রংপুরের জনজীবনে বিত্তহীনদের ঘরে প্রায় ১২ মাসই কোনো না কোনো কষ্ট লেগেই থাকে। চৈত্র-বৈশাখ-জ্যৈষ্ঠ—এ তিন মাস রংপুরের খেটে খাওয়া মানুষ দাবদাহে পুড়তে থাকে। আষাঢ়-শ্রাবণ-ভাদ্র—এ তিন মাস বর্ষণে-ভাঙনে রংপুরের অধিকাংশ এলাকাই থাকে জলমগ্ন। আশ্বিন-কার্তিক-অগ্রহায়ণ—এ তিন মাস রংপুরের কৃষকদের কাজ না থাকায় কর্মহীন অভিশপ্ত সময়, যদিও অগ্রহায়ণের মাঝামাঝি নতুন ফসল কিছুটা আসতে শুরু করে। পৌষ-মাঘ—এ দুই মাস শীতে যেমন কুঁকড়ে যায় গাছের পাতা, তেমনি কুঁকড়ে যায় শ্রমজীবী বিত্তহীন মানুষের শরীর। ঠান্ডায় যখন ভদ্রলোকেরা লেপের নিচে থাকতে পছন্দ করেন, তখনো কৃষিশ্রমিকদের কাদামাটিতে হাত-পা ডুবিয়ে ধানের চারা রোপণ করতে হয়।
>প্রতিবছর শীত এলেই দেখা যায়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা দানশীল ব্যক্তি, প্রতিষ্ঠান কিছু কিছু করে শীতবস্ত্র বিতরণ করে থাকে। তা যদিও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিতরণের ক্ষেত্রে সমন্বয়হীনতারও অভাব দেখা যায়
রাজধানীতে বাস করে রংপুরের গ্রামীণ জীবনের শীতের তীব্রতা অনুভব করা যাবে না। খবরের কাগজ কিংবা টেলিভিশনের রিপোর্ট দেখে তো নয়ই। এখন রংপুরে যে শীত, তা ভয়াবহ রূপ নিচ্ছে মধ্যরাতে। রাত আটটা-নয়টার মধ্যে যাঁরা বাইরে থেকে ঘরে ফেরেন, তাঁদের পক্ষেও এ শীত বোঝা সম্ভব নয়। রাত যত বাড়তে থাকে, শীতও ততই বাড়তে থাকে। যাঁরা শীতের মৌসুমে উত্তরাঞ্চলে আসেননি, তাঁরা এখানকার শীতের তীব্রতা সম্পর্কে অনুমান করতে পারবেন না। এ অঞ্চলে একই সঙ্গে শীত এবং সামর্থ্যহীনতা—এ দুয়ে মিলে মানুষের জীবনে যে কষ্ট নেমে আসে, তা দুর্যোগেরই নামান্তর।
শীত যত বাড়তে থাকে, ততই আমার চোখের সামনে বন্যার ভাঙনে সর্বস্ব হারানো কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষের ছবি ভেসে ওঠে; নীলফামারীর ডোমারে যে মা না খেয়ে তাঁর মেয়ের বিয়ের যৌতুকের টাকা সঞ্চয় করছেন, সেই ছবি। কিংবা এনজিওর কিস্তির টাকার জন্য যে বৃদ্ধ মধ্যরাতেও রিকশা চালান, সেই ছবি। এ রকম লাখ লাখ মানুষের বাস উত্তর জনপদে। শীতবস্ত্র কেনার মতো অর্থ তাদের নেই। এই মানুষগুলোর কাছে শীত আসে দুর্ভোগের বার্তা নিয়ে। তাদের কাছে একচিলতে রোদও অমূল্য। যখন ক্রমে রোদ মুছে যায়, গরিবের সম্বল কাঁথাগুলোও উষ্ণতা হারায়। কদিন আগে কারমাইকেল কলেজের অধ্যাপক তোফায়েল হোসেনসহ রংপুরের সুপার মার্কেটে গিয়েছি। সেখানে মেডিসিন বিশেষজ্ঞ সুকুমার বিশ্বাস তাঁকে পরামর্শ দিয়ে বলছেন, ‘আপনার বাবাকে প্রতি শীতে ঢাকায় থাকতে বলবেন। শীতে রংপুর-কুড়িগ্রামে না থাকাই ভালো।’ অধ্যাপক তোফায়েলের বাবার হয়তো ঢাকায় থাকার মতো সামর্থ্য বা স্বজন আছেন। তিনি চিকিৎসকের পরামর্শমতো ঢাকায় থাকতে পারবেন। কিন্তু লাখ লাখ বিত্তহীন মানুষ, যাঁদের ঢাকায় যাওয়ারও সামর্থ্য নেই, তাঁরা কী করবেন? তাঁদের অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হন।
