শিশুর বিকাশে চাই সমন্বিত উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে গতকাল বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। পাশে বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন l প্রথম আলো
গোলটেবিল বৈঠকে গতকাল বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। পাশে বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন l প্রথম আলো

শুধু ভালো পড়ালেখা করেই শিশুর বিকাশ হয় না। খেলাধুলা, নৈতিক শিক্ষাসহ শিশুর প্রারম্ভিক বিকাশ হতে হবে সামগ্রিকভাবে। আর এ জন্য দরকার সমন্বিত উদ্যোগ।

গতকাল রোববার প্রথম আলোর উদ্যোগে ও ইউনিসেফের সহায়তায় আয়োজিত ‘শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্ন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।

 প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, শিশুরা হলো দেশের বিরাট সম্পদ। সম্পদকে যেভাবে যত্ন করে রাখতে হয়, শিশুকেও সেভাবে যত্ন করতে হবে। এটা যদি শুধু সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে ভুল হবে। কারণ, বাংলাদেশে জনসংখ্যা বিশাল। শিশুর সংখ্যাও অনেক। সেই তুলনায় যতটা সহায়তা দেওয়া দরকার সেটা দেওয়া হয়তো সরকারের একার পক্ষে অনেক সময় কঠিন হয়ে যায়।

সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করতে চান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও সংগঠন বিক্ষিপ্তভাবে কাজ করে যাচ্ছে। এটাকে পরিকল্পনা করে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা উচিত। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে অনেক ডে কেয়ার করা হয়েছে। আরও করা হবে। বেসরকারি প্রতিষ্ঠানও করছে। ডে কেয়ারের জন্য খুব তাড়াতাড়ি নীতিমালা ও লাইসেন্সের ব্যবস্থা করা হচ্ছে।

 বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন বলেন, ‘শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্নের জন্য একটি আমব্রেলা বানাতে পারি, যেখানে সরকার, বেসরকারি সংস্থা ও সংগঠনগুলো একত্র হয়ে কাজ করতে পারে।’ তিনি বলেন, শিশুর বিকাশের ক্ষেত্রে আন্তরিকতাই অনিবার্য শক্তি হিসেবে কাজ করবে।

শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্নে নীতিমালা থাকার কথা উল্লেখ করে ইউনিসেফের ঢাকা অফিসের শিক্ষা-বিষয়ক ব্যবস্থাপক মোহাম্মদ মোহসীন বলেন, এটা বাস্তবায়নে এখন কর্মপরিকল্পনা থাকা উচিত। শিশুর সামগ্রিক বিকাশের জন্য প্রস্তুত করতে হবে। তিনি শিশুর প্রারম্ভিক বিকাশ ও যত্ন নিয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নাজমুল হক বলেন, শিক্ষা মানেই এখন বই–পুস্তক, যেন আর কিছু নয়। শিক্ষায় খেলা অনুপস্থিত। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘রাক্ষুসে’ উল্লেখ করে তিনি বলেন, ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানে যেভাবে শিক্ষা দেওয়া হয়, তা শিশুর বিকাশে সহায়ক নয়। মাথা থেকে ‘এ-প্লাস’ ভূত না সরালে শিশুর বিকাশ হবে না। খেলাই শিশুর সার্বিক বিকাশ ঘটাতে পারে উল্লেখ করে খেলার মাধ্যমে শিক্ষা দেওয়ার পরামর্শ দেন এই অধ্যাপক।

ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথের পেডিয়াট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ওয়াহিদা খানম বলেন, শিশুর প্রারম্ভিক বিকাশে শূন্য থেকে এক হাজার দিন খুবই গুরুত্বপূর্ণ।

 শিশু একাডেমীর আরলি লার্নিং অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক সুলতান আলম বলেন, শিশুর সুরক্ষাও খুব প্রয়োজন।

আগাখান ফাউন্ডেশন বাংলাদেশের ইসিডি পরামর্শক মো. গোলাম মোস্তফা বলেন, স্বাস্থ্য ও পুষ্টি যা–ই বলা হোক না কেন, তা মাতৃগর্ভ থেকে শুরু করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ তারিখ আহসান বলেন, চ্যালেঞ্জগুলো শুরুতে চিহ্নিত করে ব্যবস্থা নিলে শিক্ষাব্যবস্থায় ধীরে ধীরে শিশুবান্ধব পরিবেশ তৈরি হবে।

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ইন বাংলাদেশের পরিচালক এস এম সাইদুর রহমান মাশরেকি বলেন, বাংলাদেশে শিশুমৃত্যুর প্রধান কারণ আঘাত (ইনজুরি)। আঘাতে প্রতিবছর ৩০ হাজার শিশু মারা যায়। অথচ কিছু ব্যবস্থা নিলে এই মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাশ বলেন, বাংলাদেশের সব শিশুকে ইসিডির (শিশুর প্রারম্ভিক বিকাশ) আওতায় আনতে হবে। বিশেষ করে চরাঞ্চল, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ও দুর্গম এলাকার শিশুদের।

 ব্র্যাক শিক্ষা কার্যসূচির প্রধান প্রফুল্ল চন্দ্র বর্মণ বলেন, শ্রেণিকক্ষে সার্বিক বা বুদ্ধিমত্তার বিকাশে কোন ধরনের শিক্ষাপদ্ধতি গ্রহণ করলে কতটুকু কার্যকর হবে, তার মূল্যায়ন দরকার।

 শিশুর প্রারম্ভিক বিকাশের কাজে সামাজিক আন্দোলন শুরু করার পরামর্শ দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিক্ষাবিষয়ক কর্মসূচির প্রধান মুরশীদ আকতার।

আইসিডিডিআরবির বিজ্ঞানী জেনা হামাদানী বলেন, শিশুর শারীরিক-মানসিক বিকাশের পাশাপাশি নৈতিক বিকাশও জরুরি। কারণ, শুধু বুদ্ধিমান হলেই চলবে না, মানুষকে সৎ হতে হবে।

গর্ভ থেকে শুরু করে বিভিন্ন সময়ে শিশুদের পৃথক পৃথক যত্ন দরকার উল্লেখ করে আইসিডিডিআরবির বিজ্ঞানী ফাহমিদা তোফায়েল বলেন, এখন দরকার সবাইকে সমন্বিত করে শিশুর বিকাশ নিশ্চিতে কাজ করা। এ জন্য সচেতনতা জরুরি।

বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়াসের উপাধ্যক্ষ কাজী আফরোজা সুলতানা বলেন, বিশেষ শিশুদের বিকাশে মায়েদের বেশি দক্ষ করে তুলতে হবে। যেমন শিশুকে একটি খেলনা দিলেই হবে না। জানতে হবে খেলনাটি দিয়ে কীভাবে খেললে শিশুর মনোবিকাশ দ্রুত হবে।

ফুলকির নির্বাহী পরিচালক সুরাইয়া হক বলেন, তাঁদের সংগঠন শিশুর জন্ম থেকে ছয় বছর পর্যন্ত কাজ করে। এখানে খেলার মাধ্যমে বিভিন্ন বিষয় শেখানো হয়।

জাতীয় প্রতিবন্ধী ফোরামের সহসভাপতি হারুন অর রশীদ বলেন, সব শিশুকে মূলধারায় আনতে হবে।