একদিকে ইসলামিক স্টেটের উত্থান, অন্যদিকে চীনের ক্রমবর্ধমান শক্তি ও রাশিয়ার সম্প্রসারণবাদ, সব মিলে যুক্তরাষ্ট্র বেশ ভালো বিপদে পড়েছে। কিন্তু ‘ওয়ার্থি ওয়ার্ক, স্টিল আনলিভেবল ওয়েজ’-এ দেখা যাচ্ছে, পাঁচ বছরের নিচের শিশুদের যথাযথ যত্ন না নেওয়া ও তাদের শিক্ষা দিতে না পারাটাই সেখানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দেবে।
শিশুরা যদি সুশিক্ষিত পেশাদারদের কাছ থেকে উচ্চ মানের যত্ন না পায়, তাহলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্ম অন্যান্য উন্নত রাষ্ট্র ও উদীয়মান রাষ্ট্রগুলোয় তাদের সমবয়সীদের চেয়ে পিছিয়ে পড়বে। কারণ, এই পেশাদারেরাই জানেন, কীভাবে শিশুর মেধা বিকাশ ত্বরান্বিত হয় বা কীভাবে তা গড়ে দিতে হয়। তার পরও মার্কিনরা এসব প্রশিক্ষিত মানুষদের যে বেতন দিচ্ছে, তা খুব কম। সত্যভাষণ হলো, যাঁরা গাড়ি পার্ক করেন, কুকুর হাঁটাতে নিয়ে যান বা আমাদের পানীয় মেশান, তাঁদের বেতন আর সেই প্রশিক্ষিত মানুষদের বেতন সমান। এর ইঙ্গিত বেশ পরিষ্কার, মার্কিন শিশুদের প্রতি আর পশুপাখিদের চেয়ে বেশি মনোযোগ পাওয়ার দরকার নেই।
এটা একটা মারাত্মক ভুল। শৈশবের প্রারম্ভে যথাযথ যত্ন নেওয়া হলে তাঁদের শিক্ষণ ক্ষমতা, আত্মবিশ্বাস ও আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা ও স্বাধীনতার বোধ যথাযথভাবে বিকশিত হয়। বস্তুত, জীবনের প্রথম পাঁচ বছরে উৎকৃষ্ট যত্ন নেওয়া হলে সেটা তাদের বিকাশে যে ভূমিকা পালন করে, তাদের জীবদ্দশায় অন্য কোনো কিছু তা করতে পারে না।
এটা কোনো নতুন তথ্য নয়। এক দশক আগে ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস কর্তৃক প্রকাশিত নিউরন্স টু নেইবারহুড: দ্য সায়েন্স অব আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট শীর্ষক গ্রন্থটি শুরু হয়েছিল এভাবে: অন্তঃসত্ত্বা হওয়ার দিন থেকে শুরু করে স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিন পর্যন্ত শিশুর যে বিকাশ হয়, তা ‘জীবনের অন্য কোনো পর্যায়ের চেয়ে ঢের বেশি’। এই বিকাশ আবার ‘নির্ধারিত হয় শারীরতত্ত্ব ও অভিজ্ঞতার এক গতিশীল মিথস্ক্রিয়ার মাধ্যমে’।
নিউরোসায়েন্সও এই পর্যবেক্ষণের সপক্ষে রসদ জোগাচ্ছে। এই বিদ্যা চিহ্নিত করেছে, মস্তিষ্ক সে সময় কীভাবে বিকশিত হয়। এমনকি এই বিদ্যা শিক্ষণের মধ্যে ফাঁকফোকরও চিহ্নিত করতে পেরেছে। এরূপ গবেষণার ফলাফলে দেখা যায়, বুদ্ধিমান, উৎপাদনশীল ও প্রাণবন্ত মানুষ পেতে হলে তার শরীরের বিকাশের জন্য যেমন খাদ্য দরকার, তেমনি মস্তিষ্কের বিকাশও জরুরি। সম্প্রতি একটি গবেষণায় ১৯৭০-এর দশকের ‘ক্যারোলাইনা আবেসেডারিয়ান প্রজেক্ট’ শীর্ষক উত্তর ক্যারোলাইনার সামাজিক সমীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছে। এ গবেষণায় দুই শ্রেণির সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে তুলনা করা হয়েছে। এক দল উৎকৃষ্ট পুষ্টি লাভ করেছে, তাদের জন্মের পর থেকে আট বছর পর্যন্ত দিনে আট ঘণ্টা উচ্চ মানের উদ্দীপক যত্ন নেওয়া হয়েছে। আর আরেক দলের সাধারণ মানের যত্ন নেওয়া হয়েছে। চার দশক পর দেখা গেল, যে শিশুরা উৎকৃষ্ট যত্ন পেয়েছে, তারা শুধু শারীরিকভাবেই শক্তিশালী নয়, তাদের কলেজ ডিগ্রি লাভের সম্ভাবনা চার গুণেরও বেশি।
