
এক কিংবা দেড় দশকের মধ্যে দেশ গ্যাসশূন্য হয়ে যাওয়ার আশঙ্কা সবাইকে উদ্বিগ্ন করে তোলে। বিশেষ করে দেশের নীতিনির্ধারণী মহলকে এই উদ্বেগ এক কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে। গ্যাসের ওপর বিপুলভাবে নির্ভরশীল শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও প্রতিষ্ঠানসমূহ গ্যাস না পেলে যে সংকটপূর্ণ অবস্থায় পড়বে, তা সহজেই অনুমেয়, আর দেশে গ্যাসের বিকল্প জ্বালানির সহজলভ্যতা না থাকায় এ সংকট কাটিয়ে ওঠাও সহজ নয় বটে। সরকার গ্যাসের বিকল্প জ্বালানি প্রবর্তনে যথেষ্ট সচেষ্ট মনে হলেও প্রকৃতপক্ষে তা নিশ্চিত করতে এখন পর্যন্ত সক্ষম হয়নি।
পেট্রোবাংলার হিসাবমতে, বাংলাদেশের বর্তমান অবশিষ্ট গ্যাস মজুত প্রায় ১৩ টিসিএফ। দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদার প্রেক্ষাপটে এই মজুত ১০ থেকে ১২ বছর চলতে পারে। অথবা গ্যাস উৎপাদন মাত্রা কমিয়ে দিলে তা নিঃশেষিত হতে আরও কিছু সময় লাগবে। কিন্তু তারপর দেশ গ্যাসশূন্য হয়ে যাবে বলে যে পরিমাণ বক্তব্য-বিবৃতি বা আশঙ্কা লক্ষ করা যায়, তার বিপরীতে ভবিষ্যতে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে গ্যাস সঞ্চালন অব্যাহত থাকবে, সে সম্ভাবনার কথা ততটা শোনা যায় না। আর কার্যত নতুন গ্যাস আবিষ্কারের কর্মযজ্ঞেও সে রকম গতি দৃশ্যমান নয়, বরং গ্যাস অনুসন্ধানে একপ্রকার স্থবিরতা লক্ষণীয়। তাই এ প্রশ্নটি বারবার উঠে আসে যে বাংলাদেশ কি অচিরেই গ্যাসশূন্য হয়ে পড়বে?
১৯৯৩ সালে বাংলাদেশের অবশিষ্ট গ্যাস মজুত ছিল প্রায় ১০ টিসিএফ এবং সে সময় ধারণা করা হতো বাংলাদেশের গ্যাস ১২ বা ১৩ বছরের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু ২০০১ সালে বাংলাদেশের অবশিষ্ট গ্যাস মজুতের পরিমাণ হিসাব করে দেখা যায় যে তা ১৫ টিসিএফ। পুনরায় ধারণা করা হয় যে পরবর্তী ১০ থেকে ১৫ বছরের মধ্যে গ্যাস নিঃশেষিত হবে। অথচ ২০১১ সালে গ্যাসের অবশিষ্ট মজুত হিসাব করে দেখা যায় তার পরিমাণ প্রায় ১৬ টিসিএফ। অর্থাৎ গ্যাস নিঃশেষিত হওয়ার পরিবর্তে নতুন গ্যাসের মজুত আবিষ্কারের মাধ্যমে মোট মজুত আরও বৃদ্ধি ঘটেছে।
প্রশ্ন হলো, এই ধারা কি অব্যাহত থাকবে? অবশ্যই বলা যায় যে না, তা অনির্দিষ্টকালব্যাপী অব্যাহত থাকবে না বরং গ্যাসের মতো একটি অনবায়নযোগ্য জ্বালানি একসময় নিঃশেষিত হবে। আর এ সময়টি নির্ধারিত হবে অনুসন্ধান কাজের পরিধি ও পরিপক্বতার ওপর। অর্থাৎ পর্যাপ্ত অনুসন্ধানকাজ সম্পন্ন হয়েছে এ রকম একটি স্থানের জন্য অবশিষ্ট মজুত ফুরিয়ে গ্যাসশূন্য হয়ে যাওয়ার আশঙ্কা যুক্তিসংগত বটে। কিন্তু বাংলাদেশের মতো গ্যাস সম্ভাবনাময় দেশে অপর্যাপ্ত অনুসন্ধান কাজের ওপর ভিত্তি করে গ্যাস নিঃশেষ হয়ে যাওয়ার আশঙ্কা যুক্তিসংগত নয়। তবে বাংলাদেশের মূল ভূখণ্ডে ইতিপূর্বে যে বৃহৎ আকারের গ্যাসক্ষেত্রগুলো আবিষ্কৃত হয়েছে, সে আকারের নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা কম, কিন্তু ছোট বা মাঝারি আকারের আরও গ্যাস মজুত যে পাওয়া যাবে, তা প্রায় নিশ্চিত। আর দেশের সমুদ্র সীমানার কথা ধরা হলে এ সম্ভাবনা আরও ব্যাপক, যদিও অনুসন্ধানের অভাবে তা অজ্ঞাত। উপরিউক্ত বিষয়টির একটি সহজ ভূতাত্ত্বিক বিশ্লেষণ সাধারণ পাঠকের জ্ঞাতার্থে পেশ করা যেতে পারে।
দেশের মূল ভূখণ্ড: দেশের মূল ভূখণ্ডে যে অনুসন্ধানের কাজ সম্পন্ন করা হয়েছে, তা আংশিক এবং মূলত কেবল পূর্বাঞ্চলে সহজভাবে অনুসন্ধান করা যায় এ রকম স্থানেই সীমাবদ্ধ। এ রকম সহজ অনুসন্ধানযোগ্য স্থানসমূহ হলো শিলাস্তরে ভাঁজবহুল এলাকা, যা কোনো কোনো ক্ষেত্রে পাহাড়ি ভূপ্রকৃতি সৃষ্টি করে। ভূতাত্ত্বিক ভাষায় এগুলোকে স্ট্রাকচারাল বা কাঠামোগত বলে গণ্য করা হয়। ভূ-অভ্যন্তরে শিলাস্তরে এহেন ভাঁজ বাংলাদেশের পূর্বাংশে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম এলাকা বরাবর বিদ্যমান এবং এ সমূহে অনুসন্ধান চালিয়ে বেশ কিছু গ্যাসক্ষেত্র আবিষ্কার করা হয়েছে, যার মধ্যে কোনো কোনোটি অতি বৃহদাকার। যেমন তিতাস, বিবিয়ানা, হবিগঞ্জ গ্যাসক্ষেত্রসমূহ। দেশের পূর্বাংশে ছোট হলেও এ প্রকৃতির আরও কাঠামো সুপ্তভাবে বিরাজ করে, যেগুলো খনন করে আরও গ্যাসক্ষেত্র আবিষ্কার সম্ভব।
এ ছাড়া গ্যাস মজুতের অবস্থান ভূ-অভ্যন্তরে শিলাস্তরের পারস্পরিক গুণগত পার্থক্যের কারণে তৈরি হতে পারে, যাকে স্ট্রাটিগ্রাফিক প্রকৃতির বলা হয়ে থাকে। এসমূহ খুঁজে বের করা তুলনামূলকভাবে কঠিন ও তা সাধারণভাবে অপেক্ষাকৃত ছোট গ্যাস মজুত সৃষ্টি করে। সাধারণভাবে বাংলাদেশের মতো বদ্বীপ অঞ্চলে এ ধরনের গ্যাস মজুত যথেষ্টসংখ্যক থাকার সম্ভাবনা প্রচুর। সাম্প্রতিক সাইসমিক জরিপের ফলাফল বিশ্লেষণে সে ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে অনুসন্ধান ও খনন কার্যক্রমে এ সম্ভাবনাকে যাচাই করার উদ্যোগ নেই।
পরিস্থিতি বিবেচনা করে এটা বলা যায় যে বাংলাদেশের মূল ভূখণ্ডে গ্যাস অনুসন্ধানের মাত্রা অসম্পূর্ণ এবং তা একটি পরিপক্ব পর্যায়ে পৌঁছায়নি। এখানে কেবল সহজ মাত্রার অনুসন্ধানের মাধ্যমে অনেকসংখ্যক গ্যাসের আবিষ্কার হয়েছে। অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে জটিলতর পদ্ধতির বিশ্লেষণ ও প্রয়োগ (যেমন স্ট্রাটিগ্রাফিক মজুত ইত্যাদি) করার যে প্রথা রয়েছে তা শুরুই করা হয়নি। এসবকে অনুসন্ধান কার্যক্রমের আওতায় নিয়ে জোর কার্যক্রম চালালে আরও অনেক নতুন গ্যাস মজুত পাওয়া যাবে। এ ছাড়া মূল ভূখণ্ডে আধুনিক বিশ্লেষণভিত্তিক নানা নতুন প্রকৃতির গ্যাস মজুত যেমন থিন বেড মজুত, অতি গভীরের মজুত, উচ্চচাপ মজুত ইত্যাদিতে অনুসন্ধান করলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
