শুধু জঙ্গি নয়, জলবায়ু পরিবর্তনও বড় সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা জঙ্গি সমস্যায় জেরবার, আমাদের সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে সন্ত্রাসবাদ মোকাবিলা। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে যে নিরাপত্তা হুমকি ধেয়ে আসছে, সে বিষয়ে আমরা কতটুকু সচেতন? 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত ২২ জুলাই ওয়াশিংটনে ৪৫টি দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে বলেন, ‘ইসলামিক স্টেট যত বড় হুমকি, ঠিক তত বড় হুমকি হলো জলবায়ু পরিবর্তন।’ ব্রিটিশ গ্রিন পার্টির স্লোগান হলো জলবায়ু পরিবর্তনের ক্ষতি গণবিধ্বংসী অস্ত্রের (ডব্লিউএমডি) চেয়ে ভয়াবহ হবে। এসব পর্যবেক্ষণ আমাদের স্মরণ করিয়ে দেয় ঢাকায় জাতিসংঘের সফররত তৎকালীন মহাসচিব কফি আনানের হুঁশিয়ারি। তিনি বলেছিলেন, ‘পরিবেশবিদদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে নিকৃষ্ট দুর্ভোগ পোহাবে বাংলাদেশ।’ সেই বাংলাদেশ কি তা থেকে নিজেকে বাঁচাতে যথাযথ প্রস্তুতি নিচ্ছে?
আসলে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাকবলিত একটি দেশ এবং সে কারণে আমাদের জাতীয় নিরাপত্তাগত ধারণা ঢেলে সাজানো দরকার, তা ভুলে থাকলে চলবে না। এ বিষয়ে জনগণের মধ্যে একটা বৃহত্তর বোঝাপড়ার জন্য অবিলম্বে ব্যাপকভিত্তিক আলাপ-আলোচনা ও উপযুক্ত কর্মপরিকল্পনা হাতে নেওয়া দরকার।
‘স্ট্র্যাটেজিক ইয়ার বুক ২০১৬’ নামের একটি নতুন বই এ বিষয়ে লিখতে উৎসাহিত করেছে। বইটি সম্পাদনা করেছেন অবসরপ্রাপ্ত ভারতীয় লে. জেনারেল পি কে সিং। মি. সিং বর্তমানে ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশনের পরিচালক ও নতুন দিল্লিভিত্তিক ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের পরিচালনা পর্ষদের সদস্য। এই বইয়ে জাতীয় নিরাপত্তার ধারণার সঙ্গে জলবায়ু পরিবর্তনের যে বিশেষ যোগসূত্র রয়েছে, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। অবশ্য নিরাপত্তার ধারণা বদলে জলবায়ু পরিবর্তন যে বিরাট পরিবর্তন বয়ে এনেছে, এবং তা বিশ্বের দেশে দেশে যে মাত্রায় অনুভূত হচ্ছে, সেটা বাংলাদেশেও হচ্ছে, তা বলা যায় না। কোনো রাষ্ট্রের প্রতিরক্ষা খাতের বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা হয়ে পড়েছে সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
জেনারেল পি কে সিং সম্পাদিত বইটিতে জাতিসংঘের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসির রিপোর্ট বিষয়ে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি নিবন্ধের বরাতে উল্লেখ আছে, ‘এশিয়াকে জলবায়ু পরিবর্তনের ধকল সইতে হচ্ছে এবং এশিয়া ভবিষ্যতে পানিসম্পদে ও খাদ্যশস্যে উৎপাদনে বড় রকমের চাপ মোকাবিলা করবে। এবং এর ফলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও চীনের মধ্যে সশস্ত্র সংঘাতের ঝুঁকি বাড়বে। জাতিসংঘের একটি প্যানেল সর্বশেষ এমনটাই হুঁশিয়ার করে দিয়েছে।’ রাজনীতিকেরা অনেক সময় এ ধরনের সতর্কতাকে তাত্ত্বিক বিষয় মনে করে উদাসীন থাকেন। কিন্তু মনে হচ্ছে, এ ধরনের বিরতিকালের যবনিকা টানা উচিত।
এখানে উল্লেখ্য, ভারতীয় বিশেষজ্ঞ অ্যারোমার রেবি ওই জাতিসংঘ প্যানেলের অন্যতম প্রদায়ক ছিলেন। মি. রেবি ৩০ বছরের বেশি সময় ধরে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং জাতিসংঘের বিভিন্ন পর্যায়ে মূলত পরিবেশ ও জলবায়ু বিষয়ে জ্যেষ্ঠ কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন। তাঁর মন্তব্য: ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে “ইন্দো-গ্যাঙ্গেটিক সমতলে”, যা সমগ্র অঞ্চলের দরিদ্র লোকজনের ক্ষতির কারণ হবে।’ তাহলে দেখা যাচ্ছে, এ থেকে উতরাতে আঞ্চলিক সহযোগিতা লাগবেই। কিন্তু তেমন প্রস্তুতি কই?
স্ট্র্যাটেজিক ইয়ার বুক বলেছে, ‘এখন যেসব এলাকায় উপর্যুপরি বন্যা ও প্লাবন হচ্ছে, সেসব এলাকায় নিকট বা অদূর ভবিষ্যতে খরার মতো অবস্থা সৃষ্টি হতে পারে। দীর্ঘ মেয়াদে ইন্দাজ নদী অববাহিকা বা ব্রহ্মপুত্র নদ ব্যবস্থায় যেসব পরিবর্তন ঘটে চলেছে, তা আমরা অস্বীকার করতে পারি না।’
ওয়াশিংটনভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউশন জলবায়ু পরিবর্তন বিষয়ে ‘অ্যান “ইন্ডিয়া এক্সেপশন” অ্যান্ড ইন্ডিয়া-ইউএস পার্টনারশিপ অন ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক দীর্ঘ প্রতিবেদনে বলেছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘এটা নিশ্চিত যে ভারত তার প্রতিরক্ষা খরচের কোনটা কতটা গুরুত্ব দেবে, সে চিন্তায় অদলবদল ঘটাতে পারে। তার প্রস্তাবিত নৌপ্রতিরক্ষাব্যবস্থা সম্প্রসারণ বা অন্যান্য প্রতিরক্ষা ব্যয়ে বড় ধরনের কাটছাঁট ঘটাতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্ব সেটা না-ও দেখতে চাইতে পারে। যতক্ষণ পর্যন্ত চীন তার প্রতিরক্ষা বাজেট বাড়াবে, ততক্ষণ যুক্তরাষ্ট্র চাইবে ভারতও প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করে চলুক। যতক্ষণ চীন তার নৌবাহিনীতে বিনিয়োগ করবে, ততক্ষণ যুক্তরাষ্ট্র চাইবে ভারত সেটাই করুক। একটি শক্তিশালী ও বর্ধিষ্ণু ভারত অবিসংবাদিতভাবে মার্কিন স্বার্থের সহায়ক, যে ভারত অভ্যন্তরীণভাবে স্থিতিশীল এবং একটি স্থিতিশীল এশিয়া ও ভারত মহাসাগরে অবদান রাখছে।’ জলবায়ু আলোচনা করতে গিয়ে ব্রুকিংস যেভাবে ভূরাজনীতিটার চিত্র আঁকল, তা আমরা মনে রাখব। এবং সে মতে আমাদের সীমাবদ্ধতা ও সম্ভাবনাকে কাজে লাগাব।
এর মধ্যে যা আশু বিবেচ্য বলে প্রতীয়মান হয় তা হলো: ‘জাতীয় নিরাপত্তানীতি প্রণয়নে জলবায়ু পরিবর্তন অন্যতম মুখ্য নীতিনির্ধারণী বিষয় হতে হবে। কারণ, জলবায়ু পরিবর্তনের কারণে কোনো সামরিক অপারেশনেও খরচ বেড়ে যাবে।’ আমাদের প্রতিরক্ষা বাজেট ও প্রতিরক্ষা খাতে খরচ বাড়ছে। কিন্তু সেটা কতটা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বেড়েছে, তা আমরা বুঝতে পারি না। অবশ্য আমরা বিশ্বাস করতে চাই যে এ বিষয়ে যথাযথ চিন্তাভাবনা নিশ্চয় সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা চলমান রেখেছেন।
২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়াশিংটনের ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের ‘কম্বাট বনাম ক্লাইমেট দ্য মিলিটারি অ্যান্ড ক্লাইমেট সিকিউরিটি বাজেটস কম্পেয়ারড’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ আছে, ‘সামরিক বাহিনী এখন স্বীকার করে যে জলবায়ু পরিবর্তন বড় নিরাপত্তা হুমকি। কিন্তু তারা যেটা স্বীকার করে না, তা হলো ওই হুমকি মোকাবিলার লক্ষ্যে সামরিক বাহিনীর ঐতিহ্যগত যেসব ইনস্ট্রুমেন্টস বা উপকরণ রয়েছে, সেখানকার কোনো উদ্বৃত্ত সম্পদের এখন ত্বরিত স্থানান্তর দরকার পড়বে।’ মার্কিন পলিসি স্টাডিজের চার্টারের অন্যতম কাজ হলো এই স্থানান্তর টাকার অঙ্কে কীভাবে বদলাচ্ছে, তার প্রবণতার নজরদারি করা। তারা সামরিক ব্যয় ও জলবায়ু নিরাপত্তা ব্যয়ের অনুপাতের তুলনা করছে।
নিশ্চয় এ রকম তুলনা আমরা কোন ছার, বিশ্বের অনেক উন্নত দেশই হয়তো পারবে না, বা করবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের যেটা দরকার, সেটা হলো জাতীয় জীবনে জলবায়ু নিরাপত্তাগত সংবেদনশীলতা তৈরি করা। যুগটা এমন যে আদার ব্যাপারীর জাহাজের খবর রাখার দরকার আছে! আমরা একসময় সামরিক খাতের বরাদ্দের সঙ্গে শিক্ষা খাতের তুলনা করেছিলাম। এখন সে ধরনের একটা তুলনা জলবায়ু নিরাপত্তা ব্যয়ের সঙ্গে সামরিক খাতের করা দরকার মনে হয়। এর লক্ষ্য হবে জাতীয় সম্পদের ব্যবহারের যৌক্তিকীকরণ, বিশেষ করে অগ্রাধিকার নির্ধারণ করা।
ওই মার্কিন পলিসি স্টাডিজ বলেছে, ২০০৮ সালে সামরিক ও জলবায়ু ব্যয়ের অনুপাত ছিল ৮৮: ১, ২০০৯ সালে ৩৭: ১ এবং ২০১৩ সালে তা হয়েছে ২৪: ১। এর মানে হলো ২০০৮ সালে যুক্তরাষ্ট্র গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ক্ষতি রোধে প্রতি একটি ডলার খরচের বিপরীতে সামরিক বাহিনীর পেছনে খরচ করেছে ৮৮ ডলার। পাঁচ বছরের ব্যবধানে একটু উন্নতি ঘটেছে। প্রতি একটি ডলারের বিপরীতে প্রতিরক্ষা ব্যয় ২৪ ডলারে নেমে এসেছে। ঠিক এভাবে না হোক, এ ধরনের একটি তুলনামূলক চিত্র সম্ভবত আমাদের মাথায় আনা দরকার।
জলবায়ু পরিবর্তনকে বলা হচ্ছে ‘থ্রেট মাল্টিপ্লায়ার’ বা হুমকি গুণক, যা তুলনামূলক নাজুক রাষ্ট্র বাংলাদেশের জন্যও খুব প্রযোজ্য। তাই একে মোকাবিলা করার সামর্থ্য অর্জন করতে হলে দীর্ঘমেয়াদি সুচিন্তিত পরিকল্পনা লাগবে। প্রকৃতির রুদ্ররোষ যা হওয়ার হবে। কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তাব্যবস্থা হতে হবে এমন যে আমরা জলবায়ু পরিবর্তনজনিত যেকোনো সম্ভাব্য বড় ক্ষতি থেকে নিজেদের যথাসাধ্য বাঁচাতে পারি।