শেষ পর্যন্ত বড় গবেষণার পথ খুলল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসের গোড়ার দিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনস (আইএফপিএমএ) ১০ হাজার কোটি ডলারের একটি এএমআর (অ্যান্টি-মাইক্রোবিয়াল) অ্যাকশন ফান্ড চালু করেছে। খুব জরুরি হয়ে পড়া নতুন অ্যান্টিবায়োটিক তৈরির জন্যই মূলত এ তহবিল গঠন করা হলো। বিশ্বের সবচেয়ে বড় ও নামী ওষুধ কোম্পানির বেশির ভাগ এবং ওয়েলকাম ট্রাস্ট ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এ উদ্যোগে সই করেছে। 

আইএফপিএমের সদস্যরা ও প্রতিনিধিরা নতুন ভাইরাসের সংক্রমণক্ষমতা ও অভিঘাতের গভীরতার মুখে কার্যকর অ্যান্টিবায়োটিকের অভাব দেখে উদ্বেগের মধ্যে আছে। নতুন এই তহবিলের প্রচারের উদ্দেশে্য ফিন্যান্সিয়াল টাইমস–এ সম্প্রতি একটি নিবন্ধ লিখেছেন গ্ল্যাক্সোস্মিথক্লাইনের সিইও এমা ওয়ামসলি। সেখানে তিনি যুক্তরাজ্যের ২০১৪-১৬ সাল পর্যন্ত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (আমি যেটির চেয়ারম্যান হিসেবে আছি) অনুসন্ধানের তথ্য তুলে ধরেছেন। তখন আমরা সেখানে হুঁশিয়ারি দিয়ে বলেছিলাম, যদি এ সমস্যা ঠিকমতো মোকাবিলা করা না হয়, তাহলে এএমআরজনিত (জীবাণুর সংক্রমণ) মৃত্যু বছরে এক কোটি ছাড়িয়ে যাবে। ফলশ্রুতিতে আর্থিক ক্ষতি ১০০ ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। 

চলমান এএমআর সংকটের পরিপ্রেক্ষিতে আইএফপিএমএর এ সর্বশেষ উদ্যোগ অবশ্যই স্বাগত জানানোর যোগ্য। কিন্তু তারা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারবে কি না, তা এখনো দেখার বিষয়। এএমআর রিভিউতে আমরা বলেছিলাম, অ্যান্টিমাইক্রোবিয়াল খাতে অগ্রগতি অর্জন করতে হলে এ–সংক্রান্ত প্রতিটি ধাপে বরাদ্দ বাড়াতে হবে। যেমন একেবারে প্রাথমিক পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনের ধারা জোরালো করতে কিছু ‘পুশ ইনসেনটিভ’ লাগবেই।

এএমআর রিভিউর চূড়ান্ত সুপারিশগুলো ছাপা হওয়ার পর প্রাথমিক গবেষণার জন্য উল্লেখযোগ্য পরিমাণ তহবিল এসেছিল। এ তহবিলের বেশির ভাগ এসেছিল বিভিন্ন দেশের সরকার ও অলাভজনক বেসরকারি সংস্থা থেকে। রিভিউ থেকে ২০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের সুপারিশ করা হয়েছিল এবং তা পূরণে অনেক দেশই অর্থনৈতিক সহায়তার অঙ্গীকার করছে। 

সমস্যা হলো গত ১৮ মাসের অভিজ্ঞতায় দেখেছি, শুধু পুশ ইনসেনটিভ দেওয়ার বিষয়ে অর্থাৎ অ্যান্টিবায়োটিক উদ্ভাবনের গবেষণায় প্রণোদনা দিতে সবার আগ্রহ। কিন্তু পুল ইনসেনটিভ (গবেষণায় সফল হওয়া প্রতিষ্ঠানকে পুরস্কার হিসেবে যে অর্থ দেওয়া হয়) দেওয়ার বিষয়ে ততটা আগ্রহ নেই। ফলে গবেষণা প্রতিষ্ঠানের আগ্রহ কাজ করে না। বেশির ভাগ ছোট ছোট গবেষণা প্রতিষ্ঠান এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। একটি নতুন এএমআর ফান্ড এসব প্রতিষ্ঠানকে সর্বশক্তিতে কাজ করতে উদ্বুদ্ধ করতে পারে। নতুন নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনের লক্ষ্য নিয়ে পর্যাপ্ত পুল ইনসেনটিভ দিতে হবে। 

কোভিড-১৯–এর সংক্রমণ এএমআর গবেষণার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। নতুন এ তহবিলের ফলে বিশ্বব্যাপী বিশদভাবে গবেষণার পথ খুলে গেছে। অ্যান্টিবায়োটিক উদ্ভাবন ও ডেভেলপ করতে বড় বড় নামী প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট ছোট প্রতিষ্ঠানকেও পুরো মাত্রায় কাজে লাগাতে হবে। 

রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক নতুন নতুন ওষুধ উদ্ভাবনেও এ তহবিল কাজ করবে। তবে যেসব দেশ তহবিলটিতে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাদের সেই প্রতিশ্রুতি পূরণ এবং তহবিলের সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনার ওপর এর সাফল্য নির্ভর করছে। 

 ইংরেজি থেকে অনূদিত। স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট

জিম ও’নিল যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী