শুধু ধর্মের মধ্যে সমস্যা খোঁজা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>একজন মানুষের জঙ্গি হয়ে ওঠার কারণ ও প্রক্রিয়া নিয়ে বিশ্বব্যাপী নানা গবেষণা হয়েছে ও হচ্ছে। এর রাজনৈতিক ও সামাজিক দিক যেমন রয়েছে, তেমনি ব্যক্তির মনোজাগতিক অবস্থাও বিবেচ্য। তরুণদের জঙ্গিবাদে আকৃষ্ট হওয়ার এই বৈশ্বিক সমস্যা বাংলাদেশেও গুরুতর আকার ধারণ করেছে। বিশ্ব প্রেক্ষাপট ও বাংলাদেশের তরুণদের জঙ্গিবাদে আকৃষ্ট হওয়া বা র‌্যাডিকালাইজেশনের প্রক্রিয়া নিয়ে চার পর্বের বিশ্লেষণী প্রবন্ধ লিখেছেন অধ্যাপক আলী রীয়াজ। আজ ছাপা হলো তৃতীয় পর্ব।
.
.

র‌্যাডিকালাইজেশন একটি রাজনৈতিক বিষয়। এটি কেবল ধর্মভিত্তিক রাজনীতিতেই আছে, এমন মনে করার কারণ নেই। গত এক শ বছরের ইতিহাসের দিকে তাকালে বিভিন্ন আদর্শভিত্তিক র‌্যাডিকালাইজেশনের ধারা ও প্রবণতা সহজেই চোখে পড়ে। যদিও এখন আমরা দেখতে পাচ্ছি যে ইসলামপন্থী রাজনীতির একটি ধারাই র‌্যাডিকালাইজেশনের প্রধান পথ হয়ে উঠেছে এবং উগ্র ইসলামপন্থীরা একে ধর্মীয় বাতাবরণে ঢেকে প্রচার করছে, তথাপি একে ইসলাম ধর্মের প্রকাশ মনে করলে বা এর উৎস ইসলাম ধর্মের মধ্যে অনুসন্ধানের চেষ্টা করলে তা উগ্রপন্থীদের যুক্তিকেই বৈধতা প্রদান করবে।
প্রকৃতপক্ষে সাধারণভাবে ইসলামপন্থী রাজনীতি ইসলাম ধর্মের একটি ব্যাখ্যা হাজির করে এবং তাকে রাজনৈতিক আদর্শে পরিণত করে। ‘ইসলামপন্থী’ বলার ক্ষেত্রে এটাও আমাদের মনে রাখা দরকার যে ইসলামপন্থী রাজনীতি কোনো একক ধারা নয়, এই রাজনীতির মধ্যে বিভিন্ন ধারা থাকে। এটা পৃথিবীর অন্যত্র যেমন সত্য, তেমনি সত্য বাংলাদেশের ক্ষেত্রেও। খুব সহজ করে দেখলে দেখা যাবে যে ইসলামপন্থী রাজনীতির বিভিন্ন ধারার মধ্যে এই বিষয়েও মতৈক্য নেই যে ‘ইসলামি রাষ্ট্র’ বলতে কী বোঝানো হচ্ছে (বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির বিভিন্ন ধারাবিষয়ক আলোচনার জন্য দেখুন আমার গ্রন্থ হাউ ডিড উই এরাইভ হেয়ার?’ প্রথমা, ২০১৫, পৃষ্ঠা ৫১-৬৪)। ধর্মের আচার-অনুষ্ঠানের বিবেচনায় যেমন তেমনি বিশ্বাসের কতিপয় দিক থেকেও ইসলাম ধর্মের ভেতরে রয়েছে বৈচিত্র্য। এই বৈচিত্র্য কেবল শিয়া-সুন্নির পার্থক্যেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন ধরনের মাজহাব এবং মাসলাকের উপস্থিতি, হাদিসের বিভিন্ন ব্যাখ্যা, ইসলামি আইনের বিভিন্ন ব্যাখ্যা এই পার্থক্যের ও বৈচিত্র্যের সাক্ষ্য দেয়।

