শিল্পের আলোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির হাটের বৈকালিক কোলাহল নতুন কিছু নয়। শিল্পী-কবি-সাহিত্যিকদের নিত্য হইচইয়ে মুখর থাকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের এ পাশটা। তবে ১০ নভেম্বর থেকে ‘ভারত-বাংলাদেশ যৌথ শিল্প কর্মশালা’ নামে ছবির হাটে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, তাতে যেন সাধারণ মানুষের অংশগ্রহণই বেশি। ছবির হাটে ঘুরতে আসা তরুণ-যুবা কিংবা বয়োজ্যেষ্ঠরা কৌতূহলভরা চোখে দেখছেন একদল শিল্পীর ব্যাপক কর্মকোলাহল। কেউ ছবি আঁকছেন, কেউ ভাস্কর্য গড়ছেন, কেউ নির্মাণ করছেন স্থাপনাশিল্প। ব্যাপার কী? খোলাসা করলেন এই কর্মশালার আয়োজকদের একজন বিপুল শাহ, ‘ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের আমন্ত্রণে আমরা ছবির হাটের আটজন শিল্পী এ বছরের জুলাই মাসে আগরতলায় এ রকম একটি যৌথ শিল্প কর্মশালায় অংশ নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় ছবির হাটের আমন্ত্রণে “ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের” আটজন শিল্পী এবার ঢাকায় এসেছেন এই যৌথ কর্মশালায় অংশ নিতে। তাঁদের সঙ্গে আছেন আমাদের দেশের ৩০ জন শিল্পী।’ ‘ডেটলাইন রামু’ শিরোনামের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে যখন শিল্পী বিপুল শাহ জানাচ্ছিলেন এসব তথ্য, তখন ‘ম্যাজিক চেয়ার’ ঘিরে তৈরি হয়েছে কৌতূহলী মানুষের জটলা। এই স্থাপনাশিল্পের নির্মাতা পুষ্পল দেব নিজেই কৌতূহল মেটাচ্ছেন দর্শনার্থীদের নানান প্রশ্নের জবাব দিয়ে। তাঁর কাছ থেকে জানা গেল, সৌরভ দেববর্মা, মৃন্ময় দেববর্মা, মনোজ সিনহা, রূমকী দত্ত, জয়শ্রী রায়, সুব্রত দে, রণব সাহা এবং তিনি নিজে এসেছেন ত্রিপুরা থেকে।‘আমি সত্যিই অভিভূত। শিল্পকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পেরেছেন ছবির হাটের এই শিল্পীরা। এটা সত্যিই এক বিরাট অর্জন, যেটা আমরা ত্রিপুরার শিল্পীরা আজও পারিনি।’ পুষ্পল দেবের মুখে এমন অনুভূতি শোনার পর গিয়ে দাঁড়াই বাংলাদেশের শিল্পী রবি খানের সামনে। তিনি তখন ব্যস্ত ‘আতঙ্কিত জীবন’ নামক তাঁর ভাস্কর্য নির্মাণকাজে। কাজ না থামিয়েই বলতে শুরু করলেন, ‘আমাদের উদ্দেশ্যটাই এ রকম যে সাধারণ মানুষ যেন শিল্পকর্ম সৃষ্টির পুরো প্রক্রিয়াটি সরাসরি প্রত্যক্ষ করতে পারে, তার ব্যবস্থা করা। সে উদ্দেশ্যেই আমরা ছবির হাটের উন্মুক্ত প্রাঙ্গণে এমন কর্মশালার আয়োজন করেছি। এতে করে শিল্পী ও দর্শনার্থী পরস্পর আলাপচারিতা, আড্ডা ও ভাববিনিময়ের সুযোগ পাচ্ছেন।’রবি খানের কথার সত্যতা মিলল দুই কদম সামনে এগোতেই। ‘ওয়েটিং ফর নেক্সট স্টেশন’ নাম দিয়ে এক চমৎকার স্থাপনাশিল্প গড়েছেন শিল্পী রাশেদুল হুদা। তাঁর এই স্থাপনাশিল্পের মূল বক্তব্য কী, তা-ই সবিস্তারে বয়ান করছেন জিজ্ঞাসু দর্শনার্থীদের উদ্দেশে।ওদিকে শিল্পী অনাদী কুমার বৈরাগীর ‘পরিত্যক্ত জীবনচক্রের নিষ্ঠুর বয়ান’ ঘিরে তৈরি হয়েছে একদল তরুণের আলোচনা চক্র। শুকনো পাতার স্তূপ, ছেঁড়া কাগজ, মরা ফুলের গুচ্ছ, রংবেরঙের পুতুল ও জ্বলন্ত অগ্নিশিখা দিয়ে শিল্পী কী বক্তব্য উপস্থাপন করতে চেয়েছেন, তারই চুলচেরা বিশ্লেষণ চলছে এই আলোচনা চক্রে।এই চক্রকে পাশ কাটিয়ে আর একটু সামনে যাই। শক্ত কাঁটা তার দিয়ে তৈরি মানুষের মাথার আদলে এক খাঁচা। তার ভেতরে চুপচাপ বসে এক লাল রঙের পাখি। ভাস্কর্যটির সামনে অনুরূপ চুপচাপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন মেহেদী হাসান তালুকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ‘দেখেছেন, ভাস্কর্যটা কেমন আমাদের জীবনের কথা বলছে! আমাদের শুভ বোধগুলো দিন দিন যেন ওই খাঁচাবন্দী পাখি হয়ে যাচ্ছে!!’মাথা নিচু করে সামনে পা বাড়াই। মেহেদী হাসানও আমার সঙ্গ নেন। ‘ওই ভাস্কর্যটা দেখেছেন, কী অসাধারণ একটা কাজ!’ মেহেদীর অঙ্গুলি নির্দেশ অনুসরণ করে ডান পাশে তাকাই। সত্যিই একটা অসাধারণ শিল্পকর্ম সেটা। ‘আবেগ, ভালোবাসা অতঃপর মৃত্যু’ শীর্ষক এই ভাস্কর্যের প্রধান অংশজুড়ে আছে সিগারেটের শলাকা।সময় বাড়ে। বাড়ন্ত সময়ের হাত ধরে ধেয়ে আসে বিদায়ী কার্তিকের হিমেল বাতাস। সে বাতাস একটুও দমাতে পারে না এই ছবির হাটের দর্শক সমাগমকে। মা-বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছে ছোট্ট মালিহা। পরিত্যক্ত কাগজ, বেলুন আর পলিব্যাগ দিয়ে তৈরি বিশাল এক হাওয়াই মিঠাইয়ের সামনে দাঁড়িয়ে বিস্ময়কর প্রশ্ন তার, ‘এত্তবড় হাওয়াই মিঠাই কে খাবে, বাবা?’ অসাধারণ এসব শিল্পকর্মের কর্মশালা ও প্রদর্শনী শেষ হচ্ছে আজ ১৬ নভেম্বর। তবে ভবিষ্যতেও এই আয়োজনের ধারাবাহিকতা রক্ষিত হবে বলে আশা প্রকাশ করলেন ছবির হাটের শিল্পীরা। এমন যৌথ শিল্পচর্চার মধ্য দিয়ে দুই দেশের জনগণের সংস্কৃতি ও মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও মনে করে এই শিল্পী দল।মারুফ ইসলাম