শিশু পুষ্টি ও নিরাপদ খাদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ ফেব্রুয়ারি ২০১৩ প্রথম আলোর আয়োজনে ‘শিশু পুষ্টি ও নিরাপদ খাদ্য’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল এমিনেন্স। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনআবু আলম মো. শহিদ খান, সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়মাখদুমা নার্গিস, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, (আরসিএইসসিআইবি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়শাহ মনির হোসেন, সাধারণ সম্পাদক, বিসিএসএনপিএনকারার জুনায়েদ আহসান জ্যেষ্ঠ আবাসিক উপদেষ্টা, মেজার ইভাল্যুয়েশন ইউএসএমো. আমিনুল হক ভূইয়া পরিচালক, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়তাহমিদ আহমেদ পরিচালক, সেন্টার ফর নিউট্রিশন অ্যান্ড ফুড সেফটি, আইসিডিডিআরবিমো. সহিদুল্লা, সভাপতি, বাংলাদেশ নিওনেটাল ফোরামজেবা মাহমুদ, পরিচালক, মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভ, বাংলাদেশললিতা ভট্টাচার্য পুষ্টিবিদ, ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেনদেনিং প্রোগ্রাম, এফএওমো. শামীম হায়দার তালুকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, এমিনেন্সহেলাল উদ্দিন, সহসভাপতি, এফবিসিসিআইনাসরীন খান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, এনএনএসসঞ্চালকমো. শামীম হায়দার তালুকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, এমিনেন্সআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুমদেশের অর্ধেক শিশু ও এক-তৃতীয়াংশ নারী অপুষ্টিতে আক্রান্ত। সর্বোপরি ভেজাল খাদ্য খেতে হয়। খাদ্যে ভেজাল একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। খাদ্যদ্রব্য পরীক্ষার সহজলভ্য উপায় দরকার। দু-এক টাকায় এমন কোনো রাসায়নিক স্টিকার বের করা যায় কি না, যা দিয়ে যে কেউ বাজারে ভেজাল খাদ্য পরীক্ষা করে খাবার কিনতে পারে! খাবার ভেজাল ও ফরমালিনমুক্ত করতে পারলে পুষ্টি ও নিরাপদ খাদ্য অনেকাংশেই নিশ্চিত হবে। এখন এ বিষয়ের ওপর একটি সচিত্র উপস্থাপনা করছেন মো. শামীম হায়দার তালুকদার।মো. শামীম হায়দার তালুকদারকেবল পাঁচ বছর নয়, ১৮ বছর পর্যন্ত সব শিশুর খাদ্যনিরাপত্তার কথা ভাবতে হবে। দেশে বিভিন্ন ক্ষেত্রে সঠিক তথ্যের অভাব রয়েছে। তথ্যের অভাবে কোনো পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হয় না। দেশের অনেক মেয়ে শৈশব ও যৌবনের মধ্যবর্তী সময়ে মা হন। ফলে তাঁরা কিছু মারাত্মক রোগে আক্রান্ত হন। যেমন মাইক্রোনিউট্রিয়েন্টের (ভিটামিন ও খনিজ পদার্থ-জাতীয় খাদ্য বা অণুখাদ্য) অভাবে রক্তশূন্যতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। মাত্র ২১ শতাংশ শিশু ঠিকভাবে খাদ্য গ্রহণ করে। গণমাধ্যমে ব্যাপকভাবে পুষ্টির বিষয় প্রচার করতে হবে। দেশের মানুষ ৮ থেকে ১০ নম্বরে স্বাস্থ্যের কথা ভাবে। অথচ স্বাস্থ্য জীবনের অমূল্য সম্পদ। শিশুদের পুষ্টির জন্য ফল খাওয়া উচিত। কিন্তু বাজারের ফল নিয়ে সবাই শঙ্কিত। প্রায় সব ধরনের ফলেই ফরমালিন। শাকসবজিতে ফরমালিন। মাছে ফরমালিন। শুধু শিশু কেন, কোনো মানুষের জন্য কোনো খাদ্য নিরাপদ নয়। শহর, জেলা, উপজেলা, গ্রাম—সব জায়গায় খাবারে ভেজাল। বেকারির খাবার কতটুকু নিরাপদ? তারা কোথায়, কোন পরিবেশে খাবার বানায়, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মায়েরা যে জায়গায় খাবার তৈরি করেন, সে জায়গা কতটুকু নিরাপদ? গণমাধ্যম, নাগরিক সমাজ, চিকিৎসক, পেশাজীবী—সবাইকে এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা পুষ্টি ও নিরাপদ খাদ্যের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পারব।তাহমিদ আহমেদনিজের দেখা একটি ভয়াবহ ঘটনার কথা বলি। একদিন দেখলাম, একটি শিশু ট্যানারির বর্জ্য হাতে নিয়ে নাড়ছে। পাশে আরেকটি শিশু সেই বর্জ্য মুখে দিচ্ছে। শিশুর জীবনের জন্য এর থেকে শঙ্কার আর কী হতে পারে, জানি না। দেশের ৪১ শতাংশ শিশু খর্বকায়। এর প্রধান কারণ শরীরের ক্ষুদ্রান্ত্রের প্রদাহ। খাবারের সঙ্গে ফরমালিন, ভেজাল খাবার, বিষাক্ত ময়লা-আবর্জনা এগুলো পেটে গিয়ে ক্ষুদ্রান্ত্রে প্রদাহ সৃষ্টি করে। ক্ষুদ্রান্ত্রের প্রদাহের কারণে যেকোনো খাদ্য হজমে সমস্যা হয়। দিন দিন হজমে সমস্যার জন্য মানুষ খর্বকায় হয়। বস্তিগুলোয় সকালে নাশতা তৈরি করা হয়। মিরপুরসহ কয়েকটি বস্তির সকালের খাবার পরীক্ষা করেছি। আপনারা শুনলে আশ্চর্য হবেন। খাবার তৈরির সঙ্গে সঙ্গে যখন পরীক্ষা করি, তখন ৩ শতাংশ মনুষ্যবর্জ্যের জীবাণু পেয়েছি। একই খাবার যখন দুই ঘণ্টা পর পরীক্ষা করি, তখন মনুষ্যবর্জ্যের জীবাণু পাওয়া গিয়েছে ২৬ শতাংশ। তাই সবার আগে অগ্রাধিকার দিতে হবে হাইজিন স্যানিটেশনের (স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন) বিষয়টি। একটি আলোচনা থেকে শুনলাম, প্রতিবছর দেশে ১০ হাজার কোটি টাকার ফল আমদানি করা হয়। জাহাজীকরণের আগে বাণিজ্য মন্ত্রণালয়কে অবশ্যই সীমান্ত ও বন্দরে ফলসহ সব খাবারের গুণগত মান পরীক্ষা করতে হবে। যাকে প্রিশিপমেন্ট মূল্যায়ন বলা হয়। যে বিষয়টি সরাসরি জীবনের সঙ্গে সম্পৃক্ত, সেখানে কোনো ছাড় দেওয়া যায় না। আমাদের দেশের কৃষিবিজ্ঞানীরা চাল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছেন। এই বিজ্ঞানীদের সুযোগ দিলে তাঁরা নিউট্রিশনে বিপ্লব ঘটাবেন। দেশের ৪০ শতাংশ মানুষের উঠানে মানুষ ও পশুপাখির বর্জ্য থাকে। এসব বিষয়ে সচেতনতার উদ্যোগ গ্রহণ করতে হবে।ললিতা ভট্টাচার্যপর্যাপ্ত পুষ্টি ও খাদ্যের নিরাপত্তা শিশুর জীবন, শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য শুধু যে গুরুত্বপূর্ণ তা-ই নয়, এটা তার বিকাশের মূল শর্তও বটে। শৈশবে অপুষ্টি তার দেহের সঞ্চালক পেশী ও মানসিক শক্তির বিকাশ বাধাগ্রস্ত করে, যা পরবর্তী সময় পরিণত বয়সে তার উৎপাদনশীলতা কমিয়ে দেয়। স্কুলের শিশুরা নিজেরা বাগানে নিজেদের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন করে এ ক্ষেত্রে উপকার পেতে পারে। স্থানীয় সহজলভ্য উপকরণ ও জৈবসার ব্যবহার করে কম ব্যয়ে এ ধরনের বাগান করা যায়। দেশীয় পদ্ধতির কীটনাশক, যেমন: নিমপাতা, শজনেপাতা প্রভৃতি ব্যবহার করা যেতে পারে। নিজেদের বাসা ও স্কুলে বাগান করার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নিরাপদ, পরিবেশবান্ধব ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং তা খাওয়ার অভ্যাসের সূচনা ঘটতে পারে। এতে খাদ্যের নিরাপত্তা জোরদার হয় এবং স্কুলশিক্ষার্থীদের মধ্যে পুষ্টিসচেতনতা বৃদ্ধি পায়। এ কার্যক্রম শিশুদের উপযোগী খাদ্যাভ্যাস গড়ে তুলতেও সাহায্য করে। জৈব সার উপকারী অণুজীবের প্রাচুর্য ঘটায়। এর ফলে মাটির জীববৈচিত্র্য বাড়ে, যা উদ্ভিদের বৃদ্ধিসাধন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় হরমোন ও এনজাইম সরবরাহ করে উদ্ভিদের দ্রুত বৃদ্ধিসাধন করে। এভাবে ফলন বাড়ে। দেশব্যাপী গ্রাম ও শহরে স্কুল প্রকল্প হিসেবে জৈবসার উৎপাদন উৎসাহিত করা যেতে পারে।জেবা মাহমুদমায়ের গর্ভ থেকে শিশুর জীবন শুরু হয়। প্রতিটি শিশুর জীবনের প্রথম এক হাজার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় যাতে মায়ের পুষ্টি, নিরাপদ খাদ্য, আয়োডিন ও মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। এসব খনিজ-জাতীয় খাদ্যের অভাব থাকলে মায়েদের সন্তান খর্বকায় হয়। খর্বকায় শিশু সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। আয়োডিনের অভাবে মানুষ মেধাশূন্য হয়। মা ও শিশু যাতে সঠিকভাবে আয়োডিন পায়, সেদিকটি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। দেশের অনেক মানুষ ভিটামিনের অভাবে ভুগছে। এ ক্ষেত্রে হলুদ ফলমূল ও সবুজ শাকসবজি খেতে হবে। কিন্তু এখন অফিস ও বিভিন্ন অনুষ্ঠানে মায়েদের প্রধান গল্প: ফরমালিনের ভয়ে বাচ্চাকে ফলমূল খেতে দেন না। বাচ্চারা শাকসবজি খায় না। বেশি বেশি মাংস খায়। ডিম, দুধ খায়। কেবল মাংস, ডিম ও দুধ খেলে শিশুর ওজন বেড়ে যায়। অতিরিক্ত মোটা হয়। এ রকম আরও নানা সমস্যায় ভোগে। এটি শিশুর জীবনের জন্য ক্ষতি ছাড়া কোনো মঙ্গল করে না। ফলমূলসহ বিদেশ থেকে যথেষ্ট পরিমাণে খাবার দেশে আসে। সব সরকারের সময় বিভিন্ন ক্ষেত্রে দেশের বিপুল অর্থ লুটপাট ও অপচয় হয়। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য অপরিহার্য। এক অর্থে খাদ্যই জীবন। এ জীবনের নিরাপত্তার কথা সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে।হেলাল উদ্দিনশিশুখাদ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এই আধুনিক যুগেও মেয়েশিশুদের অবহেলা করা হয়। ওষুধের মধ্যে ডালের গুঁড়া পাওয়া যায়। চিকিৎসকেরা শিশুকে কলা, পেয়ারা, আমড়া, কামরাঙা, কুল, জাম্বুরা ইত্যাদি খাওয়ানোর কথা খুব একটা বলেন না। তাঁরা বলেন বিদেশ থেকে আমদানি করা আপেল, আঙুর, কমলালেবু খাওয়ানোর কথা। এই হলো বাস্তবতা। আমরা ফরমালিনের ব্যাপারে খোঁজখবর নিয়েছি। দেখেছি, যে দেশ থেকে ফলমূল আমদানি করা হয়, তারাই ফরমালিন মেশায়। বাংলাদেশে এখন নিরাপদ খাদ্য পাওয়া খুবই কঠিন। সবাই ফরমালিনযুক্ত ও ভেজাল খাদ্য খাচ্ছে। কোনো খাদ্যে ফরমালিন দেওয়ার দুই ঘণ্টা পর ফরমালিন ধরা পড়ে না। আপেল তিন মাসে না পচলেও আপনি বুঝতে পারবেন এতে ফরমালিন আছে কি নেই। ভালো কাজ করার জন্য টাকাপয়সার প্রয়োজন হয় না। কেবল আমি করতে চাই এই মানসিকতা থাকাটা জরুরি। খাদ্যে ভেজাল পদার্থ মেশানো বন্ধ করা একেবারেই কোনো কঠিন কাজ নয়। কিন্তু কঠিন যেটা, সেটা হলো বন্ধ করার মানসিকতা। খাদ্যে ভেজাল বন্ধ করার জন্য গত ২৪ নভেম্বর হাইকোর্টে মামলা করেছি। হাইকোর্ট সিটি করপোরেশনকে ফরমালিন বন্ধ করার নির্দেশ দিয়েছেন। নেপাল-ভারতসহ পাশের দেশগুলোতে ফরমালিন উৎপাদিত হয় না। আমদানি ছাড়া চোরাপথে আসার কোনো সম্ভাবনা নেই। সরকার দুই লাইনের প্রজ্ঞাপন জারি (এসআরও) করে ফরমালিন বন্ধ করে দিতে পারে। একান্ত প্রয়োজনে একমাত্র টিসিবি ফরমালিন আমদানি করবে। লাইসেন্স ছাড়া সাধারণ মানুষের কাছে বিক্রি করবে না। তাহলে ফরমালিনের মতো মারাত্মক বিষ গ্রহণ থেকে জাতি মুক্তি পাবে।মো. শামীম হায়দার তালুকদারসব ক্ষেত্রে আমাদের তথ্যের ঘাটতি আছে। আমরা এখানে পাঁচ বছরের শিশুদের কথা বলছি। কিন্তু ১৮ বছর পর্যন্ত সব শিশুর পুষ্টির সমস্যা রয়েছে। সেটিও আলোচনায় আসতে হবে। আবার শিশু পুষ্টি ও নিরাপদ খাদ্যের বিষয়ে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। এ ক্ষেত্রে হয়তো পুষ্টিবিদেরা কাজ করছেন। তাঁদের কাজ সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছায় না। এবার শিশু পুষ্টির বিষয় শুনব আমিনুল হক ভূইয়ার কাছ থেকে।মো. আমিনুল হক ভূইয়াশিশু পুষ্টি ও নিরাপদ খাদ্য একে অপরের পরিপূরক। সুস্থ মা দিতে পারেন সুস্থ জাতি। পুষ্টিতে আমরা উন্নতির দিকে যাচ্ছি। অধিক পুষ্টি ও অপুষ্টি দুটোই ক্ষতিকর। আমাদের মধ্যে বিশেষ করে শহরাঞ্চলে দ্রুত ফাস্টফুড কালচার গড়ে উঠেছে। আমরা প্রায় সবাই জেনে গেছি, ফাস্টফুড শরীরের জন্য ক্ষতিকর। তার পরও দিনের পর দিন এটি খাচ্ছি। শহর-গ্রামের স্কুলের গেটে অনিরাপদ খাদ্যের সমারোহ থাকে। এসব খাদ্য খোলা থাকে। খাবারে ধুলাবালি পড়ে এবং মাছিসহ নানা ধরনের জীবাণুর সংমিশ্রণ ঘটে এসব খাবারের সঙ্গে। দুঃখজনক হলেও সত্য, শিশুদের কাছে এটি প্রিয় খাবার। এ খাবার খেয়ে শিশুরা পেটের পীড়াসহ নানা সমস্যায় ভুগতে থাকে। তাই অভিভাবকদের বাচ্চাদের স্কুলের টিফিনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। মায়েদের মধ্যে প্রচুর সচেতনতার অভাব রয়েছে। অনেক সময় হাতের কাছে পুষ্টিকর খাবার থাকে। কিন্তু পুষ্টিজ্ঞানের অভাবে ঠিকমতো পুষ্টিকর খাবার খান না। কুসংস্কারের জন্যও অনেকে পুষ্টিকর খাবার খান না। কুসংস্কার দূর করতে হবে। খাদ্য নির্বাচন একটি জরুরি বিষয়। সঠিক খাদ্য নির্বাচন করতে হবে। শহরের