শেখ মুজিবের বীরত্ব ও মানবিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অক্সফোর্ড ইংরেজি অভিধানের সংজ্ঞা অনুসারে, বীর হচ্ছেন সেই ব্যক্তি, ‘যিনি সব কাজেই অসাধারণ সাহস, চিত্তের দৃঢ়তা ও মহত্ত্ব দেখান, যাঁকে অন্যরা তাঁর অর্জনের জন্য প্রশংসা ও শ্রদ্ধা করেন’।
চে গুয়েভারা নিজের জীবনের চেয়ে মানবতাকেই বেশি ভালোবাসতেন। তাঁর ভাষায় রাজনৈতিক বীরের চরিত্র এ রকম: ‘একজন মানুষের জীবনের চূড়ান্ত সময় তখনই আসে, যখন তিনি মৃত্যুর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি যদি মৃত্যুর সঙ্গে লড়াই করেন, তাহলে তিনি একজন বীর, তা তিনি সফল হোন বা না হোন। তিনি ভালো বা মন্দ রাজনীতিক হতে পারেন, কিন্তু তিনি যদি মৃত্যুর মুখোমুখি না হন, তাহলে তিনি একজন রাজনীতিকের চেয়ে বেশি কিছু নন।’ এই দুই সংজ্ঞাই শেখ মুজিবের বেলায় খাটে।
প্রথমত, তাঁর সাহস। মুজিবই উপমহাদেশের একমাত্র রাজনীতিক, যাঁর বিচার হয়েছিল এমন অপরাধের অভিযোগে, যার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। একবার নয়, দুবার। প্রথমবার সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলার সময়, যেবার আইয়ুব খানের বিরুদ্ধে ব্যাপক গণ-আন্দোলনের কারণে জান্তা তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। দ্বিতীয়বার সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল স্বাধীনতাযুদ্ধের সময়, তখন পশ্চিম পাকিস্তানের গোপন বিচারে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করায় এবং ইয়াহিয়া খানের জায়গায় জুলফিকার আলী ভুট্টো গদিতে বসায় সে আদেশ আর কার্যকর হয়নি। ফলে এসব অভিজ্ঞতায় বলীয়ান হয়ে তাঁর সাহস অটুটই ছিল, স্বাধীনতার পর এক ঘটনায় যার দৃষ্টান্ত আমরা দেখতে পাই। সে সময় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও মুক্তিযোদ্ধারা একসঙ্গেই পিলখানায় বিডিআর ব্যারাকে থাকতেন। বিডিআরের সব সদস্য মুক্তিযোদ্ধা না হওয়ায় মুক্তিযোদ্ধারা মনে করলেন, বিডিআরের চাকরি তাঁদের জন্য যথেষ্ট নিরাপদ নয়। তখন পরিস্থিতি সামাল দিতে মুজিব নিজেই পিলখানায় যেতে চাইলে তাঁর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদসহ অনেকেই সেই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করেন। তোফায়েল আহমেদ এই মুক্তিযোদ্ধাদের নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন। ফলে তাঁর মনে ভয় ছিল, সেখানে গেলে মুজিবকে অপমান করা হতে পারে, এমনকি তাঁকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হতে পারে। মুক্তিযোদ্ধাদের একটি কট্টর অংশ মনে করত, রাজনীতিকেরা সরাসরি যুদ্ধ না করেও যুদ্ধের সুফল ভোগ করছেন, কিন্তু কেউই তাঁদের কথা ভাবছিল না। মুজিব কারও কথা না শুনে কোনো দেহরক্ষী ছাড়াই সেখানে চলে যান। তাঁদের রক্ষীবাহিনীতে আত্তীকরণ করা হবে—এই প্রতিশ্রুতি দিয়ে তিনি তাঁদের শান্ত করেন।
তাঁর অসাধারণ সাহসের উৎস কী? এর একটি কারণ হচ্ছে, তিনি অন্য সব রাজনীতিকের চেয়ে জনগণের সঙ্গে অধিকতর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিলেন। তাঁর প্রত্যয় ছিল, তাঁর কিছু লক্ষ্য আছে, সেগুলো তাঁকে পূরণ করতে হবে। বিশেষ করে, ১৯৫৮ সালে সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি কঠিন হয়ে পড়লে তিনি দেখলেন, অন্য রাজনীতিকদের পশ্চিম পাকিস্তানের ক্ষমতাকাঠামোর সঙ্গে লড়ার মতো আত্মিক শক্তি নেই। মুজিবের সাহসিকতার আরেকটি উৎস ছিল আত্মিক। তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন, কিন্তু তিনি কখনোই তাঁর ধার্মিকতা প্রদর্শন করতেন না। তিনি যে ধর্মের সব আচার কঠোরভাবে পালন করতেন, তা নয়। তাঁর ধার্মিকতা খুবই গভীর ছিল। এক সাক্ষাৎকারীর কাছে ১৯৭২ সালে তিনি তাঁর দর্শনের কথা বলেছিলেন এভাবে: ‘একজন মানুষ তার লক্ষ্যের জন্য কষ্ট করতে পারে। আমি আমার জনগণের জন্য কষ্ট করেছি, আমার বাংলাদেশের জন্য দুঃখ সয়েছি। আমার জনগণ আমাকে ভালোবাসে, আমি তা জানি...এটাই আমার কষ্ট সহ্য করার শক্তির উৎস। একজন মানুষ যদি মরতে প্রস্তুত থাকে, তাহলে তাকে মারবে কে?...আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমরা তাঁকে আল্লাহ বলি। তিনি আমাকে এই কষ্ট সহ্য করার শক্তি দেন, তিনি মহান।’
দ্বিতীয়ত, তাঁর মানবিক গুণাবলি। মুজিব খুবই উদার ও স্নেহপরায়ণ একজন মানুষ ছিলেন। যাঁরা তাঁর ব্যক্তিগত সংস্পর্শে এসেছেন, তাঁরাই তাঁর ভদ্রতা ও যত্নে অভিভূত হয়েছেন। মানুষের চেহারা ও নাম মনে রাখার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। মুজিব তাঁর বন্ধু ও দলের কর্মীদের কাছে বিশ্বস্ত ছিলেন। তিনি আসলে একটু বেশিই উদার ছিলেন, অনেকেই তাঁর এই গুণের সুযোগ নিতেন। তাঁদের অপকর্মের কথা তাঁর কানে এলেও শাস্তি দেওয়ার মতো মানসিকতা তাঁর ছিল না।

>মুজিব খুবই উদার ও স্নেহপরায়ণ একজন মানুষ ছিলেন। যাঁরা তাঁর ব্যক্তিগত সংস্পর্শে এসেছেন, তাঁরাই তাঁর ভদ্রতা ও যত্নে অভিভূত হয়েছেন। মানুষের চেহারা ও নাম মনে রাখার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর

তাঁর কষ্টের দিনে যাঁরা তাঁকে সহযোগিতা করেছেন, তিনি কখনোই তাঁদের ভোলেননি। একটি দৃষ্টান্ত না দিলেই নয়। শাহ আজিজুর রহমান ছাত্রজীবনে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। কিন্তু সোহরাওয়ার্দীর মৃত্যুর পর শেখ মুজিব যখন দল পুনর্গঠন করছিলেন, তখন অনেক পুরোনো লোক তাঁকে ছেড়ে গেলেও শাহ আজিজুর রহমান আওয়ামী লীগে যোগ দেন। পরবর্তীকালে এই শাহ আজিজুর রহমান শুধু তাঁকে ত্যাগই করেননি, স্বাধীনতাযুদ্ধের সময় তিনি ইয়াহিয়া খানের সঙ্গে হাত মেলান। স্বাধীনতার পর শাহ আজিজুর রহমানের পরিবার ব্যাপক দুর্ভোগে পড়ে, তাঁর স্ত্রী আর্থিক সাহায্যের জন্য মুজিবের কাছে আবেদন করলে মুজিব তাঁদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে দেন।
এবার মুজিবের বীরোচিত নেতৃত্বের গতিপথের দিকে নজর ফেরানো যাক। বীরোচিত নেতারা জাতির সংকটকালেই আবির্ভূত হন। ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক অভ্যুত্থানের পর প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা ধূসর হয়ে গেলে বাঙালি জনগণ সহজাতভাবে ভাবতে শুরু করে, নিজের জীবন বিপন্ন করতে পারে—এমন একজন সাহসী মানুষই সামরিক শাসন উৎখাতের আন্দোলনের নেতৃত্ব দিতে পারেন। মানুষের এই বীরোচিত নেতৃত্বের আকাঙ্ক্ষা পূরণ করা দুর্বল হৃদয়ের প্রথাগত নেতাদের পক্ষে সম্ভব নয়। ওদিকে আইয়ুব খান যতই ক্ষমতায় জেঁকে বসতে শুরু করেন, ততই প্রথাগত নেতারা প্রায় সবাই কমবেশি আইয়ুবের শাসনের সঙ্গে আপসে আসেন। ভাসানী কার্যত আইয়ুব খানের সঙ্গে সহযোগিতা করেন, আর অন্যরা একটু তফাতে থাকেন। কিন্তু শেখ মুজিব অনেকটা এককভাবেই ১৯৬০-এর দশকের মধ্যভাগে ছয় দফা দাবি পেশ করেন। এর ফলে পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় ছিল, এমনকি পূর্ব পাকিস্তানের তাঁর দলের সতর্ক সদস্যদের অসন্তুষ্ট হওয়ার ভয় ছিল। তিনি সবকিছুকে অগ্রাহ্য করেই ছয় দফা পেশ করেন। এটা ছিল পাকিস্তানের দুই অংশের মধ্যকার ক্ষমতা সম্পর্কের ক্ষেত্রে এক বিপ্লবাত্মক পরিবর্তনের প্রস্তাব। এতে একধরনের দুর্বল ফেডারেশন গঠনের প্রস্তাব ছিল। স্বাভাবিকভাবেই আইয়ুবের সরকার এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নেয়। তারা মুজিবের ‘উদ্ধত’ প্রস্তাবের জবাব দেয় ‘বন্দুকের ভাষায়’। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়। কিন্তু ঢাকায় প্রতিবাদ ব্যাপক সহিংস আকার ধারণ করলে আইয়ুব খান মুজিবের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করাই বুদ্ধিমানের কাজ মনে করেন। তাঁর মুক্তির পর জনতার বীরোচিত নেতার সঙ্গে একাত্ম হওয়ার আকাঙ্ক্ষা পূরণ হয়। এক বিশাল সমাবেশে তুমুল হর্ষধ্বনির মাধ্যমে তাঁকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এরপর ১৯৭০ সালের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে জনতা আওয়ামী লীগকে ভূমিধস বিজয় উপহার দিয়ে তাঁর ক্যারিশম্যাটিক নেতৃত্বকে আইনি বৈধতা দেয়। কিন্তু ইয়াহিয়া খান নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে এক সাংবিধানিক সংকট উসকে দেন। ফলে মুজিব জনগণের ওপর তাঁর প্রভাব কত, তা প্রদর্শন করতে বাধ্য হন। আইনি ক্ষমতা না থাকলেও ক্যারিশমার কারণে পূর্ব পাকিস্তানের আমলাতন্ত্র থেকে শুরু করে পুলিশ—সবাই তাঁর কথা মেনে চলা শুরু করে।
শেখ মুজিব ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি গ্রন্থের উপসংহারের সংক্ষেপিত অনুবাদ: প্রতীক বর্ধন
এস এ করিম: পররাষ্ট্রসচিব, ১৯৭২।

আরও পড়ুন