দেশের সমুদ্রবক্ষ: ২০১২ সালে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবিরোধ মীমাংসাকে সমুদ্র বিজয় আখ্যায়িত করে বাংলাদেশ যে আড়ম্বরপূর্ণ প্রচারণা চালিয়েছিল, তা নিজস্ব সমুদ্রসম্পদ আহরণের আকাঙ্ক্ষার ইঙ্গিতবহ বলে মনে হয়েছিল, কিন্তু বাস্তবে পরবর্তী সময়ে সমুদ্রসম্পদ আহরণে সে রকম কর্মতৎপরতা লক্ষ করা যায়নি। সাগরবক্ষের ২৬টি গ্যাস অনুসন্ধান ব্লকের মধ্যে বর্তমানে মাত্র তিনটি ব্লকে অনুসন্ধানের কাজ চলছে এবং তা যেকোনো মানদণ্ডে অনুসন্ধানকাজে স্থবিরতার সাক্ষ্য বহন করে। এর ফলে বাংলাদেশের সমুদ্রবক্ষ মূলত অজ্ঞাতই রয়ে গেছে, অথচ সীমানার ঠিক ওপারে মিয়ানমার সমুদ্রবক্ষে একের পর এক গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়ে চলেছে। একইভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সমুদ্র সীমানার ওপারে ভারতীয় সমুদ্রবক্ষে ÿগ্যাস আবিষ্কারের তথ্য পাওয়া যায়। মিয়ানমার ও ভারতীয় সমুদ্রবক্ষেÿ গ্যাসসম্পদের আবিষ্কারসমূহ বঙ্গোপসাগরকে আন্তর্জাতিক অঙ্গনে গ্যাস সম্ভাবনার অন্যতম এলাকা হিসেবে চিহ্নিত করেছে, কেবল বাংলাদেশ এ সম্ভাবনার অংশীদার হিসেবে কার্যকরভাবে যুক্ত হতে পারেনি।
বাংলাদেশ সমুদ্রের পূর্বাংশ মিয়ানমারের সমুদ্রে অবস্থিত আরাকান বেসিনেরই অবিচ্ছেদ্য অংশ এবং ভূতাত্ত্বিকভাবে তাদের গঠন ও প্রকৃতি একই রকম। ২০১২ সালে সমুদ্র সীমানা রায় ঘোষণার পর থেকে আরাকান সমুদ্র বেসিনে মিয়ানমার গ্যাস-তেল অনুসন্ধানের যে বিপুল কর্মযজ্ঞ চালায়, তার ফলে সেখানে যথেষ্ট গ্যাস আবিষ্কৃত হয়।
সর্বশেষ থামিন গ্যাসক্ষেত্রটি আবিষ্কৃত হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে এবং তা ঘটে বাংলাদেশ সমুদ্র সীমান্তসংলগ্ন মিয়ানমারের এডি ৬ নম্বর ব্লকে। গ্যাসক্ষেত্রটির অবস্থান বাংলাদেশ সমুদ্র সীমানা থেকে অল্প দূরত্বে মাত্র। অস্ট্রেলিয়ার উডসাইট তেল কোম্পানি এ আবিষ্কারটি করার পর তার প্রধান কর্মকর্তা পিটার কোলম্যান বলেন, এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কারের মাধ্যমে পার্শ্ববর্তী সমুদ্র ব্লকসমূহের উজ্জ্বল সম্ভাবনা উন্মোচিত হওয়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। উল্লেখ্য, এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কারের আগে এই এলাকায় সিউ, থিউ ও মিয়া নামে গ্যাসক্ষেত্রসমূহ আবিষ্কার আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহের দৃষ্টি মিয়ানমারমুখী করে তোলে। তারপর গত বছরেও আরাকান সমুদ্র বেসিনে নতুন গ্যাসক্ষেত্রের আবিষ্কার হয় এবং এ এলাকাটি সমগ্র উপমহাদেশের অন্যতম গ্যাসসমৃদ্ধ এলাকা বলে প্রমাণিত হয়েছে।
ওপরের তথ্য থেকে বোঝা যায় যে বাংলাদেশ সমুদ্রবক্ষের পূর্বাংশ, বিশেষ করে মিয়ানমার সমুদ্র সীমানাসংলগ্ন এলাকাটি গ্যাস সম্ভাবনায় সর্বোচ্চ উজ্জ্বল। সকল প্রকার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অনেক ভূতাত্ত্বিক মনে করছেন যে বাংলাদেশের সমুদ্রের এ অংশে গ্যাসের অবস্থান প্রায় নিশ্চিত এবং এখানে একটি নয় বরং পার্শ্ববর্তী মিয়ানমারের মতো একাধিক বড় আকারের গ্যাসক্ষেত্র পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ মিয়ানমার ও ভারতের তুলনায় সমুদ্রে গ্যাস অনুসন্ধানে অনেক পিছিয়ে পড়েছে। আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধানী দৃষ্টি এখন পড়া উচিত দেশের সেই সমুদ্র ব্লকসমূহে, যার পাশেই মিয়ানমার একের পর এক গ্যাস মজুত আবিষ্কার করে চলেছে।
সবশেষ বলা যায় ভূতাত্ত্বিক তত্ত্বের সূত্রমতে বিশাল আকারের বাংলাদেশ বদ্বীপ এলাকা গ্যাস সমৃদ্ধ হবে, এটি নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই। কিন্তু বাস্তবে সে রকম গ্যাস সমৃদ্ধির চিত্রটি দৃশ্যমান হয়নি। তার কারণ, এই অঞ্চলে গ্যাস অনুসন্ধানের স্বল্পমাত্রা ও অনুসন্ধান কার্যক্রমে স্থবিরতা। দেশের ভূখণ্ডে প্রাথমিক সহজ পর্যায়ের অনুসন্ধান সম্পন্ন করা হয়েছে মাত্র, দ্বিতীয় পর্যায়ের অপেক্ষাকৃত জটিলতর অনুসন্ধান পদ্ধতি শুরুই করা হয়নি। অনুসন্ধানের পরিপক্ব পর্যায়ে পৌঁছাতে পারলে অনেক নতুন গ্যাস মজুত যোগ হবে।
দেশের সাগরে অনুসন্ধান কার্যক্রম আরও প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে বা কোনো কোনো এলাকায় শুরুই হয়নি। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমানা বরাবর বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সমুদ্র অঞ্চল সর্বাপেক্ষা গ্যাস সম্ভাবনাময়। সীমানার সন্নিকটে মিয়ানমারের সমুদ্রে সাম্প্রতিক নতুন নতুন গ্যাস আবিষ্কার এ এলাকার গ্যাস সমৃদ্ধির সাক্ষ্য বহন করে। বাংলাদেশ তার অংশে মিয়ানমারের মতো জোর অনুসন্ধান চালালে একই রকম গ্যাস সমৃদ্ধির সাক্ষাৎ পাবে, তা নিশ্চিত বলে ভূ-বিজ্ঞানীরা মনে করেন। সে অর্থে শিগগিরই বাংলাদেশের গ্যাসশূন্য হয়ে যাওয়ার আশঙ্কা অমূলক তো বটেই।
ড. বদরূল ইমাম: অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।