সংকটের বিশ্বে ইউরোপীয় সংহতি
>নতুন বছর কেমন কাটবে বিশ্ববাসীর? পৃথিবীর প্রথম সারির নেতা ও ভাবুকেরা তুলে ধরেছেন তার এক আগাম ছবি। বাংলাদেশে শুধু প্রথম আলোকে দেওয়া প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধ নিয়ে চার দিনব্যাপী বিশেষ আয়োজন। আজ দ্বিতীয় দিনে প্রকাশ হলো আরও দুটি লেখা।

বছর শেষে সময় আসে হিসাব মেলানোর। ২০১৫ সালের শেষ লগ্নে আমরা পেছন ফিরে দেখতে পাই, এ বছর ইউরোপীয় সংহতি অটুট ছিল। কথাটা বেশ নাটকীয় শোনাতে পারে। তবে এই সংহতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ বছরই সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হয়।
গ্রিসের সংকট ও তার আর্থসামাজিক প্রভাব অভিন্ন মুদ্রা ইউরো ব্যবহারকারী দেশগুলোতে এবং ইউরোপীয় ইউনিয়নজুড়ে (ইইউ) এ বছর ক্রমাগত অনুভূত হয়। বছরের শুরু থেকে গ্রিক সংকট নিয়ে বিভিন্ন আলোচনায় আমাদের সবার ধৈর্যের পরীক্ষা হয়। এতে অনেক সময় ব্যয় হয়েছে, আস্থাও নষ্ট হয়েছে। ছিন্ন হয়েছে একাধিক সেতুবন্ধ। এমন সব শব্দ উচ্চারিত হয়েছে, যেগুলো ফিরিয়ে নেওয়ার উপায় নেই। আমরা দেখলাম, ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো পরস্পরের বিরুদ্ধে খেলা করছে।
সারা ইউরোপ একসঙ্গে তাকিয়ে ছিল অতল গহ্বরের দিকে। তখন আমরা খাদের কিনারে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু সেখান থেকে ফিরে আসার সামর্থ্য আমাদের ছিল। অবশেষে ইইউর সদস্যদেশগুলো গ্রিসের পাশে দাঁড়াল। বেশ কিছু অঙ্গীকার করা হলো, সেগুলোর বাস্তবায়নও হলো এবং এ ব্যাপারে একটা নতুন কর্মসূচি এখন বহাল রয়েছে। এভাবে ইউরোপীয় সংহতির জয় হয়েছে এবং আস্থা ফিরে আসতে শুরু করেছে। এখন সংস্কার বাস্তবায়ন করাটাই হবে গুরুত্বপূর্ণ কাজ। আর গ্রিসে সেই সংস্কার বাস্তবায়নের জন্য ইউরোপীয় কমিশন সহায়তা অব্যাহত রেখেছে। পাশাপাশি প্রতিটি ধাপে গ্রিসকে আরও দীর্ঘদিন ধরে কারিগরি সহায়তা দেওয়া হবে।
গ্রিক সংকটের সঙ্গে সঙ্গে শরণার্থী সংকটের মাধ্যমেও ইউরোপীয় সংহতির সামর্থ্যের পরীক্ষা হয়ে যাচ্ছে। সংকট নিরসনের লক্ষ্যে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ইউরোপীয় কমিশন চলতি বছরই একটি সমন্বিত অভিবাসন-নীতি চালু করেছে। ভূমধ্যসাগরে আমরা নিজেদের উপস্থিতি বাড়িয়ে তিন গুণ করেছি। উদ্যোগটি বহু মানুষের জীবন রক্ষায় সহায়ক হয়েছে। মানব পাচারকারী ও চোরাচালানি অপরাধী চক্রের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। যেসব মানুষ আন্তর্জাতিক সুরক্ষা চায়, তাদের ইইউর সদস্যদেশগুলোতে স্থানান্তর করার জন্য মতৈক্যে পৌঁছানোর মাধ্যমে সংহতির প্রমাণ দিয়েছি।

এখন আমরা ইউরোপের বাইরের শরণার্থীদের পুনর্বাসন শুরু করেছি। এ জন্য আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ দেশ তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। অভিবাসনের মূল কারণগুলো সমাধানের জন্য আমরা আফ্রিকার সঙ্গেও একটি নতুন অংশীদারি শুরু করেছি। ইউরোপীয় সীমান্তে উপচে পড়া অভিবাসীদের পরিচয় শনাক্ত করা, আঙুলের ছাপ সংগ্রহ করা, আশ্রয়প্রার্থীদের আবেদন–প্রক্রিয়া গতিশীল করা এবং প্রত্যাখ্যাতদের ফেরত পাঠানোর কাজে সমন্বয় প্রভৃতি কাজে ইইউর সংস্থাগুলো বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে সহায়তা করছে।
যাবতীয় সমস্যার সমাধান ইইউর কাছেই আছে—এমনটা কেউ কেউ মনে করতে পারেন। সমাধানের জন্য তাত্ত্বিকভাবে আমরা চেষ্টা করছি। কিন্তু বাস্তবতা হলো, সমাধান এখনো অনেক দূরে। আমার কথাটা হয়তো ভাঙা রেকর্ডের মতো শোনাচ্ছে। কিন্তু শীর্ষতম রাজনৈতিক পর্যায়ে গৃহীত অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা এতটাই কঠিন যে বিষয়টি নিয়ে আমি এখনো বিহ্বল।
উদাহরণস্বরূপ, একের পর এক শীর্ষ সম্মেলনে নেতারা বলেছেন, তাঁরা গ্রিসকে সহায়তার জন্য সীমান্তরক্ষীদের পাঠাবেন এবং আমাদের বহিঃসীমান্ত সুরক্ষিত রাখবেন অথবা জর্ডান, লেবানন ও তুরস্কের মতো দেশগুলোকে আর্থিক সহায়তা দেবেন। এসব দেশে বিপুলসংখ্যক শরণার্থী রয়েছে। প্রতিবারই সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও লক্ষ্যগুলো অধরা থাকে এবং অঙ্গীকারগুলোও অপূর্ণ থাকে। তার পরিবর্তে আমরা ইইউর দেশগুলো পরস্পরকে দোষারোপ করার ক্লান্তিকর খেলায় মেতে উঠছি। এই প্রতিযোগিতার নেপথ্য কারণ হলো, বিভিন্ন দেশের সরকার শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়টিকে প্রতিবেশী দেশের চেয়ে কম গুরুত্ব দেয়। আবার ডান ও বামপন্থী রাজনীতিকেরা নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য কেবলই ক্ষোভ ছড়াতে পারেন, সমস্যার কোনো সমাধান করতে পারেন না।
যেসব সমস্যা খুব তীব্র এবং ইইউর প্রতিটি দেশে পৃথকভাবে অনুভূত হয়, সেগুলোর সমন্বিত সমাধান দেওয়ার ক্ষেত্রে ইউরোপের সামর্থ্যের ওপর আমাদের আরও বেশি আস্থাশীল হওয়ার সময় এসেছে। মানুষকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ইইউর আইনগুলো বাদ দিলেও প্রতিটি দেশই মানবিক বিবেচনার দায় এড়াতে পারে না এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী শরণার্থীদের ঠাঁই দেওয়া অপরিহার্য। অন্যদিকে, ইইউর দেশগুলো একটি অভিন্ন মান অনুসরণ করে আশ্রয়ের আবেদনগুলো বিবেচনা করে। এই সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে লোকজন দলে দলে এক জায়গা থেকে অন্যত্র গিয়ে ভিড় করা থেকে বিরত থাকে।
একইভাবে, ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষার জন্য একটি বাহিনী রয়েছে। এটি কোনো একক দেশের ইচ্ছা বা রাজনৈতিক সুযোগের ওপর নির্ভর করে না। কোনো কোনো দেশের নেতারা সম্পদের সামর্থ্যের ভিত্তিতে ইইউর বহিঃসীমান্তে শৃঙ্খলা ও কার্যকর ব্যবস্থাপনা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে থাকেন। অগত্যা এখানেও সমাধানগুলো সম্পূর্ণ ইউরোপীয়।
আমাকে যদি শরণার্থী সংকট এবং অর্থনৈতিক সংকটের ধারাবাহিক সময়সীমার তুলনা করতে হয়, তাহলে বলব, আমরা এখন ২০১০ সালের ফেব্রুয়ারিতে রয়েছি, যখন পর্যন্ত ইউরোপীয় দেশগুলো মনে করত জাতীয় পর্যায়ের সামর্থ্যই তাদের বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য যথেষ্ট। আর এখন সেই সমস্যাগুলো দূর করতে সমন্বিত ইউরোপীয় উদ্যোগের প্রয়োজনীয়তার কথা আমরা সবাই জানি।
ইউরোপীয় সংহতি অবশ্যই টিকে থাকবে। প্যারিসে গত নভেম্বরের নৃশংস হামলার ঘটনাগুলো ইউরোপীয় জীবনধারার ওপর একটি আক্রমণ। কিন্তু আমরা হার মেনে নেব না। ভয়ের কাছে পরাস্ত হব না। যারা পালিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে যোগ দিয়ে আমরা এসব জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিভ্রান্ত করব না।

ইউরোপ—আমার জীবনের ভালোবাসা। এই সাহসী মহাদেশ, এই আদর্শ জনগণ, এই একটি অঞ্চল যা কিনা বিশ্বব্যাপী নিরাপদ এবং ন্যায়সংগত বলে পরিচিত। আমরা সেই মর্যাদা নিয়েই বেঁচে থাকব, নিজেদের স্থিতিশীলতার পরিচয় দেব।
ইউরোপীয় একত্রীকরণ একটি বহুমুখী এবং প্রায়ই জটিল বিষয়। আমরা সব সময় প্রথমেই সেটা ঠিকভাবে পাই না। কিন্তু আমি যদি ইউরোপকে একটিমাত্র শব্দ দিয়ে বর্ণনা করতে পারি, তা হবে ‘উদ্যম’। সামনের বিভিন্ন বাধার তুলনায় আমাদের সম্মিলিত শক্তির পরিমাণ অনেক বেশি। যা আমাদের বিভক্ত করে দিতে চায়, সেই বাধার মুখোমুখি আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হব। আমাদের এই উদ্যম ২০১৬ সালেও অটুট থাকবে। আর আমরা অবশ্যই সফল হব।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট; অনুবাদ: আিশস আচার্য
জ্যঁ-ক্লদ ইয়াঙ্কার: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট।
আগামীকাল পড়ুন: জোসেফ ই. স্টিগলিৎসের লেখা
আরও পড়ুন: