শিশু নয়, নিজেদেরই শোধরান
পেশা সাংবাদিকতা বলে রোজ রোজ নানা খবর আর রকমারি ছবির সঙ্গে মিতালি। এই লেখা যখন লিখছি, তখন আমার সামনে দুটো ছবি রয়েছে। দুটোই বগুড়ার। একটি ছবিতে গাছ থেকে একগাদা তেঁতুল পেড়ে বসে আছে কয়েকটি শিশু। চোখেমুখে দুষ্টুমি, উচ্ছ্বাস। আরেকটিতে বিয়ারিং দিয়ে বানানো গাড়িতে ছোট বোনকে বসিয়ে সোল্লাসে টেনে নিয়ে যাচ্ছে এক শিশু। গ্রাম-বাংলায় এসব ছবি চিরচেনা। শিশুদের এসব চটুলতা, উচ্ছলতা আর দুরন্তপনায় রয়েছে নাড়ির বন্ধন, নিবিড় মমতা আর ভালোবাসার সুতীব্র ঘ্রাণ।
আরেকটু গভীরে গেলে যে জিনিসটি পাওয়া যাবে, তা হলো প্রকৃতির অবারিত দুয়ারে মানসিক বিকাশের অনুকূল পরিবেশে শিশুর আপন মহিমার স্বাভাবিক বিকাশ। এখানে সহজ কথাটি হচ্ছে, শিশু যদি স্বাভাবিক সুন্দর পরিবেশ পায়, তাহলে আপনা-আপনি মুক্তমনে বেড়ে ওঠে। কলুষতা, কুটিলতা তাকে স্পর্শ করতে পারে না।
এখন পরিবেশটা যদি এমন হয়, একটি শিশু বাইরে খেলতে যাবে, কিন্তু কাছে কোনো খেলার মাঠ নেই। সমবয়সী বন্ধুদের সঙ্গে কোথাও বসে গল্প করবে, দুষ্টুমিতে মেতে উঠবে, কিন্তু সে রকম কোনো প্রতিবেশী নেই। তাহলে আছেটা কী? আছে গুটি কয়েক কামরার একটি বাসা, যেখানে তার বিচরণ অ্যাকুরিয়ামের রঙিন মাছের মতো। আর বিনোদন যদি করতে যায়, তাহলে রয়েছে স্যাটেলাইট টিভির হাতে গোনা কয়েকটি চ্যানেল আর ওয়ার্ডরোবের ওপর রাখা বাবা বা মায়ের ট্যাব। এ নিয়েই ঘোরাফেরা করে দিন দিন আরও গণ্ডিবদ্ধ হয় সে।
আজকাল একটা অভিযোগ প্রায়ই শোনা যায়, এখন শিশুরা দিন দিন বইবিমুখ হচ্ছে। এর কারণও কিন্তু পরিবেশ। পড়ার চাপের যে পাগলা ঘোড়া, এতে সওয়ার হয়ে অভিভাবকেরা, বিশেষ করে মায়েরা শিশুদের পড়া নিয়ে এত চাপ দেন যে শিশুরা বইকে বন্ধু ভাবতে ভুলে যায়। বরং কিছু শিশু তো পড়ার বিষয়কে রীতিমতো যমতুল্য মনে করে। যেন পড়তে বসিয়ে তাকে জোর করে কয়েক শ গ্রাম বিষ খাইয়ে দেওয়া হলো। হবেই-বা না কেন? ঘরের বন্ধুহীন শিশুটি বারান্দার কোণে গিয়ে একাকী কাল্পনিক কারও সঙ্গে কথা বলছে, অমনি মা ডাকবেন, ‘কী হলো, ওখানে কেন, তোমার হোম ওয়ার্ক তো পড়ে আছে!’ এ ছাড়া এটা করবে না, ওটা ধরবে না—এমন ব্যারিকেড তো হরদম আছেই। একটি শিশু ‘না’-এর ঘূর্ণিপাকে ক্রমাগত ঘুরপাক খেলে সে ‘হ্যাঁ’-এর দেখা পাবে কীভাবে?
আর যে শিশুটি বস্তিতে থাকে, তার কেমন পরিবেশ? রোজই তাকে সংসারের টানাপোড়েন নিয়ে মা-বাবা বা পাশের ঘরের কোনো দম্পতির ঝগড়াঝাঁটি দেখতে হয়। শুনতে হয় খিস্তিখেউড়। নেশা কী জিনিস, বুদ্ধিশুদ্ধি খোলতাই হওয়ার আগেই জেনে ফেলে সে। জানে দু-নম্বরি কী। কোনো শিশুর কপালে পাঠশালার পাঠ জোটে, কারওবা জোটে না। একটি উচ্ছেদে যখন কোনো বস্তি লন্ডভন্ড হয়ে যায়, আগুনে পুড়ে খাক হয় ছোট ছোট ঘর, তখন সে ঘরের ছোট শিশুটির কাছে গোটা দুনিয়াই যেন উল্টে যায়। নির্মমতার জাঁতাকলে পড়ে সে ভুলে যায় জগতে মায়া-মমতা বলে কিছু আছে।
পরিবেশ-পরিস্থিতি যে শিশুদের মনে কতটা মারাত্মক প্রভাব ফেলে, শিশু যোদ্ধাদের পরিণতিতে তা দৃশ্যমান। এএফপির সাম্প্রতিক এক প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে। এসব শিশু পরিণত বয়সে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পেয়ে আর স্বাভাবিক হতে পারছে না। যুদ্ধের সেই ঝঞ্ঝামুখর স্মৃতি তাদের অহর্নিশ তাড়া করে ফিরছে।
জাতিসংঘের জরুরি শিশু তহবিলের (ইউনিসেফ) তথ্য অনুযায়ী, সারা বিশ্বের যুদ্ধকবলিত এলাকাগুলোতে এখন ২৪ কোটির বেশি শিশু রয়েছে। সিরিয়া, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, ইয়েমেন, কলম্বিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, সিয়েরা লিওন—এসব দেশসহ আরও অনেক দেশে সশস্ত্র সংঘর্ষে অংশ নিচ্ছে শিশু যোদ্ধারা। নানা প্রলোভনে প্ররোচিত করে বা বল প্রয়োগে বাধ্য করে এসব শিশুকে যোদ্ধা হিসেবে কাজে লাগাচ্ছে বিভিন্ন সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন। দীর্ঘদিন সশস্ত্র লড়াইয়ে অংশ নিয়ে বড় হওয়ার পর এসব শিশু যদি কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পায়, সে আর স্বাভাবিক হতে পারে না। ইউনিসেফের তথ্যমতে, গত এক দশকে এমন ৬৫ হাজার শিশুকে সশস্ত্র লড়াই থেকে ফিরিয়ে আনা হয়েছে। দেখা গেছে, এসব শিশু স্বাভাবিক জীবনে সহজে আর ফিরে আসতে পারে না। কারণ অনেক। তারা স্বাভাবিক পরিবেশে এসে হারিয়ে যাওয়া স্কুলজীবন, নিবিড় মমতায় পারিবারিক জীবন, শৈশবের স্বপ্নময় দিনগুলোকে নিদারুণভাবে অনুভব করে। এই অনুভূতি কারও মধ্যে চরম হতাশা সৃষ্টি করে। আবার কোনো কোনো ক্ষেত্রে সহিংসতার বিষয়টি এমন মজ্জাগত যে আচার-আচরণে তা থেকেই যায়। ফলে সেই যুদ্ধশিশু আর স্বাভাবিক হতে পারে না।
সম্প্রতি প্যারিসে ইউনিসেফের সম্মেলনে একাধিক যুদ্ধশিশু (যারা শৈশবে যুদ্ধে গিয়ে পরে স্বাভাবিক জীবনে ফিরেছে) তাদের অভিজ্ঞতা আর অনুভূতির কথা বলেছে। কলম্বিয়ার দারিদ্র্যপীড়িত পরিবারের তরুণ আলবার্তো ওরতিজ (২২) বলেছেন, ১২ বছর বয়সে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ফার্কে যোগ দেন তিনি। বিচ্ছিন্নতাবাদীদের হয়ে লড়াই করলে জীবনমানের উন্নয়ন ঘটবে, সব সমস্যার অবসান ঘটবে, আর্থিক অনটন থাকবে না—গালভরা এসব মিষ্টি কথা বলে তাঁকে প্রলুব্ধ করা হয়। পরে দেখেন, পুরোটাই একটা ফাঁদ। তিন বছর বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কাটিয়ে পালিয়ে আসেন তিনি। তত দিনে মা-বাবা গত হয়েছেন। পরিবারের অন্য সদস্যরা তাঁকে আর গ্রহণ করতে রাজি নয়। তাঁদের কাছে তিনি তখন বিচ্ছিন্নতাবাদী বৈ কিছু নন। তাঁকে ভয় পাচ্ছেন স্বজনেরা। ওরতিজ সরকারি কর্মসূচির আওতায় আছেন বটে, কিন্তু স্বাভাবিক হতে পারেননি।
