শুক্রবারে সরকারি হাসপাতাল থেকে সাবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লব মণ্ডল
বিপ্লব মণ্ডল

শনিবার সন্ধ্যায় যখন বিনোদ মণ্ডলকে ফোন করি, মুঠোফোনে আমার কলটি রিসিভ করেন তাঁর স্ত্রী নন্দা রানী। তাঁর কাছে জানতে পারি, বিনোদ তাঁর ছেলেদের সঙ্গে শ্মশানে গেছেন।

ছেলে তিনটা; শ্মশানে যেতে হয়েছে সবচেয়ে ছোটটার জন্য। তার নাম বিপ্লব, ২২ বছরের টগবগে তরুণ, আগের দিন দুপুরে সে মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায়। কিন্তু তার মারা যাওয়ার কথা ছিল না; চিকিৎসকেরা বরং উল্টো কথাই বলেছিলেন: তাকে শনিবারেই ছুটি দিয়ে দেওয়া হবে। মা পরিষ্কার শার্ট-প্যান্ট নিয়ে হাসপাতালে গিয়েছিলেন বাড়ি ফেরার সময় বিপ্লব পরবে বলে।

কিন্তু শনিবার সন্ধ্যায়, বাড়ি থেকে তিন মাইল দূরের এক শ্মশানে বিপ্লবকে পোড়াতে নিয়ে যাওয়া হয়েছে যখন, আমার মুঠোফোনে নন্দা রানীর কণ্ঠস্বর এমন অসহায়, ক্লান্ত ও বিহ্বল শোনায় যে আমার মনে হয়, তাঁকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার অর্থ হবে সদ্য সন্তানহারা এক মায়ের শোকার্ত স্নায়ুকে পীড়ন করা।

পরদিন সকাল সাড়ে নয়টায় সশরীরে গিয়ে উপস্থিত হই কেরানীগঞ্জের ‘মধ্যের চর’ গ্রামে, যেখানে বিপ্লবকে সবাই চেনে। আমি তার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে লোকজন তার বাবা ও ভাইদের নাম বলে, আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাদের বাড়ি; একজন সাদরে পথ দেখিয়ে নিয়ে চলে সেদিকে। পথেই দেখা হলো বিপ্লবের কাকা, বাবা, ভাই মিন্টু মণ্ডলের সঙ্গে। তাঁরা আমাকে সাদরে নিয়ে চললেন তাঁদের বাড়ির দিকে।

একটা টিনের ঘরের পাশে দুটি ইটের ঘর, একচিলতে আঙিনার বেলেমাটি বৃষ্টিতে ভেজা; আঙিনার কিনারায় কিছু গাছপালা। এটা বিপ্লবদের বাড়ি; এখন বিপ্লবশূন্য।

কিছুক্ষণের মধ্যেই আঙিনা ভরে উঠল। বিপ্লবের মা আমার সামনে কাঠের একটা টুলের ওপর বসে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন আমার মুখের দিকে। শুকনো মুখ, শূন্য দৃষ্টি। নির্বাক। কথা বলতে শুরু করল অন্যরা। কথা মানে অভিযোগ: হাসপাতালে বিপ্লবকে মেরে ফেলা হয়েছে।

কেরানীগঞ্জের মধ্যের চর গ্রামের ৫৬ বছর বয়সী কাঠমিস্ত্রি বিনোদ মণ্ডল ও ৪৯ বছর বয়সী গৃহবধূ নন্দা রানীর বাড়িতে রোববার সকালে ঘণ্টা খানেক থেকে, আঙিনাভর্তি লোকজনের এলোমেলো কথাবার্তা শুনে এবং নিজে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে আমি যা জানতে পেলাম, তা সংক্ষেপে এই:

তাঁদের তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোটটি, বিপ্লব মণ্ডল, আগের রোববার (১৮ সেপ্টেম্বর) তার সমবয়সী জ্যাঠাতো ভাই হৃদয় ও মামাতো ভাই শোভনের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল হৃদয়, তার পেছনে শোভন, সবার পেছনে ছিল বিপ্লব। একপর্যায়ে মোটরসাইকেল পিছলে পড়ে গেলে চালক হৃদয়ের হাত ভেঙে যায়, শোভন কোনো আঘাত পায় না, কিন্তু বিপ্লবের মাথায় আঘাত লাগলে সে সংজ্ঞা হারিয়ে ফেলে। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার মাথার সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসক বিপ্লবের বড় ভাই মিন্টু মণ্ডলকে বলেন, বিপ্লবের জখম গুরুতর নয়। তিন-চার দিনের মধ্যেই সে কথা বলবে।

মিন্টু আমাকে বলেন, তিন দিন পরে বিপ্লবের সংজ্ঞা সত্যিই ফিরে আসে। সে কথা বলা শুরু করে। স্বজনদের চিনতে পারে। তবে সে বেশি কথা বলত না। বৃহস্পতিবার নাগাদ তার অবস্থার আরও উন্নতি হয়, চিকিৎসকেরা তার স্বজনদের বলেন, শনিবার বিপ্লবকে ছুটি দেওয়া হবে। বাড়িতে থেকে নিয়মিত ওষুধ সেবন করলে সে সম্পূর্ণভাবে সেরে উঠবে।

বিপ্লবের মা ও বড় ভাই আমাকে বলেন, শুক্রবার সকালে বিপ্লবের অবস্থা আরও ভালো হয়। সে হাসপাতালের বারান্দায় হাঁটাহাঁটি করে। তারপর একসময় বাইরে যেতে চায়; তাকে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি খোলা জায়গায়, সেখানে সে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। কখন ছুটি পাবে, কখন বাড়ি যাবে—এ রকম কথা সে বলে।

কিন্তু সেদিন বেলা দেড়টার পর মিন্টু দেখতে পান, বিপ্লব ঘুমাচ্ছে, কিন্তু তার গলার ভেতরে অস্বাভাবিক রকমের শব্দ হচ্ছে। মিন্টুর মনে হয়, বিপ্লবের শ্বাসকষ্ট হচ্ছে। মিন্টু সে সময় কর্তব্যরত চিকিৎসকের কাছে ছুটে গিয়ে বিপ্লবের অবস্থার কথা জানান এবং তাঁকে বারবার অনুরোধ করেন বিপ্লবের কাছে গিয়ে তাকে দেখতে। কিন্তু মিন্টুর ভাষ্য, কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে দেখতে যান না, তার বদলে এক টুকরো কাগজে একটা ওষুধের নাম লিখে দিয়ে মিন্টুকে বলেন ওষুধটি তাড়াতাড়ি কিনে আনতে। মিন্টু হাসপাতালের বাইরের এক দোকান থেকে ওষুধটি, মিন্টুর বর্ণনায় ‘ইনজেকশন’, কিনে আনেন। নার্স সেই ‘ইনজেকশন’ রোগীর শরীরে প্রয়োগ করার জন্য নির্দেশ দেন সুমন নামের এক ‘ওয়ার্ডবয়’কে, যাঁকে মিন্টু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে দেখেছেন। মিন্টু প্রতিবাদ করলে নার্স তাঁকে বলেন, এই কাজ সুমন সব সময় করে, সে এটা ভালো পারে।

সুমন মিন্টুর কিনে আনা অ্যাম্পুলের ঠোঁট ভেঙে নেবুলাইজারে ওষুধ ঢেলে নেবুলাইজারের মাস্ক বিপ্লবের নাকমুখে ধরেন। কিছুক্ষণ পর মিন্টু দেখতে পান, বিপ্লবের বুক-পেট ওঠানামা করছে না; তার দেহ নিথর হয়ে গেছে। বিপ্লবের মুখ থেকে নেবুলাইজার সরানো হয়; মিন্টু ও তার সঙ্গী স্বজনেরা ভয়ার্ত চিৎকার শুরু করেন, এক চিকিৎসক এসে বিপ্লবের নাড়ি ইত্যাদি দেখেন, মিন্টুদের জিজ্ঞাসার উত্তর না দিয়ে ঝট করে সরে পড়েন, সেই নার্সও কোথায় হাওয়া হয়ে যান। মিন্টু ও তাঁর সঙ্গী অন্য স্বজনেরা পাকড়াও করেন ওয়ার্ডবয় সুমনকে।

তারপর বিপ্লবের মৃতদেহ নিয়ে হাসপাতালের লোকজন ও আনসার বাহিনীর সদস্যদের টানাহেঁচড়া, ধস্তাধস্তির বিবরণ দেন মিন্টু ও সে সময় তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন এমন আরও দুই-তিনজন। পরদিন শনিবারের সংবাদপত্রে খবর বেরোল: ‘চিকিৎসা দিলেন ওয়ার্ডবয়, মারা গেল রোগী’। ওয়ার্ডবয় সুমন গ্রেপ্তার, শাহবাগ থানার হেফাজতে।

রোববার তদন্ত কমিটি গঠন, তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১০ দিন সময় বেঁধে দেওয়া, ইত্যাদি।

মধ্যের চর গ্রামে বিপ্লবের স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালাম বেলা একটায়। বিপ্লবের চিকিৎসার দায়িত্বে ছিলেন যেসব চিকিৎসক ও নার্স, তাঁদের খুঁজে হয়রান হলাম। বেলা তিনটায় পেলাম নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক অসিত চন্দ্র সরকারকে। তাঁর কাছে জানতে চাইলাম, বিপ্লব মণ্ডল কেন ও কীভাবে মারা গেছে।

তিনি আমাকে বললেন, বিপ্লবের হেড ইনজুরি গুরুতর ছিল না। তার ব্রেইনের সামান্য অংশের ‘কনটুশন’ হয়েছিল, মানে একটুখানি থেঁতলে গিয়েছিল। হেড ইনজুরির রোগীদের মধ্যে সে ছিল ‘অস্ত্রোপচারের প্রয়োজন নেই’ শ্রেণির রোগী। তার অবস্থার দ্রুত উন্নতি হচ্ছিল, তাকে শনিবার ছুটি দিয়ে দেওয়ার কথা ছিল।

তাহলে শুক্রবার দুপুরে সে মারা গেল কেন?

ডা. অসিত চন্দ্র সরকার বললেন, হেড ইনজুরির কোনো ভালো রোগীর যদি হঠাৎ শ্বাসকষ্ট হয়, তার সম্ভাব্য কারণগুলো খুঁজতে হয়। বিপ্লবের পোস্টমর্টেম হয়েছে, রিপোর্ট এখনো আসেনি। জানি না, সেখানে তার মৃত্যুর কী কারণ পাওয়া যাবে। তবে আমাদের প্রাথমিক অনুমান (ইনফারেন্স): যেহেতু মস্তিষ্কে আঘাত পেলে রোগীর খাবার গেলার ক্ষমতা কমে যায়, মুখমণ্ডলের ভেতরের, গলনালি, খাদ্যনালি, শ্বাসনালি ইত্যাদির আশপাশের রিফ্লেকস দুর্বল হয়, তাই আমাদের সংশয়, বিপ্লবের শ্বাসনালিতে খাবার ঢুকে গিয়েছিল কি না। নেবুলাইজ করার কারণে রোগী মারা যায় না। কিন্তু সুমনের মতো ওয়ার্ডবয়রাই নেবুলাইজ করেন। তাতে রোগী মারা যায় না।

কিন্তু নেবুলাইজ করা কি ওয়ার্ডবয়ের কাজ?

আমার এই প্রশ্নের উত্তরে ডা. অসিত চন্দ্র বলেন, না। সেটা নার্সদের কাজ। কিন্তু বাস্তবে নার্সদের পক্ষে এটা করা সম্ভব
হয় না। রোগীর সংখ্যা অত্যধিক, নার্সের সংখ্যা খুবই কম। একজন নার্স একজন রোগীর মুখে ১০ থেকে ১২ মিনিট ধরে নেবুলাইজার ধরে রাখবেন, বাস্তবে এটা এই হাসপাতালে ঘটে না, ঘটা সম্ভব নয়।

প্রশ্ন করে জানতে পেলাম, বিপ্লবের শ্বাসকষ্ট শুরু হওয়ার পর ডা. অসিত চন্দ্র বিপ্লবকে দেখেননি, কারণ সেদিন ছিল শুক্রবার, তাঁর ডিউটি ছিল না।

আসলে সরকারি হাসপাতালগুলোতে শুক্রবার এক অতি বিপজ্জনক দিন। সাপ্তাহিক ছুটির দিন বলে সেদিন সরকারি হাসপাতালগুলোতে অভিজ্ঞ ও উঁচু পদের চিকিৎ​সকদের ডিউটি থাকে না। জরুরি ভিত্তিতে ‘অন–কল’ দায়িত্ব পালনের নিয়ম আছে বটে, কিন্তু সে নিয়ম পালিত হয় কমই। দরিদ্র, প্রভাব–প্রতিপত্তিহীন রোগীদের স্বজনেরা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের কক্ষে গিয়ে ধরনা দিয়েও যেখানে রোগীর বিছানার পাশে চিকিৎ​সককে হাজির করতে ব্যর্থ হন, সেখানে আরও বড় চিকিৎ​সককে ছুটির দিনে বাসা থেকে ডেকে আনা কি বাস্তবে সম্ভব?​

বিপ্লবের চরম দুর্ভাগ্য, হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল শুক্রবার দুপুরবেলা, যখন একজন মেডিকেল অফিসার ছাড়া ওই বিভাগের ওই ওয়ার্ডে আর কোনো চিকিৎসক ছিলেন না। তা ছাড়া ওই সময়টি ছিল ডিউটি ডাক্তারের (মেডিকেল অফিসার) শিফট পরিবর্তনের। বিপ্লবের শ্বাসকষ্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজন ছিল তার মাথার সিটি স্ক্যান করার। এ কথা আমাকে বললেন ডা. অসিত চন্দ্র। বিপ্লবের শ্বাসকষ্ট কেন হচ্ছিল, সেটা শনাক্ত করাই ছিল তাৎক্ষণিক কাজ। কারণ শনাক্ত করে সেই কারণ দূর করার চিকিৎসা দেওয়ার প্রয়োজন ছিল। ডা. অসিত আরও জানান, হাসপাতালের সিটি স্ক্যানার অকেজো হয়ে আছে দুই মাস ধরে।

বিপ্লবের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে কি না, আমরা জানি না। তদন্ত কমিটি ১০ দিন ধরে কী তদন্ত করবে তা–ও আমাদের জানা নেই। কিন্তু তার এই মৃত্যুর মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের, সম্ভবত দেশের সব সরকারি হাসপাতালেরই, চিকিৎসা ও সেবা-শুশ্রূষাব্যবস্থার কিছু গুরুতর সিস্টেমিক ঘাটতি মর্মান্তিকভাবে স্পষ্ট হয়ে উঠল।

রোগীর তুলনায় চিকিৎসক, নার্স, শয্যা, পরিচ্ছন্নতাকর্মী ইত্যাদির অস্বাভাবিক রকমের ঘাটতি, শুক্রবার বা ছুটির দিনগুলোতে চিকিৎ​সকদের দায়িত্ব বণ্টনে বিপজ্জনক অসংগতি, বিশেষজ্ঞ চিকিৎসকদের ‘অন-কল’ দায়িত্ব পালনের নিয়ম মেনে চলায় ঢিলেঢালা সংস্কৃতি, রোগনির্ণয়ের যন্ত্রপাতির ঘাটতি, সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব—সমস্যার এই তালিকা আরও অনেক লম্বা হতে পারে। সরকারি হাসপাতালগুলোর ব্যবস্থাপক ও চিকিৎ​সকেরাসহ সংশ্লিষ্ট সবাই এ সমস্যাগুলোর কথা জানেন। এবং সম্ভবত মনে করেন, এ রকম বাস্তবতায় যেটুকু ​চিকিৎ​সাসেবা দেওয়া সম্ভব, তা তাঁরা দিচ্ছেন।

কিন্তু বিপ্লব মণ্ডলের স্বজন ও মধ্যের চর গ্রামের লোকেরা ভাবছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তঁাদের ছেলেটিকে মেরে ফেলেছে।

মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।