শুভম্ ষোড়শ জয়ন্তী চ্যানেল আই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চ্যানেল আই পনেরোটি বছর ধরে আমাদের শূন্য সাদা পর্দাকে চিত্রিত করতে করতে এখন ষোলোতে পৌঁছাচ্ছে। ষোলো! চাঁদের হয় ষোলোটি কলা, সেই ষোলোকলার চারটির নাম বলি—পুষ্টি, খান্তি, প্রীতি ও পূর্ণামৃতা অর্থাৎ অমৃতের পূর্ণতা। ষোলো বছরে যখন চ্যানেল আই, তখন চাঁদের এই চারটি কলাকে আমি তার ভেতরে আবিষ্কার করে উঠি।
পুষ্টি—জাতীয় জীবনে তথ্য আর বিনোদনের মাধ্যম হিসেবে স্বাস্থ্যপ্রদ পুষ্টি আমরা পেয়েছি এই চ্যানেলের কাছ থেকে। এবং কী কান্তিমান এর অনুষ্ঠানমালা। প্রীতি—মাটি ও মানুষ, দেশ ও জাতিসত্তা, রাষ্ট্র ও ভবিষ্যৎ, এসবের প্রতি গভীর প্রীতি থেকেই চ্যানেল আইয়ের সব উৎসারণ। আর সবশেষে ওই যে অঞ্জলিতে অমৃত, পূর্ণতায় তা উছলে পড়ছে।
চ্যানেল আইয়ের একটা বাংলা আমি করি—মাধ্যম আমি। এই আমিটি কোনো ব্যক্তি আমি নই, এই আমি আমাদের জননীতুল্য এই দেশ, আর সেই জননীরই নিরন্তর উপস্থিতি যে মাধ্যমে, তাকেই আমি পনেরোটি বছর ধরে জেনেছি ও দেখছি চ্যানেল আই রূপে।
একটি সৌধের সমুখে দাঁড়িয়ে যখন তার নান্দনিক কান্তি ও আকাশস্পর্শী উচ্চতা দেখে আমরা মুগ্ধ হই, তখন ওই উচ্চতার পাদদেশে কতটাই যে ভিত্তি-সামর্থ্য ও গভীরতা রয়েছে, তা যেন ভুলে না যাই। চ্যানেল আইয়ের কথা যখনই মনে করি, এর উদ্যোক্তা সেই স্বপ্নবান মানুষটির মুখ আমার সমুখে ভেসে ওঠে—ফরিদুর রেজা সাগর, যিনি তাঁর পিতা চলচ্চিত্রকার এবং শিল্পমাধ্যমের কত আপাত-অসম্ভব প্রকল্পেরই না ভাবন-ঋষি, অকালপ্রয়াত আমার বন্ধু, ফজলুল হকেরই উদ্যমের সম্প্রসারণ ধারণ করেন তঁার নিজ বাহুতে।
আর, আমি ভুলে যাচ্ছি না শাইখ সিরাজের কথা, যিনি এই চ্যানেল আইয়ের অন্যতম চালিকাশক্তি, যাঁর ‘হৃদয়ে মাটি ও মানুষ’ আমাদের কৃষিসভ্যতার এই দেশটির যে জননী, তারই সবুজ আঁচলটিকে চিরহরিৎ রাখতে কতটাই না ভূমিকা রেখে চলেছে। চ্যানেল আই যে পথিকৃৎ এক ধারা রচনা করেছে সংবাদ পরিবেশনের চিত্রণে ও তথ্যনিষ্ঠতায়, সেটিও তাঁর টুপির এক প্রধান পালক।
ফরিদুর রেজা সাগর, ডাকনামেই তিনি শুধু সাগর নন, তাঁর উদ্যম, তাঁর সংবেদী হৃদয় এবং কল্পনার আকারটি যে সাগরসমান, তেমনি দিগন্তস্পর্শী ও দিগন্ত পেরিয়েও যে বিস্তারময় তিনি, এর সত্যতা দেখে উঠি সমাজ ও জাতীয় জীবনে চ্যানেল আইয়ের তাৎপর্যপূর্ণ বিচিত্রগামিতা লক্ষ করে। তথ্য আর বিনোদনের মাত্রা ছাড়িয়ে চ্যানেল আই সাগরেরই কারণে হয়ে উঠেছে বহুমাত্রিক।
এই বহুমাত্রার পরিচয়—চলচ্চিত্র প্রযোজনায়, জাতীয় উৎসবসমূহের উন্মুক্ত অনুষ্ঠান ও মেলা প্রবর্তনে, আমাদের কৃষি ঐতিহ্যের খেলাধুলা ফিরিয়ে আনায়, মুকিত মজুমদার বাবুর উপস্থাপনে ‘প্রকৃতি ও জীবন’ অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সম্পর্কে সচেতন করে চলায়, সংগীত নৃত্য আবৃত্তি বিতর্ক এমন কতই-না প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ মেধা আবিষ্কার করে চলায় ও তাদের প্রতিষ্ঠা করায়। এ তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতরই হয়ে চলেছে সাগর-সিরাজ এবং তাঁদের সহকর্মীদের কাজ ও কল্পনার বাস্তবায়নে।
আমি তো বলি, আমার বন্ধুপুত্র ফরিদুর রেজা সাগর, যিনি নিজে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নন্দিত সাহিত্যিক, জন্মসূত্রে আমাদের প্রধান এক কথাশিল্পী রাবেয়া খাতুনের জ্যেষ্ঠ পুত্র, যিনি চ্যানল আইয়ের কর্ণধারই শুধু নন, এর চলার পরিশ্রমী পদযুগলও যাঁর, তিনি যদি আর কিছু না হয়ে অলংকার বিপণির জহুরিও হতেন, সেটাও হতো তাঁর পক্ষে শ্লাঘনীয়, কারণ তিনি রত্ন চেনেন। আর,রত্ন চেনার এই চোখ আর দক্ষতা তাঁর আছে বলেই তিনি মানুষরত্ন চেনার অন্যতম প্রধান এক পুরুষ এ দেশে।
সাগরের এই রত্ন-জহুরিত্বর প্রমাণ পাই চ্যানেল আইয়ের বিপুল কর্মীবাহিনীর প্রত্যেক সদস্যকে দেখে ও জেনে। ব্যক্তিগতভাবে আমি চ্যানেলটির প্রথম দিন থেকেই এর সঙ্গে যুক্ত, পর্দায় আমার জীবন্ত সচিত্র উপস্থিতির প্রধান চ্যানেলটিই হচ্ছে আজ পনেরোটি বছর ধরে এই চ্যানেল আই। শুধু কি অনুষ্ঠানেই আমি? আমার কত-না সংকট, সংশয় ও যন্ত্রণাবিদ্ধ মুহূর্তে যখন আমি নিঃসঙ্গ বোধ করি, যাই চ্যানেল আইয়ে; সাগর-সিরাজ ও অন্যদের সান্নিধ্যে বসে, কথা বলে অথবা নীরবে শুধুই একটি কফি পান করে উঠে, কিংবা সাগরের শুধু মুখখানি দেখে আমি প্রাণ ফিরে পাই, নিজেকে আবার দেশের ভেতরে দেখে উঠি।
অধিক কী বলব! এই তো! এতেই যা কিছু আমার বলার। শুভম্ জয়ন্তী চ্যানেল আইয়ের। চাঁদের ষোলোকলায় পূর্ণ হয়ে উঠুক শুধু এই ষোলোতেই নয়, আরও আরও অনেক দিন অনেক বছর অনেক যুগ চ্যানেল আই আমাদের এই মুক্তিযুদ্ধজাত দেশটিকে জ্যোৎস্নায় উদ্ভাসিত করে রাখুক।
সৈয়দ শামসুল হক: কথাসাহিত্যিক।