শিল্পের নীরব প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। শাহবাগ থেকে চারুকলার মূল সড়ক দিয়ে ছবির হাটে এসে পৌঁছালে নিয়ন আলোয় উদ্ভাসিত গোটা এলাকা। সেই আলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে আগত প্রতিটি মানুষকে। প্রদর্শিত শিল্পকর্মের প্রতিটির ওপর জ্বলছে একটি করে বাতি। আর সেই শিল্পকর্মের ওপর স্থির হয়ে আছে জমায়েত হওয়া মানুষের চোখ। তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে প্রতিটি শিল্পকর্ম। বোঝার চেষ্টা করছে কী আছে এই শিল্পের অন্তরালে। আর এই প্রদর্শনীটি হলো ছবির হাটে। নামটাও চমৎকার ‘স্পনটিনিয়াস আর্ট প্রসেস’। একটি প্রচেষ্টা কীভাবে ধীরে ধীরে শিল্প হয়ে ওঠে, তারই মূর্ত প্রকাশ এখানে। প্রতিটি শিল্পকর্মই খোলা আকাশের নিচে বসে রূপ দিয়েছেন একজন শিল্পী। এবারের এই প্রদর্শনী ছবির হাটের হাটুরেদের একটি ভিন্নধর্মী প্রয়াস। প্রদর্শনী চলে গত ২৭ ও ২৮ অক্টোবর বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত। এর আগে ছিল পাঁচ দিনের কর্মশালা। শেষ দুই দিন চলে প্রদর্শনী। মোট ১৪টি বিষয়ের ওপর এই প্রদর্শনীতে অধিকাংশ শিল্পেই ফুটে উঠেছে সমসাময়িক সংকটগুলো।উঁচু একটি বেদিতে মাটির হরেক রকম সামগ্রী। কেউ বানিয়েছেন একতারা, কেউ ঘড়ি, মাটির তৈজসপত্র, মানুষের মুখ, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতিসহ আরও কত কী। আর এসব তৈরি করেছে একেবারেই সাধারণ মানুষ। যাঁরা প্রদর্শনী ঘুরে দেখতে এসেছেন, তাঁদের একজন শিল্পী বিপুল শাহ বলেন, ‘প্রতিটি মানুষের মধ্যে শিল্পীসত্তা লুকিয়ে আছে। কাদামাটির দলা দিয়ে তৈরি এই শিল্পকর্মগুলো দেখলেই তা বোঝা যায়। আমার চেষ্টাটি ছিল তেমনই। এখানে যাঁরা অংশগ্রহণ করছেন, তাঁরা সবাই সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষ তাঁর শিল্পের মাঝেই ফুটিয়ে তুলেছেন জীবনঘনিষ্ঠ অনেক কিছু।’ একজন আইনজীবী সৃষ্টি করলেন সুপারি কাটার সরতা আর বাদ্যযন্ত্র হিসেবে একতারা। গান আর পান নাকি একসঙ্গে চলে—এমন ভাবনারই প্রকাশ এই শিল্পে। ছোট নৈরিত আর মনস্মিতা দুই ভাইবোন মাটি পেয়েই খুশি; নেমে পড়েছে কাদামাটি দিয়ে খেলতে। যা খুশি তা-ই বানাচ্ছে। মা বহ্নি বেপারী বলেন, ‘নাগরিক জীবনে কাদামাটি মেলাই দুষ্কর। অথচ আমাদের ছেলেবেলা কেটেছে কাদামাটি দিয়ে খেলে। কিছু সময়ের জন্য হলেও ওরা হয়তো মনের মতো কিছু বানাতে পারবে।’