শিলং সংলাপে আশার ঝিলিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযোগিতা যদি লক্ষ্য হয়, তাহলে বলা যেতেই পারে, ‘সার্ক’ প্রায় পথভ্রষ্ট। সেই শূন্যস্থান ‘বিমসটেক’ পূর্ণ করতে পারবে কি না—এখনো বলার সময় আসেনি। আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগের প্রশ্নে ‘বিবিআইএন’ যে আশা জাগিয়েছিল, ভুটান তার চারধারে অনিশ্চয়তার একটা গণ্ডি কেটে রেখেছে। এই আশাহীনতার মাঝে সীমিত সম্ভাবনার একটা ঝিলিক দেখা গেল ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে। বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো কয়েকটি ক্ষেত্রে কীভাবে পারস্পরিক বন্ধনকে দৃঢ় করতে পারে, কীভাবে আরও কাছাকাছি উজ্জ্বল করে তুলতে পারে আঞ্চলিক অর্থনীতি ও দৈনন্দিন জীবন, সম্প্রতি শিলংয়ে দুদিন ধরে চলল সেই চর্চা।

সেই চর্চায় মেঘালয়ের নতুন তরুণ মুখ্যমন্ত্রী কনরাড সাংমা প্রবল উৎসাহে জানান, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্যের মুখমন্ত্রীকে এক জোট করে প্রতিবেশী রাষ্ট্রগুলো সফর করার একটা ভাবনা তাঁর রয়েছে। সেই সফরের লক্ষ্য হবে, এই অঞ্চলের কৃষি ও বাগানজাত পণ্য, পর্যটন এবং বাণিজ্যের বন্ধন দৃঢ় করে সার্বিক উন্নয়নের পথ প্রশস্ত করা।

এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এশিয়ান কনফ্লুয়েন্স আয়োজিত ‘শিলং ডায়লগ’ বা শিলং সংলাপে বস্তুত এই তিনটি ক্ষেত্র (কৃষি ও বাগানজাত পণ্য, যাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাগ্রি-হর্টি ভ্যালু চেইন, পর্যটন ও বাণিজ্য) প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। সম্মেলনের সর্বসম্মত সিদ্ধান্ত, এই তিন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বিস্তৃত হলে উপমহাদেশের এই অঞ্চলের আর্থিক ও বাণিজ্যিক মানচিত্র অন্যভাবে আঁকা হবে। বদলে যাবে জীবনযাত্রার মান।

পর্যটনশিল্পে এই বিস্তীর্ণ অঞ্চলের অপার সম্ভাবনার দিকটা বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার ও ভারতীয় বিশেষজ্ঞরা বড় করে তুলে ধরেছেন। পর্যটনের ক্ষেত্রে চিরায়ত ধ্যানধারণায় আটকে না থেকে সম্ভাবনার ব্যাপ্তিকে তাঁরা ছড়িয়ে দিতে চেয়েছেন। প্রকৃতিপ্রেমী যাঁরা, এই অঞ্চলের সৌন্দর্যের ঝাঁপি তাঁদের কাছে উন্মুক্ত। কিন্তু তার বাইরেও রয়েছে অন্যভাবে আকর্ষণের সম্ভাবনা। যেমন সম্মেলনের প্রস্তাব, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও উত্তর-পূর্বাঞ্চলকে ঘিরে এক ‘বৌদ্ধ সার্কিট’ গড়ে তোলার। পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী দিনে সেই সার্কিট থাইল্যান্ড ও শ্রীলঙ্কার বৌদ্ধধর্মাবলম্বীদের আকর্ষণ করবে।

