শুরু হলো রাজনীতির 'গ্রেটেস্ট শো অন আর্থ'

আজ যখন চীনের রাজধানীতে বিশ্বের বৃহত্তম কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরু হচ্ছে, তখনো এমন বিতর্কও চলছিল যে দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি, না কম!
সাংহাইভিত্তিক ‘হু রুন’ ২০১৬-এর হিসাবপত্তর তুলে ধরে বলছে, চীনে এখন বিলিয়নিয়ার ৫৬৮ জন, যা যুক্তরাষ্ট্রের চেয়ে ৩৩ জন বেশি। তবে আমেরিকার বিজনেস ম্যাগাজিন ফোর্বস বলছে, না, শীর্ষস্থানটি এখনো যুক্তরাষ্ট্রের দখলে আছে, যদিও চীনেও ৩৩৫ জন বিলিয়নিয়ার গজিয়েছে।
লক্ষণীয়, হু রুন ও ফোর্বসের ব্যবধান বেশি নয়। আর বিলিয়নিয়ারদের এমন উত্থানের মাঝেই বেইজিংয়ে বসেছে গণচীনের একমাত্র ‘পার্টি’র ১৯তম কংগ্রেস। অবশ্যই রাজনৈতিক দিক থেকে একে এ মুহূর্তে ‘গ্রেটেস্ট শো অব দ্য আর্থ’ বলা যায়। সেটা এ কারণে নয় যে এই গত তিন দশকে এই প্রথম চীন এক মেরুর বিশ্ব ধারণাকে ‘হুমকি’র মুখে ফেলেছে। বরং সেটা এ কারণেও যে ‘ওয়ান বেল্ট-ওয়ান রোড’ ধারণার বিস্তৃতির মধ্য দিয়ে চীনই এখন অর্থনৈতিক গোলোকায়নে চালকের আসনে রয়েছে।
১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) এ পর্যন্ত ১৮টি সম্মেলন হলেও এবারই প্রথম ইউরোপ এবং উত্তর আমেরিকার প্রচারমাধ্যম আজ নিজ নিজ স্টাইলে একে বর্তমান বিশ্বের এক বড় রাজনৈতিক ঘটনা হিসেবে স্বীকৃতি দিল। তারা সিসিপিকে এখন বিতর্কহীন এক ‘গ্লোবাল অ্যাক্টর’ হিসেবে দেখছে। কোনো কোনো মিডিয়া আরেক ধাপ এগিয়ে বেইজিংয়ের আজকের কংগ্রেসকে বলছে সিসিপির প্রথম ‘গ্লোবাল পার্টি কনফারেন্স’। তবে স্বীকৃতির বেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যটি এসে বিশ্বব্যাংক প্রধানের কাছ থেকে। তিনি বলেছেন, ১৯৯০-এর পর থেকে গত ২৭ বছরে এই পার্টি তার দেশ থেকে ৮০ কোটি মানুষকে দারিদ্র্য অবস্থা থেকে উত্তরণ ঘটিয়েছে। এটাকে ব্যাংক প্রেসিডেন্ট জিম ইং কিম মানব-ইতিহাসের অন্যতম বড় ঘটনা হিসেবে অভিহিত করেছেন।
ঠিক এ রকম পটভূমিতেই সিসিপির ৮ কোটি ৯০ লাখ সদস্য ২ হাজার ২৮৭ জন প্রতিনিধি পাঠিয়েছেন। এই প্রতিনিধিরা নির্বাচিত করবেন ৩৭০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি, ২৫ সদস্যের পলিটব্যুরো এবং ৭ সদস্যের স্ট্যান্ডিং কমিটি। এই স্ট্যান্ডিং কমিটিই হলো চীনের চূড়ান্ত নীতিনির্ধারক এবং অবশ্যই তার সবচেয়ে প্রভাবশালী সদস্য হিসেবে পার্টির সাধারণ সম্পাদক সি চিন পিং থাকছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির চালকের আসনে, যে অর্থনীতি আবার দ্রুতলয়ে ছুটছে প্রথম স্থানধারীকে ছুঁতে।
আগামী সাত দিন চলবে এই কংগ্রেস এবং তাতে মূল কৌতূহল থাকছে দুটি—স্ট্যান্ডিং কমিটিতে কারা নির্বাচিত হচ্ছেন এবং সি চিন পিং পার্টির সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হচ্ছেন কি না। প্রথম প্রশ্নের উত্তর চীনের জন্য গুরুত্বপূর্ণ হলেও দ্বিতীয় প্রশ্নের উত্তর জানতে আগ্রহী প্রধানত বিশ্ববাসী।
তবে এরূপ আগাম অনুমান করা হচ্ছে যে সি চিন পিং দ্বিতীয় দফাও একই পদে থাকছেন। মূলত দুটি বাস্তবতা থেকে এই অনুমান করা হচ্ছে। প্রথমত, তাঁর দুই পূর্বসূরি জিয়াং জেমিন এবং হু জিনতাও—উভয়েই দুই মেয়াদে ১০ বছর ছিলেন সাধারণ সম্পাদক পদে। সি চিন পিংয়ের প্রথম মেয়াদের সফলতার পর তাঁর বেলায় উপরিউক্ত প্রথার চর্চা অধিকতর যৌক্তিকই হবে।
দ্বিতীয়ত, সি চিন পিংয়ের উত্তরসূরি হিসেবে যাঁকে এত দিন মনে করা হতো, পলিটব্যুরোর সেই প্রভাবশালী সদস্য সান জেনচাইকে সম্প্রতি পার্টি থেকে বরখাস্ত করা হয়েছে। যেহেতু সম্ভাব্য উত্তরসূরিকে সরিয়ে দেওয়া হলো, সে কারণেও বড় কোনো ‘দুর্ঘটনা’ না ঘটলে সি চিন পিংয়ের দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচন প্রায় অবধারিত বলা যায়।
সাধারণত প্রতি দশকে সিসিপির দুটি সম্মেলন হয়ে থাকে। ২০১২-এর সম্মেলনে সাধারণ সম্পাদক এবং পরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে সি চিন পিং যে বিশ্বকে প্রবলভাবে তাঁর উপস্থিতি জানান দিয়েছেন প্রতিমুহূর্তে, সেটা তাঁর ভ্রমণসূচি থেকেও আঁচ করা যায়। নিজের চার্টার্ড বিমানে বিগত পাঁচ বছরে তিনি বিশ্বের ৫৬টি দেশ ঘুরেছেন। প্রতিটি সফরকে তিনি ব্যবহার করেছেন বিশ্বকে চীনকেন্দ্রিক বাণিজ্য নেটওয়ার্কে টেনে আনতে। এ লক্ষ্যেই তিনি জি-২০ সম্মেলনের আয়োজন করেছেন চীনে এবং প্রতিষ্ঠা করেছেন বিশ্বব্যাংকের বিকল্প হিসেবে এআইআইবি ব্যাংক। ইতিমধ্যে দেশটি বিশ্বের প্রধান রপ্তানিকারক এবং দ্বিতীয় প্রধান আমদানিকারকে পরিণত হয়েছে। এভাবে কার্যত দেশটি বৈশ্বিক পুঁজিতন্ত্রের প্রাণভোমরা হয়ে উঠেছে।
বর্তমানে চীন চারটি অর্থনৈতিক লক্ষ্যের মধ্যে ভারসাম্য রক্ষায় লড়ছে। সেগুলো হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত সংস্কার, আর্থিক স্থিতিশীলতা এবং আয়ের বণ্টন ও পুনর্বণ্টন। বিগত তিন দশকে প্রায় ৮ থেকে ১০ শতাংশ হারে প্রবৃদ্ধি শেষেও দেশটিতে দারিদ্র্য রয়ে গেছে এখনো। চীনে দারিদ্র্য হিসাব করা হয় ২ হাজার ৩০০ ইউয়ানকে হিসাবে ধরে (১ ইউয়ান = ১২ টাকা (প্রায়))। এই হিসাবে দেশটিতে সরকারিভাবে পাঁচ কোটি দরিদ্র মানুষের উপস্থিতির কথা স্বীকার করা হয়। বেসরকারি হিসাবে এই সংখ্যা কিছু বেশি হবে। সরকার লক্ষ্য নির্ধারণ করেছে, প্রতিবছর এক কোটি দরিদ্রকে পূর্বাবস্থা থেকে উত্তরণ ঘটানো হবে। এই হিসাবকে সামনে রেখে সি চিন পিং তাঁর আসন্ন মেয়াদ শেষে ২০২২ সালে দারিদ্র্যমুক্ত চীনের স্বপ্ন দেখছেন।
এই লক্ষ্য নির্ধারণ বিশেষভাবে ঐতিহাসিক। কারণ, ২০২১ সালে সিসিপির প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হবে। চীনের নেতৃবৃন্দ বলছেন, ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকীটি তাঁরা পালন করতে ইচ্ছুক সমগ্র চীনকে এক ‘সচ্ছল দেশে’ পরিণত করে। এ উদ্দেশ্যে কেবল দারিদ্র্য নির্মূলের লক্ষ্যে বর্তমান বছরে চীন ৮৬ বিলিয়ন ডলার খরচ করছে, যা গত বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি। এসব অর্থ খরচ হচ্ছে শিক্ষা-স্বাস্থ্য-কৃষিতে এবং বিশেষভাবে অবকাঠামো উন্নয়নে। তবে আইএমএফ বলছে, চীনকে অবকাঠামো উন্নয়নের নেশা ছেড়ে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও বিনিয়োগ বাড়ানো উচিত—না হলে অসাম্য পরিস্থিতি বাস্তবতায় পরিণত হয়ে যাবে। দারিদ্র্য পরিস্থিতির শেষ চিহ্ন মুছে দিতে বিভিন্ন কর্মসূচির ব্যাপকতায় প্রতীয়মান হয় যে চীনের নেতৃবৃন্দও এ ব্যাপারে সচেতন। কিন্তু পুঁজিতান্ত্রিক উন্নয়নে অসাম্য যে সহজাত বাস্তবতা, তা সিসিপির সমাজতান্ত্রিক বাজারব্যবস্থার মুখরোচক শব্দময়তায় একেবারে আড়াল করা অবশ্যই দুরূহ। একইভাবে ‘বাজারমুখিতার’ তিন দশক শেষে চীনে পরিবেশ বিপর্যয় এবং দুর্নীতির ব্যাপকতাও বিরাট চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এবারের কংগ্রেসে এই দুই ইস্যুতে বিশেষ কিছু দিকনির্দেশনা আসবে বলেই শোনা যাচ্ছে। পার্টির নেতারা ইতিমধ্যে স্বীকার করেছেন যে ফুলে-ফেঁপে ওঠা দুর্নীতির লাগাম টেনে ধরা ক্রমে পার্টির জন্য কঠিন হয়ে উঠছে।
চীনের জন্য আরেক দুরূহ চ্যালেঞ্জ হয়ে উঠেছে নিরাপত্তা প্রশ্ন। ভৌগোলিক এবং বাণিজ্যিক বিভিন্ন ইস্যুতে চীনকে যুক্তরাষ্ট্রের বৈরিতার শিকার হতে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ভারত সরাসরি ‘বেল্ট এন্ড রোড’ কর্মসূচির বিরোধিতা করছে। অন্যদিকে, দক্ষিণ চীন সাগর এবং সেনকাকু দ্বীপকেন্দ্রিক সংঘাতে চীনকে সামরিকভাবেও ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র-চীন এইরূপ দ্বন্দ্বের ফলে বৈশ্বিক উত্তেজনার ভরকেন্দ্র হয়ে উঠেছে বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়া। যার আঁচ পড়ছে বাংলাদেশ-আফগানিস্তান-নেপাল-শ্রীলঙ্কা-মালদ্বীপের মতো ছোট দেশগুলোর রাজনীতি ও সমাজজীবনেও। ফলে সিসিপির ১৯তম কংগ্রেস নিয়ে এবার ক্ষুদ্র এসব দেশের নীতিনির্ধারকদের মাঝেও ব্যাপক কৌতূহল। সবাই ধারণা করছেন এবং আশঙ্কাও করছেন যে দ্বিতীয় মেয়াদে পার্টি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া মাত্র সি চিন পিং দক্ষিণ এশিয়ায় আগ্রাসী কূটনীতি চালাবেন। যার স্পষ্ট পূর্বাভাস মিলছে গত এক বছর থেকে নেপালে, মালদ্বীপে, শ্রীলঙ্কায় এবং ভারত সীমান্তে। হয়তো আসন্ন দিনগুলোয় তার ছাপ পড়বে বাংলাদেশেও। কংগ্রেসের উদ্বোধনী ভাষণে সি চিন পিং পার্টি ক্যাডারদের বড় ধরনের সংগ্রামের প্রস্তুতি নিতে বলেছেন, কারণ, তাঁর ভাষায় ‘চীন এক বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছে’।
আলতাফ পারভেজ: গবেষক ও লেখক।