>ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম আর মজুমদার ১৯৭১ সালে চট্টগ্রামে অবস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ডার ছিলেন। তখন তিনিই ছিলেন পূর্ব পাকিস্তানে জ্যেষ্ঠতম বাঙালি সামরিক কর্মকর্তা। সে সময় অস্ত্রবাহী পাকিস্তানি জাহাজ এমভি সোয়াত চট্টগ্রাম বন্দরে নোঙর করলে তিনি নানা কৌশলে এই জাহাজ থেকে অস্ত্র নামাতে দেননি। ২৭ মার্চ তাঁকে গ্রেপ্তার করা হয় এবং পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ওপর অমানুষিক নির্যাতন করা হয়। সেই সময়কার ঘটনার বর্ণনা এবং পাকিস্তানে তাঁর ওপর অত্যাচার–নির্যাতনের বিবরণ প্রথম আলোর পাঠকদের জন্য ছাপা হচ্ছে ধারাবাহিকভাবে। আজ ছাপা হলো প্রথম পর্ব।

১৯৭০ সালের নির্বাচনের আগে থেকে ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত আমি চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার ছিলাম। সে সময় আমি ছিলাম পূর্ব পাকিস্তানের সবচেয়ে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা। ১৯৭১ সালের ৪ মার্চ আমি চট্টগ্রামের সামরিক আইন প্রশাসক নিযুক্ত হই। ফলে সার্বিকভাবে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে আওয়ামী লীগের এম আর সিদ্দিকী, জহুর আহমদ চৌধুরী এবং এম এ হান্নানের মতো নেতাদের সঙ্গে আমার যোগাযোগ গড়ে ওঠে। জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা, যেমন চিফ অব আর্মি স্টাফ জেনারেল আবদুল হামিদ খানের সঙ্গেও আমার যোগাযোগ ছিল। কর্নেল ওসমানীকে আমি বহুদিন থেকেই চিনতাম। তিনি আমার ঘনিষ্ঠই ছিলেন। তিনি আমাকে শেখ মুজিবসহ আওয়ামী লীগের অন্য বিশিষ্ট নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
৩ মার্চ সংসদের অধিবেশন বসার কথা ছিল। কিন্তু ইয়াহিয়া খান হঠাৎ করেই ১ মার্চ সেই অধিবেশন স্থগিত করেন। এতে সারা দেশে আগুন জ্বলে ওঠে। মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। ২ ও ৩ মার্চ পশ্চিম পাকিস্তানি সেনারা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নির্দয়ভাবে বেসামরিক মানুষকে গুলি করে হত্যা করে। এর ফলে শেখ মুজিব প্রকাশ্যেই দাবি করেন, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। আর গোপনে তিনি খোন্দকার মোশতাক আহমদ, এম আর সিদ্দিকী ও জহুর আহমদ চৌধুরীকে আমার কাছে পাঠান। তাঁরা ৫ বা ৬ মার্চ রাত তিনটায় আমার সঙ্গে দেখা করতে আসেন। সেই বৈঠকে আমি শেখ মুজিবের প্রতি আমার সমর্থন জানাই। পূর্ব পাকিস্তানে যে সে সময় আমরাই সামরিকভাবে শ্রেয়তর অবস্থায় ছিলাম, সে কথাও তাঁদের জানাই।
এর আগে ২ মার্চ চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ এমভি সোয়াত নোঙর করে। আমি জানতে পারি, এই জাহাজে পশ্চিম পাকিস্তান থেকে কোনো যাত্রী আসেনি। তার বদলে এতে করে সাত হাজার টন উন্নত অস্ত্র ও গোলাবারুদ আনা হয়েছে, যার লক্ষ্য বাঙালিদের বলপ্রয়োগে দমন করা। চট্টগ্রাম বন্দরের শ্রমিক সংঘের সভাপতি এম আর সিদ্দিকীকে আমি অনুরোধ করি, জাহাজটি থেকে যেন মাল নামানোর অনুমতি না দেওয়া হয়। আমি বললাম, ‘এই অস্ত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।’ আমি ভাবলাম, আমরা যদি পুরো দেশটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসি, তাহলে সেসব আপনা-আপনিই আমাদের কবজায় চলে আসবে।
আমি ২ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সব চাপ উপেক্ষা করে এই জাহাজের অস্ত্র খালাস বন্ধ রাখি। সেনাপ্রধান জেনারেল হামিদ খান, টিক্কা খান, মিঠ্ঠা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার ওপর চাপ দিয়েছেন। মিঠ্ঠা খান আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে বললেন, ‘যেভাবেই হোক, দু–এক দিনের মধ্যে এই অস্ত্র খালাস করতেই হবে।’ আমি বললাম, ‘বিশেষজ্ঞের সহায়তা ছাড়া এই অস্ত্র নামাতে গেলে জাহাজে আগুন ধরে যেতে পারে।’ মিঠ্ঠা বললেন, ‘সারা দেশে যদি আগুন লেগে যায়, এমনকি কর্ণফুলী নদীও যদি রক্তে লাল হয়ে যায়, তাতেও আমার কিছু আসে-যায় না। আমি চাই, অস্ত্র খালাস করা হোক।’
আমি অস্ত্র নামাতে অস্বীকার করায় টিক্কা খান আমার বিরুদ্ধে অভিযোগ করলেন, ‘আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করেছেন। সোয়াতের অস্ত্র নামাতে অস্বীকার করে আপনি আওয়ামী লীগের অসহযোগ আন্দোলনকে সমর্থন দিয়েছেন।’ এরপর মিঠ্ঠা খান নৌবাহিনীর প্রধান ও কমোডর মমতাজের সঙ্গে দেখা করেন, এঁরা দুজনও আমার মতের প্রতি সমর্থন ব্যক্ত করলেন। কমোডর মমতাজ অবশ্য আশঙ্কা করছিলেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সে কারণে তিনি কোনো ঝুঁকি নেননি। তিনি মিঠ্ঠা খানকে বললেন, ‘স্যার, আমার বাহিনী বাণিজ্যিক জাহাজের কার্গো ওঠাতে-নামাতে পারে না। তাদের কারণে কোনো বিস্ফোরণ হলে তা বিপর্যয়কর হবে।’ মিঠ্ঠা খান আমার কথা বুঝতে পারলেন। তিনি বললেন, ‘ঠিক আছে, আমি করাচি থেকে বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারী লোকদের নিয়ে আসতে পারব।’ তিনি সঙ্গে সঙ্গে করাচির সেনা সদর দপ্তরের সঙ্গে কথা বলে তাদের বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারীদের পাঠাতে বলেন।
আমি নানা অজুহাতে সোয়াতের অস্ত্র খালাস বন্ধ রাখি। টিক্কা খান আমাকে দিনে দু-তিনবার ফোন করে জিজ্ঞেস করতেন, ‘জাহাজের মাল নামানোর কী হলো?’ এর মধ্যে আমি এম আর সিদ্দিকীর সহায়তায় জাহাজের সব কর্মীকে নামিয়ে আনি। জাহাজটি ছিল বহির্নোঙরে।
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পশ্চিমে যেতে প্রস্তুত ছিল, জিয়াউর রহমান ছিলেন এই রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড। একটা নিয়ম ছিল এই যে সেনাবাহিনীর কোনো দল পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে গেলে তাদের বিনা অস্ত্রে যেতে হতো। এই নিয়মের কারণে জিয়ার ব্যাটালিয়ন ইতিমধ্যে অস্ত্র সমর্পণ করেছিল। পরবর্তীকালে আমি তাদের ৩০০ রাইফেল ও ১০টি লাইট মেশিনগান দিই। যুদ্ধের সময় সেটাই ছিল তাদের মূল শক্তি।
২১ মার্চ সেনাপ্রধান জেনারেল হামিদ চট্টগ্রাম বন্দর সফর করেন। তিনি আমাকে বেলুচ রেজিমেন্টের কর্নেল ফাতেমির কাছে নিয়ে যান। তিনি জিজ্ঞেস করেন, ‘সোয়াত জাহাজের মাল কি খালাস করা হয়েছে?’ আমি জবাব দিই, ‘না।’ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলও সেখানে উপস্থিত ছিলেন।
বেলুচ রেজিমেন্টে যাওয়ার পর অ্যাডজুটেন্ট জেনারেল বললেন, ‘মজুমদার, চলুন, অন্য ঘরে যাই। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে।’ আমার অনুপস্থিতিতে ফাতেমি ও জেনারেল হামিদ আধা ঘণ্টা কথা বললেন। সেখান থেকে আমরা নৌ সদর দপ্তরে যাই। জেনারেল হামিদ সেখানেও ২০-২৫ মিনিট কথা বলেন। এবারও আমার অগোচরে, যা তাঁরা আগেই পরিকল্পনা করে এসেছিলেন।
সেনাপ্রধানের গতিবিধি দেখে আমি বুঝতে পারলাম, তাঁরা ইয়াহিয়া খানের নির্দেশে বাঙালিদের ওপর হামলার জন্য গোপনে পরিকল্পনা করছেন।
সেনাপ্রধান চলে যাওয়ার পর আমি আওয়ামী লীগের নেতা এম আর সিদ্দিকীকে ফোন করি। এরপর তিনি আমার বাসায় আসেন। আমি তাঁকে সব জানিয়ে অনুরোধ করি, তিনি যেন শেখ মুজিব ও কর্নেল ওসমানীর সঙ্গে কথা বলেন। ‘আমাদের হাতে নষ্ট করার মতো সময় নেই...শিগগিরই কিছু ঘটবে...শেখ সাহেবকে বলুন, তিনি যেন আমাদের অনুমতি দেন। আমরা যদি সময় নষ্ট না করে এখনই অভিযানে নামি, তাহলে বিজয় অর্জন করা সহজ হবে।’
সিদ্দিকীর অনুরোধে আমি পুলিশের এসপিকে বলে তাঁর জন্য একটি গাড়ির ব্যবস্থা করি। চলবে
ইংরেজি থেকে অনূদিত
সূত্র: টরমেন্টিং সেভেন্টি ওয়ান: অ্যান অ্যাকাউন্ট অব পাকিস্তান আর্মি’স অ্যাট্রোসিটিজ ডিউরিং বাংলাদেশ লিবারেশন ওয়ার অব ১৯৭১, সম্পাদক: শাহরিয়ার কবির, ‘আই ওয়াজ পুট ইন আ গানি ব্যাগ অ্যান্ড কেপ্ট ইন দ্য স্কর্চিং সান’, ব্রিগেডিয়ার এম আর মজুমদার (অব.), নিমূর্ল কমিটি (কমিটি ফর রেজিস্টিং কিলারস অ্যান্ড কোলাবরেটরস অব বাংলাদেশ লিবারেশন ওয়ার অব ১৯৭১), ঢাকা, নভেম্বর ১৯৯৯।
ব্রিগেডিয়ার এম আর মজুমদার (অব.): সাবেক সেনা কর্মকর্তা (১৯২২– ২০১১)।