শেখ হাসিনার সামনে আরেকটি বড় সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা শিবির পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রোহিঙ্গা শিবির পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে অনেকগুলো বড় বড় অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করেছে। বলা যায়, সফলভাবে এগুলো মোকাবিলার মূল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিডিআর বিদ্রোহ, মানবতাবিরোধী অপরাধের দায়ে মাওলানা সাঈদীর রায়ের প্রতিক্রিয়া, রামুসহ অন্যান্য স্থানে সাম্প্রদায়িক হামলা, ২০১৪ সালের নির্বাচনকে ঘিরে তিন মাসের জ্বালাও-পোড়াও আন্দোলন, যাতে শতাধিক মানুষ নিহত হয়েছিল, জঙ্গিবাদের উত্থান ও হোলি আর্টিজানে হামলা এবং সর্বশেষ পাহাড়ি ঢলে সিলেটের হাওরাঞ্চলের আকস্মিক বন্যা ও ব্যাপক বৃষ্টির ফলে উত্তর ও মধ্য বঙ্গের দীর্ঘস্থায়ী বন্যা এবং পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসের ঘটনা ইত্যাদি। সমস্যাগুলো সবই যেকোনো সরকারকে বেকায়দায় ফেলার জন্য যথেষ্ট। তবে শেখ হাসিনা তাঁর দৃঢ়তা ও সাহসী নেতৃত্বের সঙ্গে দক্ষতা ও দূরদর্শিতারও পরিচয় দিয়েছেন। প্রতিবারই সময়মতো তিনি পরিস্থিতি সামাল দিতে পেরেছিলেন।

শেখ হাসিনার আমলেও দুর্নীতি বা সুশাসনের অভাব আমাদের পিছু ছাড়ছে না, এ নিয়ে সমালোচনা করা যায়। তবে দেখা যাচ্ছে, বড় বড় কঠিন সমস্যার বাধা তিনি দক্ষতা ও বুদ্ধিমত্তার সঙ্গে পেরোতে সক্ষম হয়েছেন। এবার তাঁর সরকারের আমলে হাজির হয়েছে নতুন এক জটিল সমস্যা। আমরা মিয়ানমার থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের কথা বলছি। এ সমস্যা আমাদের জন্য প্রাথমিকভাবে মানবিক ত্রাণ সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ বলে মনে হলেও এটি বেশ জটিল আকার ধারণ করার আশঙ্কাও রয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের অবস্থান দীর্ঘস্থায়ী হতে পারে এবং যদি ফেরত নেওয়ার ব্যবস্থাও হয়, তাতেও সবাই ফিরবে কি না, সে বিষয়ে সংশয় থেকে যাচ্ছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সামরিক বাহিনীর অত্যাচার-নির্যাতনের যে চিত্র পাওয়া যাচ্ছে, তাতে সে দেশের সামরিক বাহিনী-নিয়ন্ত্রিত সরকারের মনোভাব স্পষ্ট। তারা চায়, যেকোনো মূল্যে রোহিঙ্গাদের, প্রধানত রোহিঙ্গা মুসলমানদের, দেশছাড়া করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। ওরা নিজ দেশকে সম্পূর্ণ রোহিঙ্গামুক্ত করতে চায় বলে মনে হচ্ছে। এদিক থেকে এটিকে জাতিগত নির্মূলের বা এথনিক ক্লিনজিংয়ের ঘটনা আখ্যায়িত করা যায়, যা জাতিসংঘের মানবাধিকার কমিশন ঠিকভাবেই করেছে। মিয়ানমার ঐতিহাসিকভাবে এশিয়ার বৃহৎ ও উদীয়মান বিশ্বশক্তি গণচীনকে এবং অপর উদীয়মান এশীয় শক্তিধর দেশ ভারতকেও এ ইস্যুতে পাশে পাচ্ছে। রাখাইন রাজ্যের সম্পূর্ণ ঘটনা সবিস্তারে বিশ্ব গণমাধ্যমে প্রকাশ হয়ে যাওয়ার পরও দুটি দেশই একে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ের বেশি ভাবতে রাজি নয়। বিশ্বব্যাপী গণপ্রতিক্রিয়া এবং বিশ্বের অধিকাংশ দেশ ও প্রায় সব আন্তর্জাতিক সংস্থার প্রতিবাদ ও সমালোচনার মুখে চীন ও ভারত মিয়ানমারের প্রতি মানবিক আচরণের আহ্বান জানালেও গণহত্যা ও গণবিতাড়ন বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেবে বলে মনে হয় না।

ভারত ও চীন বাংলাদেশের দুই ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। নরেন্দ্র মোদি মনে করেন, তাঁর ও শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ-ভারত সম্পর্ক সর্বকালের শ্রেষ্ঠ অবস্থায় আছে, আর গণচীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফরে বিপুল সংবর্ধনা যেমন পেয়েছেন, তেমনি তিনিও সহযোগিতার পরিসর ব্যাপকভাবে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের একইভাবে বাংলাদেশ ও মিয়ানমারকে সন্তুষ্ট রাখার নীতি আচমকা এভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে, তা হয়তো তাঁরা ভাবেননি। রোহিঙ্গা শরণার্থীর ঢল শুরু হওয়ার পর বাংলাদেশ ভেবে থাকতে পারে যে মোদি তাঁর মিয়ানমার সফরে সমস্যা সমাধানে বন্ধু দেশ হিসেবে ভূমিকা পালন করবেন, কিন্তু পরে দেখা গেল যে রাষ্ট্র হিসেবে ভারতের আরও অনেক বিবেচনাও রয়েছে। বাংলাদেশের জনগণ তো অবশ্যই, হয়তো সরকারও, এতে একটা বড় ঘা খেয়েছে। অন্যদিকে চীন বিশ্ববিবেক কিংবা বিশ্বজনমত নিয়ে বিশেষ মাথা ঘামায় না কখনো।

চীন-ভারতের এই প্রতিক্রিয়া ও ভূমিকায় দৃশ্যপটে সক্রিয়ভাবে হাজির থাকছে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো মুসলিম দেশগুলো, যারা সৌদি আরবকে পেছনে ফেলে মুসলিম বিশ্বের নতুন নেতা ও মুখপাত্র হওয়ার প্রতিযোগিতায় আছে। এতে একটি মানবিক সমস্যার ধর্মীয় চেহারাও ফুটে উঠছে, যা এর সমাধানকে আরও কঠিন করে তুলবে। কিন্তু এ ইস্যুতে অন্তত পশ্চিমা বিশ্বকে এখনো পাশে পাচ্ছে বাংলাদেশ এবং এটাই এর সমাধানের পক্ষে বড় সমর্থনের কাজ করবে। আমরা জানি, রোহিঙ্গা ইস্যুটি নতুন নয়। বার্মার একসময়কার ‘বাঙালি খেদাও’ অভিযান, যা চলেছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময় ১৯৪২-৪৩ সালে, গত শতাব্দীর সত্তরের দশকে এসে রোহিঙ্গা মুসলিম খেদাও অভিযানে রূপ নিয়েছে। এ সময়ে জেনারেল জিয়ার আমলে ১৯৭৮-৭৯ সালের দিকে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটে এখানে। সমস্যার সরাসরি সুষ্ঠু সমাধানের পরিবর্তে তখন আরাকান-রাখাইন অঞ্চলে ইসলামি রাজনীতি ঢোকানোর কাজ শুরু হয়েছিল। তখন থেকেই আরব ও উত্তর আফ্রিকার কিছু কিছু দেশের অর্থায়ন, পৃষ্ঠপোষকতার খবর পাওয়া যায়। আরাকান-রোহিঙ্গা স্যালভেশন-লিবারেশন আর্মি ইত্যাদির কথাও শোনা যায়। এ প্রসঙ্গে সু চির নোবেল বক্তৃতার প্রাসঙ্গিক একটি বাক্য স্মরণ করা যায়। তিনি বলেছিলেন, কোনো গোষ্ঠী যদি দীর্ঘকাল বঞ্চিত-নিপীড়িত হতে থাকে, তবে তাদের মধ্যে ক্ষোভ থেকে চরমপন্থার সৃষ্টি হতে পারে।

