
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শ্রীনগরে প্রায় ৩০০ মানুষের সঙ্গে দেখা করেছেন। পাকিস্তানও কাশ্মীর প্রশ্নে আলোচনার প্রস্তাব দিয়েছে। উভয় পক্ষের পদক্ষেপ প্রশংসনীয় হলেও ব্যাপারটা দুই বা তিন বছর দেরি হয়ে গেছে। তখন কাশ্মীরিরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। ইয়াসিন মালিক ও সাব্বির শাহের মতো নেতারা শ্রীনগর ও নয়াদিল্লিতে গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন।
তখনকার বৈঠকের বিষয়বস্তু ছিল এ রকম, কাশ্মীর যে মাত্র তিনটি বিষয় ভারত রাষ্ট্রের হাতে তুলে দিয়েছিল, সেটি নয়াদিল্লিকে বোঝানো। অর্থাৎ প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ। কিন্তু অতি উৎসাহী জগমোহন, গভর্নর এন এন ভোহরা ও তাঁদের পূর্বসূরিরা সব বিষয়েই কথা বলতে শুরু করেছিলেন। তাঁদের মাথায় এই চিন্তা ছিল না যে, কাশ্মীর শুধু এই তিনটি বিষয়ই কেন্দ্রের হাতে তুলে দিয়েছিল। এই শর্তেই তারা ভারতীয় ইউনিয়নে যোগ দিয়েছিল। এতে কাশ্মীরি নেতারা অসুখী হলেও অসহায় বোধ করেছিলেন।
আর আজ কাশ্মীরের তরুণ প্রজন্ম তাঁদের পূর্বসূরিদের চেয়েও এক ধাপ এগিয়ে গেছেন। তাঁরা এখন স্বাধীনতা চান। নিজেদের পররাষ্ট্রনীতি নিজেরাই প্রণয়ন করতে চান। বস্তুত তাঁরা যে সার্বভৌমত্বের দাবি তুলছেন, তা অন্য যেকোনো দেশের স্বাধীনতার সমতুল্য। তাঁদের প্রতিনিধিরা গত মাসে আমাকে শ্রীনগরে ডেকেছিলেন। আমি দেখলাম, তাঁরা খুবই উত্তেজিত, তবে নিজেদের দাবির ব্যাপারে খুবই পরিষ্কার।
তাঁদের ভারতবিরোধী বা মৌলবাদী আখ্যা দেওয়া হলে তা ন্যায্য হবে না। এটা ঠিক, তাঁরা চান যে শ্রীনগর ওয়াশিংটন বা লন্ডনের মতো হোক। ইসলামাবাদের সঙ্গে তাঁদের যোগাযোগ নেই। তাঁরা বলেন, রাজ্যসভার নির্বাচিত সদস্যরা পররাষ্ট্রনীতি প্রণয়ন করবেন। নয়াদিল্লি সেখানে হস্তক্ষেপ করবে না; ইসলামাবাদও নয়।
আমি তাঁদের বললাম, আপনাদের দাবি বোধগম্য। কিন্তু ভারত কীভাবে নিজের সীমান্তে আরেকটি মুসলিম দেশ সৃষ্টি করবে, যেখানে পাকিস্তানের ব্যাপারে তার অভিজ্ঞতা খুব খারাপ। আমি যখন বললাম, লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাঁরা এ দাবি মেনে নেবেন না, তখন তাঁরা অসন্তুষ্ট হন। তাঁরা বলেন, এটা আপনাদের সমস্যা।
কথা হচ্ছে, স্বায়ত্তশাসনের পরিসর নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ভারত ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ নেই। পাকিস্তান সৃষ্টির উৎসে গেলে আমরা নতুন একধরনের বিতর্কে ঢুকে যাব। অসমতা সত্ত্বেও হিন্দু ও মুসলমানদের মধ্যে স্থিতিশীলতা এসেছিল, সেটা হলে তা-ও বিনষ্ট হবে।
শ্রীনগরে যাঁরা পাথর ছুড়েছেন, তাঁরা হয়তো বিপথগামী তরুণ। কিন্তু আরেক দিক থেকে দেখলে, তাঁরা স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতিভূ। তাঁরা ইয়াসিন শাহ ও সাব্বির শাহকে অতিক্রম করে অনেকটা পথ চলে গেছেন। তাঁরা কাশ্মীরের ভারতের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারেই অসন্তুষ্ট। আবার তাঁরা পাকিস্তানের ব্যাপারেও মহাকুপিত।