কিংবা স্বাস্থ্য পর্যটন। বাংলাদেশ তো বটেই, নেপাল, ভুটান থেকেও ভারতে নিত্য বেড়ে চলেছে রোগীদের আনাগোনা। ‘ডিরেক্টর জেনারেল অব কমার্শিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্যাটিসটিকস’-এর হিসাবে ২০১৫-১৬ সালে প্রতিবেশী দেশগুলো থেকে ৪ লাখ ৬০ হাজার রোগী ভারতের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে ১ লাখ ৬৫ হাজার বাংলাদেশি। ওই বছর ৫৮ হাজার বাংলাদেশিকে মেডিকেল ভিসা দেওয়া হয়েছিল। সেই রোগীদের গন্তব্য ছিল মূলত ভারতের দক্ষিণ, উত্তর ও কলকাতার হাসপাতাল। গুয়াহাটি, শিলং ও আগরতলায় অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা গেলে সুচিকিৎসার খোঁজে থাকা বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বা নোয়াখালীর মানুষজনের সময়, অর্থ অপচয় কম হবে। ভারত ও মিয়ানমারের মধ্যে সম্প্রতি স্থল সীমান্ত পারাপারে চুক্তি হয়েছে। সব ধরনের পর্যটনের বিকাশে সেই চুক্তিও হয়ে উঠতে পারে বিপুল সহায়ক।

পর্যটনের পরিধি বাড়ানোর তৃতীয় দিক শিক্ষা। অর্থনৈতিক অগ্রগতির কারণে বহু বাংলাদেশি ছাত্রছাত্রী ভারতের বিভিন্ন প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় প্রতিবছর ভর্তি হচ্ছেন। শিলং ও গুয়াহাটিও এই ছাত্রছাত্রীদের আকর্ষণ করার একটা বড় ক্ষেত্র হয়ে উঠতে পারে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময়ই ছাত্রছাত্রীদের জন্য ভিসা নিয়ম শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়ে দেন, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্রছাত্রী ও তাঁদের বাবা-মাকে তিন বছরের জন্য ভিসা দেওয়া হবে। ভারতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৮০০-র বেশি। কলেজ প্রায় ৪ হাজার। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইংরেজি জানা দেশও ভারত। গত বছর বিদেশি ছাত্রছাত্রীদের জন্য ১৯ হাজার আসন নির্দিষ্ট করে রাখা হয়েছিল। সংখ্যা দিন দিন বাড়ছে।

চতুর্থ সম্ভাবনা সাপ্তাহান্তিক সফর বা উইক এন্ড ট্রিপ। বড় সফরের পাশাপাশি দু-তিন দিনের ছোট সফর, হোটেলের পরিবর্তে ‘হোম স্টে’, এই উপ-আঞ্চলিক ক্ষেত্রে পর্যটনশিল্পে বিপ্লব এনে দিতে পারে। শিলংয়ের দক্ষিণে সীমান্তঘেঁষা ডাউকির উল্টো দিকে বাংলাদেশের জাফলং। দুই দেশের পর্যটকদের কাছেই এলাকাটি জনপ্রিয়। দীর্ঘ সীমান্তবর্তী অঞ্চলে এই ধরনের পর্যটনের যে সম্ভাবনা রয়েছে, এখনো সেদিকে সেভাবে নজর দেওয়া হয়নি। সীমান্ত হাট আরও খোলা হচ্ছে। এই হাটগুলোকে শুধু পণ্য কেনাবেচার মধ্যে আবদ্ধ না রেখে পর্যটনের বিকাশে ভাবা যায় কি না, সেই প্রস্তাব উঠে আসে। ভারত সরকারের সাবেক পর্যটনসচিব এম পি বেজবরুয়া মনে করেন, যোগাযোগ বৃদ্ধি, অবকাঠামো নির্মাণ ও ভিসা নীতির সরলীকরণ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলকে ভূ-পর্যটনের নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের আবহাওয়া কৃষি ও বাগানজাত পণ্যকে দিয়েছে এক অভিনব বৈশিষ্ট্য। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাহাড় ও বাংলাদেশের সমতল একই শস্য বা ফল উৎপাদন করলেও স্বাদে-গন্ধে-চরিত্রে তা আলাদা। এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে ‘অ্যাগ্রি-হর্টি লুপ’ তৈরি করা যায় কি না, বিশেষজ্ঞরা তা বিবেচনা করেছেন। মিজোরাম, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে যে মানের কাঁচা মরিচ, হলুদ, জিরা বা আদা উৎপন্ন হয়, বাংলাদেশের সমতলে তা অমিল। আবার বাংলাদেশের সমতলে উৎপাদিত ডাল, সবজি ও অন্যান্য দানাশস্য উত্তর-পুবের পাহাড়ে মেলে না। ত্রিপুরা ও মেঘালয়ে আনারস, জামরুল কিংবা কাঁঠাল পর্যাপ্ত এবং অনন্য। ঘরের চাহিদা মিটিয়ে বাইরে পাঠানোর সম্ভাবনা রয়েছে বিস্তর। ভুটান উৎসুক সে দেশে উৎপাদিত কমলালেবু ও আলু ভারতে পাঠাতে, গুণমানে যা অনেক বেশি সমৃদ্ধ। ভারত সরকার জাতীয় বাঁশনীতি ঘোষণা করেছে। মেঘালয় ও আসামে বাঁশ নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। বাঁশ প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে এমন ধরনের আসবাব তৈরি হচ্ছে, যা কাঠ বলে ভ্রম হতে বাধ্য। শিলং বিমানবন্দরে তার নমুনা দৃশ্যমান। মেঘালয় ও ত্রিপুরায় রাবার উৎপন্ন হয় প্রচুর। সুষ্ঠু সরবরাহের ব্যবস্থা বা সাপ্লাই চেইন তৈরি করা গেলে এই উপ-আঞ্চলিক বাজার সমৃদ্ধ হতে পারে। প্রয়োজন রাষ্ট্রীয় শুল্ক-অশুল্ক নিষেধাজ্ঞার অবসানে নতুন উদ্যোগ এবং ‘নিষিদ্ধ তালিকা’র বহর কমানো। বাণিজ্যের বিকাশে ভৌগোলিক দিক থেকে দুটি ‘লুপ’ হতেই পারে। একটি বাংলাদেশ, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামকে নিয়ে, অন্যটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আসাম, নেপাল ও ভুটানকে নিয়ে।

