শুধু বঙ্গবন্ধুকে নয়, হারিয়েছি জাতীয় সম্মানও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ আগস্ট ১৯৭৫, বিকেলে তখনকার শিল্প ভবনে গিয়েছি যথারীতি দিনের দ্বিতীয় ভাগের কাজের জন্য। আমি তখন শিল্পমন্ত্রী কামারুজ্জামান সাহেবের একান্ত সচিব। অফিসে পৌঁছে দেখলাম মন্ত্রী তখনো আসেননি। মন্ত্রীর একটু দেরি করে আসা বিচিত্র নয়। মাঝে মাঝে তাঁর সচিবালয় থেকে যাওয়ার পথে নতুন গণভবনে (যা সংসদ ভবনের পাশে ছিল) প্রেসিডেন্ট অর্থাৎ বঙ্গবন্ধুরই সঙ্গে সাক্ষাৎ করে যেতেন তাঁর ডাক পেলে। আমি ভাবলাম এমন একটা কিছু হবে হয়তো। দুটো মিটিং হয়ে যাওয়ার পর দেখি রাত আটটা। আরেকটা মিটিং বাকি। ভাবলাম দেখি মন্ত্রী সাহেব আমাকে এ মিটিং থেকে রেহাই দেন কি না। কামারুজ্জামান আমাকে খুব স্নেহ করতেন, সে সন্ধ্যায় তাঁকে অনুরোধ জানাতেই তিনি আমাকে যাওয়ার অনুমতি দিলেন। আমি শিল্প ভবন ছাড়ি রাত সাড়ে আটটায়। কামারুজ্জামানকে যে সেই শেষ মন্ত্রী হিসেবে দেখব তা না তিনি জানতেন, না আমি।
রাতে খাবার খেতে যাই তখনকার একমাত্র বিলাসবহুল হোটেলে। আপ্যায়ন করেন এক ব্যবসায়ী বন্ধু তাঁর এক বিদেশি কূটনীতিক বন্ধু দম্পতির সম্মানে। অনেক রাত পর্যন্ত আড্ডা চলে। আমি তখন অবিবাহিত, থাকতাম কাকরাইলের কাছে সরকারি কেন্দ্রীয় সার্কিট হাউসে। বেশি রাত হওয়ায় আমি আমার কূটৈনতিক বন্ধুকে বলি ধানমন্ডিতে আমার এক আত্মীয়ের বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য।
আমার আত্মীয়ের বাড়ি ছিল লেকের এক কোণে বত্রিশ নম্বর সড়কের উল্টো দিকে। সে বাড়িতে পৌঁছাই রাত একটার পর। আমি ঢুকেই সটান গেস্টরুমে ঘুমিয়ে পড়ি। একসময় ঘুম ভেঙে গেল ভীষণ গোলাগুলির শব্দে। মনে হলো খুব কাছে কোথাও বোমা ফুটেছে, আর সঙ্গে বন্দুকের গুলি। চট করে বাড়ির বারান্দায় এলাম। বাড়ির বাকিরাও শব্দে বাইরে এলেন। বোঝা গেল গোলাগুলির আওয়াজ আসছে লেকের ওপার থেকে, কিন্তু সেটা কি বড় রাস্তা থেকে নাকি কোনো বাসাবাড়ি থেকে, বোঝার উপায় ছিল না। তখন ভোর হয়ে ওঠেনি, রাস্তায় গাড়ি বা রিকশার চলাচল শুরু হয়নি। এর মধ্যে বাড়ির এক করিতকর্মা পরিচারক এসে বলল সে পাশের বাড়ি থেকে শুনেছে গোলাগুলি চলছে বত্রিশ নম্বর সড়কে। আমরা প্রমাদ গুনলাম। এর অর্থ কেউ বা কারা সেখানে কিছু করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পড়েছে। কিন্তু তাতে এত গোলাগুলি বা এত সময় সংঘর্ষ কেন? (আমার হিসাবে গোলাগুলি প্রায় ১০ থেকে ১৫ মিনিট চলেছিল।) কেউ সাহস করে গোলাগুলির কারণে রাস্তায় বেরোলাম না।