আমি মনে করি, আজ থেকে কয়েক বছর আগেও ভারত সরকার ও শ্রীনগরের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারত। কিন্তু আজ কিছু করতে গেলে বা কাশ্মীরের ভবিতব্য নির্ধারণের বেলায় কাশ্মীরিদের সে আলোচনায় যুক্ত করতে হবে। কাশ্মীরে গণভোট করার ব্যাপারে জাতিসংঘের প্রস্তাব এবং ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টোর স্বাক্ষরিত শিমলা চুক্তিও প্রাসঙ্গিকতা হারিয়েছে। আজকের পরিস্থিতি ভিন্ন।
ভারত বা পাকিস্তান কেউই ব্যাপারটা বোঝে না বা তারা যে সেটা বোঝে, সে রকম আভাসও দেয় না। ব্যাপারটা এখন ত্রিমুখী হয়ে গেছে। তার বন্ধুত্বপূর্ণ সমাধান করার জন্য তিনটি বিষয়ই আমলে নিতে হবে। এখন শ্রীনগরে আর কোনো প্রতিনিধিদল পাঠিয়ে লাভ হবে না। কারণ, কাশ্মীরিরা মনে করেন, আগের প্রতিশ্রুতিই তো এখনো বাস্তবায়িত হয়নি।
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সঠিকভাবেই বলেছেন, যেখানে আগের প্রতিবেদনগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পড়ে আছে ও তার গায়ে ধুলো পড়ছে, তখন শ্রীনগরে নতুন প্রতিনিধিদল পাঠানোর মানে হয় না। আগের জায়গা থেকে শুরু করতে হলে নয়াদিল্লিকে আগে দেখাতে হবে, তারা আন্তরিক।
সর্বোপরি, শেখ আবদুল্লাহর দাবিই বা কী ছিল, যাকে ১২ বছর দক্ষিণের কোডাইকানালে কাটাতে হয়েছিল। তিনি চেয়েছিলেন, নয়াদিল্লি যেন এটা বুঝতে পারে যে, তাঁরা মাত্র তিনটি বিষয়ের বিনিময়ে ভারতীয় ইউনিয়নে যোগ দিয়েছেন। ফলে তাঁরা কাশ্মীরের সঙ্গে আলোচনা না করে অন্য বিষয়ে নাক গলাতে পারেন না। হ্যাঁ, তারপর ঝিলম নদীতে হয়তো অনেক পানি বয়ে গেছে। কিন্তু যেসব আইন এই তিনটি বিষয়কে ছাপিয়ে যায়, সেগুলো প্রত্যাহার করে নিলে পরিস্থিতি আগের জায়গায় যেতে পারে।
শ্রীনগরে ছাত্রদের সঙ্গে আলোচনায় আমি বলেছি, পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি মানা সম্ভব নয়। ভারত ইতিমধ্যে পাকিস্তানের যন্ত্রণা সহ্য করছে। নয়াদিল্লি যদি কাশ্মীরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়, তাহলে সে শুধু নিজের সমস্যাই বাড়াবে। ছাত্রদের কাছে আমি এ যুক্তিও বোঝাতে পেরেছি যে, ভূমিবেষ্টিত হওয়ায় কাশ্মীরকে ব্যবসা-বাণিজ্যের জন্য ভারত বা পাকিস্তানের ওপর নির্ভর করতে হবে।
এর জবাবে তাঁরা বলেছেন, কাশ্মীর সুইজারল্যান্ডের মতো। ফলে পর্যটকদের কাছ থেকে তাঁরা অনেক টাকা কামাতে পারবেন। তাঁদের কোনো স্থায়ী সেনাবাহিনী থাকবে না। কারণ, এতে প্রচুর খরচ হয়। কিন্তু আমার কথা হচ্ছে, এসব সত্ত্বেও তাঁরা বাজার খুঁজে পেতে অনেক সমস্যায় পড়বেন, যে ব্যাপারটা তাঁরা এখন ঠিক বুঝতে পারছেন না।
কথা হচ্ছে, কাশ্মীর–বিষয়ক আলোচনার আগে নয়াদিল্লি সন্ত্রাস–বিষয়ক আলোচনা করতে চাইতেই পারে। পাকিস্তান যে আলোচনার প্রস্তাব দিয়েছে তা সন্ত্রাসবাদ দিয়ে শুরু হতেই পারে, যেখানে কাশ্মীর প্রসঙ্গও ঢুকে যেতে পারে। কারণ, তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করে সেনাবাহিনী, তাদের আলাদা এজেন্ডা থাকতেই পারে। কিন্তু তারা নিশ্চয়ই সম্পর্ক স্বাভাবিক করার আলোচনায় বাদ সাধতে পারে না, যেখানে সীমান্তে দুই দেশের সেনারা গিজগিজ করছে।
পাকিস্তানের সঙ্গে বসার আগে ভারতের উচিত হবে, কাশ্মীরের সমস্যাটা আমলে আনা। নেহরুর বন্ধু শেখ আবদুল্লাহ যা দাবি করেছিলেন, তা মেনে নিলেই এটা করা সম্ভব। তিনি বলেছিলেন, ওই তিনটি বিষয়কে ছাপিয়ে যায় এমন আইন ভারতের প্রত্যাহার করা উচিত।
অনুবাদ: প্রতীক বর্ধন।
কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।