শিশুদের কষ্ট দেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর ঢাকার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে বেশ তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে গুলশান ও ধানমন্ডির মতো আবাসিক এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। ধানমন্ডি এলাকার ৫১টি স্কুলকেও সরে যেতে হবে। এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু কথা হচ্ছে, নগর পরিকল্পনায় একসময় আবাসিক, শিল্প ও বাণিজ্যিক এলাকা আলাদা থাকলেও এখন মিশ্র ব্যবস্থা করা হয়, যাতে লোককে রাস্তায় কম বেরোতে হয় বা দৈনন্দিন কাজের জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে না হয়। যানজটকবলিত ঢাকার জন্য এটি অপরিহার্য হয়ে উঠেছে।
ধানমন্ডি যখন আবাসিক এলাকা হিসেবে গড়ে ওঠে, তখন ধারণা করা হয়েছিল, প্রতি একর জমিতে গড়ে ৫০ জন মানুষ বসবাস করবে। এখন বাস করে অনেক গুণ। ফলে আইনেরও পরিবর্তন করা দরকার। কথা হচ্ছে, আবাসিক প্লটে বা এলাকায় বাণিজ্যিক স্থাপনা করা হলে আবাসিক এলাকার বৈশিষ্ট্য নষ্ট হয় তা ঠিক, কিন্তু যখন এগুলো করা হয়েছিল, তখন সরকারের সংশ্লিষ্ট দপ্তর কেন বাধা দেয়নি? হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালালে হবে না। বিশেষ করে স্কুলগুলোর শিক্ষার্থীদের কথা বিবেচনা করা দরকার। বহু বছর ধরেই ধানমন্ডির এই ইংরেজি মাধ্যম স্কুলগুলো গড়ে উঠেছে। সেখানে বহু ছাত্রছাত্রী যেমন পড়াশোনা করছে, তেমনি সেখানে অনেকের কর্মসংস্থানও হয়েছে। ফলে হুট করে সেগুলো উঠিয়ে দিলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাহত হবে। উদ্যোক্তাদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও অনিশ্চয়তায় পড়বেন।
এখন যদি ধানমন্ডির স্কুলগুলো ঢাকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তাহলে কী বিপদ হবে, তা নিশ্চয়ই ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যদি ম্যাপল লিফ স্কুলের নতুন ক্যাম্পাস হয় মিরপুর ১ নম্বরে, তাহলে স্কুলটির বর্তমান ছাত্রছাত্রীদের সেখানে গিয়ে স্কুল করতে হবে। এই স্কুলের বেশির ভাগ ছাত্রছাত্রী ধানমন্ডি ও আশপাশের এলাকার। কারণ, অভিভাবকেরা সাধারণত সন্তানদের স্কুলের আশপাশে বাসা নিতে চান, যাতে সন্তানের স্কুলে আসা-যাওয়ায় সমস্যা না হয়। একই কথা প্রযোজ্য অন্যান্য বিদ্যালয়ের বেলায়ও।
আদালতের রায় বাস্তবায়নে সরকারকে এখন এসব সরাতে হবে। কিন্তু তা করতে গিয়ে সরকারকে বাস্তবমুখী চিন্তা করতে হবে। এমন হতে পারে যে সরকার প্রতিটি এলাকায় কতগুলো স্কুল থাকবে তা নির্দিষ্ট করে দিয়ে সেটার জন্য এক বা একাধিক জোন করে দিতে পারে। ফলে স্কুলগুলোর নতুন ক্যাম্পাস খোঁজার ঝামেলা পোহাতে হবে না। অভিভাবকদের কপালেও দুশ্চিন্তার ভাঁজ পড়বে না। সরকারি স্কুলে ভর্তির ব্যাপারে সরকার এলাকাভিত্তিক ৪০ শতাংশ কোটা রাখার নির্দেশনা দিয়েছে। বেসরকারি ও ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে ভর্তির জন্যও একই নীতিমালা অনুসরণ করা যেতে পারে। তবে তার জন্য প্রতিটি এলাকাতেই মানসম্পন্ন স্কুল থাকতে হবে। কারণ, মা-বাবা তো সন্তানকে মানসম্পন্ন স্কুলেই পড়াতে চাইবেন। শিশুরা যেন হেঁটে বা বড়জোর রিকশায় বাসা থেকে স্কুলে যেতে পারে, সে ব্যবস্থা করতে হবে।
এটা যেহেতু শিশুদের ব্যাপার, তাই সরকারকে এমনভাবে কাজটা করতে হবে, যাতে তারা বিপাকে না পড়ে। কারণ, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের ভবিষ্যৎকে নির্বিঘ্ন করা রাষ্ট্রর দায়িত্ব। সরকারদলীয় লোকজন পাড়া-মহল্লায় রাস্তার ওপর বাজার বসিয়ে চাঁদা নেয়। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, ঢাকার প্রতিটি রাস্তার মোড়েই বাজার বসেছে, যার কারণে হাঁটাচলা করা দায় হয়ে উঠেছে। দয়া করে সেগুলো ওঠান।