কয়েক দিন আগে ক্ষুদ্র জাতিসত্তা ওঁরাও সম্প্রদায়ের ছাত্রদের শিক্ষা সম্মেলন উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় রাতে গিয়েছিলাম। যে পোশাকে রংপুরে ঘুরে বেড়ালাম, সেই পোশাকে বলদিপুকুর এলাকায় দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। মনে হয়, হাড় পর্যন্ত কাঁপছে। এসব সত্ত্বেও সরকারিভাবে শীতার্ত মানুষকে রক্ষায় তেমন উদ্যোগ নেই। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠান ও মানুষই এগিয়ে আসে। তারা শীতার্ত মানুষকে যে কম্বল দেয়, প্রতিবছরের মতো এবারও প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের জোয়ান সাঁতরার চরের মতো দুর্গম অঞ্চলে সরকারি-বেসরকারি কোনো সহায়তাই পাওয়া যায় না। ধারেকাছে চিকিৎসকও নেই যে মানুষ নিউমোনিয়ায় ভুগলেও চিকিৎসা করাবে।
এখানকার বিত্তহীন মানুষের যে কষ্ট ও দুর্ভোগ, তা দেশের আর কোনো অঞ্চলের মানুষের সঙ্গে মিলবে না। প্রকৃতির সঙ্গে লড়াই করেই এখানকার খেটে খাওয়া মানুষকে টিকে থাকতে হয়। গণমাধ্যমকর্মী শ্যামল ভৌমিক ফেসবুকে লিখেছেন, ‘কুড়িগ্রামের মঙ্গার তিলক মুছে গেলেও শীতবস্ত্রের অভাব এখনো দূর হয়নি। আসুন, এদের পাশে দাঁড়াই।’ সত্যিই, রংপুর অঞ্চলে মঙ্গার ভয়াবহতা দূর হলেও গরম কাপড়ের অভাব দূর হয়নি। রংপুরের গঙ্গাচড়া উপজেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রউফুল বলছিলেন, অনেক বিধবা এবং বুড়ো মানুষ খুব কষ্টে থাকেন। সরকার যদি তাদের জন্য স্থায়ীভাবে কিছু করত, ভালো হতো।
বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ব্যক্তির অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। অনেকেই বৈধ-অবৈধ পথে টাকার কুমিরে পরিণত হয়েছে। সেই সম্পদের গড় নির্ণয় করে গাণিতিক ভাষায় হয়তো দেশের উন্নয়নচিত্র দেখানো যেতে পারে। কিন্তু ব্যক্তি ধরে ধরে হিসাব করলে রংপুর এখনো নিম্ন আয়ের সীমা অতিক্রম করতে পারেনি। বাংলাদেশের মধ্যে রংপুরকে বলা যায় স্বল্প আয়ের এলাকা।
আমাদের মধ্যে যাদের অতিরিক্ত গরম পোশাক আছে, তারা অতিরিক্ত পোশাকগুলো বিত্তহীন ব্যক্তিদের মধ্যে বিতরণ করতে পারি। দেশে অনেকেই হয়তো সেবা দিতে চান, দান করতে চান। তাঁদের সমন্বয় করার লোকের অভাবে তাঁরা উন্নয়ন কিংবা সহযোগিতা প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারেন না। তাঁদের উৎসাহিত করা প্রয়োজন।
প্রতিবছর শীত এলেই দেখা যায়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা দানশীল ব্যক্তি, প্রতিষ্ঠান কিছু কিছু করে শীতবস্ত্র বিতরণ করে থাকে। তা যদিও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে সমন্বয়হীনতার কারণে দেখা যায়, একই ব্যক্তিকে হয়তো দু-তিনবার শীতবস্ত্র দেওয়া হচ্ছে। অন্যদিকে যাঁরা দুর্গম এলাকায় থাকেন, তাঁদের কাছে একবারও পৌঁছায় না। সে জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান সমন্বয়ক করে একটি কমিটি করা যেতে পারে। যে কেউ ওই উপজেলায় সহযোগিতা করতে চাইলে তখন সমন্বয় করাটা সহজ হবে। শীতার্ত মানুষকে শীতের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হলে সরকারি-বেসরকারি উভয়ের যৌথ প্রচেষ্টা জরুরি।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
[email protected]