সংকট কাটিয়ে উঠছে ইউক্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের তাৎক্ষণিক অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হয়েছে। কিন্তু দেশটির অর্থনীতি এখনো ভঙ্গুর, যার এখনো আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। ইউক্রেনের নতুন সরকার যদি আত্মতুষ্ট হয়, তাহলে দেশটির অর্জন ধূলিসাৎ হতে পারে।
২০১৩-১৪ সালের ‘ইউরোময়দান’ বিদ্রোহের পর সে অনেকটা পথ পাড়ি দিয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ যখন ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ায় পালিয়ে যান, তখন দেশটির অর্থনীতি ক্রমেই নিচের দিকে নামছিল। আগের দুই বছরে তার অর্থনীতি ১৭ শতাংশ সংকুচিত হয়েছিল। ইউক্রেনের বাজেট ও বাহ্যিক ঘাটতি তখন আর টেকসই ছিল না, তার তখন বড় ধরনের পুনর্গঠন প্রয়োজন ছিল। ফলে তাকে খাদের কিনারে ঠেলে দিতে রুশ আগ্রাসনই যথেষ্ট ছিল।
২০১৫ সালের শেষের দিকে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনুক দেশটিতে অর্থায়নের বেশ কিছু খাত খুঁজে বের করেন। বলা যায়, এ ক্ষেত্রে তিনি বেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন। কিন্তু তিনি সেসব খাতই নির্বাচন করেন, যেখানে তিনি ও তাঁর টেকনোক্র্যাটরা দায়িত্বে ছিলেন।
এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল জ্বালানি খাত। সেই ১৯৯০-এর দশকের শুরুর দিক থেকে ইউক্রেনের টাকাওয়ালা গোষ্ঠী ভর্তুকি দেওয়া গ্যাস কম দামে কিনে ব্যাপক লাভবান হয়েছে, যেটা তারা বেশি দামে বিক্রি করেছে। তবে গত দুই বছরে ইউক্রেনের সরকার জ্বালানির দামের প্রমিত সীমা নির্ধারণ করে ভর্তুকি তুলে নিয়েছে (যেটা ছিল জিডিপির ১০ শতাংশ, যার কারণে অবৈধ অর্থের প্রবাহ বেড়ে গিয়েছিল)।

>সরকার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিগুলোর করপোরেট পরিচালনা–ব্যবস্থা উন্নত করেছে। এমনকি তারা একটি তথ্যভান্ডার গড়ে তুলেছে, যেখান থেকে যে কেউ জানতে পারবে, কোনো একটি কোম্পানির মালিকানা কার

এসব পদক্ষেপে কাজ হয়েছে। গত এক বছরে গ্যাসের ব্যবহার ২০ শতাংশ কমে গেছে, যারা এখন গ্যাসে আরও বেশি করে খরচ বাঁচাতে পারছে। ২০১৪ সালে দেশটির বাজেট ঘাটতি ছিল জিডিপির ১০ দশমিক ৫ শতাংশ, যেটা ২০১৫ সালে নেমে আসে ২ দশমিক ৫ শতাংশে।
কথা হচ্ছে, ইয়ানুকোভিচ ইউক্রেনকে যে অর্থনৈতিক গর্তের মধ্যে ফেলে দিয়েছিলেন, এখন সেখান থেকে উঠে আসার চেষ্টা করছে দেশটি। তিনি ইউক্রেনের মুদ্রা রিভনিয়ার জন্য এত উচ্চ বিনিময় হার নির্ধারণ করেছিলেন যে দেশটির চলতি হিসাবে ব্যাপক ঘাটতির সৃষ্টি হয়। এরপর ২০১৩ সালের নভেম্বর মাসে ইয়ানুকোভিচ সরকার যখন বিনিময় হারকে বাজারমূল্যের নিরিখে উঠতে বা পড়তে দেয়, তখন দেখা গেল, রিভনিয়ার মূল্য আগের মূল্যের এক-তৃতীয়াংশে নেমে আসে। এতে জ্বালানির মূল্য বেড়ে যায়, মুদ্রাস্ফীতি আকাশে উঠে যায়; ২০১৫ সালের এপ্রিল মাসের মধ্যে যার হার গিয়ে দাঁড়ায় বছরে ৬১ শতাংশ। আজ তিন বছর পর ইউক্রেন বিদেশের দেনা পরিশোধের অঙ্গীকার করতে পারছে। ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেন বিদেশি মুদ্রা কিনে বিনিময় হার স্থিতিশীল রাখছে। অন্যদিকে তারা সুদের হার ক্রমাগত কমিয়ে এবং মুদ্রা নিয়ন্ত্রণ বিধি শিথিল করে মূল্যস্ফীতির হার ৮ শতাংশে (গত আগস্টের হিসাব) নামিয়ে এনেছে।
ইয়ানুকোভিচের আমলে ব্যাংক–ব্যবস্থা ব্যাপক দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। ব্যাংকের মালিকেরা মোট ঋণের ৮০-৯০ শতাংশ নিজেরাই নিয়ে নিতেন; আর সেই টাকা দিয়ে তাঁরা আরও ব্যাংক কিনতেন। এরপর এনবিইউ শক্ত হাতে এসব দমন করতে শুরু করে। সংস্থাটি দেশটির ১৮০টি ব্যাংকের মধ্যে ৮০টি বন্ধ করে দেয়। আরও কিছু ব্যাংক এখন বন্ধ হওয়ার অপেক্ষায় আছে।
কিন্তু কথা হচ্ছে, ইউক্রেন নিজে থেকে এত দূর আসতে পারত না। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে দেশটি একেবারে অর্থনৈতিক ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। কারণ, তখন তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫০০ কোটি ডলারে নেমে এসেছিল। দেশটির মুদ্রার বিনিময় হার ব্যাপক হারে কমতে থাকায় বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এ সময় আইএমএফ দেশটিকে উদ্ধার করে। তারা ইউক্রেনকে ৫০০ কোটি ডলার ঋণ দেয়। এতে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ গিয়ে দাঁড়ায় ১ হাজার ৪০০ কোটি ডলারে।
দেশটির সামষ্টিক অর্থনীতির এত অর্জন সত্ত্বেও ব্যষ্টিক অর্থনীতিতে তার অগ্রগতি খুবই নগণ্য। সরকার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিগুলোর করপোরেট পরিচালনা–ব্যবস্থা উন্নত করেছে। এমনকি তারা একটি তথ্যভান্ডার গড়ে তুলেছে, যেখান থেকে যে কেউ জানতে পারবে, কোনো একটি কোম্পানির মালিকানা কার, কোম্পানিটি কী কিনছে প্রভৃতি। কিন্তু দেশটির অর্থনীতি এখনো অতিমাত্রায় সরকারনিয়ন্ত্রিত। সেখানে সরকারি প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৮০০, যেগুলো ব্যক্তি খাতে ছেড়ে দিতে হবে।
আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ইউক্রেনে আইনের শাসন আরও জোরদার করতে হবে। সরকার বিচার বিভাগীয় সংস্কারের প্রস্তাব করেছে, যার মাধ্যমে দুর্নীতির বিচার আরও দ্রুত করা যাবে। কিন্তু ক্ষমতা–কাঠামোর পুরোনো অংশ এর জোর বিরোধিতা করছে। এমনকি এই বিরোধ হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে।
এ বছরের এপ্রিলে দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ইয়াতসেনিয়ুককে হটিয়েছেন। তাঁর জায়গায় তিনি সংসদের সাবেক স্পিকার ভলোদিমির গ্রোসিম্যানকে বসিয়েছেন। পোরোশেঙ্কো বলছেন, ‘এই গ্রোসিম্যান ভালোভাবে সংসদ সামলাতে পারবেন।’ কিন্তু বাস্তবে হয়েছে এর উল্টোটা। গ্রোসিম্যানের সরকার যে ১৭৭টি বিল এনেছে, তার মধ্যে মাত্র ১১টি পাস হয়েছে।
সম্প্রতি নতুন আইন ও সংস্কারের প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। দেশটির মুদ্রার মান আবারও পড়তে শুরু করেছে। ২০১৫ সালের আগস্ট মাসের পর আইএমএফ আর কোনো অর্থ ছাড় করেনি। কিন্তু গত মাসে তারা ১০০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে। এতে বিনিময় হার কিছুটা স্থিতিশীল হবে। আইএমএফের ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রও আরও ১০০ কোটি ডলার ঋণ দেবে বলে আশা করা হচ্ছে। ওদিকে ইউরোপীয় ইউনিয়ন ৬৭ কোটি ৩০ লাখ ডলার দেবে সামষ্টিক অর্থনীতির সহায়তা হিসেবে।
পশ্চিম ইউক্রেনকে সহায়তার প্রস্তাব দিচ্ছে, কারণ ইউক্রেন সরকারি কর্মকর্তাদের সম্পদ ও আয়ের তথ্যভান্ডার তৈরি করেছে। এরপর তারা হয়তো বলবে, জ্বালানি খাতে একজন স্বাধীন নিয়ন্ত্রক বসানো হোক। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আরও অনেক কিছুর দরকার। কিন্তু দেশটির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে।
কথা হচ্ছে, ইউক্রেনে নতুন নতুন টাকা আসছে। ফলে নতুন সরকার মৌলিক সংস্কার করতে পারে। অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচিও জোরকদমে শুরু করতে পারে। তা না হলে দেশটিতে আগাম নির্বাচন হতে পারে। তাতে কিন্তু সরকার টিকবে বলে মনে হয় না।
ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
আন্দেস অসলুন্দ: আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো।