শুধু টাস্কফোর্স নয়, দরকার অর্থনৈতিক সংস্কার
বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুর টাকা পাচার হয়ে যাচ্ছে। বিশেষ করে, নির্বাচনের আগে-পরে এই প্রবণতা বেড়ে যায়। সম্প্রতি এ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এক পরামর্শক সভার আয়োজন করে, যেখানে বক্তারা এই টাকা পাচার রোধে টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দেন।
কথা হচ্ছে, শুধু এই টাস্কফোর্স গঠনই কি টাকা পাচার রোধে যথেষ্ট? টাকা যাঁরা পাচার করেন, তাঁরা সবাই ক্ষমতাধর লোক। অন্য কথায়, ক্ষমতাধর না হলে তো টাকা পাচার করা যায় না। প্রথমত, টাস্কফোর্স যদি গঠিত হয়, তাহলে তারা কি এই রাঘব-বোয়ালদের টিকি স্পর্শ করার সাহস দেখাতে পারবে? দ্বিতীয়ত, একটি দেশে যদি বিনিয়োগের সুযোগ না থাকে, তাহলে টাকা পাচার রোধ করা কি সম্ভব?
গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির প্রতিবেদন অনুসারে, টাকা পাচারের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষ ১০০টি দেশের মধ্যে ৪০তম। টাকা পাচারের সবচেয়ে বড় কারণ হচ্ছে কর ফাঁকি দেওয়া। অর্থাৎ দেশে করের হার বেশি থাকলে বা কর দিতে না চাইলে এমন জায়গায় লোকে টাকা পাঠান, যেখানে করের হার খুব কম, যাকে বলে কর স্বর্গ। আর সেই কর স্বর্গে টাকার নিরাপত্তাও থাকে, কে কোথায় কত টাকা বিনিয়োগ করেছেন, সে তথ্য গোপন রাখা হয়। টাকা পাচারের আরেকটি কারণ হচ্ছে দেশে বিনিয়োগের সুযোগের অভাব ও সর্বোপরি নিরাপত্তাহীনতা। সারা পৃথিবীতেই এখন একধরনের মন্দাভাব বিরাজ করছে। চীনের মতো দেশেরও প্রবৃদ্ধির চাকা শ্লথ হয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে এটা আরও বেশি সত্য। বিশেষ করে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে থেকে দেশে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়, তাতে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির তথ্যমতে শুধু ২০১৩ সালেই দেশ থেকে ৯৬৬ কোটি ৬০ লাখ ডলার পাচার হয়েছে, টাকার অঙ্কে যা ৭৬ হাজার ৩৬১ কোটি ৪০ লাখ টাকা। পাচার হওয়া এই অর্থ আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৭৯ শতাংশ বেশি।
এই পাচার হয়ে যাওয়া টাকা দিয়ে এক শ্রেণির লোক মালয়েশিয়া ও কানাডায় সেকেন্ড হোম বানান, আরেক শ্রেণির লোক ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপসহ বিভিন্ন কর স্বর্গে সাইনবোর্ডসর্বস্ব কোম্পানিতে বিনিয়োগ করেন, যার তথ্য তাঁরা প্রকাশ করেন না। কথা হচ্ছে, পুঁজিপতিরা তাঁদের টাকা বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করতে চান, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে এই পাচার মোটেও গ্রহণযোগ্য নয়। আবার দেশে বিনিয়োগ ও ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি করাও সরকারের দায়িত্ব। সরকারকে যেমন এটা করতে হবে, তেমনি ব্যবসায়ীদেরও দেশে বিনিয়োগের মনোভাব থাকতে হবে।
সর্বোপরি যেটা করতে হবে সেটা হলো, আমাদের এই মুক্ত বাজারের নীতি থেকে বেরিয়ে আসতে হবে, যেখানে বাজার রাষ্ট্রের চেয়েও বড় হয়ে উঠেছে। হয়ে উঠেছে সর্বময় ক্ষমতার অধিকারী। এই সুযোগ নিয়ে এক শ্রেণির মানুষ বিপুল পয়সার মালিক হচ্ছেন। কিন্তু সেই টাকাটা দেশে বিনিয়োগ করতে না পেরে ও কর ফাঁকি দিতে তাঁরা বিদেশে পাচার করছেন। এটা রোধ করতে হলে তাঁদের ওপর আণুক্রমিক হারে করারোপ করে সেই টাকা শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে হবে। সরকার যদি কিছুটা হলেও তা করতে পারে, তাহলে সমাজে একধরনের ভারসাম্য আসবে। বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। তখন অর্থনীতির যে প্রবৃদ্ধি হবে, তা টেকসই হবে। এটা করা গেলে বর্তমানের এই বিপুল বৈষম্যের জায়গা থেকে আমরা বেরোতে পারব।
আবার এক শ্রেণির দুর্নীতিগ্রস্ত সরকারি আমলাও অবৈধভাবে অর্জিত টাকা গোপন করতে বিদেশে সেকেন্ড হোমসহ নানা কিছু বানাচ্ছেন। সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয় ও কঠোরভাবে আইন প্রয়োগের মাধ্যমে এদের টাকা পাচার বন্ধ করা সম্ভব। কিন্তু পাচারের এই অবৈধ পথ অনেক প্রশস্ত। তাঁরা যেসব কর স্বর্গে টাকা পাঠান, সেখানকার কর্তৃপক্ষেরও বৈশ্বিক বাধ্যবাধকতা নেই যে তাদের কাছ থেকে সেই হিসাব নেওয়া যাবে। ফলে এই পাচার রোধে বৈশ্বিক পরিসরে সমঝোতা ও ঐকমত্য প্রয়োজন। দরকার সমন্বিত উদ্যোগ। সেটা না হলে নানা ফাঁকফোকর দিয়ে এই টাকা পাচার চলতেই থাকবে।