
অতি ভালো নয়, নিম্ন-মাঝারি একটি ভালো দেশের সংজ্ঞা কী? ধনী দেশ ও আন্তর্জাতিক লগ্নি প্রতিষ্ঠান থেকে সুদে ঋণ নিয়ে অজস্র প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন, উঁচু ইমারত নির্মাণ, দুনিয়ার দামি দামি মোটরগাড়ি কিনে রাস্তাঘাট সয়লাব করা, রঙিন মরিচবাতি জ্বালিয়ে রাস্তাঘাট, দালানকোঠা, গাছপালা আলোকিত করা—খুবই প্রশংসার ব্যাপার বটে, কিন্তু সেগুলোই একটি ভালো দেশের বৈশিষ্ট্য নয়। অন্যদিকে মন্দ দেশ ও নষ্ট সমাজের লক্ষণ ও সংজ্ঞা কী? অন্য সব দোষের কথা বাদ দিলেও শুধু একটি কারণে কোনো দেশ একটি মন্দ দেশ হিসেবে গণ্য হতে পারে, যদি সেখানে নারী, বিশেষ করে কন্যাশিশু, কিশোরী, যুবতীদের জীবন অনিরাপদ হয়। এবং সেখানে দুর্বল ও নিরপরাধ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। যদি সেখানে আদিম বর্বরতার পরেও অপরাধী প্রভাবশালী হলে তার সাত খুন মাফ হয়ে যায়। কোনো দেশ সুপারসনিক গতিতে এগিয়ে গেলেও সাধারণ মানুষের কিছুই আসে-যায় না এবং তাদের গর্ব করার মতো কোনো কারণই থাকে না, যদি সেখানে প্রতি প্রহরে একজন কন্যাশিশু ও নারী যৌন নির্যাতনে ক্ষতবিক্ষত হয়।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সূত্র উল্লেখ করে পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়েছে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বাংলাদেশে ৩২৫টি শিশু ধর্ষিত হয়েছে। শুধু ধর্ষণ নয়, গণধর্ষণের পর হত্যা করা হয়েছে অনেক শিশুকে, কেউ অসুস্থ হয়ে মারা গেছে, কেউবা করেছে লজ্জায় আত্মহত্যা। ৩২৫-এর মধ্যে ৩১ জন ছিল শারীরিক-মানসিক প্রতিবন্ধী। পাঁচজন ধর্ষিত হয়েছে তাদের কর্মস্থলে কোনো কারখানা অথবা বাসাবাড়িতে। এর বাইরে ৫৪ জন ধর্ষণের উদ্দেশ্যে লম্পটদের দ্বারা আক্রান্ত হয়েছে, কিন্তু চিৎকার করে কোনোরকমে রেহাই পেয়েছে। এই প্রতিবেদন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি। প্রত্যন্ত এলাকার কথা পত্রপত্রিকায় আসে না। সে রকম ঘটনা যে কত, তা কেউ জানে না।
শুধু এই ৯ মাসেই এ রকম ঘটেনি। গত কয়েক বছর যাবৎই কন্যাশিশু ও কিশোরী-যুবতীদের ওপর মহামারির আকারে যৌন নির্যাতন হচ্ছে। ২০১৫ সালে বাংলাদেশে শিশু ধর্ষিত হয়েছিল ৫২১, তার মধ্যে ৯৯টি হয়েছিল গণধর্ষণের ঘটনা। গত বছর ৩০টি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। চারজন ধর্ষিত হয়ে লজ্জায়-অপমানে আত্মহত্যা করে। ২০১৪ সালে যৌন নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করে ২৩ জন।
খবর নিয়ে জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে যৌন নির্যাতনের শিকার শিশু-কিশোরী রোগীর সংখ্যা অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি। অধিকাংশ ক্ষেত্রে দুর্বল শ্রেণির মেয়েরা ধর্ষণের শিকার হয় বলে মামলা-মোকদ্দমা হয় না এবং যদি-বা হয়, শেষ পর্যন্ত সে মামলা নিষ্পত্তি হয় না নানা কারণে। সুতরাং অপরাধী শাস্তি পায় খুব কম ক্ষেত্রে; বরং নির্যাতিতের পরিবার নানাভাবে হুমকি ও হয়রানির শিকার হয়।
মানুষ অপরাধপ্রবণ প্রাণী। সে যৌন অপরাধে অভ্যস্ত আদিম কাল থেকেই। সে যখন সভ্য থেকে সভ্যতর হয়েছে, যৌন নির্যাতন ঘৃণ্যতম সামাজিক অপরাধ হিসেবে গণ্য হয়েছে। যৌন অপরাধ সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ। শিশুর ওপর যৌন নিপীড়ন ক্ষমাহীন অপরাধ।
