শুধু প্রবৃদ্ধি নয়, দরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েক বছর ধরেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জোর দিচ্ছে, যার মধ্যে এসএমই ঋণ অন্যতম। ২০১৭ সালের জানুয়ারি-জুন মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে সমাজের একতা সংহত করতে সামাজিকভাবে দায়িত্বশীল অর্থায়নের কথা বলা হয়েছে। এর রূপরেখা কী, তা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। মুদ্রানীতিতে তার বিশদ ব্যাখ্যাও দেওয়া হয়নি। কিন্তু অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর যে জোর দেওয়া হয়েছে, তা স্পষ্ট। সেটা করতে গেলে সমাজের সিংহভাগ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে, শুধু প্রবৃদ্ধিই যথেষ্ট নয়। কারণ, আমাদের প্রবৃদ্ধি বাড়ছে সেটা যেমন ঠিক, তেমনি একই সঙ্গে সমাজে বৈষম্য বাড়ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ঘাঁটতে গিয়ে দেখলাম, ২০১৩ সালের লেবার ফোর্স সার্ভে অনুসারে, দেশে ১৫ বছরের বেশি বয়সী যে ৫ কোটি ৮১ লাখ মানুষ কর্মরত আছেন, তার মধ্যে ৮৬ দশমিক ৯ শতাংশ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। অর্থাৎ দেশের কর্মরত মানুষের সিংহভাগই এমন প্রতিষ্ঠানে কাজ করছেন, যারা রাষ্ট্রকে রাজস্ব দেয় না, যাদের ওপর সরকারের নিয়ন্ত্রণও নেই। এখানকার শ্রমিকদের না আছে চাকরির নিশ্চয়তা, না আছে স্বীকৃতি। অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বেশির ভাগই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।
আমাদের মতো নিম্ন-মধ্যম আয় ও উন্নয়নশীল দেশেই নয়, অনেক উন্নত দেশেও অনানুষ্ঠানিক খাতের দেখা মেলে। অর্থনীতিবিদেরাও এর কারণ ও প্রতিকার সন্ধান করতে গলদঘর্ম হয়েছেন। এই খাতের সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হচ্ছে, যে কেউ চাইলেই এতে যুক্ত হতে পারেন। এখানে কাজ করার জন্য যেমন আনুষ্ঠানিক শিক্ষার খুব একটা প্রয়োজন নেই, তেমনি এ খাতে নিয়োগকর্তা-কর্মীর সম্পর্কটাও শিথিল। আবার অনানুষ্ঠানিক খাত একদম আইনসম্মত না হলেও অবৈধ নয়। তারা বৈধ পণ্য উৎপাদন ও বিতরণ এবং সেবা দিয়ে থাকে। এটা বাজার অর্থনীতিরই একটি অংশ।
আবার অনেক উচ্চশিক্ষিত মানুষ এমন প্রতিষ্ঠানে চাকরি করেন, যার কোনো ডেফার্ড বেনিফিট (পিএফ, গ্র্যাচুইটি প্রভৃতি) নেই। যখন-তখন তাদের চাকরি যেতে পারে। এই মানুষদের অনেকেই হয়তো পথে বসে যাবেন, যদি তঁাদের পরিবারের কেউ মারাত্মক রোগে আক্রান্ত হয়। তাঁদের জীবনে সব সময়ই একধরনের অনিশ্চয়তা থাকে। এরা ঠিক অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, তা নয়। কিন্তু অনিশ্চয়তা তাঁদের জীবনের নিত্যসঙ্গী। তাই সরকারকে এমন উদ্যোগ নিতে হবে, যাতে এই প্রতিষ্ঠানগুলো বিকশিত এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয়। এই প্রতিষ্ঠানগুলোকে যেমন ঋণ দেওয়া দরকার, তেমনি এর কর্মীদের বিমার আওতায় আনা উচিত।
সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) মনে করে, ২১ শতকের অনানুষ্ঠানিক অর্থনীতির বড় হওয়ার পেছনে যে বিষয়গুলো প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে সেগুলো এ রকম: জনবহুল ও অত্যধিক নগরায়ণ হচ্ছে এমন দেশে আনুষ্ঠানিক খাতে শ্রমশক্তির প্রবেশে দুর্নীতিসহ নানা প্রতিবন্ধকতা, প্রাতিষ্ঠানিক, শিক্ষাগত ও অবকাঠামোগত দুর্বলতা, কম দামি পণ্য ও সেবার ক্রমবর্ধমান চাহিদা, দারিদ্র্য ও অর্থনৈতিক দুর্ভোগের কারণে মানুষের অভিবাসন, নারীদের আনুষ্ঠানিক খাতে প্রবেশের পথে নানা প্রতিবন্ধকতা ইত্যাদি।
বলাই বাহুল্য, আনুষ্ঠানিক খাতের শ্রমশক্তির একটি বিপুল অংশ হচ্ছে নারী। এখন ধরুন, গ্রাম থেকে যে নিরক্ষর বা স্রেফ অক্ষর জ্ঞানসম্পন্ন মানুষটি নদীভাঙনের কারণে শহরে আসতে বাধ্য হচ্ছেন, তিনি শহরে এসে কী করবেন? তাঁকে হয়তো রিকশা চালাতে হবে, না হয় দোকানে কর্মচারীর কাজ করতে হবে অথবা ছোট কারখানায় কাজ করতে হবে। তাঁদের সস্তা শ্রমে উৎপাদিত পণ্য শহরের উঠতি মধ্যবিত্ত কম দামে কিনতে পারছেন। অর্থাৎ সামগ্রিকভাবে এটা সমাজের গতিশীলতার লক্ষণ।
কিন্তু আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) মনে করে, এই অনানুষ্ঠানিক খাত মানুষের ভালো চাকরি লাভের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তারা বলছে, যে উদ্যোক্তারা অনানুষ্ঠানিক খাতে বিনিয়োগ করেন, তাঁদের উৎপাদনশীলতা কম। তাঁদের উদ্যোগ পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে না। অথবা আমরা বলতে পারি, তাঁরা সেই সুযোগ পান না। এ ছাড়া অনানুষ্ঠানিক খাতের কর্মীদের মজুরি বা বেতন ও সুবিধাদি (যদি কিছু থাকে) আনুষ্ঠানিক খাতের কর্মীদের তুলনায় কম। এমনকি এই অনানুষ্ঠানিক খাত কখনো কখনো অর্থনীতিতে অন্যায্য প্রতিযোগিতা সৃষ্টি করে থাকে।
এই পরিপ্রেক্ষিতে অনানুষ্ঠানিক খাতকে কীভাবে ধীরে ধীরে আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা যায়, সেটা সরকারকে ভেবে দেখতে হবে। এটা তার জন্য এক বড় নীতিগত চ্যালেঞ্জ। উদাহরণ হিসেবে দেশে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের কথা বলা যায়। আমরা সবাই জানি, একসময় গ্রামের গরিব মানুষ মহাজনদের কাছ থেকে সুদে টাকা ঋণ নিত, যার ওপর সরকারি নিয়ন্ত্রণ ছিল না। কিন্তু এনজিওগুলো আসার পর ব্যাপারটা বদলে গেল। ক্ষুদ্রঋণ একটা কাঠামোর মধ্যে চলে এল। এটা সরকারের জন্য বড় অর্জনই বটে, যদিও এনজিওগুলোর কার্যক্রম নিয়ে পরবর্তীকালে নানা অভিযোগ ওঠে। তবে সেটা ভিন্ন প্রসঙ্গ। একইভাবে মোবাইল ব্যাংকিংয়ের কথা বলা যায়। দেশে মোবাইল ব্যাংকিং আসার আগে মানুষ নানাভাবে টাকা লেনদেন করত, যার সবগুলো আইনসংগত ছিল না। আবার প্রথাগত ব্যাংকগুলো সাধারণ মানুষকে ব্যাংকিং খাতে আনতে পারেনি। ২০১১ সালে মোবাইল ব্যাংকিং আসার পর পরিস্থিতি বদলে গেল। এতে টাকা লেনদেনের জন্য যেমন বিধিবদ্ধ ও সহজ মাধ্যম পাওয়া গেল, তেমনি সাধারণ মানুষ ব্যাংক হিসাব খুলতে পারল, যেখানে সে স্থিতির ওপর সুদ পায়। আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এটা একধরনের বিপ্লব ঘটিয়েছে। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা কমিয়ে দিয়ে বাস্তবসম্মত কাজ করেনি। এর মাধ্যমে এই খাতের টুঁটি চেপে ধরা হলো। মোবাইল ব্যাংকিংয়ের কারণে একদম প্রান্তিক পর্যায়ে নানা সম্ভাবনা উঁকিঝুঁকি দিচ্ছিল। সমাজে অর্থপ্রবাহ বাড়ছিল। এ প্রসঙ্গ টানার লক্ষ্য হলো এটা বোঝানো যে, সরকারকে এমন নীতি গ্রহণ করতে হবে, যা মানুষের কল্যাণ বয়ে আনে, তার সম্ভাবনার সীমান্ত খুলে দেয়। উদীয়মান খাতকে সংকুচিত করা সরকারের কাজ নয়। অর্থাৎ অনানুষ্ঠানিক খাতকে আনুষ্ঠানিক কাঠামোতে আনতে হবে এমনভাবে, যাতে তার বিকাশ আরও ত্বরান্বিত এবং শ্রমিকদের জীবনমান উন্নত হয়। কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে, মুদ্রানীিত প্রণয়নের সময় তাদের স্বার্থের বিষয়টিও মাথায় রাখা।
এই মানুষদের কথা শোনার যেন কেউ নেই, তাঁদের সংগঠনও নেই। তাঁরা সংখ্যায় বিপুল। ভোটের রাজনীতিতে তাঁরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন ঠিকই, কিন্তু সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের গুরুত্ব নেই। তাঁরা যেন ফেলনা বস্তু, এটা মোটেও কাম্য নয়। দরকার সমতামুখী উন্নয়ন, যাতে এরাও প্রবৃদ্ধির সুফল ভোগ করতে পারে। অনানুষ্ঠানিক খাতের প্রাতিষ্ঠানিকীকরণ তার প্রধান শর্ত।
প্রতীক বর্ধন: সাংবাদিক ও অনুবাদক।
[email protected]