১৯৮৫ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘কাম অ্যান্ড সি’ ছবিতে দেখানো হয়েছে যুদ্ধবিক্ষুব্ধ পরিবেশ এক বেলারুশ কিশোরের ওপর কী মারাত্মক প্রভাব ফেলে। গোলাগুলি, রক্তক্ষয় আর স্বজন হারানোর ডামাডোলে কৈশোর হারিয়ে ফেলে সে। সজীবতা মুছে গিয়ে চেহারায় পড়ে বুড়োর ছাপ। রাইফেল হাতে ফ্লাইওরা নামের ওই কিশোরের মাথায় শুধু একটাই চিন্তা—কী করে নাৎসি জার্মানদের হটাবে।
আমাদের দেশে কোনো যুদ্ধবিগ্রহ নেই বটে, কিন্তু প্রতিনিয়ত অজস্র কিশোর জীবনের সঙ্গে করে যাচ্ছে সংগ্রাম। যার কোনো শেষ নেই। নদীর ভাঙনে সোনার সংসার বিলীন হওয়া কোনো পরিবারের শিশু বা কিশোর অন্য সবার সঙ্গে খুঁজছে নতুন করে মাথা গোঁজার ঠাঁই। আবার অগ্নিগ্রাসে বাস্তুচ্যুত বস্তির শিশুও খোলা আকাশের নিচে খুঁজে মরছে দুমুঠো খাবার আর একটুখানি আশ্রয়। কিংবা এমন কোনো শিশু বা কিশোরের কথা যদি বলি, সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে যার সংসারের উপার্জনক্ষম একমাত্র আপনজনকে, তার কী গতি? যে শিশুটির বাবা গুম হয়েছেন, ভাত জোটানোর কেউ নেই, তার কী উপায়? ওরাও কিন্তু নিরন্তর জীবনযুদ্ধের সংগ্রামী এক সেনা। আমরা অনেকেই এসব দেখি না, বুঝি না। দেখলে বা বুঝলেও না দেখার ভান করি। আবার শিশু বা কিশোর কোনো ভুল করলে ঠিকই তার কান পাকড়াই। লোহার শিক পুড়িয়ে ছেঁকা দিই। পায়ুপথে হাওয়া ঢুকিয়ে মেরে ফেলি।
এ বছর প্রথম দেড় মাসে সারা দেশে ৪৫ শিশু খুন হয়েছে (সূত্র: ২৫ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ‘গড়ে প্রতিদিন একটি শিশু খুন’ শীর্ষক প্রতিবেদন)। এ তথ্য অনুযায়ী, রোজ একজন করে শিশু খুন হচ্ছে। শিশুকেন্দ্রিক খুন, ধর্ষণ, অপহরণের ঘটনা এখন হরহামেশাই ঘটেছে। এর মধ্যে নতুন প্রবণতা হিসেবে যোগ হয়েছে শিশু কাতেল। অর্থাৎ, শিশুর হাতেই শিশু খুন হচ্ছে। জানুয়ারিতে উত্তরায় স্কুলছাত্র আদনান খুন হওয়ার ঘটনা বেশ আলোড়ন তোলে। এ ঘটনায় ১৩ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। নম্রতা আর নমনীয়তার কোমল মাধুর্য ভেদ করে খুনি হিসেবে শিশুর এই আত্মপ্রকাশও পরিবেশ ও পারিপার্শ্বিকতার নেতিবাচক প্রভাব। শিশু চারপাশে যা দেখে, বড়দের মাধ্যমে যা শেখে, তার মাধ্যমে সে প্রভাবিত হয়।
শিশুদের জন্য চাই অবারিত সবুজ মাঠ। দিগন্তছোঁয়ার স্বপ্ন নিয়ে যে মাঠে শিশুরা ক্রমাগত ছুটবে, কিন্তু মাঠ ফুরাবে না। শিশুদের জন্য চাই শাপলা ফোটা এমন এক বিল, যে বিলের ওপারে টলটলে পানিতে গোল বাটির মতো নেমে গেছে আকাশ। নাও ভাসিয়ে এ বিলে ভেসে বেড়াবে শিশুরা। প্রতিটি শাপলা ফুলে ছড়িয়ে পড়বে তাদের উচ্ছ্বাস। শিশুদের জন্য চাই মেঘমুক্ত এমন এক নীল আকাশ, যে আকাশে অবাধে ঘুরে বেড়াবে তাদের রঙিন সব স্বপ্নঘুড়ি।
হ্যাঁ, এটা হতে পারে কল্পনাবিলাস। কিন্তু সুন্দর কল্পনা আর স্বপ্নই তো মানুষকে বদলে দেয়। ভালো কিছু করার অনুপ্রেরণা জোগায়, যা সব শিশুর সত্যিকারের বাসযোগ্য এক নিরাপদ বাসভূমি গড়ে তুলতে সহায়তা করবে।
শরিফুল ইসলাম ভূঁইয়া: সাংবাদিক ও সাহিত্যিক
[email protected]