প্রশ্নের উত্তর পেলাম গোলাগুলি থামার প্রায় আধা ঘণ্টা পর। হঠাৎ একটা ফোন এল আমার আত্মীেয়র মায়ের কাছ থেকে। তিনি উত্তেজিত কণ্ঠে বললেন রেডিও শুনতে, মেজর ডালিম বলছে যে খোন্দকার মোশতাকের নেতৃত্বে দেশে সামরিক অভ্যুত্থান হয়েছে এবং শেখ মুজিব সরকারের পতন হয়েছে। সঙ্গে সঙ্গে রেডিও খুললাম আর শুনতে পেলাম মেজর ডালিমের সে ইতিহাস পাল্টানো ঘোষণা। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না।
মেজর ডালিমকে আমি চিনতাম আমার কিছু সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধা বন্ধুর মাধ্যমে। সে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়ায় ব্যবসা আরম্ভ করে আর সে কারণে তদবির করার জন্য তৎকালীন অনেক মন্ত্রীর কাছে ধরনা দিত, কামারুজ্জামানসহ। ঘটনার কয়েক দিন আগেও সে আমার মন্ত্রীর কাছে এসেছিল। এই মেজর ডালিম যে এ রকম একটি অভ্যুত্থানের সঙ্গে জড়িত হতে পারে, তা স্বপ্নেও ভাবিনি।
কয়েকবার ঘোষণাটি শুনলাম। ঘোষণায় বলা হচ্ছিল যে দেশে সামরিক আইন প্রবর্তন করা হয়েছে আর ঢাকায় কারফিউ (সান্ধ্য আইন) জারি করা হয়েছে। আমি তখনো জানি না বঙ্গবন্ধুকে সত্যি সত্যি হত্যা করা হয়েছে কি না। কারণ, রেডিওর ঘোষণা প্রথম দিকে ঘন ঘন সামরিক অভ্যুত্থান আর সরকার ‘উৎখাত’-এর ওপর জোর দিচ্ছিল। আমি তখন বঙ্গবন্ধুর বাসস্থান থেকে মাত্র আধা মাইল দূরে অথচ আমি জানি না যে সে বাড়িতে শুধু বঙ্গবন্ধু নন, তাঁর সঙ্গে তাঁর পরিবারকেও হত্যা করা হয়েছে। বেঁচে গিয়েছিলেন শুধু বিদেশে থাকা দুই কন্যা।
বজ্রাহত ভাবটা কিছুটা কমলে ভাবলাম বাইরে যাব, যদিও পরিস্থিতি কী রকম বুঝছিলাম না। সবচেয়ে বেশি চিন্তা ছিল আমার মন্ত্রী কামারুজ্জামান সাহেবের জন্য। কারণ, তিনি সরকারের একজন প্রথম সারির নেতা। স্বাভাবিকভাবেই চিন্তা হচ্ছিল তাঁর নিরাপত্তা নিয়ে। সৌভাগ্যক্রমে তাঁকে ফোন করতেই পেয়ে যাই। তিনি বললেন, তিনি বাড়িতেই আছেন, তিনিও শুধু রেডিওর ঘোষণা শুনেছেন। আমাকে বললেন, পারলে আমি যেন তাঁর সঙ্গে দেখা করি। আমি জানালাম আমি সরকারি পুলে ফোন করে একটি গাড়ি আনিয়ে যত তাড়াতাড়ি পারি আসছি।
কিন্তু কোথায় সরকারি পুল আর কোথায় গাড়ি। সরকারি পুলে কেউ টেলিফোন উঠাল না অনেকবার চেষ্টা করার পরও। আটটার দিকে আমার আত্মীয় বললেন যে তিনি তাঁর গাড়ি চালিয়ে আমাকে মন্ত্রীর বাড়িতে নিয়ে যাবেন। মন্ত্রী থাকতেন ধানমন্ডি দুই নম্বর সড়কের এক বাড়িতে। আমরা কারফিউর তোয়াক্কা না করেই রাস্তায় বেরোলাম। রাস্তা সুনসান, কয়েকটি রিকশা আর কিছু পথচারী ছাড়া ধানমন্ডির ভেতর কোনো যানবাহন ছিল না। মিরপুর সড়কে দু-একটা গাড়ি নজরে পড়ল কিন্তু কোনো সেনাবাহিনী বা সেনাবাহিনীর গাড়ি দেখলাম না। ভাবলাম এটা কী ধরনের মার্শাল ল?