মুসলিম বিশ্বের প্রেক্ষাপটে তখন একদিকে ইরানের ইসলামি বিপ্লব, আফগানিস্তানে তালেবানের উত্থান এবং অন্যদিকে কাশ্মীর, ফিলিস্তিনের মতো চলমান দীর্ঘস্থায়ী মুসলিম-অসন্তোষের স্থানগুলোতে যে প্রতিরোধ-প্রতিবাদ হচ্ছিল, এসব মিলে জঙ্গিবাদের চাহিদা ও কার্যকারিতার যেন প্রমাণ মিলছিল। তখন থেকে বিক্ষুব্ধ মুসলিম তরুণদের অনেকেই জিহাদের আমন্ত্রণে উদ্বুদ্ধ হতে শুরু করে। রোহিঙ্গা সম্প্রদায় সু চির বয়ানেই এ রকম একটি জনগোষ্ঠী। অথচ মিয়ানমার সরকার শত শত বছর ধরে বসবাসকারী এই মানুষগুলোকে সে দেশে সামাজিকভাবে মিশে যাওয়ার সুযোগ দিচ্ছে না, উল্টো তাদের নাগরিকত্ব বাতিল করল, চলাফেরা ও জীবিকায় নিষেধাজ্ঞা দিল। এভাবে রোহিঙ্গাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেওয়া হলো।

মিয়ানমার প্রমাণ করতে চাইছে, এই ১১-১২ লাখ মানুষ বস্তুত বাঙালি, অধিকাংশ মুসলমান এবং তাদের মাতৃভূমি বাংলাদেশ। কিন্তু ইতিহাস তা বলে না। বার্মার আরাকান-আকিয়াব অঞ্চলে চট্টগ্রাম, বিশেষত দক্ষিণ চট্টগ্রাম থেকে অভিবাসন ঘটেছে বহু প্রাচীনকাল থেকে। আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা করেছেন মুসলমান কবিরা সেই সপ্তদশ শতাব্দীতে। এভাবে চার শ বছরের ধারাবাহিক বসতির ইতিহাস তো পাওয়াই যায়। ঠিক একইভাবে কক্সবাজার, পটুয়াখালী, বরিশালে গড়ে উঠেছে রাখাইন বসতি। তারা তো এসেছে আজকের যে রাজ্য থেকে রোহিঙ্গাদের বিতাড়ন করা হচ্ছে, মিয়ানমারের সেই রাখাইন রাজ্য থেকে। কিন্তু শত বছরে তারা তো আজ এ দেশেরই নাগরিক। পার্বত্য চট্টগ্রামের কোনো কোনো নৃজাতি তো এভাবেই এ দেশে এসেছিল মিয়ানমার থেকে বা মিয়ানমার হয়ে।

বর্তমান সমস্যাটা কেন জটিল তা আশা করি বোঝা যাচ্ছে। মিয়ানমার সরকারের মনোভাবের পাশাপাশি দীর্ঘদিনের প্রচারণা ও আচরণের ফলে সমাজের স্তরেও বর্মি জনগণের বৈরী মনোভাব পরিস্থিতির সহজ সমাধানের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। শরণার্থীদের ফেরত পাঠানো গেলেও তাদের নিরাপত্তা এবং সামাজিক সংহতি সাধনের (সোশ্যাল ইন্টেগ্রেশন) কাজটি দীর্ঘ মেয়াদে যত্নসহকারে এবং আন্তর্জাতিক অভিভাবকত্বে সম্পাদিত হতে হবে। নয়তো তারা ফিরে গেলেও টিকে থাকা মুশকিল হবে। চীন ও ভারতের মনোভাবে পরিবর্তন ঘটিয়ে সমস্যার যুক্তিপূর্ণ দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কাজ করতে হবে। সরকার আওয়ামী লীগের একটি শক্তিশালী দলকে এ কাজে চীন পাঠিয়ে ভালো উদ্যোগ নিয়েছে। ভারতেও এ রকম দল যাওয়া দরকার। এ দুটি দেশকে নিয়ে মিয়ানমারের সঙ্গে এই বিরোধ মেটানো হবে সর্বোত্তম কাজ। এর আগে সতর্কতার সঙ্গে অন্যান্য কুশীলব, বিশেষত তুরস্কসহ অনারব মুসলিম দেশ, আরবের মুসলিম দেশ এবং আধুনিক পাশ্চাত্যের সহযোগিতা ও সহমর্মিতাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এর নিয়ন্ত্রণ রাখতে হবে নিজেদের হাতে।

একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও মানবিক সেবা দেওয়ার কাজ ঠিকভাবে চালানোর পাশাপাশি লক্ষ রাখতে হবে, জামায়াত ও দেশের অন্যান্য ধর্মান্ধ শক্তি পরিস্থিতির ফায়দা নেওয়ার জন্য কী ধরনের রাজনীতি করছে বা আদৌ কোনো রকম প্রয়াস চালাচ্ছে কি না।

আশা করি, এই জটিল সমস্যা সমাধানেও শেখ হাসিনা সরকার সফল হবে।

আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।