেই হতাশ করেছে। কিন্তু এই ছাত্রছাত্রীদের এভাবে টিভিতে মুখ দেখিয়ে তাদের জ্ঞানের দুর্দশা দর্শকদের সামনে তুলে ধরা তো তাদের অপমান করার শামিল। গণমাধ্যম কি তা করতে পারে? অনেকে বলেছেন, ছাত্রছাত্রীর মুখমণ্ডল ঝাপসা করে তাদের পরিচয়-পরিচিতি গোপন রেখে এই কাজটি করা যেত। আসলে কোনোভাবেই শিশুদের দেখিয়ে এ ধরনের প্রতিবেদন তৈরি করা যায় না। সাংবাদিকতার স্বাভাবিক নীতিনৈতিকতা তা–ই বলে। বোঝা যাচ্ছে, এই প্রতিবেদন তৈরি ও প্রচারের ক্ষেত্রে এসব বিবেচনায় নেওয়া হয়নি। এটা সাংবাদিকতার নীতিনৈতিকতার বিষয়ে জানা–বোঝা ও মানের বড় ঘাটতির বিষয়টিকেই তুলে ধরছে।
>সাংবাদিকতার নীতিনৈতিকতা নিয়ে আলাপটি আমাদের সাংবাদিকতা ও সব সাংবাদিকের স্বার্থেই জরুরি। এই আলাপের অর্থ আমাদের শিক্ষাব্যবস্থা বা শিক্ষার মানের খারাপ দশাকে অস্বীকার করা নয়। সাংবাদিকেরা শুধু দেশ ও সমাজের নানা ভুলত্রুটি তুলে ধরবেন আর নিজেদের ভুলত্রুটি বা মানের বিষয়টি আলোচনা–সমালোচনার বাইরে থাকবে, তা তো হতে পারে না
যেকোনো প্রতিবেদন তৈরি ও তা প্রচারের ক্ষেত্রে এর পরিণতির বিষয়টি বিবেচনায় নিতে হয়। যে শিশুদের প্রতিবেদনে দেখানো হয়েছে তাদের যে ভবিষ্যৎ জীবন রয়েছে, তা কি একবারও ভাবা হয়েছে? যদি হতো তাহলে প্রতিবেদনটি এভাবে প্রচার হওয়ার কথা নয়। সমাজের সামনে কি তাদের এভাবে হাস্যকর ও মূর্খ হিসেবে উপস্থাপন করা যায়! এই বয়সটা সংবেদনশীল; আত্মমর্যাদায় আঘাত অনেক শিশুই মেনে নিতে পারে না। কোনো কারণে যদি শিশুর আত্মবিশ্বাস ভেঙে যায় বা হীনম্মন্যতা দেখা দেয়, তবে সেখান থেকে তাকে টেনে তোলা কঠিন। পরিবার, সমাজ ও আশপাশের মানুষের কাছে এই শিশুগুলোকে যে হেয় করা হলো তা তাদের আত্মবিশ্বাস নষ্ট করতে পারে, তাদের হীনম্মন্য করে তুলতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে এই শিশুগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা। তারা যদি মানসিক আঘাত পায়, তাদের ভবিষ্যৎ যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে এর দায় নেবে কে?
সাংবাদিকতায় শিশুদের নিয়ে কিছু করার ক্ষেত্রে বাড়তি বিবেচনা থাকতে হয়। এমনকি কোনো শিশু অপরাধ করে থাকলেও তার প্রতি বিবেচনাটি হতে হয় ভিন্ন। কারণ, শিশুরা যা করে তার সব কাজের দায় সব সময় শিশুদের নয়। এই যে আমাদের শিক্ষাব্যবস্থা, যাকে মুখস্থনির্ভর ও ফলনির্ভর বলে বিশেষজ্ঞরা সমালোচনা করছেন বা শিক্ষার মান নিয়ে যেসব প্রশ্ন উঠছে—এর দায় কি শিক্ষার্থীদের? নাকি এই ব্যবস্থা যাঁরা তৈরি করেছেন তাঁদের? এই শিক্ষার্থীরা তো এই শিক্ষাব্যবস্থারই ফল। অভিযোগ আছে, পরীক্ষা হলে অবজেকটিভ টাইপের প্রশ্নগুলোর সঠিক উত্তর নাকি অনেক জায়গায় বলে দেওয়া হয়। এই ব্যবস্থা টিকিয়ে রেখে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে কী আশা করতে পারি।
বেশ কিছু ছাত্রছাত্রীকে একই প্রশ্ন করে করা এই প্রতিবেদনটি অনেকটা নমুনা জরিপভিত্তিক। ফেসবুকেই দেখলাম একজন গণমাধ্যমকর্মী প্রশ্ন তুলেছেন, জরিপ করা সাংবাদিকদের কাজ কি না। জরিপভিত্তিক প্রতিবেদন অবশ্যই হতে পারে, কিন্তু জরিপের মেথড, তা প্রতিনিধিত্বমূলক কি না—এসব খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
প্রতিবেদনটি দেখে আমরা বুঝতে পারি না, যে ১৩ জন ছাত্রছাত্রীকে দেখানো হয়েছে, প্রতিবেদনটি তৈরির সময় কি শুধু তাদেরই সাক্ষাৎকার নেওয়া হয়েছিল? নাকি আরও বেশিসংখ্যক শিক্ষার্থীকে নেওয়া হয়েছিল এবং যারা জবাব দিতে পারেনি, শুধু তাদের অংশগুলোই প্রতিবেদনে রাখা হয়েছে? যদি তাই হয়ে থাকে, তবে এই প্রতিবেদনটি উদ্দেশ্যমূলক হিসেবে বিবেচিত হবে। আর যদি এমনও হয়ে থাকে যে প্রতিবেদনে যে শিক্ষার্থীদের দেখানো হয়েছে শুধু তাদেরই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের সবারই এই দশা, তবে সে ক্ষেত্রে এই তথ্যটিও থাকা উচিত ছিল। প্রতিবেদনটির বিশ্বাসযোগ্যতা তাই প্রশ্নের মুখে পড়ে। বিস্ময় জাগে, যে শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করা হলো তাদের কেউই প্রশ্নগুলো পারল না! গণমাধ্যম বা ক্যামেরা তো অনেক সময় নার্ভাসনেসও তৈরি করে!
দৈবচয়নভিত্তিক জরিপ করা হয়ে থাকলে কতটি স্কুলের শিক্ষার্থী বা কোন অঞ্চলের শিক্ষার্থীদের প্রশ্ন করা হয়েছিল, তার তথ্য থাকাও জরুরি ছিল। শিক্ষার মান নিয়ে আমাদের যতই প্রশ্ন, আপত্তি বা হতাশা থাকুক এটা তো মানতেই হবে এবার এসএসসি পাস করা শিক্ষার্থী বা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের শতভাগের এই দশা নয়। এসএসসি পাস না করা বা জিপিএ–৫ না পাওয়া অনেক শিশুও এসব প্রশ্নের উত্তর দিতে পারবে। শতকরা কত ভাগ শিক্ষার্থীর এই দশা এর কোনো ধারণা যদি প্রতিবেদনে থাকত, তাতে হয়তো একটি চিত্র পাওয়া যেত।
এ ধরনের বিষয় নিয়ে আলোচনা ও বিতর্কের বিপদও আছে। ফেসবুকে দেখলাম গণমাধ্যম ও গণযোগাযোগ বিষয়ের এক বিশ্ববিদ্যালয় শিক্ষক টিভি প্রতিবেদনটির সাংবাদিকতা ও এর নীতিনৈতিকতার দিক নিয়ে এত আলোচনা ও সমালোচনার মধ্যে ‘প্রফেশনাল জেলাসির’ গন্ধ পেয়েছেন। তিনি যা লিখেছেন তার মূল কথা অনেকটা এ রকম—রিপোর্টে শিক্ষার মানের যে ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে, তা ভয়ানক ও অস্বস্তিকর। এই প্রতিবেদনটি ‘প্রিয়’ সরকারকে বিপদে ফেলেছে বলেই নাকি সবার এত অস্বস্তি। সাংবাদিকতার নীতিনৈতিকতা নিয়ে প্রশ্ন তোলার পেছনের উদ্দেশ্যটি শিক্ষাব্যবস্থার দুর্দশার বিষয়টি আড়াল করা কি না, সে প্রশ্ন তিনি তুলেছেন। এ ধরনের প্রশ্ন ও সংশয় কারও মনে জাগতেই পারে। কিন্তু সাংবাদিকতার নীতিনৈতিকতা নিয়ে আলাপটি আমাদের সাংবাদিকতা ও সব সাংবাদিকের স্বার্থেই জরুরি। এই আলাপের অর্থ আমাদের শিক্ষাব্যবস্থা বা শিক্ষার মানের খারাপ দশাকে অস্বীকার করা নয়। সাংবাদিকেরা শুধু দেশ ও সমাজের নানা ভুলত্রুটি তুলে ধরবেন আর নিজেদের ভুলত্রুটি বা মানের বিষয়টি আলোচনা-সমালোচনার বাইরে থাকবে, তা তো হতে পারে না!
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]