মন্ত্রীর বাড়িতে পৌঁছে দেখলাম যথারীতি পুলিশ প্রহরা আছে। গাড়ি থেকে নামতেই মন্ত্রী সাহেবের নিরাপত্তা অফিসার জানালেন, মন্ত্রী সাহেব অল্প কিছু আগে এক বন্ধুর গাড়িতে সপরিবারে বেরিয়ে গেছেন, কোথায় তা তিনি জানেন না। মন্ত্রীর আশ্রয়স্থানের কথা পরে জেনে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাঁর নিজের জীবন নিয়ে পূর্বাশঙ্কার কথা প্রকাশ করেন। এ পরিস্থিতিতে মন্ত্রী নিজের বাসভবনে ফিরে যাওয়া নিরাপদ হবে কি না জানতে চান। তখন আমি কেন আমার বহু ওপরওয়ালা আমলাও এ ব্যাপারে কোনো পরামর্শ দিতে পারতেন কি না সন্দেহ। তবু আমি তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করব বলে আসি।
কিন্তু যাব কোথায়? তখন সকাল গড়িয়ে দুপুর হচ্ছে। কোথায় কারফিউ, কোথায় পুলিশ। কিছু কিছু গাড়ি রাস্তায়। কোথাও কোনো জটলা নেই। সাহস করে আমার আত্মীয় গাড়ি চালিয়ে আমাকে নিয়ে রওনা হলেন সচিবালয়ের দিকে। পথে আমরা পরীবাগে থামলাম। সেখানে শুনলাম আরও ভয়াবহ সংবাদ, শেখ মিণ, মন্ত্রী সেরনিয়াবাত আর তাঁদের পরিবারের হত্যার কথা। রেডিওতে তখন খোন্দকার মোশতাকের ভাষণ শোনানো হয়েছে, কিন্তু তাতে কিংবা আর কোনো সংবাদে এসব হত্যার কোনো উল্লেখ ছিল না। এসব সংবাদ ছড়িয়ে পড়ে মুখে মুখে।
এতগুলো নৃশংস হত্যার সংবাদ শোনার পর আমরা সচিবালয়ে যাওয়ার হঠকারিতা করলাম না। আমরা পরীবাগ ছেড়ে ধানমন্ডির দিকে রওনা হলাম। যাওয়ার পথে কৌতূহলবশত একটু ঘুরে বাংলাদেশ বেতার কেন্দ্রের পাশ দিয়ে গেলাম। রাস্তায় কোনো সৈনিক এমনকি পুলিশও ছিল না। বেতার কেন্দ্রে দেখলাম কয়েকজন সেনাবাহিনীর সদস্য পাহারা দিচ্ছে। সেই ছিল একমাত্র স্থান, যেখানে কিছু সেনাসদস্য ছিল। ধানমন্ডির বাড়ি পৌঁছানোর আগে একবার ভাবলাম বত্রিশ নম্বর সড়ক হয়ে যাব, কিন্তু আত্মীয়ের উপদেশে সেদিকে গেলাম না। (কামারুজ্জামান সাহেব পরদিন নিজ ইচ্ছায় সপরিবারে সরকারি বাড়িতে ফিরে যান।)
সেদিন ঢাকা শহর এক মৃত শহর মনে হয়েছিল। রাস্তায় কোনো সেনাবাহিনী ছিল না অথচ সামরিক আইন জারির কথা বারবার রেডিওতে ঘোষিত হচ্ছিল। বলা হচ্ছিল শহরে কারফিউ কিন্তু তা বাস্তবায়নে ছিল না কোনো তৎপরতা। রাস্তায় কোনো জটলাও ছিল না। শুধু জুমার নামাজের সময় কিছু লোককে তাদের এলাকার মসজিদে নামাজ পড়তে দেখলাম।
না, সেদিন রাস্তায় কোনো শোক মিছিল না। অভ্যুত্থান সমর্থনেও কেউ রাস্তায় নামেনি। ঢাকা শহরবাসী ছিল ভীত, সন্ত্রস্ত ও আতঙ্কিত। এ ধরনের আতঙ্ক ও অনিশ্চয়তা চিন্তা আমি দেখেছিলাম ১৫ ডিসেম্বর ১৯৭১ সালে, বিজয় দিবসের এক দিন আগে। তফাত ছিল এই যে ঢাকাবাসী জানতেন যে সেদিনের বিভীষিকা শিগগিরই শেষ হবে। কিন্তু ১৫ আগস্ট মানুষের মনে এ ধরনের কিছু আশ্বাস দেয়নি। কিছু লোক মনে করেন যে ঢাকা শহরের সেদিনের মৌনতা ছিল অভ্যুত্থানের পরোক্ষ সমর্থন, তাঁরা ভুলে যান যে একটি ভীত ও আতঙ্কিত জনগোষ্ঠী কখনো শোক প্রকাশ করতে পারে না। ভয় ও ভীতির পরিবেশে মানুষ শোক প্রকাশেও ভয় পায়। এক রাতে তিন-তিনটি পরিবারকে হত্যা এবং দেশে সামরিক শাসনের হুমকি একটি শহরকে অসাড় করার জন্য যথেষ্ট ছিল। বিশেষ করে এমন একটি শহরকে, যা মাত্র চার বছর আগে অন্য এক সামরিক বাহিনীর ভয়াবহ নৃশংসতার সাক্ষী হতে হয়েছে।
১৫ আগস্টে আমরা শুধু বঙ্গবন্ধুকেই হারাইনি, আমরা আমাদের জাতীয় সম্মানকেও হারাই। সেদিনের নৃশংসতা আমাদের জাতীয় ইতিহাসে এমন একটি অধ্যায়ের সূচনা করে, যা আমাদের রাজনীতিতে শুধু হিংস্রতাই আনে না, দেশের মৌলিক আদর্শ থেকে দেশকে অন্য স্রোতে পরিবহন করে। আমরা আজও তার পরিণাম থেকে মুক্ত হইনি।

  • জিয়াউদ্দিন চৌধুরী: রাজনৈতিক ভাষ্যকার।