শিশুদের বিবাদের বাইরে রাখা যায় না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামত পাতার নতুন নিয়মিত সাপ্তাহিক আয়োজন নাগরিক কলাম এখন থেকে ছাপা হবে প্রতি মঙ্গলবার। প্রথম আলোর যেকোনো পাঠক জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে নিজেদের মতামত ও প্রতিক্রিয়া জানাতে পারবেন এই কলামে
পাকিস্তানের একটি স্কুলে ঢুকে শতাধিক শিশুকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা। যাঁরা এভাবে তাঁদের সন্তানদের হারিয়েছেন, তাঁদের ক্ষতবিক্ষত মনের নাগাল পাওয়ার সাধ্য আমাদের কারও নেই। এ ঘটনায় কষ্টে বুক ফেটে যাচ্ছে পৃথিবীর সব অভিভাবকের। সেই কষ্টের প্রতিক্রিয়া জানাতেই এই লেখা।
২০০৫ সালের ১০ অক্টোবর প্রথম আলোর একটি প্রতিবেদন ছিল ‘নিমেষেই চাপা পড়ল ৪০০ শিশু’। এক ভূমিকম্পে ওই পাকিস্তানের মানকোরা জেলার বালাকোট শহরের একটি স্কুল ভেঙে ইট, কাঠ, পাথরের ভারে গলিত হয়েছিল ৪০০ শিশু। সেই প্রতিবেদনটি পড়ে ২২ অক্টোবর ২০০৫ সালে প্রথম আলো পত্রিকাতেই একটি লেখা লিখেছিলাম। যার শিরোনাম ছিল, ‘আসুন, শিশুগুলোর দিকে তাকাই’। একটি অংশে ছিল ‘প্রত্যেক শিশুই মৃত্যু-যন্ত্রণায় “মা” বলে ডেকে উঠেছিল নিশ্চয়ই। যেভাবে পৃথিবীর যেকোনো ধর্ম-বর্ণ-সংস্কৃতিনির্বিশেষে সব শিশুই মৃত্যু-যন্ত্রণায় ডেকে ওঠে ওই একই শব্দে।
মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে সৃষ্ট প্রকৃতির উদ্দাম নৃত্য ঠেকানোর জন্য আহ্বান ছিল, ‘পৃথিবীর বিভিন্ন স্তরের নেতারা এসে দেখবেন কি শিশুদের ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্কুলব্যাগ, টিফিনবক্স ও জুতোগুলো। কারণ, গলিত দেহগুলো তো আর দেখা সম্ভব নয়।’ প্রশ্ন ছিল, ‘বিশ্বনেতারা শিশুগুলোর দিকে তাকাবেন কি?’
প্রাকৃতিক কারণে মৃত্যু হলে কিছু বলার নেই। কিন্তু মানুষের কারণে এ রকম শিশুহত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুনিয়ায় আদর্শে-আদর্শে, ধর্মে-ধর্মে, জাতিতে-জাতিতে দ্বন্দ্ব বেড়েই চলেছে। খবরে দেখলাম, পাকিস্তান সেনাবাহিনী তালেবানদের বিপক্ষে সম্প্রতি দুটি এলাকায় অভিযান চালিয়েছে। এরই বিপক্ষে নিরস্ত্র, নিরীহ, নির্দোষ শিশুগুলোর ওপর এ রকম বর্বরোচিত হামলা চালানো হলো।
আসলে ৯/১১ থেকে পৃথিবীর রাজনৈতিক সংস্কৃতি বদলে গেছে। পৃথিবীর মানুষ আজ অতিষ্ঠ। এই সন্ত্রাসী সংগঠনগুলোর বিষয়ে মানুষের কোনোই আগ্রহ নেই। তার পরও এসব ঘটে চলেছে। সাধারণ শান্তিপ্রিয় মানুষ যেকোনো দ্বন্দ্ব-সংঘাতের অবসান কামনা করে। সেটা ধর্মীয় হোক, অন্য কোনো আদর্শভিত্তিক হোক অথবা হোক রাজনৈতিক বা অর্থনৈতিক ফায়দা লোটার জন্য।
আসুন, ধর্ম-বর্ণ-জাতি-রাজনীতিনির্বিশেষে আমরা অশান্তির বিরুদ্ধে একত্রে কাজ করি। দ্বন্দ্ব বা মতদ্বৈধতা পৃথিবীতে থাকবেই। দুনিয়ার সব মানুষ কখনো একই চিন্তা করবে না। এটা হতে পারে না। কিন্তু এক পক্ষ আরেক পক্ষের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এ রকম নৃশংসতা বা বর্বরতার আশ্রয় নেবে, সেটা কখনোই কাম্য হতে পারে না। বিবদমান পক্ষগুলো নিজেদের স্বার্থ হাসিল করতে নির্দোষ শিশুদের বলি করবে, এটা হতে পারে না। বিবাদ যাদের মধ্যে, সংঘাত তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। সংঘাত যদি সৃষ্টি হয়, অন্য কেউ যেন তার শিকার না হয়। বিশেষ করে শিশুদের এর বাইরে রাখতে হবে।
চৌধুরী মনজুর লিয়াকত, ব্যাংকার, ঢাকা।