কোনো কোনো শিশুর ধর্ষণের বীভৎস ঘটনা টেলিভিশন চ্যানেলে প্রচার পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের বিচারের আওতায় নিয়ে থাকে। অধিকাংশ শিশু ধর্ষণের ঘটনায় এমনকি ধর্ষণের পরে হত্যার পরও অপরাধীদের কিছুই হয় না। এবং তা না হওয়ার ফলেই এই বর্বরতা ক্রমাগত বেড়ে চলেছে। কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় মোড়ল-মাতবরেরা বিষয়টি মিটমাট করে দেন এমনভাবে যেন ধর্ষণের অপরাধ আর কারও গাছের আম বা লিচু চুরির অপরাধ—মোটের ওপর সমান। ১০-২০ হাজার টাকা জরিমানা দিয়ে অনেক ধর্ষক রেহাই পায়। খবরের কাগজে দেখি কোথাও ধর্ষককে কয়েক ঘা জুতাপেটাই শাস্তি, রাষ্ট্রের আইনের আওতায় আনার প্রয়োজন বোধ করেন না সমাজপতিরা। সেটা স্রেফ প্রতারণা। আমাদের রাষ্ট্রযন্ত্র কথিত সশস্ত্র জঙ্গিদের নির্মূলে যত তৎপর তার হাজার ভাগের এক ভাগ তৎপরতা নেই নিরস্ত্র ধর্ষক ও লম্পটদের পাকড়াও করায়। লম্পটদের ধরে সাজা দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি না থাকায় ধর্ষকদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদাসীন। শুধু তাঁরাই নন, স্থানীয় সরকার প্রতিনিধি, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদেরও গরজ নেই। ফলে কন্যাশিশু ও নারীর ওপর যৌন নির্যাতনের মাত্রা বাড়ছেই।
ইসলামের নামে ধর্মীয় জঙ্গিবাদ বৈশ্বিক বিপদ। কোনো কোনো দেশ সেই জঙ্গিবাদী তৎপরতায় রক্তে ভাসছে। বাংলাদেশের সমাজে ইসলামিক স্টেট বা আইএসের জন্মের আগে থেকেই ধর্মীয় মৌলবাদ যথেষ্ট। তার পরেও পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশ শান্তিপূর্ণ—উগ্রবাদীদের দ্বারা বেশ কিছু প্রাণহানি ঘটা সত্ত্বেও। বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের চাপে রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রশংসিত হয়েছে। কিন্তু রক্তপাত ও বর্বরোচিত অপরাধ যে কারণে, যাদের দ্বারাই ঘটুক না কেন, তা ঘৃণার্হ ও নিন্দনীয়।
যে দেশে ২১ মাসে ৮৪৬ শিশু ধর্ষিত ও গণধর্ষিত হয়েছে, প্রায় ৫০টি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, জনা বিশেক গ্লানি সইতে না পেরে আত্মহত্যা করেছে, তা জঙ্গি বর্বরতার চেয়ে কম কী? জঙ্গিবাদ দমন করে সরকার প্রশংসিত হবে আর কন্যাশিশু ধর্ষণ–হত্যার ঘটনায় সরকারের তৎপরতা থাকবে যৎসামান্য—তাতে তো পৃথিবীর মানুষ ধিক্কার জানাবে।
কী কী কারণে শিশুদের ওপর যৌন নিপীড়ন বেড়ে গেছে, তা গভীর গবেষণার বিষয়। সেটা একাডেমিক ও পেশাগত বিশেষজ্ঞদের কাজ। কিন্তু যৌন অপরাধ প্রতিরোধের কাজটি সংশ্লিষ্ট ব্যক্তিদের। অপরাধ ঘটার পরে অপরাধীকে শাস্তি দেওয়া একটি কাজ, আর অপরাধ ঘটতে না দেওয়া, সমাজকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখা আর একটি কাজ। কিছু কিছু বিষয় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাড়ে চাপিয়ে দিয়ে সমাজ নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। অন্যান্য দেশের মতো আমাদের দেশে ‘স্থানীয় সরকার’ বলে একটি জিনিস রয়েছে। সেই স্থানীয় সরকারের—ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বা জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের সুযোগ-সুবিধা, মানমর্যাদা ক্রমাগত বাড়ানোর ব্যাপারে গোলটেবিল আর সভা-সমাবেশের কমতি নেই। তাঁরা যত বেশি রাস্তাঘাট, কালভার্ট প্রভৃতি বানানো বা মেরামতের নামে অর্থ ও গম বরাদ্দ পান, তাতে কারও আপত্তি নেই। কিন্তু তাঁদের সাংবিধানিক কর্তব্য ও নৈতিক দায়িত্বটা কী, তা তাঁরা ভেবে দেখছেন কি?
