শিল্পের সংসারের এক মহাবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক

‘মানুষকে মানুষের মুখ চিনতে হলে
অন্য কোনো আলোকের দরকার হয়’

আমরা শিল্পের সংসারের মানুষেরা যাঁর আলোকে নিজের মুখ দেখতে পেরেছি, সেই বহু–প্রভা সাহিত্য সৃজনের পুরোধা সৈয়দ শামসুল হক আমাদের ছেড়ে অমৃতলোকে চলে গেছেন। আমাদের জন্য রেখে গেছেন সাহিত্যের বিপুল সম্ভার। সূচনা করলাম সৈয়দ হকেরই এখানে এখন কাব্যনাটকের দুটি সংলাপ দিয়ে। রবীন্দ্র-উত্তর বাংলা সাহিত্য সৃজনে সৈয়দ শামসুল হক অন্যতম প্রধান ঋত্বিক। তাঁর সোনার কলম থেকে অনবরত নিসৃত হয়েছে অনন্য কবিতা, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, সামাজিক ভাষ্য ও সংগীত। নাটকের জগতে তিনি প্রবেশ করেছেন সবশেষে। তিনি সব সময় বলতেন, আমার সৃজনের সংসারের সর্বকনিষ্ঠ সদস্য হলো মঞ্চনাটক। তিনি হয়ে উঠলেন আমাদের সেরা নাট্যকার।

সফোক্লিস, এস্কিলাস, শেক্‌সপিয়ার ও রবীন্দ্রনাথের পথ ধরে কাব্যভাষাকেই তিনি তাঁর নাট্যভাষা হিসেবে বেছে নিলেন। তাঁর নাট্যসংলাপের অসাধারণ রূপালংকার, উপমা ও রূপকের ব্যবহার তাঁর নাট্যসংলাপকে অনন্য করে তুলেছে। তাঁর নাটকের সংলাপ শুনে আমরা আমোদিত ও আলোকিত এবং বিপুলভাবে আলোড়িত হই। তাঁর নাটকের বিষয়বস্তু আমাদের যেমন ভাবায়, তাঁর নাট্যসংলাপের গূঢ়-গাঢ় আবরণের অন্তরালে আসল সত্যটি আবিষ্কারে আমরা দর্শক হিসেবে উদ্বুদ্ধ হই। আমি এই মহান সাহিত্যস্রষ্টার অনুজপ্রতিম বন্ধু ও তাঁর সর্বাধিক নাটকের নির্দেশক—এ কথা বলার সাহস সঞ্চয় করেছি। তাঁর সর্বশেষ শেক্‌সপিয়ারের হ্যামলেট নাটকের অনুবাদ সামনে নিয়ে আমি শুষ্ক ও শূন্য দৃষ্টি নিয়ে বসে আছি। নাটকটি প্রযোজনা করবে বাংলাদেশ শিল্পকলা একাডে​িম এবং নির্দেশক হিসেবে আমিই মনোনীত হয়েছি।

কাব্য মানুষের ভাব বিনিময়ের আদি ভাষা এবং কাব্যে বহু কথা সংক্ষেপে বলা যায়, যা গদ্য ভাষায় বলতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠা খরচ করতে হয়। তাঁর কাব্যনাটকগুলোর মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায়, নূরলদীনের সারাজীবন, এখানে এখন, গণনায়ক এবং ঈর্ষা সমধিক প্রসিদ্ধ। ঈর্ষা নাটকের মঞ্চ সাফল্যের ব্যাপারে নাট্যকার নিজে এবং আমি নির্দেশক হিসেবে সন্দিহান ছিলাম। প্রায় ২০ মিনিটের দীর্ঘ সাতটি সংলাপের এই নাটক নিয়ে দুরুদুরু বক্ষে নাট্যকার ও নির্দেশক অপেক্ষা করছিলাম। নাটকটি বাংলাদেশের মঞ্চ জয় তো করলই; কলকাতায় প্রজ্ঞাবান ও সাধারণ দর্শকেরা নাটকটির প্রযোজনা দেখে মাথা অবনত করল। বাংলা থিয়েটারের প্রবাদপুরুষ
শ্রী শম্ভু মিত্র নাটকটি দেখে সৈয়দ হককে বলেছিলেন, আপনার মাথায় কি শেক্‌সপিয়ার ও রবীন্দ্রনাথের ছন্দের জোড় একসঙ্গে খেলা করে?

