দুই হাজার চৌদ্দর শেষ সূর্যটা বোধ হয় আর দেখা হবে না। এখন বাজে বেলা প্রায় দুইটা। এখন অবধি সুয্যি বাপধনের দেখা নেই। কুয়াশার ঘন চাদরে মুখ সেই যে ঢেকেছেন, এখন পর্যন্ত খোলার নাম নেই।
বছর শেষ হয়ে যাচ্ছে আজ। সবাই বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন, সেই সঙ্গে প্রস্তুতি চলছে নববর্ষকে স্বাগত জানানোরও।
নতুন বছর আসবে, পুরোনোটা যাবে বলেই। এই জাগতিক নিয়মেই চলে সব। দিন, রাত, ঘণ্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্ত—সবকিছুই চলে নিয়মে। বছরটাও তাই চলে। নতুন-পুরোনো খেলা শাশ্বত খেলা। অবাক হওয়ার কিছু নেই, উত্তেজনারও নেই কিছু।
তবু সব আছে। আছে আনন্দ, উত্তেজনা, উদ্দীপনা, উৎসাহ, মুগ্ধতা—সবই। মানুষই সৃষ্টি করেছে এসব। একটু ভেবে দেখলেই বুঝব, আজ আর আগামীকালের মধ্যে নেই কোনো পার্থক্য; সেই একই পৃথিবী, একই সূর্য, একই আলো, বাতাস। কিন্তু আমরা টেনে দিয়েছি বিভক্তিরেখা। এ পর্যন্ত আজ, পরেরটুকু কাল। এ পর্যন্ত গত, বাকিটুকু আগামী। আজটা পুরোনো, আগামীটা নতুন। আর যখনই বলছি নতুন, তখনই নেচে উঠছে মন আনন্দে।
নতুনকে স্বাগত জানানোই তো রীতি। তাই উৎসবে মেতে উঠছি আমরা নতুন বছরকে স্বাগত জানাতে। বিনিময় করছি শুভকামনা। গোটা পৃথিবী মেতে উঠবে আজ ২০১৪-কে বিদায় দিতে। আর কয়েক মুহূর্ত পরে হর্ষোল্লাসে ২০১৫ সালকে অভ্যর্থনা জানাবে। সংকল্প করবে, প্রত্যেকে বছরটিকে যাপন করবে কীভাবে। নানানজনের নানান সংকল্প।
প্রতিটি ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, দেশ পুরোনো আবর্জনা ঠেলে ফেলে এগিয়ে যাওয়ার সংকল্পে আবদ্ধ হবে নতুন বছরের প্রারম্ভে। সুন্দর ঝকঝকে আলোকময় একটি দিনের শুরুটা স্নাত হবে সংকল্পের ধারায়। অবশ্য যদি সূর্য কালও লুকিয়ে থাকে, তাহলে কুয়াশাচ্ছন্ন দিনেই সংকল্প নিতে হবে। ‘মর্নিং শোজ দে ডে’ কথাটা যদি সত্যি বলে মানি, তাহলে বছরটা ধোঁয়াশাপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি অবশ্যি আপনি এসব কুসংস্কার না মানেন তাহলে বাদ দিন। সূর্য উঠুক বা না-ই উঠুক, আগামীকাল নতুন বছরের নতুন দিন। শপথ নেওয়ার, সংকল্প গ্রহণের দিন।
তা কী সংকল্প গ্রহণ করব? জানি, আপনাদের মনের কোনায় একটি সংকল্প নিশ্চিতভাবে ঘোরাফেরা করছে: ‘যে প্রকারেই হোক বছরটা স্বস্তিতে কাটাতে চাই, শান্তিতে কাটাতে চাই। জীবন যাপন করতে চাই নিরাপদে।’ আর কে কী ভাবছেন মনে মনে জানা যাবে না যদিও, তবু দেশের কটি প্রধান দলের সংকল্প সবার জানা হয়ে গেছে।
একদার বিরোধী দল: ‘নতুন বছরে ফাটাফাটি আন্দোলন করব।’
সরকারি দল: ‘ওদের রাস্তায় দাঁড়াতে দেওয়া হবে না।’
বর্তমান বিরোধী দল: ‘আমাদের জন্য রাস্তা, মাঠ সবই ফ্রি; প্রমাণ করে ছাড়ব, আমরাই প্রধান বিরোধী দল।’
যে যা-ই সংকল্প করুন, আমাদের তাতে খুব একটা যায়-আসে না। শুধু আমরা যেন চিড়েচ্যাপ্টা না হই। ব্যস, এতটুকুই আমাদের চাহিদা।
সারা পৃথিবী মেতে উঠবে আগেই বলেছি। সেই মেতে ওঠার প্রভাব ব্যবসা-বাণিজ্যেও পড়তে বাধ্য। কেনাকাটায় মেতে ওঠে মানুষ। ব্যবসায়ীরা এ
সময় নানান অফারে ক্রেতাদের মন ভোলায়। এ দেশেও আজকাল অভিনব সব নববর্ষের প্যাকেজ। ব্যবসায়ীদের সংকল্প: ‘ব্যবসাটা যেন আরও ভালো যায় বছরটাতে।’
কয়েকটা নববর্ষের সংকল্পের কথা বলি এই ফঁাকে:
‘আর মদ-সিগারেট ছোঁব না।’ মদ-সিগারেটে আসক্ত ব্যক্তি।
‘স্ত্রীর গায়ে আর হাত তুলব না।’ স্ত্রী নির্যাতনকারী স্বামী।
‘নাহ্! স্বামীকে গয়না-কাপড়ের জন্য আর বিরক্ত করব না।’ লোভী স্ত্রী।
‘এবার পরীক্ষায় পাস করবই।’ খারাপ ছাত্র।
‘মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করব না আর।’ অপগণ্ড সন্তান।
‘মানুষকে আর ঠকাব না।’ ব্যবসায়ী।
‘কাল সকাল থেকেই নামাজ শুরু করব।’ বেনামাজি।
‘জনকল্যাণের ভুয়া কথা বলে আর মানুষকে ঠকাব না।’ রাজনীতিবিদ।
‘আর কোনো দিন জোরে গাড়ি চালাব না।’ বাস-ট্রাক ড্রাইভার।
আমরা জানি, এ ধরনের আরও অনেক সংকল্প মানুষ গ্রহণ করে বছরের প্রথম দিনে প্রথম প্রহরে। তারপরই ভুলতে দেরি হয় না কোনো অজুহাতে।
এক মদ্যপ বছরের শেষ দিন রাত ১১টা ৫৯ মিনিটে এক গ্লাস মদ নিয়ে গলায় ঢালার আগে সংকল্প করলেন, ‘জীবনে আর মদ নয়, এই শেষ।’
মদ শেষ করে যখন ঘড়ি দেখলেন, তখন নতুন বছরের নতুন দিনের ০০.০১ মিনিট। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ‘নাহ্, হলো না, বছরের প্রথম দিনটা শুরুই হলো যখন মদে, সারা বছরই তা-ই হবে। নিশ্চয় এতেই মঙ্গল নিহিত আছে।’
আর বাড়াব না। শেষ কথাটা বলি।
স্কুলশিক্ষিকা শামছুন নাহারের নিশ্চয় কোনো সংকল্প ছিল নতুন বছরের জন্য। কেউ আর জানল না তা। নিশ্চয় সেদিনকার স্কুটারে দগ্ধ পরিবারের ছিল নতুন কোনো সংকল্প গ্রহণের মনোবাঞ্ছা। আজ বদলেছে তা নিশ্চয়।
শিশু জিহাদের বাবারও কি ছিল না নতুন বছরে ছেলের জন্য কিছু করার সংকল্প?
ভালো লাগে না এসব ভাবতে। তবু ভাবি। ভাবতেই হয়। আমরা তো মানুষ। তাই ভাবি, ভালো থাকুন সবাই নতুন বছরটাতে। শুভ নববর্ষ ২০১৫।
ঢাকা, ৩১ ডিসেম্বর ২০১৪
আবুল হায়াত: নাট্যব্যক্তিত্ব।