ষাটের দশকের শুরুর দিকের একটি ঘটনা আমার প্রায়ই মনে পড়ে, যখন বখাটে লম্পটদের মেয়েদের উত্ত্যক্ত করার কোনো ঘটনার কথা শুনি। তখন খুব কম মেয়ে গ্রামের দিকে স্কুলে যেত। বালিকা বিদ্যালয়ও ছিল খুব কম। মেয়েদের পড়তে হলে ছেলেদের সঙ্গেই পড়তে হতো। রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের একজন অধিনায়ক ক্যাপ্টেন (অব.) আবদুল হালিম চৌধুরীর সঙ্গে আমি এক গ্রামের পথ দিয়ে কোথাও যাচ্ছিলাম। এক স্কুলের সামনে দেখি কিছু লোক জড়ো হয়ে কিছু একটা দেখছে। আমরাও দাঁড়ালাম। এক লোক এক মালবাহী ঘোড়া নিয়ে ওই পথে যাচ্ছিলেন। স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান ঘোড়াঅলার কাছ থেকে চাবুকটা চেয়ে নিলেন। মুহূর্ত দেরি না করে এক ছোকরাকে চাপকাতে লাগলেন। শুনলাম ওই বখাটে ছেলেটি স্কুলে যাওয়া-আসার পথে দু-তিনটি মেয়েকে উত্ত্যক্ত করত। মেয়েদের অভিভাবকেরা চেয়ারম্যানের কাছে অভিযোগ করায় হাতেনাতে ধরে স্কুলে নিয়ে গিয়ে সব ছেলেমেয়ে ও শিক্ষকের সামনে শাস্তি দেন চেয়ারম্যান। এ ধরনের তাৎক্ষণিক প্রকাশ্য শাস্তি সামাজিক অনেক অপরাধ দমনে সহায়ক। আজকাল কোথাও মোবাইল কোর্ট বখাটে লম্পটদের জেল-জরিমানা করছেন বটে, কিন্তু তাতে পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
অনেক রকম নির্যাতনের মধ্যে বিশেষভাবে দুই রকমের নির্যাতনের শিকার আজ বাংলাদেশের মেয়েরা। সমাজের নিচের দিকে শ্রমজীবী দরিদ্র মানুষের মেয়েশিশুরা হচ্ছে ধর্ষণ-গণধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের স্কুল-কলেজ-মাদ্রাসাগামী মেয়েরা আক্রান্ত হচ্ছে বখাটে-লম্পটদের দ্বারা রাস্তাঘাটে। হাজার হাজার মেয়ে আজ দেশের বিভিন্ন স্থানে লম্পটদের কারণে পড়ালেখা বন্ধ করে ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছে। এ যে কত বড় জাতীয় ক্ষতি, তা আমাদের সমাজপতিরা উপলব্ধি করার প্রয়োজন বোধ করছেন না। মোবাইল ফোন মেয়েদের বিরুদ্ধে একটি মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
নারী ও শিশু নির্যাতনের কঠিন শাস্তির বিধান আমাদের রাষ্ট্রে রয়েছে। সেই বিধানে খুব কম ক্ষেত্রেই অপরাধী এ পর্যন্ত শাস্তি ভোগ করেছে। ধর্ষণ-গণধর্ষণ-হত্যা ঘটার পরে অপরাধীর সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন করে লাভ নেই। যৌন বর্বরতার শিকার যাতে শিশু ও নারী না হয়, সেই ব্যবস্থাটাই আগে দরকার। সব দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিরা দায়মুক্ত থাকতে পারেন না। শিশুর ওপর সহিংসতা ও যৌন অপরাধ প্রতিরোধের জন্য প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার মেয়র-কমিশনার, উপজেলার নির্বাচিত প্রতিনিধিদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেহেতু তাঁরা জনগণের নির্বাচিত প্রতিনিধি, সে জন্য স্থানীয় নাগরিক সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যেমন স্কুল-কলেজের শিক্ষক, চিকিৎসক, সাংস্কৃতিক কর্মীদের সংশ্লিষ্ট করতে হবে এই বর্বরতার বিরুদ্ধে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের নির্ধারিত দায়িত্ব পালন করবেন। সমন্বিত উদ্যোগ ছাড়া শিশু ও নারী ধর্ষণের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব নয়।
একাত্তরের অঙ্গীকার ছিল নারী-পুরুষ ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা। একটি মেয়েশিশু যৌন নিপীড়নে রক্তাক্ত হলে গোটা সমাজই রক্তাক্ত হয়। একটি মেয়েশিশুর দেহে রক্তক্ষরণ হলে ১৬ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা। একাত্তরে পাকিস্তানি সেনা এবং তাদের সহযোগী রাজাকার-আলবদর ঘাতক বাহিনী আমাদের নারীদের ওপর যে ধরনের নির্যাতন করেছে, আজও যদি সেই ধরনের নির্যাতনের শিকার হয় নারী ও শিশু, তাহলে আমাদের রাষ্ট্র ও সমাজের অগ্রগতি হলো কোথায়? যে সমাজে নারীশিশু নরপশুর নখদন্ত থেকে নিরাপদ নয়, সে সমাজ নষ্ট সমাজ। আমরা নষ্ট নয়, ভালো ও নিরাপদ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
সৈয়দ আবুল মকসুদ: লেখক ও গবেষক।