পায়ের আওয়াজ পাওয়া যায় ও নূরুলদীনের সারাজীবন থিয়েটার এবং নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় এর আগে দেশ-বিদেশে বিপুলভাবে প্রশংসিত হয়েছে। তার গণনায়ক নাটক শেক্‌সপিয়ারের জুলিয়াস সিজার অবলম্বনে রচিত। এই নাটকটি এবং তাঁর আরেকটি কাব্যনাটক এখানে এখন আরও মনোযোগের প্রত্যাশা রাখে, কারণ নাটক দুটি উৎকৃষ্ট। আশা করি, নতুন প্রজন্মের নাট্যজনেরা এ দুটি নাটক নিয়ে নতুন করে ভাববেন। প্রসঙ্গত উল্লেখ্য, ‘নাট্যজন’ অভিধা সৈয়দ হকই প্রথম ব্যবহার করেন। আমরা বলতাম নাট্যকর্মী। নাট্যজন বললে নাটকের সব ক্ষেত্রে কর্মরত ব্যক্তিকে বোঝায়।

সৈয়দ শামসুল হকের গদ্য ভাষায় নাটকগুলোর ব্যাপারেও বর্তমানের নাট্যজনদের আরও মনোযোগ দাবি করে। শেক্‌সপিয়ারের নাটক অনুবাদে সৈয়দ শামসুল হক ছিলেন সিদ্ধহস্ত। তিনি নিজে একজন বড় কবি বলেই এটা সম্ভব হয়েছে। এই উপমহাদেশের প্রবাদপ্রতিম অভিনেতা, নির্দেশক ও নাট্যকার উৎপল দত্ত মনে করতেন, সৈয়দ শামসুল হকের শেক্‌সপিয়ারের সমতুল্য অনুবাদ পৃথিবীর নাট্যসাহিত্যে বিরল। প্রাচ্য ও পাশ্চাত্যের শব্দের দ্যোতনা একীভূত করে ফেলতে পারে কেবল অনন্য একজন প্রতিভাবান লেখক, নাট্যকার ও কবি। হক ভাই ছিলেন তা–ই।

হক ভাই শেক্‌সপিয়ারের হ্যামলেট অনুবাদ করেছেন লন্ডনের রয়েল মার্সডেন ক্যানসার হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে। কখনো আমাদের ভাবি বিখ্যাত লেখিকা আনোয়ারা সৈয়দ হক ডিকটেশন নিয়েছেন। তাঁর হ্যামলেট অনূদিত নাটকে জাতির জনক বঙ্গবন্ধুর কথা মনে রেখে নৃশংস পিতৃহত্যার প্রতিশোধের ব্যাপারটিকে তিনি প্রাধান্য দিয়েছেন। আমরা তাঁর অভিপ্রায় সামনে রেখে প্রযোজনাটিকে গাঁথার চেষ্টা করব। উনি যেন মহাভারতের যুধিষ্ঠিরের মনস্কতা ও স্থিতি আর অর্জুনের বীরত্বকে একসঙ্গে যুক্ত করতে পেরেছিলেন। তাঁর দিন শেষ হয়ে আসছে জেনেও তিনি লিখে গেছেন একের পর এক কবিতা এবং আরও তিনটি নাটকের খসড়া তাঁর করোটিতে (সৈয়দ হকের প্রিয় শব্দ) ধারণ করে রচনায় হাত দিতে চেয়েছিলেন। এমন মানুষের ক্ষেত্রেই বলা যেতে পারে যে তিনি ইস্পাতের স্নায়ু নিয়ে জন্মগ্রহণ করেছিলেন।

তাঁর কবিতার কথা বলা বাহুল্য মাত্র। তাঁর ‘আমার পরিচয়’-এর মতো কবিতা বাংলা সাহিত্যে বিরল। তিনি যে কটি সংগীত রচনা করেছেন, সেগুলোও তুলনাহীন। উপন্যাস ও ছোটগল্প রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাঁর খেলারাম খেলে যা-এর মতো এমন জনপ্রিয় উপন্যাসের সাক্ষাৎ আমরা আজও পাইনি। তাঁর ‘হৃৎকলমের টানে’ শিরোনামের সামাজিক ভাষ্য ও প্রবন্ধ সংকলন আমাদের দেশের সব মানুষের জন্য সোনার খনি হয়ে থাকবে।

সৈয়দ শামসুল হক মৃত্যুকে পরাজিত করেছেন। শেক্‌সপিয়ার বেঁচে আছেন সাড়ে চার শ বছর ধরে, রবীন্দ্রনাথ দেড় শ বছরের প্রান্তেও জ্বলজ্বল করছেন। আমাদের সৈয়দ হক, তিনি কেবল বাংলাদেশের গৌরব নন, বিশ্বেরও গৌরব। তাঁর সৃজিত সাহিত্যসম্ভার অনিঃশেষ হয়ে বেঁচে থাকবে। এমন দেশ, মানব, চরাচর প্রেমিক মানুষের জয়যাত্রা চিরকাল অব্যাহত থাকে। তিনি ছিলেন বন্ধুবৎসল, মানববৎসল, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মূল্যবোধের ধারক এবং এক নির্ভীক অগ্রপথিক। দেশ ছিল তাঁর প্রথম ও শেষ কথা। আমাদের শিল্প-সাহিত্যের ক্ষেত্রে সৈয়দ শামসুল হক জীবনের ধ্রুবতারা হয়ে যুগ-যুগান্তর বেঁচে থাকবেন। জয়তু সৈয়দ শামসুল হক। তাঁর সান্নিধ্য, বন্ধুত্ব আমাকে গরীয়ান ও ধন্য করেছে। তাঁর জন্য এক সাগর চোখের জল ফেললেও যথেষ্ট হবে না।

আতাউর রহমান: অভিনেতা, নাট্যনির্দেশক ও লেখক।