হঠাৎ করেই ব্যাঙের ডাক। রহস্যটা পরিষ্কার হয় ছোট কুয়োর কাছে যেতেই। প্রতীকী আদলে তৈরি এই ব্যাঙ জানাচ্ছে আকুতি। নাগরিক জীবনের ছোট পরিসরকে অবজ্ঞা করেন অনেকেই। আর ব্যাঙের ডাক যেন তারই বহিঃপ্রকাশ। নামটাও দারুণ দিয়েছেন শিল্পী কামরুজ্জামান স্বাধীন—‘কুয়োর ব্যাঙ’। একই শিল্পীর অন্য শিল্পকর্মটি নাড়া দেবে অনেকেই। একটা লাল রঙের মানুষ, যার দুই হাতে তলোয়ার। লড়াকু সৈনিক সে। সবাই তার কাছে মাথা নত করে আছে, যাদের সবার ঠাঁই হয়েছে আস্তাকুঁড়ে। যেন বিশ্বে একজনের আধিপত্য, আর সবাই তা সহ্য করে চলেছে।প্রদর্শনীর দোরগোড়ায় চোখে পড়ে কতগুলো মানুষের কাটা মাথা। কায়াহীন মাথাগুলো আমাদের মনে করিয়ে দেয় বর্বরতার কথা। প্রতিটি মাথা আবার কালো কাপড়ে বাঁধা। এই কালো কাপড়ই যেন শোক আর প্রতিবাদের প্রতীক। এই প্রতিবাদ কিসের, তা তো সবারই জানা। দূরদেশে বাঙালিদের শিরশ্ছেদে নিন্দার কথা সেখানে লেখা হয়েছে বড় বড় হরফে। শিল্পী আনিসুজ্জামান সোহেল বলেন, সমসাময়িক বর্বরতা যে মাত্রা ছাড়িয়ে গেছে, তা প্রকাশ করার চেষ্টা করেছি।মানুষের চাওয়ার কি শেষ আছে। প্রদর্শনীতে শিল্পী রবি খান ‘আকুলতা’ শিরোনামে তৈরি করেছেন অসংখ্য হাত। প্রতিটি হাতের চাওয়া যেন ভিন্ন। যেমন প্রতিটি মানুষের চাওয়ার যেন কোনো শেষ নেই। একই ভাবনার প্রতিফলন লক্ষ করা যায় শিল্পী আবদুল গাফফার বাবুর শিল্পকর্মের অন্তরালে। নামটাও চমৎকার—‘আকাঙ্ক্ষা’। মানুষের চাওয়াগুলো পূর্ণতা পায় ধাপে ধাপে। একবারে মেলে না সবকিছু। ধাপে ধাপে সিঁড়ি বেয়েই পৌঁছাতে হয় শীর্ষে। কেননা স্বপ্নের বাসা তো চূড়ায়। আর সে কারণেই মানুষের যাপিত জীবন কখনোই অবিচ্ছিন্ন আনন্দময় নয়। ‘সম্পর্ক’। হ্যাঁ, শিরোনামটা সম্পর্ক। একজনের সঙ্গে আরেকজনের মানুষের সম্পর্ক তো খুবই স্বাভাবিক। তবে সময়টাই যেন বড় বেরহম। সম্পর্কগুলো আজ আটকে গেছে কেবল লাভ-ক্ষতির হিসাবে। ঢাকা পড়েছে মুখোশের আড়ালে। শিল্পের মাধ্যমে এ কথাটাই বলতে চেয়েছেন শিল্পী রাশেদুল হুদা।গাছের ডালে মানুষ ঝুলছে। তবে তা জীবন্ত কোনো মানুষ নয়। কাগজের মানুষ। আর এই কাগজের মানুষগুলোই বলছে জীবন্ত মানুষের কথা। আর যাদের ওপর থাকার কথা, তারা আছে গাছের তলানিতে। যা আমাদের রাষ্ট্রে হরহামেশাই ঘটছে। দিনমান খেটে অন্নের সংস্থান করতে গলদঘর্ম হতে হয় সাধারণ মানুষগুলোকে। তাই ‘রাষ্ট্রবৃক্ষ’ নামটি। মানুষের সামনে নাকি সব সময় আশার মুলা ঝোলানো থাকে। তবে এই আশা বা প্রতিশ্রুতি পূরণ হয় কি না, তা বলতে পারবেন ভুক্তভোগীরাই। আর যাঁরা আশা দেন, তাঁরা ভুলেই যান তা পূরণের কথা। এই মনোবেদনাই শিল্পের আদলে দেখিয়েছেন শিল্পী হাসানুর রহমান। এমন অসংখ্য বিষয় উঠে এসেছিল ব্যতিক্রমী এই প্রদর্শনীতে। শিল্পের ভাষায় এক নীরব প্রতিবাদ। কখনো আবার ঝরেছে আক্ষেপের সুর, যা কিছু সময়ের জন্য হলেও ভাবনার খোরাক জুগিয়েছে দর্শকদের। প্রকৃতপক্ষে কোথায় আছি আমরা আর কোন সময়ে আমাদের বসবাস।শারমিন নাহার