ইসলামের ইতিহাসে ধর্মতত্ত্ব এবং এ ধরনের ব্যাখ্যা নিয়ে আলাপ-আলোচনা ও বিতর্কের উদাহরণ রয়েছে। কিন্তু উগ্র ইসলামপন্থীরা ধর্মীয় টেক্সটগুলোর সেই অংশকেই তাদের প্রচারণায় তুলে ধরে, যেগুলোকে তারা তাদের রাজনৈতিক আদর্শের এবং লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে করে। যে কারণে ইসলামপন্থীদের কাছে তাদের রাজনীতিক দীক্ষাগুরু যেমন ইবনে তাইমিয়া, আবদুল ওয়াহাব, আবুল আলা মওদুদী, সাইয়েদ কুতুব, হাসান আল বান্না, আবদুল্লাহ ইউসুফ আজ্জম বা রুহুল্লাহ খোমেনির ব্যাখ্যাকেই গ্রহণযোগ্য মনে হয় এবং এই বিষয়ে বিতর্ককে তারা শক্তি প্রয়োগের মাধ্যমে থামিয়ে দিতে চায়।
এ কথা বলার অর্থ এই নয় যে ধর্মীয় গ্রন্থগুলো থেকে সহিংসতার বা উগ্রপন্থার ধারণা গ্রহণ অসম্ভব। এটি কেবল যে ইসলামের ক্ষেত্রেই প্রযোজ্য, তা-ও নয়। অন্যান্য ধর্ম যেমন খ্রিষ্টধর্ম বা ইহুদি ধর্মের ক্ষেত্রেও ধর্মগ্রন্থ বা তার ব্যাখ্যা থেকে একধরনের সহিংসতার ধারণা আহরণ করা যেতে পারে। কিন্তু তার পাশাপাশি সব ধর্মের মধ্যেই আবার সহনশীলতা ও সহানুভূতি বা সমবেদনার কথাও বলা হয়েছে। ফলে ধর্মের একক কোনো ব্যাখ্যাকেই চূড়ান্ত বলে বিবেচনা করা ভুল হবে।
এ ধরনের আলোচনা অবশ্য ধর্মের সঙ্গে উগ্রপন্থার সম্পর্কের বিষয়টি একেবারে নিষ্পত্তি করে না। কেননা ব্রিটেনে ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পরিচালিত জরিপে দেখা যায় যে যাঁরা মুসলিম পরিচয়কে প্রাধান্য দেন, তাঁদের মধ্যে সহিংসতা, আত্মঘাতী হামলা এবং ৯/১১-এর হামলার প্রতি সহানুভূতি বা সমর্থনের ঝোঁক আছে। এই প্রবণতা বাংলাদেশের জনসাধারণের একাংশের মধ্যেও আছে। ২০১১-১২ সালে পিউ রিসার্চ সেন্টারের করা জরিপে দেখা গেছে, বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ আত্মঘাতী বোমা হামলার সমর্থক। কিন্তু এসব সত্ত্বেও এমন কোনো গবেষণার ফল আমাদের হাতে নেই, যা থেকে বলা যেতে পারে যে ইসলাম ধর্মের প্রতি বিশ্বাসগত আনুগত্যের কারণেই র‌্যাডিকালিজম তৈরি হয়। উপরন্তু আমরা ২০০৫ সালে প্রকাশিত মার্ক গৌল্ডের রচনার এই উপসংহারের সঙ্গে একমত হতে পারি যে ইসলামের প্রতি ধর্মীয় কমিটমেন্ট সহিংস র‌্যাডিকালাইজেশনের নির্ধারক উপাদান নয়, তার জন্য দরকার অন্যান্য বিষয়।
সেই অন্য উপাদানগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: পারিপার্শ্বিক অবস্থাজনিত উপাদান, কৌশলগত উপাদান ও আদর্শিক উপাদান। এই বিভাজনের কাঠামো বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী মার্থা ক্রেনশর ১৯৮১ সালে কম্পারেটিভ পলিটিকস জার্নালে সন্ত্রাসবাদ-সংক্রান্ত রচনা এবং এ বিষয়ে গবেষক ম্যাথুইউ ফ্রান্সিসের ২০১২ সালের আলোচনার আলোকে তৈরি। ক্রেনশ এবং ফ্রান্সিসের আলোচনা থেকে আমরা দেখতে পাই যে এই উপাদানগুলোর মধ্যে আবার উপবিভাগ রয়েছে। যেমন পারিপার্শ্বিক অবস্থাজনিত উপাদানের কিছু হচ্ছে পূর্বশর্ত আর কিছু এ ধরনের প্রবণতাকে ত্বরান্বিত করে। কৌশলগত উপাদানকে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি হিসেবে ভাগ করা যায়।
তৃতীয় উপাদান হচ্ছে আদর্শিক, যেগুলো হচ্ছে অপরিবর্তনীয়। আমরা যেহেতু ইসলামপন্থী র‌্যাডিকালাইজেশনের প্রতি মনোনিবেশ করেছি, সেহেতু আমি উদাহরণ হিসেবে তার কয়েকটি উল্লেখ করেছি, কিন্তু যেকোনো ধরনের র‌্যাডিকালাইজেশনের ক্ষেত্রেই যেসব উপাদান কাজ করে, সেগুলো তুলে ধরাই হচ্ছে আমার লক্ষ্য।
এই উপাদানগুলোর মধ্যে অনুকূল পরিবেশ হচ্ছে যেকোনো সমাজে র‌্যাডিকালাইজেশনের অত্যাবশ্যকীয় পূর্বশর্ত। আমরা যদি অনুপ্রেরণামূলক অবস্থাকে অনুঘটক বলে বিবেচনা করি তবে র‌্যাডিকালাইজেশনের ট্রিগার বা সূচনাকারী বলে চিহ্নিত করতে হবে ত্বরান্বিতকরণের উপাদানগুলোকে। কিন্তু এগুলো তখনই ট্রিগারের কাজ করতে পারে, যখন পূর্বশর্তসমূহ পূরণ হয়েছে। ফলে র‌্যাডিকালাইজেশনের পথ বন্ধ করার প্রথম পদক্ষেপ হচ্ছে পারিপার্শ্বিক অবস্থাজনিত উপাদানগুলোকে মোকাবিলা করা। সেটা না করা গেলে ব্যক্তির সহিংস র‌্যাডিকালাইজেশনের পথ উন্মুক্ত হয়ে পড়ে। অন্যভাবে বললে তখন শুরু হয় ব্যক্তির র‌্যাডিকালাইজেশনের প্রক্রিয়া।


আগামীকাল শেষ পর্ব: জঙ্গি হয়ে ওঠার পর্যায় ও পটভূমি

আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।