
তীব্র শীত, গ্রীষ্মের ভয়াবহ দাবদাহ আর বর্ষার বৃষ্টি শরীরে মেখে আমাদের দেশের উপেক্ষিত কৃষিশ্রমিকেরা কৃষি উৎপাদনের কারিগরের ভূমিকায় অবতীর্ণ হন। গ্রীষ্মে বৈদ্যুতিক পাখা তাঁদের জোটে না, বর্ষায় ছাতার বালাই নেই, শীতে নেই গরম কাপড়। শীতকালে তাই শীতজনিত রোগব্যাধিতে আক্রান্ত হওয়া কিংবা শীতে মারা যাওয়া—এসবও ঘটে তাঁদেরই পরিবারে। অথচ দেশে অর্থনীতির প্রবৃদ্ধিতে তাঁরাই নায়ক বলে বিবেচিত। আমাদের অর্থনীতির যেটুকু মুক্তি ঘটেছে, তার অনেক বড় ভূমিকা এই কৃষিশ্রমিকদের। শুধু তা-ই নয়, উন্নয়নের অন্য সূচকটি হচ্ছে পোশাকশিল্প। পোশাক কারখানায় যে শ্রমিকেরা কাজ করেন, গ্রামে থাকা তাঁদের বাবা-মায়েরও শীতকষ্টের সীমা নেই।
উত্তর জনপদের বিত্তহীন মানুষের বারমাস্যা লেগেই থাকে। ফাল্গুন-চৈত্র ও আশ্বিন-কার্তিকজুড়ে উত্তর জনপদের, বিশেষত রংপুর অঞ্চলের কৃষিনির্ভর মানুষের কোনো কাজ থাকে না। এই চার মাস এই অঞ্চলের মানুষের কৃষিকাজ থাকে না বলে তাঁরা বেকার জীবন কাটান। অল্পসংখ্যক লোক কাজের সন্ধানে ছুটে চলেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বেকার থাকাকালে তাঁরা বিভিন্ন এনজিওর দ্বারস্থ হন। এনজিও এবং সুদের মহাজনদের কাছ থেকে উচ্চ হারে সুদের বিনিময়ে তাঁরা ঋণ গ্রহণ করেন।
গত আষাঢ়-শ্রাবণ মাসে বন্যাজনিত কারণে ফসল নষ্ট হওয়ায় কৃষকদের কাজ নেই প্রায় ছয় মাস। আশ্বিন-কার্তিকজুড়ে মঙ্গাপর্ব শেষ হতে না হতেই এসেছে শীত। অগ্রহায়ণ মাসে উত্তরাঞ্চলে সামান্য কৃষিকাজ থাকার কারণে অনটন কম থাকলেও পূর্ববর্তী মাসের ঋণ পরিশোধ করতেই উপার্জনের টাকা শেষ হয়ে যায়। নিজেদের কোনো উদ্বৃত্ত নেই বলে পৌষ-মাঘ মাসে যখন শীত নামে, তখন তাঁদের শীতের কাপড় কেনার কোনো সামর্থ্যই নেই। অধিকাংশ বছরে চার-পাঁচ মাসের উপার্জন দিয়ে একজন কৃষিশ্রমিকের ১২ মাস চলতে হয়। শীতবস্ত্র কেনার সামর্থ্যহীন এসব কৃষিশ্রমিকের শীতজীবন কেমন কাটে, সে খবর কি আমাদের সরকার রাখে?
অনেক কম মূল্যে শীতবস্ত্র কিনতে পাওয়া যায়, এ কথা সত্যি। কিন্তু যিনি সারা দিন শ্রম বিনিয়োগ করে যে আয় করেন, তা থেকে বড় অংশটাই রাখতে হয় সুদের বিনিময়ে নেওয়া টাকার কিস্তির জন্য, তিনি কীভাবে টাকা জমিয়ে শীতের কাপড় কিনবেন? এসব শ্রমজীবীর কাছে কিস্তির টাকা পরিশোধ করাটা প্রথমত দায়িত্ব হয়ে দাঁড়ায়। কারণ, কিস্তির টাকা যথাসময়ে পরিশোধ করতে না পারলে তাঁর বাড়ির উঠানে মিটিং বসে। প্রয়োজনে তাঁর আসবাব বিক্রি করে সেই টাকা পরিশোধ করতে হয়। শ্রমজীবী মানুষ হলেও তাঁর কাছে এ ঘটনা অনেক বড় অসম্মানের। এই অসম্মানিত হওয়ার চেয়ে কখনো কখনো তাঁরা এক বেলা না খেয়ে থাকেন। কিস্তির টাকা পরিশোধ করার চেষ্টাতেই তাঁদের উপার্জন চলে যায়। সে কারণে যত শীতই নামুক না কেন, শীতজনিত যত ব্যাধিই দেখা দিক না কেন, তাঁরা শীতবস্ত্র কিনতে পারেন না।
শীতবস্ত্রের জন্য একজন মানুষের কতখানি আহাজারি, তা দূর থেকে বোঝা যাবে না। গত বছরের ১২ ডিসেম্বর কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে গিয়েছিলাম কম্বল বিতরণ করার জন্য। সেখানে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের কয়েকজন তরুণের সংগঠন ‘স্পার্কল’-এর উদ্যোগে ১ হাজার ৮০০ কম্বল বিতরণ করা হয়। সেখানে গিয়ে দেখলাম, কয়েক হাজার শীতার্ত মানুষ এসেছেন কম্বল নিতে। যাঁরা এসেছিলেন, তাঁদের অনেককেই যেতে হয় কম্বল ছাড়া। ফেরার সময় আমাদের গাড়ি ঘিরে ধরে অসহায় নারী-পুরুষেরা বলছিলেন, ‘হামাক এখান কম্বল দিয়া যাও বাহে, খুব জার (ঠান্ডা)।’ যাঁরা কম্বল নিতে এসেছিলেন, চোখে-মুখের আকুতিই বলে দেয়ে তাঁদের শীতবস্ত্রের চাহিদার কথা। একটি এতিমখানায় দেওয়া হয় ৫০টি কম্বল। যে এতিমরা সেখানে কোরআন শরিফ মুখস্থ করছে, তারা ঘুমায় মেঝেতে। যাঁরা এসেছিলেন ঢাকা থেকে, তাঁদের একজন আমাকে বলছিলেন, ‘ভাই, এখানে কম্বলগুলো দিতে পেরে মনটা ভালো লাগছে।’ অন্য একজন বলছিলেন, ‘হাতিয়ায় যাঁরা কম্বল নিতে এসেছিলেন, তাঁদের সত্যি গরম কাপড়ের বড় অভাব।’ প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকেও দেশের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
একটানা কুয়াশা যখন চলতে থাকে, যখন হিমেল বাতাস বইতে থাকে, কখনো কখনো বৃষ্টির মতো কুয়াশা নামে, তখন শ্রমজীবী মানুষের ঘরের ভেতর-বাহির সমান শীতল হয়ে আসে। সে কারণেই গ্রামের অসহায় মানুষগুলো বারবার জিজ্ঞেস করেন, ‘পৌষ মাস কি শ্যাষই হয় না, মাঘ মাস ফুরাইবে কখন?’
তীব্র শীতে যখন লেপের বাইরে কেউ বের হতে চান না, তখন একজন কৃষিশ্রমিকের স্ত্রী আজান শুনে বিছানা ছাড়েন। যখন কুয়াশার চাদরে আবৃত থাকে জনপদ, তখন একজন কৃষিশ্রমিক নেংটি পরে জমিতে নামেন ইরি ধান রোপণ করতে। এভাবেই রচিত হয় দেশের উন্নয়ন। সোনালি ধানে গৃহস্থের উঠান ভরে, দেশের খাদ্যচাহিদা পূরণ হয়, সোনালি বাংলাদেশের স্বপ্ন অনেকটা এগিয়ে যায়, কিন্তু এর কারিগরের দুঃখ-কষ্টের কথা কেউ মনে রাখে না।
শীত নিবারণে সরকারি-বেসরকারি সব উদ্যোগই জরুরি। বছরে প্রায় চার মাস ধরে বৃহৎ জনগোষ্ঠী মানবেতর জীবন কাটায়। সে জন্য অনিবার্য এই শীত থেকে রক্ষা পেতে সরকারি উদ্যোগ থাকা জরুরি। প্রয়োজনে সরকার অসহায় শীতার্ত মানুষের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করতে পারে।
বেসরকারিভাবেও এ সমস্যা দূর করা সম্ভব। যদি ইউনিয়ন কিংবা গ্রামভিত্তিক শীতার্ত মানুষের তালিকা করে তুলনামূলক সচ্ছল পরিবারগুলো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায়, তাতে করেও এই সমস্যা অনেকটাই দূর করা সম্ভব। আমাদের দেশে বিত্তশালীদের অধিকাংশই গ্রাম থেকে উঠে আসা। তাঁরা তো তাঁদের প্রতিবেশীদের কষ্ট সম্পর্কে জ্ঞাত। একেকজন বিত্তশালী একেক গ্রাম কিংবা ইউনিয়নের দায়িত্ব নিয়েও শ্রমজীবী মানুষের শীতকষ্ট নিবারণে অনেক বড় ভূমিকা রাখতে পারেন। বর্তমানে ছোট ছোট অসংখ্য উদ্যোগে গরম কাপড় বিতরণ করা হচ্ছে, যা চাহিদার তুলনায় অনেক কম। কখনো কখনো এগুলোর মধ্যে সমন্বয় থাকে না বলে একই এলাকায় একাধিকবারও দেওয়া হচ্ছে। আবার তুলনামূলক দুর্গম এলাকায় অনেকেই যেতে চান না। সে জন্য যাঁরা সহযাগিতা করছেন, তাঁরা যেন সমন্বয়ের কথাটাও বিবেচনায় রাখেন।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
[email protected]