আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নয়াদিল্লিকে ব্যাখ্যা দিতে হবে। ব্যাপারটি পরিষ্কার করতে হবে। একজন সুশিক্ষিত মুসলিম নারী আমার কাছে আবেদন করেছেন, ব্রিটিশদের কাছ থেকে আমরা উত্তরাধিকার সূত্রে যে ভারত পেয়েছিলাম, সেটা তাঁকে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ সেই ৬৮ বছর আগের ভারত। সেই সময়ে আমরা ছিলাম একটি উদার গণতান্ত্রিক দেশ, আর এখন আমরা একটি ধর্ম-পরিচালিত রাষ্ট্র।
সরকার হয়তো এই পরিবর্তনের কোনো সক্রিয় ক্রীড়নক নয়, কিন্তু এর ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ রয়েছে। তাঁর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্লোগান আসলে বিজেপির জন্য শুধু একটি আচ্ছাদনই বটে। ভারতের সমাজের বহুত্ববাদী কাঠামো ধ্বংস করার লক্ষ্যেই এ স্লোগান দেওয়া হয়েছে।
আহা! যদি আমাদের জাতীয় সংগ্রামের মূল্যবোধগুলো ফিরিয়ে আনতে পারতাম, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা। কিন্তু বিজেপির কট্টর অংশটি মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসের প্রতি সম্মান দেখানো শুরু করেছে, বিজেপি তা নিজে না করলেও। অনেকে আবার গডসের মূর্তি স্থাপনেরও প্রস্তাবও দিয়েছে।
এ ধরনের চিন্তা আমাদের ধর্মনিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করেছে। ফলে এই প্রপঞ্চটিই দুর্বল হয়ে গেছে। একটি সিনেমায় অবতারের চরিত্র চিত্রণের ফলে ভাঙচুর হলে তার কারণ আর কী-ই বা হতে পারে।
আমি মেনে নিলাম যে এই পুরো পরিস্থিতিতে সাম্প্রদায়িকতা ঢোকানোর চেষ্টার সঙ্গে মোদির হয়তো কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি এর নিন্দা করেননি বা যাঁরা গুন্ডামি করেছেন, তাঁদের গ্রেপ্তারও করেননি। আরএসএস এখন রাজনীতির অংশ হয়ে উঠেছে, তারা আর নিছক পথপ্রদর্শক নয়। এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস মোদির নেই।
আমি একটা ব্যাপারে প্রচণ্ড ধাক্কা খেয়েছি। সরকার কোনো চরমপন্থীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়নি। এরা হয়তো গেরুয়াকরণ ঘটাচ্ছে না, কিন্তু তারা সমাজে নজিরবিহীন বিভাজন সৃষ্টি করেছে। সে কারণে ওই নারীর প্রশ্নের জবাবে বলতে হয়, আমাদের সব বিক্ষিপ্ত শক্তিকে একত্র করে আওয়াজ তুলতে হবে, স্বাধীনতাসংগ্রামের মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে।
ভারতের আরেকটি বিবেচনার বিষয় হচ্ছে, অন্য কোনো দলের বা মতবাদের যেকোনো রাজ্য সরকারকে নয়াদিল্লির ক্ষমতা থেকে উৎখাত করার চেষ্টা। ১৯ বছর আগে ড্যানিশ নাগরিক কিম পিটার ডেভি পুরুলিয়ায় বিমান থেকে অস্ত্র ফেলেছিলেন। নয়াদিল্লির লক্ষ্য ছিল, নকশালদের হাতে অস্ত্র তুলে দিয়ে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট সরকারকে উৎখাত করা। তারা তখন সেখানে ২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায়।
ডেভি একটি ধারণকৃত সাক্ষাৎকারে বলেছিলেন, এক ভারতীয় সাংসদের কথায় তিনি এ কাজ করেছিলেন। তিনি এখনো সেই সাংসদের পরিচয় ফাঁস করেননি। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) অবসরপ্রাপ্ত পরিচালক এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছিলেন। তিনি নিজেও সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি। তিনি নিশ্চয়ই একজন কংগ্রেসের নেতা, কারণ সেটা ছিল নরসীমা রাওয়ের আমল।
অকুতোভয় অর্ণব গোস্বামী টাইমস নাওয়ে যা উন্মোচন করেছেন, তা কোনো সংবাদপত্রে প্রকাশিত হয়নি। এমনকি চ্যানেলটির মালিক ভারতের প্রখ্যাত পত্রিকা টাইমস অব ইন্ডিয়াও তা ছাপায়নি। ডেভি টেলিভিশন চ্যানেলে বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার সেই নিরপরাধ ব্যক্তিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ব্যাপারটি অনুমোদন করেছে।’ ডেভি বিহারের সাংসদ পাপ্পু যাদবের নামও বলেছেন, যে তাঁকে ভারত থেকে পালাতে সহায়তা করেছেন। ডেভি বলেছেন, তিনি সেই সাংসদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করেছেন, ‘যে তাঁকে বলেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে।’
সেই চ্যানেলের মালিক টাইমস অব ইন্ডিয়াও বা কোনো সংবাদপত্রই কেন খবরটি ছাপাল না, তা বলা মুশকিল। সংবাদমাধ্যম সাধারণত তার প্রতিপক্ষের প্রকাশিত অনন্য প্রতিবেদনগুলো এড়িয়ে যায়। কিন্তু তথ্যটি গুরুত্বপূর্ণ হলে তা নতুন একটি সূচনা ও ভিন্ন আঙ্গিকে তারা সেটা ছাপায়। ফলাফল হচ্ছে, নয়াদিল্লি যে একটি রাজ্য সরকারকে উৎখাতের চেষ্টা করল, সেই বিষয়টিই উপেক্ষিত থেকে গেল ও সে জন্য তার কোনো শাস্তিও হলো না।
গণমাধ্যম সেই সাংসদকে খুঁজে বের করার চেষ্টা করেনি। ফলে পরোক্ষ সমর্থনের জন্য তাদেরও দায়ী করা যায়। আজ দুই দশক পরও সেই সংশ্লিষ্ট সাংসদকে খুঁজে বের করা উচিত। সেটা হলে নয়াদিল্লি যে তার বিরোধী কোনো রাজনৈতিক দলের রাজ্য সরকারকে উৎখাতের চেষ্টা করেছে, সেই জারিজুরি বের হয়ে যেত।
সে সময় নয়াদিল্লির অনানুষ্ঠানিক ব্যাখা ছিল এ রকম: এই অস্ত্র আসলে বাংলাদেশের উদ্দেশ্যে ফেলা হয়েছিল। বস্তুত এর মধ্য দিয়ে ইসলামাবাদের এই অভিযোগই প্রমাণিত হয় যে তৎকালীন পূর্ব পাকিস্তানের সব অভ্যুত্থানই আসলে ভারতের ইন্ধনে ঘটেছে।
যদিও এ ঘটনার মূল কারণ এখনো ধোঁয়াশাচ্ছন্ন, বিবিসি সে সময় তদন্ত করে বলেছিল, এসব অস্ত্র আসলে তথাকথিত আধ্যাত্মিক সংগঠন আনন্দ মার্গের উদ্দেশ্যে ফেলা হয়েছিল। কিম ডেভি নিজেই এর প্রতিবাদ করে বলেছেন, এই অস্ত্র ফেলার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যোগাযোগ রয়েছে। সিপিআইয়ের (এম) ক্যাডারদের রুখতে তারা এটা ঘটিয়েছিল।
ভারতের একটি আদালত ঘোষণা দেন, আনন্দ মার্গ গোষ্ঠীর উদ্দেশ্যেই এই অস্ত্র ও গোলাবারুদ পাঠানো হয়েছিল। পাইলটের সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আনন্দ মার্গের সদর দপ্তরের ছবিসহ বিচারক রায় দেন, ‘ধারণকৃত সাক্ষ্যের ভিত্তিতে আমি বলছি, যে স্থানে এই অস্ত্র ফেলা হয়েছিল, সেটা আনন্দ মার্গেরই স্থান, এটা প্রমাণিত। মূলত সেই সাদা তিনতলা ভবনটিই ছিল এর লক্ষ্যবস্তু। সেই স্থানেই বিমান থেকে অস্ত্র ফেলার চেষ্টা করা হয়। আর ধারণকৃত সাক্ষ্য ও উপাদান থেকে বিমানটি চিহ্নিত করা হয়েছে।’
কিম ডেভি তাঁর স্বীকারোক্তি ধারণ করেছেন। নয়াদিল্লি যে কেন সত্য খুঁজতে চায় না, সেটাই বোধগম্য নয়। কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্টতা কোন মাত্রায় ছিল? এটা কি আমলাতন্ত্রের কোনো ষড়যন্ত্র ছিল, নাকি কংগ্রেস পার্টির সুচিন্তিত কাজ? যা-ই হোক না কেন, সত্যের তলানি খোঁজার সময় এখনো আছে। ফলে কেন্দ্রের বিশ্বাসযোগ্যতাই হুমকির মুখে পড়ে গেছে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
কুলদীপ নায়ার: ভারতের সাংবাদিক।