শুধু বিষাদের দিন নয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনোই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার সৌভাগ্য আমার হয়নি। অথচ ইচ্ছে ছিল প্রবল। জীবনের নানা টানাপোড়েন সেই সৌভাগ্য থেকে আমাকে বঞ্চিত করেছে। অথচ আমার ঘনিষ্ঠ ও নিকটতম বন্ধুদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মুখেই শুনতাম মুনীর চৌধুরীর ভাষণভঙ্গির সুনাম। যখন যে বিষয়ে তিনি বলতেন, বলতেন এমনভাবে যে মন্ত্রমুগ্ধের মতো না শুনে পারা যেত না। তার প্রমাণ পাই সম্ভবত ’৬৭ কি ’৬৮ সালের দিকে ছোট পত্রিকা কণ্ঠস্বর-এর এক অনুষ্ঠানে দেওয়া তাঁর ভাষণ শোনার সুযোগ পেয়ে। অনুষ্ঠানটি হয়েছিল তোপখানা রোডের তখনকার পাকিস্তান পরিষদের স্বল্প পরিসরের মিলনায়তনে। ষাটের দশকের প্রায় সব প্রধান কবি ও লিখিয়েরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। আহা, সে এক বিরল অভিজ্ঞতা! মুনীর চৌধুরীর মতো অমন প্রতিভাবান ব্যক্তিপুরুষ আমাদের এই পৃথিবীতে কোনো দিনই আর ফিরে আসবেন না।অসম্ভব প্রখর ছিল তাঁর স্মরণশক্তি। তাঁর জীবদ্দশায় যখনই গিয়েছি ইত্তেফাক পত্রিকায়, পাকিস্তানি আমলে, ঠিকই চিনতে পেরেছেন। বলেছেন, ‘নিশ্চয়ই প্রেস রিলিজ নিয়ে এসেছ?’ হ্যাঁ-সূচক মাথা নাড়তেই তিনি বলতেন, ‘দাও।’ তারপর একজন স্টাফ রিপোর্টারের নাম ধরে ডেকে বলতেন, ‘এই, ছাত্র ইউনিয়নের প্রেস বিজ্ঞপ্তি। রবীন্দ্রসংগীতবিরোধী সরকারি যে পাঁয়তারা চলছে, তার বিরোধিতা করে লেখা। ভালো করে করবে।’ তারপর আমার দিকে ফিরে বলতেন, ‘নিশ্চিন্তে চলে যাও। ছাপা হবেই।’ ওপরের মানুষটির নাম সিরাজুদ্দীন হোসেন। ডাকসাইটে বার্তা সম্পাদক ও সম্পাদক। ভাষার কারিগর। বেলা ১১টা-সাড়ে ১১টার মধ্যে তিনি পৌঁছে যেতেন ২৬৩ বংশালের সংবাদ কার্যালয়ে। দোতলার সিঁড়ি ভেঙে আমি নামছি কিংবা তিনি উঠছেন। দেখলেই বলে উঠতেন, ‘ঠিকমতো সব চলছে তো আখতার?’ কতভাবে যে এই মানুষটির কাছে আমি ঋণী, সে কথা বলে শেষ করা যাবে না। আমার ভয়ানক দুর্দিনে যিনি শুধু অর্থ দিয়ে নয়, মনোবল জুগিয়ে, নৈতিকভাবে নানা কাজে সমর্থন দিয়ে সাহায্য করেছেন, তিনি আর কেউ নন, সাংবাদিক-সাহিত্যিক শহীদুল্লা কায়সার। এঁদের মতো মানুষ ছিল বলেই পাকিস্তানের অমন বৈরী পরিবেশে বাঙালি বাঙালি হিসেবে তার অস্তিত্ব অনড় রাখতে পেরেছিল। ‘সৃজনী’ সাহিত্য ও শিল্পীগোষ্ঠীর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসেছেন মোফাজ্জল হায়দার চৌধুরী। ভাষণ দেবেন রবীন্দ্রসাহিত্য নিয়ে। অনুষ্ঠানের স্থান পল্টনের বর্তমান ‘মুক্তাঙ্গন’-এর বিপরীত দিকের একটি বাড়ির চত্বর। সময় সেই ’৬৭ কি ’৬৮ সাল। গভীর যুক্তি দিয়ে তিনি তাঁর বক্তব্য পেশ করলেন এখনো আমাদের প্রাত্যহিক জীবনে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে। কী গভীর মনোযোগ দিয়ে শুনছেন উপস্থিত শ্রোতামণ্ডলী! আমি জানি না, কেবল গভীর রবীন্দ্রপ্রেমী হওয়ার কারণেই কি তিনি নিজের অকাল ও ট্র্যাজিক মৃত্যুর বীজ রোপণ করেছিলেন?আ ন ম গোলাম মোস্তফা ছিলেন ডাকসাইটে সাব-এডিটর। দৈনিক সংবাদ-এ তাঁর চাকরিজীবনের শুরু। ’৬৭-এর শেষ কি ’৬৮-র শুরুতে ফিচার কাম সিনিয়র সাব-এডিটর হিসেবে আজাদ-এ যোগ দেন। সাহিত্য পাতাও দেখতেন। আমিও তখন সেখানে। তাঁর সহকারী হিসেবে কাজ করি। মনে পড়ে, আ ন ম গোলাম মোস্তফা ‘অন্তরঙ্গ আলোকে’ নাম দিয়ে আজাদ-এর সাহিত্য পাতায় ফিচার ছাপছেন। আমাদের প্রবীণ কবি-সাহিত্যিকদের সাক্ষাৎকারভিত্তিক সেই ফিচারটি তখন ভীষণ জনপ্রিয়। পাশাপাশি তরুণতর কবি, সাহিত্যিকদের লেখাও ছাপছেন অকৃপণভাবে। নির্মলেন্দু গুণের ‘হুলিয়া’ও ছাপা হয় মোস্তফা ভাইয়ের হাত দিয়ে। কত ঘটনা! কত স্মরণীয় মানুষের কত না কথা! স্মরণ করছি সেলিনা পারভীন, ড. জি সি দেব, ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা, রাশীদুল হাসান, ডা. আলীম চৌধুরী, ডা. ফজলে রাব্বি, আনোয়ার পাশা, মোহাম্মদ মোর্তজা, নিজামুদ্দীন আহমদ, নাজমুল হকসহ আরও কত বুদ্ধিজীবীর কথা। তাঁদের অনেকেই আজকের এই দিনে, অথবা আগে-পরে করে নিষ্ঠুর ঘাতকদের শিকারে পরিণত হয়ে আমাদের জীবনকে শূন্য করে দিয়ে চলে গেছেন। আজকে শুধু শোকের বা বিষাদমগ্ন হওয়ার দিন নয়। স্মরণীয় ওই সব মানুষের আদর্শে প্রতিজ্ঞা-প্রাণিত হওয়ারও দিন।আখতার হুসেন