
রাঙামাটির কাপ্তাই লেক দিয়ে শুভলং যাওয়ার পথে সবুজ পাহাড়ের মাঝে হঠাৎ একটি বিচ্ছিন্ন বাড়িতে আমাদের চোখ আটকে যায়। সবজির ছোট খেত এবং কয়েকটি কলাগাছের পাশে বাঁশের মাচার ওপর খড়ের ছোট একটি বিচ্ছিন্ন ঘর, সেখানে চন্দনা চাকমা পরিবার নিয়ে বাস করেন। লোকালয় থেকে দূরে বিচ্ছিন্ন এই ঘরটিতে ছোট শিশুসহ একটি পরিবারের বসবাস করা রোমাঞ্চকর মনে হলেও নিশ্চিতভাবে চ্যালেঞ্জিং। দিনের আলো যখন পাহাড়ের ওপারে মিলিয়ে যায়, লেকের মধ্য দিয়ে মাঝেমধ্যে ছুটে যাওয়া নৌকাগুলোকেও আর দেখা যায় না; তখন প্রকৃতির সঙ্গে মিলে যায় চন্দনা চাকমার জীবনের ছন্দ। তবে সন্ধ্যার আঁধার সরিয়ে অনুজ্জ্বল সৌরবিদ্যুতের একটি বাতি এই ঘরটিতে আলো দেয়।
কেবল চন্দনা চাকমার ঘরে নয়, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি গ্রাম, বাজার এবং জনবসতির প্রায় দেড় লাখ ঘরে এখন কেরোসিনের কুপির বদলে সৌরবিদ্যুতের আলো জ্বলে। ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে ছড়িয়ে থাকা ছোট ছোট পাহাড়ি ঘর, গ্রামগুলোতে গ্রিড বিদ্যুৎ পৌঁছানো সহজ কাজ নয়। রাঙামাটির জেলা প্রশাসক সামসুল আরেফিন লেকপাড়ে ডিসি বাংলোর বৈঠকখানায় আমাদের জানালেন, দ্রুত সম্প্রসারমাণ সৌরবিদ্যুতের আলো কীভাবে পাহাড়ি জনপদে বদলে দিচ্ছে জীবন ও জীবিকার ধরন।
২০০৩ সালে সরকার দেশের গ্রিড বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন জনপদে ৫০ হাজার সৌরবিদ্যুৎ সংযোগ স্থাপনের কর্মসূচি হাতে নিয়েছিল। এটি বড় চ্যালেঞ্জ মনে হওয়ায়, লক্ষ্য বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছিল পাঁচ বছর। তিন বছরের মধ্যেই এই টার্গেট অর্জিত হয়। এখন দেশে প্রতি মাসে প্রায় ৬৫ হাজার সৌরবিদ্যুৎ সংযোগ স্থাপিত হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৩৫ লাখ সোলার হোম সিস্টেম দেশে স্থাপিত হয়েছে। ২০১৭ সালের মধ্যে ৬০ লাখ বাড়িতে সৌরবিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। দ্বীপাঞ্চলে সৌরবিদ্যুতের প্রায় ৫০টি ‘মিনি িগ্রড’ স্থাপনের কাজ চলছে। সৌরবিদ্যুতের শক্তিকে ব্যবহার করে এখন টেলিভিশন, সেচের পাম্প, কম্পিউটার, বৈদ্যুতিক পাখা, মোবাইল ফোন চার্জারসহ পোলট্রির খামার, ফসল মাড়াইয়ের কাজ চালানের সুযোগ তৈরি হয়েছে। শহরাঞ্চলে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চাহিদার আংশিক পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২১ সালের মধ্যে দেশে উৎপাদিত মোট বিদ্যুতের (লক্ষ্যমাত্রা ২৪ হাজার মেগাওয়াট) ১০ শতাংশ সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য উৎসের বিদ্যুৎ দিয়ে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনেকের মধ্যে এমন আশাবাদও তৈরি হয়েছে যে বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন পরিহার করা সম্ভব।
সৌরবিদ্যুৎ বলতে এখনো আমাদের দেশে সোলার হোম সিস্টেম বা বাড়িভিত্তিক স্বল্প ওয়াটের বিদ্যুৎ উৎপাদন এবং তার ব্যবহারের কথাই বোঝানো হয়। নবায়নযোগ্য অপর উৎস (বায়ুশক্তি, ভূগর্ভের তপ্ত জল, ছোট ছোট নদীর স্রোত, সমুদ্রের ঢেউয়ের শক্তি) কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে এখনো দেশে তেমন কোনো অগ্রগতি হয়নি। এ ক্ষেত্রে প্রাকৃতিক, কারিগরি ও আর্থিক সীমাবদ্ধতা প্রকট। বড় পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় জায়গাও আমাদের নেই (সূর্যের আলো থেকে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রায় পাঁচ একর জায়গা দরকার)।
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জার্মানি পৃথিবীর অন্যতম প্রধান শক্তি। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, উন্নত প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার সামর্থ্যে জার্মানির নাম প্রায়ই উচ্চারিত হয়। জার্মানিতে সরকারি নীতি হিসেবে ২০৫০ সাল নাগাদ সম্পূর্ণ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০১৩ সালের শেষে জার্মানির স্থাপিত মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ছিল প্রায় ১৮৯ গিগাওয়াট। এর মধ্যে ১৯ শতাংশ বায়ুশক্তি, ১৯ শতাংশ সৌরশক্তি, ৭ শতাংশ জলবিদ্যুৎ ও বায়োমাস, ৭ শতাংশ জ্বালানি তেল, ১৫ শতাংশ গ্যাস, ৭ শতাংশ পরমাণু বিদ্যুৎ এবং ২৬ শতাংশ কয়লা থেকে উৎপাদিত। গত পাঁচ বছরে জার্মানিতে বায়ুশক্তি ও সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন সামর্থ্য যথাক্রমে ২৯ হাজার ৮২৮ মেগাওয়াট ও ১০ হাজার ৮৪৮ মেগাওয়াটে উত্তোরিত হয়েছে (বাংলাদেশে মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদনÿক্ষমতা জার্মানির শুধু সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতার কাছাকাছি)।
বিদ্যমান আইনে, জার্মানিতে নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই গ্রিড বিদ্যুতের সরবরাহকারী প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে এবং (বাজারমূল্য থেকে বেশি) নির্ধারিত ‘ফিড ইন ট্যারিফ’ মূল্যে কিনে নেয় এবং গ্রাহককে বাজারমূল্যে বিদ্যুৎ সরবরাহ করে। উৎপাদনে যাওয়া নবায়নযোগ্য উৎসের বিদ্যুৎ উৎপাদনকারী ২০ বছর অবধি নিশ্চিত ‘ফিড ইন ট্যারিফ’ মূল্যে বিদ্যুৎ বিক্রয়ের সুবিধা পায়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বাজারমূল্যের অতিরিক্ত দামে কেনা নবায়নযোগ্য উৎসের বিদ্যুতের জন্য গ্রাহকের কাছ থেকেই মূল্য আদায় করে। ফলে জার্মানিতে খুচরা বিদ্যুতের মূল্য যুক্তরাষ্ট্রের তিন গুণ, ওইসিডি দেশগুলোর তুলনায় দ্বিগুণের বেশি, ডেনমার্ক ছাড়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে বেশি।
ভারসাম্যপূর্ণ বিদ্যুৎ সরবরাহ গ্রিড পরিচালনা করতে জার্মানিকে গুরুত্বপূর্ণ কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। সূর্যের আলো আর বাতাসের প্রবাহের গতি আবহাওয়ার মর্জির ওপর নিরন্তর নির্ভরশীল। ফলে সর্বোচ্চ চাহিদার সময়ে সূর্যের আলো বা বাতাসের বেগ হ্রাস পেলে হঠাৎ বিপুল পরিমাণ বিদ্যুতের উৎপাদন কমে যায়। এ জন্য জার্মানিকে অত্যন্ত নমনীয় কিন্তু কার্যকর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থা গড়তে হয়েছে। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ কমে গেলে মুহূর্তে স্বয়ংক্রিয়ভাবে জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রচলিত বিদ্যুৎকেন্দ্র থেকে জোগান এসে জার্মান গ্রিডের ভারসাম্য ফিরিয়ে আনে। এটি একটি বড় কারিগরি চ্যালেঞ্জ এবং এর ব্যাপ্তি বুঝতে ১ নভেম্বর ২০১৪-এর বাংলাদেশের বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কথা স্মরণ করা যেতে পারে। এই পটভূমিতে, জার্মানি ২০৩৪ সালের টার্গেট বিদ্যুৎ উৎপাদনে প্রচলিত জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন ৮২ গিগাওয়াটের (বর্তমানে ১০০ গিগাওয়াট) নিচে ভাবতে পারছে না।
সুতরাং সম্পূর্ণ নবায়নযোগ্য বিদ্যুৎ এখনো দূরের স্বপ্ন।
মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।