শুভ ও অশুভর সন্ধিক্ষণে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ও সমাজ ধ্বংস হয়ে গেছে এবং এর থেকে উত্তরণের কোনো পথ নেই বলে যাঁরা হতাশা ছড়ান, আমরা তাঁদের সঙ্গে একমত পোষণ করতে পারছি না। যেমন আমরা একমত হতে পারছি না সরকারি দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে, যাঁরা জোরগলায় বলে বেড়ান, তাঁরা এমন গণতন্ত্র জাতিকে উপহার দিয়েছে, যা কখনোই ছিল না। বাংলাদেশের অবস্থা আগে এর চেয়ে খুব ভালো ছিল, সে কথা যেমন ঠিক নয়, তেমনি খুব খারাপ ছিল তাও মানতে রাজি নই। বাংলাদেশের গত ৪০ বছরে অনেক অর্জন আছে, অনেক সাফল্য আছে। এই অর্জনের পেছনে প্রধান তিন চালিকাশক্তি—কৃষক, প্রবাসী শ্রমিক ও তৈরি পোশাকশিল্পের শ্রমিক। তাঁদের শ্রমে, ঘামে ও রক্তে নেতা-মন্ত্রী, আমলা, ব্যবসায়ী এবং আমাদের মতো সাদা পোশাকের পেশাজীবীদের আরাম-আয়েশ ও আহ্লাদ নিশ্চিত হয়। অতএব, যাঁরাই দেশ নিয়ে, সমাজ নিয়ে, প্রগতি নিয়ে বড় বড় কথা বলেন, তাঁদের একবার আয়নায় নিজের চেহারা দেখা উচিত। এ কথা ঠিক, দেশের এই অর্জনকে আমরা আরও উঁচুতে নিয়ে যেতে পারতাম। রাজনৈতিক নেতৃত্বের খেয়োখেয়ি, ঝগড়াঝাঁটি, সুবিধাভোগী শ্রেণীর অতি স্বার্থবাদিতা এবং সমাজমানসের পশ্চাৎপদতার জন্য তা সম্ভব হয়নি। এই সরল সত্যটি স্বীকার করে নিয়েই আমাদের এগোতে হবে। অনেকেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু তাঁদের কথা ও কাজে বিস্তর ফারাক আছে, তার প্রমাণ তাঁরা পদে পদে রেখে চলেছেন। সম্প্রতি একটি বেসরকারি ব্যবসায়ী সংস্থার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই সংস্থার চেয়ারম্যান, সমালোচনার মুখে পদটি থেকে সরে না দাঁড়িয়ে সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিবের পদে ইস্তফা দিলেন। প্রথমটি বৈতনিক হলেও দ্বিতীয়টি অবৈতনিক ছিল। অর্থাৎ এখানে মুক্তিযুদ্ধের চেতনা ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের কাছে পরাজিত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অনেক অনেকেই মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক সাজার চেষ্টা করেন। আবার আওয়ামী লীগবিরোধী কোনো দল ক্ষমতায় এলে তাঁরা পুরোপুরি নিরপেক্ষ হয়ে যান। এই দ্বিচারিতার কারণেই আওয়ামী লীগের সরকার তাদের দলীয় স্বার্থে ব্যবহার করে থাকে। বিরোধীরা ক্ষমতায় এলেও তেমন অসুবিধা হয় না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরের উত্তাপে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদার সফরের সাফল্য অনেকটাই চাপা পড়ে গেছে। অথচ আর্থিক সহায়তার দিক থেকে জাপানই এক নম্বর দেশ। প্রণব মুখার্জির ঘোষণাও বাংলাদেশকে আর্থিকভাবে লাভবান করবে নিঃসন্দেহে। যাঁরা এত দিন ভারতীয় ঋণের উচ্চ সুদহার নিয়ে উচ্চবাচ্য করতেন, তাঁরা নিশ্চুপ হয়ে গেছেন। যদিও তিস্তার পানি বণ্টন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো রাজি করাতে পারেনি নয়াদিল্লি।হিলারির সফরের উত্তাপে ঘৃতাহুতি দিয়েছেন সরকারি দলের কোনো কোনো নেতা ও মন্ত্রী। একজন বিদেশি অতিথি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে অযাচিত ও অনাকাঙ্ক্ষিত কোনো মন্তব্য করে থাকলে কূটনৈতিক ভাষায়ই তার জবাব দেওয়া শ্রেয়। এবং সে জন্য সরকারের পররাষ্ট্রমন্ত্রী আছেন, উপদেষ্টা আছেন। কিন্তু সরকারি দলের অতি উৎসাহী নেতাদের আগ বাড়িয়ে বক্তব্য, বিবৃতি দেখে মনে হচ্ছে, তাঁরা এই সফর থেকে যা আশা করেছিলেন, তা পাননি। অন্য দিকে বিরোধী দলের নেতারা এমন ভাব দেখাচ্ছেন যে সুদূর ওয়াশিংটন থেকে হিলারি উড়ে এসেছিলেন তাঁদের দাবির কথাটি বাংলাদেশের সবাইকে সাড়ম্বরে জানিয়ে দিতে। এখানে বলা প্রয়োজন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা বা খালেদা জিয়ার অনুরোধ বা আবদার রক্ষা করতে বাংলাদেশে আসেননি। তিনি এসেছিলেন তাঁর দেশের স্বার্থ রক্ষা করতে। আমেরিকায় যখন নির্বাচনী প্রচারণা তুঙ্গে, তখন বাংলাদেশের মতো তাদের ভাষায় একটি উদার ও গণতান্ত্রিক মুসলিম দেশকে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। বাংলাদেশে ক্ষমতাসীন ব্যক্তিরা সব সময় মনে করেন, তাঁরা জনগণকে যে শাসন উপহার দিচ্ছেন, তার চেয়ে উৎকৃষ্ট গণতন্ত্র পৃথিবীর কোথাও নেই। তাঁদের প্রতিটি কাজ নির্ভুল ও কথা মহামূল্যবান। যাঁরাই সরকারের সমালোচনা করবে, সরকারের ব্যর্থতা ও দুর্বলতা তুলে ধরবে, তাঁরা আর যা-ই হোক প্রগতিশীল হতে পারেন না। প্রগতিশীল হলে ‘প্রগতিশীল’ সরকারের সব অপকর্ম, সব অপবাদ মুখ বুজে সহ্য করতে হবে।আর যাঁরা ক্ষমতার বাইরে আছেন তাঁরা মনে করেন, দেশে এখন চরম দুঃশাসন চলছে, তাঁদের আমলে দেশটা অনেক ভালো ছিল। আবার সেই ‘ভালো অবস্থায়’ দেশটাকে নিয়ে আসতে হবে(যেই ভালোর নজির দেশবাসী ২০১-২০০৬ সাল পর্যন্ত দেখেছে)। প্রয়োজনে লাগাতার হরতাল, অবরোধ চলবে। তাতে নেতাদের সমস্যা না হলেও সাধারণ কর্মী তথা সাধারণ মানুষ যে চরম দুর্বিপাকে পড়বে, তাতে সন্দেহ নেই।দেশের রাজনীতি নিয়ে এখন দুপক্ষই বিপরীত অবস্থানে। কেউ যদি বলেন সূর্য পূর্ব দিকে ওঠে, অপর পক্ষ জোরগলায় প্রতিবাদ জানাবে। আমাদের গণতন্ত্রের প্রধান দুর্বলতা তত্ত্বাধায়ক ব্যবস্থা থাকা না থাকা নয়, একে অপরকে সহ্য করতে না পারা। কেউই বিরোধী দলে থাকতে চায় না। একটি সরকারের মেয়াদ যত ঘনিয়ে আসে, তাদের কাজকর্মেও তত অসহিষ্ণুতা লক্ষ করা যায়। বর্তমান সরকারের প্রথম দুই বছর মোটামুটি ভালোই চলছিল। সৈয়দ আবুল হোসেনের পদ্মা সেতু কেলেঙ্কারির পর থেকে একটার পর একটা অঘটন ঘটতে থাকে। সরকার যেখানেই হাত দেয় উল্টো ফল হয়। তাতে নেতা-মন্ত্রীদের গলার জোর বেড়ে গেলেও জনগণের দুর্ভোগ কমে না। সরকারের প্রথম দুই বছরে বিরোধী দল অনেক ইস্যুতে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেও সফল হয়নি। কিন্তু মেয়াদের তিন বছরে এসে রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের যে হাওয়া বইতে শুরু করেছে। এখন আওয়ামী লীগের নেতারা ভালো কাজ করে জনসমর্থন নিজের দিকে ফিরিয়ে আনার চেষ্টা না করে সেই হাওয়াকে বেগবান করতে চাইছেন। একেই বলে নিজের পায়ে কুড়াল মারা। বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। এই আন্দোলনে জনগণ কতটা সম্পৃক্ত তা নিয়ে বিতর্ক থাকলেও সরকার মানুষকে বোঝাতে পারেনি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তাঁরা যদি ধরেও নিই যে বিরোধী দলের আন্দোলনে জনগণের সমর্থন নেই, তাহলে নেতারা-মন্ত্রীরা মাঠে-ময়দানে এর বিরুদ্ধে বিষোদ্গার করছেন কেন? তাঁদের উচিত ছিল যুক্তি ও তথ্য দিয়ে মানুষকে বোঝানো, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়াও অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল বাংলাদেশ সম্পর্কে যে নিবন্ধটি প্রকাশ করেছে, তাতে দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশের সম্ভাবনার কথা বলার পাশাপাশি কিছু আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থান, যুদ্ধাপরাধের বিচার, তৈরি পোশাকশিল্পে চীনের পরেই নিজের অবস্থান তৈরি করা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়ন, গড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় শতাংশের ঘরে রাখার সাফল্য হিসেবেই বিবেচিত। একই সঙ্গে পত্রিকাটি বলেছে, আইনশৃঙ্খলার অবনতি এবং আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার বিদ্বেষপূর্ণ রাজনীতি যে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া মতো নয়। বাংলাদেশের মতো একটি দেশে সরকারের মদদ ছাড়া যেমন জঙ্গিবাদের প্রসার ঘটতে পারে না, তার প্রমাণ শেখ হাসিনার সরকার দিয়েছে। একই সঙ্গে অপরাধ দমন, বিচারবহির্ভূত হত্যা রোধে কার্যকর পদক্ষেপ নিতে পারলে সেটি হতো সুশাসনের পথে এক ধাপ এগোনো। সরকার সেটি পারেনি বা করেনি।একটি জনপ্রতিনিধিত্বশীল সরকারের মন্ত্রীদের কাজ কি শুধু কথা বলা? কেবল বিরোধী দল নয়, সবার পায়ে পা লাগিয়ে ঝগড়া করা? মন্ত্রীরা যদি বাগাড়ম্বরেই ব্যস্ত থাকেন, তাহলে কাজ করবেন কখন? বিরোধী দল সরকারের সমালোচনা করবে। নাগরিক সমাজ সরকারের সমালোচনা করবে। গণমাধ্যম সরকারের সমালোচনা করবে। পেশাজীবীরা সরকারের সমালোচনা করবে। আমাদের ক্ষমতাসীন ব্যক্তিরা ভুলে যান যে গলার স্বর চড়িয়ে নয়, ভালো কাজ করেই সমালোচনার পথ বন্ধ করতে হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরের পর সরকারি দলের নেতা ও মন্ত্রীরা যেভাবে বিষোদ্গার করে চলেছেন, তাতে অনেকেই ভাবতে পারেন এই বিদেশি অতিথি সরকারকে একটি চপেটাঘাত দিয়ে গেছেন। হিলারিকে কাছে না পেয়ে তারা এখন ছায়াশত্রুর সঙ্গে যুদ্ধে নেমেছে। অথচ যার কোনো প্রয়োজনই ছিল না। সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী নোবেল পুরস্কারের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস ২০০৭ সালে যখন নোবেল পুরস্কারটি পেলেন, তখন আওয়ামী লীগের কেউ প্রশ্নটি তুললেন না কেন? নোবেল নিয়ে প্রশ্ন তোলার উপযুক্ত স্থান নোবেল কমিটি। আরেকজন মন্ত্রী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলতে হলে রাজনীতিতে যোগ দিয়ে কথা বলতে হবে। তিনি রাজনীতিতে এসে জনগণকে মোকাবিলা করার জন্যও ফজলে হাসান আবেদ ও মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন। কোনো বিষয়ে পরামর্শ দিতে হলে রাজনীতি করতে হবে, এটি রাষ্ট্রবিজ্ঞানের কোথায় লেখা আছে? আর তিনি জনগণকে রাজনীতিতে এসে যে মোকাবিলার কথা বলেছেন, ২০০৮ সালে মহাজোটের মহা জোয়ারের সময়ও মোকাবিলার সুযোগটি তিনি পাননি। বিনিময়ে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী। এর আগে মন্ত্রিসভার একজন প্রবীণ সদস্য ইউনূস সাহেব সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন, তাকে কোনোভাবেই ভদ্র ভাষা বলা যায় না। আমাদের রাজনীতি ও সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা যদি এ ধরনের ভাষা ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম তাঁদের কাছ থেকে কী শিখবে?মাননীয় মন্ত্রী ও নেতাদের প্রতি অনুরোধ করব, যে ভঙ্গুর ও নড়বড়ে গণতন্ত্রের ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেই গণতন্ত্রকে ধ্বংস করবেন না। মূল সমস্যাটি তত্ত্বাবধায়ক সরকার থাকা না-থাকা নয়। মূল সমস্যা হলো, ক্ষমতা হারানোর আশঙ্কা ও ক্ষমতায় যাওয়ার অত্যুগ্র বাসনা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিন-তিনটি সফল নির্বাচন হলো, গণতন্ত্র সফল হয়নি কেন সেই প্রশ্নের উত্তর রাজনৈতিক নেতৃত্বকেই খুঁজতে হবে। বাংলাদেশ এখন শুভ ও অশুভের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে ধর্মান্ধতা ও জঙ্গিবাদের ছায়া, আরেকদিকে গণতন্ত্র। একদিকে আলোচনা-সমঝোতা, আরেকদিকে সংঘাত, নৈরাজ্য। একদিকে দলীয় মাস্তানি ও সন্ত্রাসের মহড়া (দুই দলের কেউই যার দায় এড়াতে পারে না), আরেকদিকে সুশাসন এবং সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। এখন আপনারাই ঠিক করুন, কোন দিকে যাবেন? সোহরাব হাসান: কবি, সাংবাদিক।[email protected]