অর্থাৎ শিশুর জন্মের পর তাকে শুধু জুস ও কুকি খাওয়ানো বা তার ন্যাপকিন পাল্টানোই যথেষ্ট নয়। বা তাঁকে খেলার মাঠে নিয়ে যাওয়াটাও যথেষ্ট নয়। মেগান গানারের মতে, শিশুর জন্মের পর যিনি যত্ন নেন, তাঁর ‘পরিস্থিতি বিশ্লেষণের সক্ষমতা থাকতে হবে’। শিশু কী শিখবে, সেটাও তাঁকে নির্ধারণ করতে হবে, সংখ্যা, ভাষা নাকি পদার্থবিদ্যার ধারণা। ঠিক ‘প্রয়োজনীয় মুহূর্তে দ্রুত সাড়া দিতে হলে বিশ্লেষণী ক্ষমতা, কার্যকরণ, বিন্যাসকরণের ক্ষমতা প্রয়োজন, আর প্রচুর তথ্য জানা থাকতে হবে’। কিন্তু মার্কিন শিশুদের দুর্ভাগ্য হচ্ছে, তাদের যাঁরা যত্ন নেন, চাপের কারণে সেই মানুষগুলোর এসব ক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এরূপ আর্থিক চাপ শিক্ষার সঙ্গে কমেনি। ২০১২ সালে বেসামরিক শ্রমিকদের মধ্যে কাজ করা ব্যাচেলর বা তার
চেয়ে বেশি ডিগ্রিধারী একজন পুরুষ শিক্ষকের বার্ষিক বেতন ছিল ৮৮ হাজার ডলার। কিন্তু একই ডিগ্রিধারী যে ব্যক্তিরা শিশুদের শিক্ষা দেন, তাঁদের বার্ষিক বেতন ছিল ২৭-২৮ হাজার ডলার।
এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে শুধু মার্কিন সামরিক বাহিনী। তারা শিক্ষকদের প্রশিক্ষণ, যোগ্যতা, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন দিয়ে থাকে। প্রতিরক্ষা বিভাগের অন্য কর্মীরা এসবের ভিত্তিতে যে বেতন পান, শিক্ষকেরাও সেই একই বেতন পান। অন্য কথায়, মার্কিন সরকারের যে অংশটি জাতীয় নিরাপত্তায় নিয়োজিত, তারা তাদের কর্মীর সন্তানের যত্ন ও শিক্ষণের গুরুত্ব বোঝে। আর সে কারণেই তারা উচ্চশিক্ষিত কর্মীদের আকৃষ্ট করা ও ধরে রাখার গুরুত্ব বোঝে। এটা কী এ কারণে যে সেনা ও মার্কিন প্রতিরক্ষা বিভাগের বেসামরিক নেতারা জানেন, মানুষের বিকাশ রুদ্ধ হলে তার পরিণাম কী হয়? আজকের ডিজিটাল বৈশ্বিক অর্থনীতিতে যেই প্রতিদ্বন্দ্বিতা করবে, তারই স্বাস্থ্যবান, সক্ষম, শিক্ষিত ও সৃজনশীল কর্মী দরকার। এরূপ একটি শ্রমশক্তির বিকাশের প্রক্রিয়া শুরু হয় জন্মের পর থেকেই।
কথা হচ্ছে, ডায়াপার পরিবর্তন সবাই করতে পারে। কিন্তু শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়ক হয়, সেভাবে তার সঙ্গে একাত্ম সবাই হতে পারে না বা তাকে উদ্দীপ্ত করতে পারে না। সবাই শিশুর প্রতি সেভাবে সাড়া দিতে পারে না। আর শিশুর বিকাশের সঙ্গে প্রয়োজনীয় দক্ষতাও সবাই তার মধ্যে সঞ্চারিত করতে পারে না। দুনিয়ার সবচেয়ে গতিশীল প্রযুক্তি খাত মার্কিন যুক্তরাষ্ট্রের। উচ্চ বেতনের বিনিময়ে দুনিয়ার সবচেয়ে মেধাবী মানুষেরা সেখানে কাজ করছে। অর্থাৎ আপনি যে দাম দেন, সে অনুযায়ীই ফল পান। আর মার্কিনরা এখন তাদের শিশুদের বিকাশের জন্য খুব কমই ব্যয় করছে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
আন-মেরি স্লটার: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পলিসি প্ল্যানিংয়ের সাবেক পরিচালক।