‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের অন্যতম পথিকৃৎ কাজী মোতাহার হোসেন। তাঁর জন্ম ৩০ জুলাই, ১৮৯৭ সালে মাতুলালয় কুষ্টিয়ার কুমারখালীতে। পৈতৃক নিবাস কিন্তু রাজবাড়ী জেলার পাংশার বাগমারায়। পড়েছেন কুষ্টিয়া হাইস্কুলে, রাজশাহী ও ঢাকা কলেজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বহু পরিচয় তাঁর: বিজ্ঞানী, শিক্ষক, সাহিত্যিক, ক্রীড়াবিদ, সংগীতজ্ঞ, সংগঠক ইত্যাদি। এর মধ্যে সাহিত্য-সংগঠক ও সাহিত্যচিন্তক পরিচয়টিও খুব গুরুত্বপূর্ণ। ১৯২৬ সালে ঢাকায় গঠিত ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর পেছনে কর্মশক্তি ছিল সৈয়দ আবুল হুসেনের, চিন্তাশক্তি ছিল আবদুল ওদুদের, আর হূদয়শক্তি ছিল কাজী মোতাহার হোসেনের—সর্বোপরি নৈতিক সমর্থন ছিল নবযুগ-এর। ‘মুসলিম সাহিত্য সমাজ’ সংগঠনটি কিংবা এর মুখপত্র শিখা পত্রিকা—কোনোটিই দীর্ঘজীবন পায়নি। উদ্যোক্তারা নানা কারণে স্থানান্তরে চলে যাওয়ায় ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’—এই স্লোগানও থেমে যায়। কিন্তু শাণিত চিন্তা আর মুক্তবুদ্ধির যে আহ্বান এসেছিল ১৯২৬ সালে, তার প্রতিধ্বনি মিইয়ে যায়নি পুরোপুরি। এর উদ্গাতারা শেষ পর্যন্ত নিজের অবস্থা ও অবস্থান থেকে মুক্তবুদ্ধির পক্ষে স্বীয় বক্তব্য তুলে ধরেছেন। হেনরি ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে ‘ইয়ং বেঙ্গল সোসাইটি’ বাঙালি হিন্দুদের যেভাবে আধুনিক বিজ্ঞানভিত্তিক চিন্তায় অগ্রবর্তী করে, বাঙালি মুসলিমদের জন্য ‘সাহিত্য সমাজ’ ঠিক সে ধরনের একটি ভাব-আন্দোলনের ডাক দেয়। কাজী মোতাহার হোসেন তো ছিলেন এই সংগঠনেরই হূদয়শক্তি!বিজ্ঞানের ছাত্র ছিলেন কাজী মোতাহার—পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। কিন্তু ছিলেন সাহিত্য রচনায় ব্যাপক আগ্রহী।১৯৩৭ সালে তাঁর প্রথম গ্রন্থ সঞ্চরণ প্রকাশ পায়। পরবর্তীকালে সাহিত্য ও সমাজচিন্তাবিষয়ক তাঁর বহু প্রবন্ধ বের হয় এবং তিনি টেক্সট বুক বোর্ডের গণিত বিষয়ের সঙ্গে বাংলা বিষয়েরও সদস্য মনোনীত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে রক্ষিত কাজী মোতাহার হোসেনের চাকরির নথি দেখার সুযোগ আমি পেয়েছি। সেখানে শান্তিনিকেতনসহ নানা স্থানে বক্তা হিসেবে তিনি যে আমন্ত্রণ পেয়েছিলেন, তার প্রমাণ আছে। মাসিক দিলরুবা পত্রিকার সম্পাদনা বোর্ডের সদস্য তিনি মনোনীত হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এতে সম্মতি মেলেনি। বিজ্ঞানে প্রাতিষ্ঠানিক ডিগ্রি লাভ ও কর্মজীবন অতিবাহিত করলেও উত্তর-জীবনে কাজী মোতাহার হোসেন এক প্রবন্ধে লিখেছেন, বিজ্ঞানের চেয়ে বাংলা সাহিত্যের দিকেই তাঁর পাল্লাটা কিঞ্চিৎ হেলে যাবে। ‘শিল্পের জন্য শিল্প’—এই নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন না। তাঁর মতে, সাহিত্য সৃষ্টি হবে মানুষের জন্য, জীবনের জন্য, আর সমাজের কুসংস্কার দূর করার জন্য। তিনি এর ব্যত্যয় লক্ষ করেছিলেন নবগঠিত পূর্ব পাকিস্তানের বাংলা সাহিত্যে। তখন