শিশুরা থাকুক মাতৃক্রোড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের জন্য মন কেমন-কেমন করছিল আসমার। করবেই তো। তার বয়স যে মাত্র ১০ বছর। এই বয়সে কি মাকে ছেড়ে দূরে থাকতে কারও ভালো লাগে? তাই তো মায়ের কাছে যেতে মন চাইছিল। কিন্তু কীভাবে? গেট দিয়ে বের হতে গেলে দারোয়ান যদি বাধা দেয়? তাই তো ছোট মেয়েটি সাততলা ভবনের ছাদ থেকে পাইপ বেয়ে নামতে চেয়েছিল। কিন্তু এক ফ্লোর নামার পর ভয়ে আর নামতে পারছিল না। থেমে যায় ছয়তলার কার্নিশের কাছে। সাহায্যের জন্য চিৎকার করছিল। ধন্যবাদ পাশের ভবনের সেই শিক্ষার্থীকে। আসমার এই অসহায় ও বিপজ্জনক পরিস্থিতি দেখে বুদ্ধি করে ফোন করেছিলেন থানায়। থানা খবর দেয় ফায়ার সার্ভিসকে। নিরাপদে উদ্ধার হয় শিশুটি। গত রোববার রাজধানীর শ্যামলীর রিং রোডের শ্যামলীবাগে ঘটে এ ঘটনা।

প্রথম আলোর অনলাইন সংস্করণে মেয়েটিকে উদ্ধারের ভিডিও দেখে ভয়ে বুকটা কেঁপে ওঠে। সত্যিই কী সাংঘাতিক ঝুঁকিই না নিয়েছে মেয়েটি! একটু এদিক-ওদিক হলেই ঘটে যেতে পারত মারাত্মক দুর্ঘটনা।

প্রথম আলোর খবর অনুযায়ী, আসমার বাড়ি বরিশালের হিজলায়। দারিদ্র্যের কারণে তাকে তার মা ঢাকায় কাজ করতে পাঠান। কয় দিন ধরে আসমা বাড়িতে মায়ের কাছে যেতে চাইছিল। কিন্তু মা-ই নিষেধ করেন তাকে আসতে। তাই কাউকে না জানিয়ে পালিয়ে যেতে চেয়েছিল সে।

হায় রে দারিদ্র্য! কবে এই দারিদ্র্য দূর হবে আমাদের দেশ থেকে? দারিদ্র্যের কারণে আজ আসমার মতো আমাদের দেশের বহু শিশু শ্রমে নিয়োজিত। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলার কথা, স্কুল থেকে ফিরে মায়ের কাছে ফিরে যাওয়ার কথা, মায়ের হাতে মাখানো ভাত খাওয়ার কথা, সে বয়সে তারা কিনা কাজ করে অর্থ রোজগার করছে। আসলে গরিব লোকজন আর কীই-বা করতে পারে। পেটের জ্বালা বড় জ্বালা। সংসার থেকে একটি খাওয়ার মুখ কমলেই তা তাদের জন্য অনেক।

হাইকোর্ট বছর কয়েক আগে দেশে ১৪ বছরের কমবয়সীদের গৃহশ্রমে নিযুক্ত না করার জন্য একটি আদেশ জারি করেন। কিন্তু এই আদেশ কার্যকর হচ্ছে কই? কোথায় নেই শিশুরা? চায়ের দোকান থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ, গাড়ির গ্যারেজ, বিভিন্ন কারখানা, ইটের ভাটা, বাসাবাড়ি—সবখানেই শিশুশ্রমিকের ছড়াছড়ি। শিশু অধিকার নিয়ে কাজ করা লোকজন শিশুশ্রমের বিরুদ্ধে যতই গলা ফাটাক না কেন, এই বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই।

গৃহকর্মীদের মধ্যে ৮০ শতাংশই কিশোরী ও শিশু। এসব শিশুর বেশির ভাগেরই বয়স ১৪ বছরের নিচে। মা-বাবারা তো অভাবের তাড়নায় শিশুসন্তানদের কাজ করতে পাঠান। কিন্তু আমরা যারা শহরের বাসিন্দা, যাদের গৃহকর্মীর সহায়তা ছাড়া এক দিনও চলতে চায় না, তারাও অল্পবয়সী গৃহকর্মী রাখতে পছন্দ করি। কারণ, এরা যা বলা হয়, তা-ই শোনে। পানি এনে দেওয়া, দরজাটা খুলে দেওয়া, টেবিলটা মুছে ফেলা, ঘরটা চট করে ঝাড়ু দেওয়া, বাচ্চা কোলে রাখা, চট করে বাইরে থেকে জিনিস কিনে আনা—এসব কাজের জন্য অল্পবয়সী কাজের মেয়েদের কোনো জুড়ি নেই। সুবিধা আরও আছে। এদের বেতনও দিতে হয় কম। অনেকে পেটেভাতেও রাখেন। অনেকের আবার এই ভাতটাই ঠিকমতো জোটে না। বাসি ভাত, বাসি তরকারি, অন্যের এঁটো করা খাবার জোটে এদের কপালে। সেই সঙ্গে জোটে মারধরও। এরা সাতসকালে ঘুম থেকে ওঠে, সারা দিন কাজ করে, গভীর রাতে মেলে অবসর। ছুটি বলতে বছরে হয়তো সাত দিন কি দশ দিন। কাজের চাপে কখন যে তাদের শৈশব হারিয়ে যায়, তা কেউ টের পায় না। অবশ্য সবার ক্ষেত্রে এমন ঘটে, তা বলা ঠিক হবে না। অনেক শিশু কাজ করতে এসে ভালো থাকে।

আমরা চাই প্রতিটি শিশু তার শৈশব উপভোগ করুক। মায়ের কোলে হেসে-খেলে বেড়াক। প্রতিটি শিশু লেখাপড়া করুক। এ জন্য আসলে আদালতের আদেশই যথেষ্ট নয়। আদেশ কার্যকর হচ্ছে কি না, তাও দেখতে হবে।

তবে শিশুশ্রম স্থায়ীভাবে নিরসন করতে হলে প্রথমে যা করতে হবে, তা হলো দেশ থেকে দারিদ্র্য দূর করা। যদিও এখন বাংলাদেশের মাথাপিছু জিডিপি ১ হাজার ৫৩৮ ডলার। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫৫ শতাংশ। কিন্তু দেশের আয় ও সম্পদ বণ্টনে বৈষম্য রয়ে গেছে। এ কারণে দরিদ্র মানুষ দরিদ্রই রয়ে গেছে। দেশে দারিদ্র্যের হার এখন ২২ দশমিক ৭ শতাংশ এবং অতি দারিদ্র্যের হার ১২ দশমিক ৯ শতাংশ। যত দিন দারিদ্র্য দূর হবে না, তত দিন শিশুশ্রম বন্ধ হবে না।

শিশুশ্রম নিরসনে দেশের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমাদের উচিত নয় কোনো শিশুকে ঘরের কাজে নিয়োগ করা। নিজেদের আরাম-আয়েশের জন্য তাদের আমরা ব্যবহার না-ই করলাম। অনেকেই হয়তো ভ্রু কোঁচকাবেন। মনে মনে বলবেন, আমি কাজে না রাখলে কী হবে? আরেকজন তো ঠিকই রাখবেন। হয়তো তাঁদের কথাও ঠিক। তারপরও নিজেদের চেষ্টা করতে দোষ কী। একটি শিশুকেও যদি তার স্বাভাবিক শৈশব দিতে পারি। তাই-বা কম কী?

রোকেয়া রহমান: সাংবাদিক