শিশুরা ফলমূল, শাকসবজি কম খায়। মাংস, ডিম, দুধ বেশি খায়। ফলে তাদের অসম খাদ্যাভ্যাস গড়ে ওঠে। প্রতিটি জেলা-উপজেলার হাসপাতালে পুষ্টিবিদ পদ তৈরি করতে হবে। সেখানে পুষ্টিবিদদের চাকরি দিতে হবে। তাঁরা স্থানীয় মানুষের পুষ্টিসচেতনতার কাজ করবেন। মনে রাখতে হবে, প্রতি পাঁচজনের তিনজন, এমনকি ধনীদের মধ্যে চারজনের একজন অপুষ্টিতে ভুগছে। ভেজাল নিয়ন্ত্রণে এবং পুষ্টি ও মাইক্রোনিউট্রিয়েন্ট বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ কিছু উদ্যোগ নিতে হবে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যাতে বিশেষ উদ্যোগের কোনো পরিবর্তন না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।নাসরীন খানবাংলাদেশ অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। শিশুর পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে আরও অগ্রগতি অর্জন করতে হবে। এ জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো একটি সংস্থার পক্ষে এককভাবে এ ক্ষেত্রে উন্নতি করা কঠিন। তাই বিভিন্ন দাতা সংস্থা, গবেষক, সরকার, নীতিনির্ধারক—সবাইকে একসঙ্গে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। কেবল ফরমালিনই খাদ্যের ক্ষতি করছে তা নয়, ফরমালিন ছাড়াও খাদ্যে আরও বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান আছে। খাদ্যকে নিরাপদ করার জন্য ফরমালিনসহ সব ক্ষতিকর উপাদানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২০০০ সালে স্টকহোমে ডিডিটিসহ কিছু উপাদান নিষিদ্ধ করা হয়। ২০০৪ সালে ১৫৮টি দেশ এসব উপাদান নিষিদ্ধ করায় সম্মত হয়। এসব দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। কিন্তু এখন ২০১৩ সালে এসে আমরা দেখছি, বাংলাদেশে বিভিন্ন খাদ্যে নিষিদ্ধঘোষিত ডিডিটিসহ ক্ষতিকর উপাদান পাওয়া যাচ্ছে। আইনের প্রতি কিছু মানুষ শ্রদ্ধাশীল নয়। খাদ্যে ভেজাল জীবনের জন্য একটি মারাত্মক হুমকি। এ বিষয়ে সব শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। জোরালো প্রতিবাদ করতে হবে ভেজালের বিরুদ্ধে। এ বিষয়ে রুটিনমাফিক কিছু কথা বললে হবে না। নিয়মিত আলোচনা করতে হবে। জনমত গড়ে তুলতে হবে।কারার জুনায়েদ আহসানপ্রায় দেড় যুগ ধরে এনজিওগুলো পুষ্টির বিষয়ে কাজ করেছে। এ কারণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নসহ অনেক রকম সমস্যা ছিল। এনজিওগুলোর কাজের ধারাবাহিকতা থাকে না। যেকোনো সময় অর্থ বন্ধ হয়ে গেলে কাজও বন্ধ হয়ে যায়। কিন্তু গত অর্থবছরে পুষ্টিসেবাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে পুষ্টিসেবা কার্যক্রমের ধারাবাহিকতা তৈরি হয়েছে। পুষ্টিসেবা একক কোনো মন্ত্রণালয়ের কাজ নয়; এটিকে ফলপ্রসূ করে তুলতে হলে স্বাস্থ্য, খাদ্য, কৃষি, স্থানীয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ সবাইকে একসঙ্গে সমন্বিত পরিকল্পনা নিতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। এ মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতা থাকলে এ ক্ষেত্রে সফলতা অর্জন কঠিন হয়ে পড়বে। গর্ভকালীন মায়েদের সুষম খাবার অত্যন্ত প্রয়োজন। চিকিৎসক গর্ভবতী মাকে বলবেন, আপনার এই এই খাবার খেতে হবে। তখন তিনি সেটা গুরুত্বের সঙ্গে মেনে চলবেন। গর্ভবতী মা ও তাঁর অনাগত সন্তানের সেবার জন্য চিকিৎসকদের একটা ব্যাপক ভূমিকা রয়েছে। চিকিৎসকেরা কাজটি আন্তরিকতার সঙ্গে করলে গর্ভবতী মায়ের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অগ্রগতি অর্জন হবে। এক গবেষণায় দেখা গেছে, ৭৯ শতাংশ মায়ের পুষ্টি, সুষম খাবার, নিজের ও বাচ্চার পরিচর্যা, বাচ্চার টিকাসহ বিভিন্ন বিষয়ে বিশেষ কোনো ধারণা নেই। এই মায়েরা যখন চিকিৎসকের কাছে সেবা নিতে যান, তখন যদি চিকিৎসক এসব বিষয়ে তাঁদের একটু বিশেষভাবে বলে দেন, তাহলে মায়েরা ও তাঁদের সন্তানেরা অনেক ঝুঁকিমুক্ত থাকবে।মো. সহিদুল্লাশিশুর পুষ্টি ও তার খাদ্যনিরাপত্তার কথা আমরা ভাবছি। কোনো সন্দেহ নেই, শিশুর খাদ্যনিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। দেশের অনেক মেয়ে নির্দিষ্ট বয়সের আগেই মা হন। তাঁদের পুষ্টি ও স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। এমনিতে কম বয়সে মা হওয়ার কারণে অনেক ঝুঁকি থাকে। তার ওপর পুষ্টি ও নিরাপদ খাদ্যের অভাব থাকলে এসব মায়ের ঝুঁকি আরও বেড়ে যায়। আমাদের দেশে দরিদ্র পরিবারের মেয়েদের কম বয়সে বিয়ে হয়। অপুষ্টি ও নিরাপদ খাদ্যের অভাবে এই মায়েদের শরীর দুর্বল থাকে। তাঁদের সন্তানেরা অপুষ্টি ও দুর্বলতায় ভুগতে থাকে। সন্তানের সবচেয়ে নিরাপদ ও গুরুত্বপূর্ণ খাদ্য হলো মায়ের বুকের দুধ। বিশেষ করে বুকের শাল দুধ সন্তানের জন্য অপরিহার্য। কমপক্ষে ছয় মাস পর্যন্ত সন্তানকে বুকের দুধ খাওয়াতেই হবে। আবার কিছু মা অত্যধিক মোটা। তাঁরা মাছ, মাংস, ডিম ও দুধ বেশি খান। তাঁদের বাচ্চারা মোটা হয়। এসব বাচ্চা অতিপুষ্টিজনিত সমস্যায় ভোগে। অতিপুষ্টি ও অপুষ্টি—দুটোই শরীরের জন্য ক্ষতিকর। দেশের হাটবাজার ও রাস্তাঘাটের অধিকাংশ রেস্তোরাঁর রান্নার পরিবেশ নোংরা। বাইরের খাবার খাওয়া বন্ধ করতে হবে। কখনো প্রয়োজনে খেতে হলে সেটি অবশ্যই গরম হতে হবে। নিরাপদ খাদ্য ও পুষ্টির জন্য সব বিষয়কে মাথায় নিয়ে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।শাহ মনির হোসেনবিভিন্ন কারণে নিরাপদ খাদ্য অনিরাপদ হয়। খাদ্যের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে শেষ ধাপ পর্যন্ত প্রক্রিয়াগুলো ঠিকভাবে মানা হয় না। খাদ্য উৎপাদন, সংগ্রহ, পরিবহন, বিক্রয় কোনো একটি পর্বে খাদ্যের মানকে ঠিকভাবে বিবেচনা করা হয় না। প্রতিটি পর্বে খাদ্য তার গুণগত মান হারায়। এমনকি ঘরে খাবার আনার পর যেভাবে রান্না করা হয়, সেটিও সঠিক নয়। দেশের অধিকাংশ গৃহিণী অতিরিক্ত মসলা ও অতিরিক্ত উত্তাপে খাদ্যের মান নষ্ট করে ফেলেন। এ বিষয়ে কোনো সচেতনতা নেই। অজ্ঞতার জন্য অনেক ক্ষেত্রে ভালো খাদ্যও আমরা নষ্ট করে ফেলছি। দেশে খাদ্যনিরাপত্তার বিষয়টি অনেক নিচের ধাপে আছে। উচিত ছিল বিষয়টি প্রধান বিবেচ্য বিষয় হওয়া। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য অপরিহার্য একটি বিষয়। অথচ আমরা প্রতিনিয়ত খাদ্যের সঙ্গে বিষ খাচ্ছি। পরিবহন, গুদামজাতকরণ, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে মূল্যবোধ থাকতে হবে।একেকটি মন্ত্রণালয়ের একেকটি কাজের গুরুত্ব থাকে। খাদ্যনিরাপত্তা নিয়ে কোনো মন্ত্রণালয়ের কোনো গুরুত্ব নেই। স্বয়ং খাদ্য মন্ত্রণালয় এটি কতটুকু গুরুত্ব দেয়, সেটিও একটি প্রশ্ন। অন্যান্য দেশে খাদ্যনিরাপত্তা নিয়ে বিশেষভাবে কাজ করা হয়। আমাদের দেশে অন্য আর ১০টি কাজের সঙ্গে এটিকে যুক্ত করা হয়েছে। ফরমালিন পাশের দেশ থেকে চোরাপথে আসার সুযোগ নেই। কারণ, পাশের দেশগুলো ফরমালিন উৎপাদন করে না। তাই আইন করে আজই ফরমালিন আমদানি বন্ধ করতে হবে। আমদানি করা খাদ্যদ্রব্য অবশ্যই সীমান্তে ও বন্দরে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। খাদ্যনিরাপত্তার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।মো. শামীম হায়দার তালুকদারদেশে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে পুষ্টিসেবাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সব পক্ষকে সঙ্গে নিয়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কীভাবে শিশুদের পুষ্টিসেবা দেওয়া যায়, এ বিষয় নিয়ে বলবেন মাখদুমা নার্গিস।মাখদুমা নার্গিসআমাদের একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। যার অধীনে শিশু পুষ্টি পাবে। আমরা সবাই নিরাপদ খাদ্য পাব। ইতিবাচক দিক হলো, আমরা সবাই সচেতন হচ্ছি। সচেতন যে হচ্ছি, তার প্রমাণ আজকের এ আলোচনা। এখন গণমাধ্যমে এ বিষয়ে কথা হচ্ছে। মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। এসবই আমাদের আশার দিক। আমাদের প্রজন্মের স্বার্থে, আমাদের স্বার্থে পুষ্টি ও নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে পুষ্টিজ্ঞান আরও বৃদ্ধি করতে হবে। আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মনুষকে এ বিষয়ে জ্ঞান দিচ্ছি। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের পুষ্টির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁরা তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষদের পুষ্টির বিষয়টি বুঝিয়ে বলবেন। এভাবে আমরা সারা দেশে পুষ্টি কার্যক্রম চালু রেখেছি। কৃষি ও অন্যান্য ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে যথেষ্ট ধারণার অভাব রয়েছে। তাদের কৃষি বিষয়ে জ্ঞান দিতে হবে। পুষ্টিজ্ঞানের বিষয়টি সামনে আনা জরুরি হয়ে পড়েছে। আমাদের হাতের কাছে এখনো অনেক পুষ্টিকর খাবার আছে। কিন্তু কোনটি কখন খেতে হবে, সেটা আমরা জানি না। আমাদের অজ্ঞতা এর প্রধান কারণ। আমরা কমিউনিটি ক্লিনিক পরিচালনার জন্য একটি কমিটি করেছি। সেই কমিটিতে স্থানীয় নেতারা আছেন। তাঁরাও তাঁদের পরিবেশের মধ্যে পুষ্টির কথা বলবেন। তাঁদের কথা স্থানীয় মানুষ বেশি শুনবে। কারণ, তাঁরা সব সময় একসঙ্গে থাকেন। দেশের সব শ্রেণী-পেশার মানুষকে পুষ্টি ও নিরাপদ খাদ্যের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তাহলে আমরা এ ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারব।আবু আলম মো. শহিদ খানপ্রত্যেকের নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। সরকার ছাড়া অন্যদের এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। সচিবালয়ে চাকরি নেওয়ার পর বুঝতে পারলাম, এখান থেকে মানুষের জন্য কিছু করার আছে। দেশে পর্যাপ্ত আইন আছে। আইনের প্রয়োগ নেই। আমরা শিক্ষিত মানুষও প্রতিনিয়ত আইন ভঙ্গ করছি। সবাই চাই, খাদ্য ভেজালমুক্ত হোক। উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত প্রক্রিয়া পর্যন্ত কোনো পর্যায়ে খাদ্যের মান ঠিক থাকে না। যারা এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তারা খাদ্যের মান সম্পর্কে জানে না। কেউ কেউ জানার পরও সঠিক কাজটি করছে না। এর অর্থ হলো খাদ্যের পুষ্টি ও নিরাপত্তার বিষয়টি যতটা গুরুত্ব দেওয়া দরকার, সেটা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ উদ্যোগ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে আমাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। দেশে ৩৩ হাজার বাজার আছে। প্রতিদিন এসব বাজারে ভেজাল খাদ্য তদারক করা সম্ভব নয়। তাই ফরমালিন আমদানি নিয়ন্ত্রণের সঙ্গে আমি একমত। কিছু জরুরি কাজে হয়তো ফরমালিন ব্যবহার হয়। এর বিকল্প ব্যবস্থা করতে হবে। কিছু ব্যয় বাড়লেও সীমান্ত ও বন্দরে খাবার পরীক্ষা-নিরীক্ষা করে দেশে প্রবেশ করতে দিতে হবে। বছরে হয়তো ১০ হাজার কোটি টাকার ফল আমদানি হয়। এর ১ শতাংশে হয় ১০০ কোটি টাকা। মানুষ বিশুদ্ধ ফল খাওয়ার জন্য নিশ্চয়ই ১ শতাংশ মূল্যবৃদ্ধি মেনে নেবে। খাদ্য মন্ত্রণালয় পুষ্টি ও নিরাপদ খাদ্যের ব্যাপারে উদ্যোগ নিতে পারে। অন্য সব মন্ত্রণালয় যদি সহযোগিতা করে, তাহলে পুষ্টি ও নিরাপদ খাদ্যের ক্ষেত্রে আমরা একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। সরকারের দায়িত্ব সবার চেয়ে বেশি। কিন্তু গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব রয়েছে। সবার সম্মিলিত চেষ্টায় আমরা পুষ্টি ও নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তুলতে পারব।আব্দুল কাইয়ুমশিশু পুষ্টি ও নিরাপদ খাদ্যের বিষয়ে একটি সময়োপযোগী আলোচনা হয়েছে। সবাই মূল্যবান আলোচনা করেছেন। আলোচনা থেকে কিছু পরামর্শ ও দিকনির্দেশনা এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব পরামর্শ বিবেচনায় নিলে দেশে শিশু পুষ্টি ও নিরাপদ খাদ্যের ব্যবস্থা গড়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। সবাইকে প্রথম আলোর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।