কারণে-অকারণে ‘পাকিস্তান পয়েন্দাবাদ’ বা ‘পাকিস্তান জিন্দাবাদ’ অথবা ‘ইসলামি তমুদ্দুন জিন্দাবাদ’ ধ্বনি তোলা হতো রচিত গল্প, কবিতা, উপন্যাসে। নবগঠিত পাকিস্তানের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে তিনি ১৯৫০ সালে প্রকাশিত বাংলা ভাষার নতুন বিন্যাস প্রবন্ধে লেখেন: ‘বাংলা ভাষায় মুসলিম কৃষ্টির যেটুকু অভাব ছিল বা আছে, সেটুকু পূরণ করতে হবে—হিন্দু কৃষ্টি বর্জন করে নয়, তামাদ্দুনের সৃষ্টি করে উভয় সংস্কৃতির পরিপুষ্টিতেই স্বাস্থ্যকর পরিপুষ্ট ভাষার সৃষ্টি হবে’—এই অসাম্প্রদায়িক জাতিগত চেতনাই ছিল তাঁর সাহিত্য ও সংস্কৃতিভাবনার মূলে। সাহিত্য ও সংস্কৃতি প্রবন্ধে তিনি স্পষ্ট করে বলেছেন, যারা ধর্মকে ফর্মুলায় ফেলে শক্ত করে রাখার পক্ষপাতী, তারাই সাহিত্যের বিকাশশীলতার সঙ্গে ধর্মের বিরোধ সৃষ্টি করে থাকে। মাসিক দিলরুবা পত্রিকার (১ম বর্ষ ৮ম সংখ্যা) অগ্রহায়ণ ১৩৫৬ বঙ্গাব্দ সংখ্যায় ‘নতুন অবস্থায় সাহিত্য’ শিরোনামে প্রকাশিত এক প্রবন্ধে কাজী মোতাহার হোসেন নবগঠিত পূর্ব পাকিস্তানের শিল্পকলা ও সাহিত্য আলোচনা প্রসঙ্গে তথাকথিত ‘ইসলামি সাহিত্য’ বা ‘হিন্দু সাহিত্য’ ইত্যাদি ধারণার বিরোধিতা করেছেন। তিনি লিখেছেন: ‘পূর্ব পাকিস্তানে হিন্দু-মুসলমান মিলেমিশেই বাস করবে, আর সে মিলনের প্রশস্ত ক্ষেত্রই হচ্ছে সাহিত্য, শিল্পকলা, সংগীত ইত্যাদি। ইসলামি সাহিত্য, হিন্দু সাহিত্য—এসব কথার মধ্যে একটু ত্রুটি রয়েছে। কতগুলো ব্যাপার আছে, যা নিছক হিন্দুর ঘরের কথা বা মুসলমান ঘরের কথা—সেগুলোর মধ্যে যদি অন্য সম্প্রদায়ের লোকের কোনো গরজ বা ঔৎসুক্য বা ভাব-সামঞ্জস্য না থাকে, তা হলে সেগুলো ঠিক সাহিত্যের পর্যায়ে পড়ে না—তা শুধু সম্প্রদায়বিশেষের শিক্ষাদানের জন্য সাহিত্যিক পিল বা সালসা মাত্র।’ তবে সাহিত্যে সম্প্রদায়ের জীবনচর্চাকে তিনি অস্বীকার করেননি। তিনি মনে করেন, বিশেষ সম্প্রদায়কে নির্ভর করে সাহিত্য রচিত হতে পারে কিন্তু এর আবেদন হবে সর্বজনীন। নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে বাংলা সাহিত্য সৃষ্টির লক্ষ্যে কাজী মোতাহার হোসেন সাহিত্যের রূপ ও রসগত দিক সম্পর্কে যেভাবে লেখকদের সচেতন করেছেন, তা অনেকাংশেই বাংলা গদ্য রচনার প্রারম্ভকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত বাঙ্গালা ভাষা বা বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন বা সহজ রচনা শিক্ষা ইত্যাদি রচনার সঙ্গে তুলনা করা চলে। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর নবগঠিত পূর্ব পাকিস্তানে যখন সাহিত্য রচনার মত ও পথ নিয়ে তর্ক-প্রতর্ক তুঙ্গে, তখন তিনি অসাম্প্রদায়িক ও বিজ্ঞানচিন্তাভিত্তিক সাহিত্য রচনার পক্ষে মত প্রদান করেন। প্রকৃত সাহিত্যরসকে তিনি বিশেষ মূল্য দিয়েছেন, অশ্লীলতাকে বর্জনের কথা বলেছেন। ধর্মীয় কূপমণ্ডূকতায় তাঁর সাহিত্যচিন্তা আবদ্ধ নয়। এ সাহিত্যচিন্তা পাকিস্তান আমলে মুসলিম জাতীয়তাবোধের বিপরীতে বাঙালি জাতীয়তাবোধের অনিবার্য সহায়ক হয়ে ওঠে। সৌমিত্র শেখর