পর্যটন ও অ্যাগ্রি-হর্টি লুপ তৈরির প্রাথমিক শর্ত হলো যোগাযোগব্যবস্থা বা ‘কানেকটিভিটি’। প্রস্তাব হয়, ইংরেজ শাসন শুরুর আগে এই অঞ্চলে ঐতিহ্যগতভাবে সাংস্কৃতিক ও বাণিজ্যিক যে যোগাযোগব্যবস্থা ছিল, সেগুলো আবার চালু করা। নেপালের সাংসদ সুরেন্দ্র পান্ডে জানান, সে দেশের সাতটি অঞ্চলের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের যোগাযোগ দ্বৈত সত্তা হিসেবে চিহ্নিত হতে পারে। একই রকম দ্বৈত সত্তা হতে পারে ঐতিহাসিকভাবে একসময় এক থাকা সিলেট ও শিলংও। চিহ্নিত এলাকাগুলোয় অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট দেশ ও রাজ্য সরকারদের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের আবশ্যকতার পাশাপাশি উঠে আসে অভিন্ন নদীপথগুলোর সংরক্ষণ, যা অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে জরুরি। সম্মেলনে অংশ নেওয়া ভারতের সাবেক রাষ্ট্রদূত মুচকুন্দ দুবে, রাজীব ভাটিয়া, অজিত কুমার ও রুডি ওয়ারজরির সর্বসম্মত অভিমত, বহুমুখী আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে অযথা দুশ্চিন্তা অর্থহীন। মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক ও সার্বিক যোগাযোগই এই উৎকণ্ঠা দূর করার পক্ষে যথেষ্ট সহায়ক।

এশিয়ান কনফ্লুয়েন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর সব্যসাচী দত্ত মনে করেন, সংহতির ক্ষেত্রে আঞ্চলিকতাবাদ অবশ্যই একটা বাধা। কিন্তু সম্ভাবনা তার চেয়ে অনেক বেশি। সেই অপার সম্ভাবনার কথা টেনে এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর সাগর প্রাসাই বলেন, সুসংহত সহযোগিতার ক্ষেত্র বিস্তারে দক্ষিণ এশিয়ার এই ভূখণ্ডে অর্থনৈতিক বাস্তবতা ও রাজনৈতিক ইচ্ছা দুই-ই বর্তমান। প্রয়োজন সুচিন্তিত পরিকল্পনা। সুখের কথা, রাজনৈতিক সেই সদিচ্ছার প্রমাণ ‘শিলং ডায়ালগ’ দেখাতে পেরেছে।

সৌম্য বন্দ্যোপাধ্যায় প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি