
আটলান্টিকের দুই পারের মানুষের ভোট দেওয়ার পদ্ধতিতে বেশ একটা পরিবর্তন এসেছে। তরুণদের ভোট দেওয়ার পদ্ধতি বয়স্কদের চেয়ে লক্ষণীয়ভাবে আলাদা। বয়স্করা যেভাবে ভোট দেন তরুণেরা সেভাবে দেন না। তাঁরা ভোট দেওয়ার ক্ষেত্রে নতুন পন্থা অবলম্বন করছেন। আর এটা করার পেছনে আয়-রোজগার, শিক্ষা বা নারী-পুরুষের বিষয়টি কাজ করছে না। তবে বেশ কয়েকটি কারণ রয়েছে এর পেছনে।
আটলান্টিকের দুই পারের তরুণ ও প্রবীণদের জীবনযাত্রার মধ্যে পার্থক্য রয়েছে। তাঁদের অতীত ভিন্ন। ফলে দুই প্রজন্মের প্রত্যাশাও ভিন্ন। এ তরুণদের জন্মের আগেই বা তাঁদের কেউ কেউ যখন শিশু ছিলেন, তখন স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। সমাজতন্ত্রের মতো শব্দগুলো এখন আর আগের অর্থ বহন করে না। ২৫ বছর আগে বা অর্ধশত বছর আগে হয়তো অনেক ব্যর্থতার অভিজ্ঞতা হয়েছে মানুষের। আজকের পরিস্থিতির সঙ্গে অতীতের পরিস্থিতির মিল নেই। ফলে অতীতের কোনো ব্যর্থতা আজকের প্রজন্মের কাছে নতুন অর্থ বহন করে না। আজকের তরুণেরা ভিন্ন এক সময়ে বাস করছে। ফলে তাঁদের স্বপ্ন ও প্রত্যাশা ভিন্ন।
উচ্চ মধ্যবিত্ত মার্কিন বা ইউরোপীয়দের মধ্যে যাঁরা এখন বয়স্ক, তাঁরা সব সময় মোটামুটি উন্নত মানের জীবনযাপন করে আসছেন। যখন তাঁরা শ্রমবাজারে প্রবেশ করেছিলেন, ভালো ভালো চাকরি তাঁদের জন্য অপেক্ষা করছিল। তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁরা কী করতে চান। আগের প্রজন্মের প্রত্যাশা ছিল চাকরির নিরাপত্তা, অল্প বয়সে বিয়ে করা, নিজের জন্য একটি বাড়ি কেনা এবং সবশেষে সব ধরনের নিরাপত্তা নিয়ে চাকরি থেকে অবসর নেওয়া। মোট কথা, তাঁদের বাবা-মায়েরা যে জীবনযাপন করে এসেছেন, তার চেয়ে উন্নত মানের জীবনযাপনের প্রত্যাশা তাঁরা করতেন।
আর এ প্রজন্মের তরুণদের প্রত্যাশা ঠিক বিপরীত। কেননা, তাঁরা জীবনভর চাকরির অনিশ্চয়তায় ভোগেন। অনেক কলেজ পাস করা স্নাতকদের চাকরি পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়। অনেকে চাকরি পেলেও শিক্ষানবিশ হিসেবে তাঁকে বিনা বেতনে এক মাস বা দুই মাস কাজ করতে হয়। তারপরও তাঁরা নিজেদের ভাগ্যবান মনে করেন। কারণ, তাঁদের বন্ধুরা, যাঁরা কিনা স্কুল-কলেজে তাঁদের চেয়ে মেধাবী হিসেবে পরিচিত ছিলেন, তাঁরা যে চাকরিই পাননি।
আজকালকার বিশ্ববিদ্যালয় স্নাতকেরা ঋণের ভারে জর্জরিত। পড়াশোনার খরচ চালাতে গিয়ে তাঁদের এ ঋণ নিতে হয়। কাজেই তাঁদের জিজ্ঞেস করা হয় না, কী ধরনের চাকরি তাঁরা চান। বরং তাঁদের কাছে জানতে চাওয়া হয়, কোন ধরনের চাকরির মাধ্যমে তারা ঋণ পরিশোধ করতে পারবেন। এসব ঋণ শোধ করতে তাঁদের ২০ বছর বা তার চেয়েও বেশি সময় লেগে যায়। আর এসব কারণে আজকের তরুণেরা চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ভাবেন না। কারণ তাঁদের ভয়, অবসরে গেলে তো তাঁরা একটি ভদ্রস্থ জীবনযাপন করতে পারবেন না।
সমাজের উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত ভালো থাকবেন, কারণ তাঁরা তাঁদের বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে সম্পত্তি পাবেন। যখন তাঁরা এভাবে সম্পত্তি পেতে চাইবেন না, তখন তাঁদের নতুন করে শুরু করতে হবে। আর এটা করতে গিয়ে তাঁদের পদে পদে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে, যা কিনা একসময় একজন মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা হিসেবে দেখা হতো।
এসব অসাম্য ও অন্যায্যতা খুব সহজে ব্যাখ্যা করা যায় না। বিষয়টা এমন নয় যে এই তরুণেরা কঠোর পরিশ্রম করছেন না। যাঁরা পড়ালেখার পেছনে দীর্ঘ সময় ব্যয় করছেন, এই পরিশ্রমের প্রভাব তাদের ওপর পড়ছে, যাঁরা স্কুলে ভালো ছাত্রের তকমা পেয়েছেন এবং সব জায়গায় সঠিক কাজ করছেন, তাঁদের ওপর পড়ছে। সামাজিক অবিচারের অনুভূতি তাঁদের মনে দেখা দেয়, তখন তাঁরা দেখেন ব্যাংকাররা যাঁরা দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টি করছেন, অব্যাহতভাবে অর্থনীতির বিপর্যয় ঘটাচ্ছেন, সে জন্য তাঁদের কাউকে জবাবদিহি করতে হচ্ছে না। বড় ধরনের জালিয়াতি হচ্ছে, কিন্তু কারও শাস্তি হচ্ছে না।
বিভিন্ন সময়ে রাজনৈতিক অভিজাতরা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, সংস্কারের মাধ্যমে অভূতপূর্ব সমৃদ্ধি আসবে। তাঁরা এই সংস্কার করেছেন, তবে তা শুধু সমাজের শীর্ষ ১ শতাংশের জন্য। তরুণেরাসহ বাকি সবাই ন্যায্যতা বা নিরাপত্তা পাননি। বড় মাত্রায় সামাজিক অবিচার, ব্যাপক অসমতা বা অন্যায্যতা এবং অভিজাতদের ওপর থেকে বিশ্বাস হারানো—এই মুহূর্তে আমাদের রাজনৈতিক অবস্থার কারণ হচ্ছে এই তিন বাস্তবতা।
আর এসব কারণে ইউরোপে মধ্য-ডান ও মধ্য-বামপন্থী রাজনৈতিক দলগুলো হেরে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এখন একটা বিস্ময়কর অবস্থানে আছে। যদিও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীরা যুক্তিতর্ক উপস্থাপনের বদলে আবেগ জাগিয়ে জনগণকে ভজানোর চেষ্টা করছেন। তবে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীরা পরিবর্তনের কথা বলছেন। যেটা তাঁরা তখনই করতে পারবেন যখন তাঁরা কংগ্রেসে যাবেন।
হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স সংস্কারের যেসব পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়ন করতে পারলে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। তবে এখন সবচেয়ে যা জরুরি তা হলো, বেকারত্ব দূর করা। যুক্তরাষ্ট্রে সরকারি হিসাবে বেকারত্বের হার ৪ দশমিক ৯ শতাংশ। এটা হচ্ছে দৃশ্যমান হার। অদৃশ্যমান বেকারত্ব এর চেয়ে অনেক বেশি। দেশটির অর্থনৈতিক পরিস্থিতি যত দিন অস্থিতিশীল থাকবে, তত দিন তরুণেরা চাকরির বাজারে প্রবেশের জন্য মসৃণ পথ পাবেন না। কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে পারব না, যদি না আমরা এটাকে সমস্যা হিসেবে স্বীকৃতি দিই। আমাদের তরুণেরা সামাজিক অন্যায্যতার বিষয়টি অনুধাবন করতে পেরেছেন এবং এ জন্য তাঁদের ক্ষুব্ধ হওয়ার অধিকার আছে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: রোকেয়া রহমান
জোসেফ ই. স্টিগলিৎস: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী।