
সুইডিশ নোবেল কমিটি বিরাট একটা লম্ফ দিয়েছে। তারা বিশ্বব্যাপী জনপ্রিয় আমেরিকান লোকসংগীত ও প্রতিবাদী গানের রচয়িতা এবং গায়ক বব ডিলানকে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করেছে। তারা উদ্ধৃতিতে বলেছে, আমেরিকার সংগীতের ঐতিহ্যে শক্তিশালী গীতিকবিতা রচনার জন্য বব ডিলান পুরস্কারটি পাওয়ার যোগ্য হয়েছেন। অর্থাৎ, বব ডিলান আমাদের এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এবং আমেরিকায় টি এস এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, টনি মরিসন প্রমুখের সমগোত্রীয় হয়ে গেলেন। বাঙালি হিসেবে খবরটি আমাদের ততটা চমকে দেয়নি। কারণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ১৯১৩ সালে যে কাজটিকে মুখ্য করে নোবেল জিতেছিলেন, সে কাব্যগ্রন্থটির নাম ছিল ইংরেজিতে সং অফারিংস, পরে যেটা তিনি নিজেই গীতাঞ্জলি হিসেবে প্রকাশ করেছিলেন, যদিও দুটো বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত গান ও কবিতায় হুবহু মিল থাকেনি।
রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের মধ্যে গানের ব্যাপারটা থাকলেও তাঁকে শুদ্ধ কবি হিসেবে গণ্য করে পুরস্কারটা দেওয়া হয়েছিল এবং রবীন্দ্রনাথ আজীবনই তা-ই ছিলেন। কিন্তু ডিলানকে পুরস্কার দেওয়ায় একটা প্রশ্ন উঠে এসেছে: একজন ভালো গান লিখিয়ে তিনি যত ভালোই গান লিখুক না কেন, তাঁর গানগুলো কবিতার সমপর্যায়ের হবে কি না? যেমন পুলক বন্দ্যোপাধ্যায় বা খান আতাউর রহমান যত ভালো গানই লিখুক না কেন, সেগুলো শক্তি চট্টোপাধ্যায় বা শামসুর রাহমানের কবিতার সমতুল্য হবে কি না এবং তাঁরা কখনো ‘আনন্দ সাহিত্য পুরস্কার’ বা ‘প্রথম আলো সাহিত্য পুরস্কার’-এর জন্য মনোনীত হবেন কি না। বর্তমানের একজন জনপ্রিয় মার্কিন ঔপন্যাসিক জডি পিকৌল্ট নিউইয়র্ক টাইমসকে গতকাল (১৩.১০.১৬) বলেছেন, ‘আমি খুশি হয়েছি যে বব পুরস্কারটি পেয়েছে, কিন্তু তার মানে কি এই যে আমি গ্র্যামি পাব?’
গ্র্যামি অ্যাওয়ার্ড গানের জন্য বিশ্বনন্দিত পুরস্কার, যেটি বব ইতিমধ্যে একাধিকবার পেয়েছেন। পেয়েছেন একাডেমি অ্যান্ড গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, ১৯৮৮ সালে পেয়েছেন রক অ্যান্ড রোল হল অব ফেইম সম্মাননা, ২০০৮ সালে পেয়েছেন বিশেষ পুলিৎজার পুরস্কার এবং ২০১২ সালে পেয়েছেন প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম, যা আমাদের স্বাধীনতা পদকের সমতুল্য এবং যেটি প্রদান করার সময় প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, ‘আমেরিকার সংগীত জগতে তাঁর মতো বড় ব্যক্তিত্ব নেই, যিনি এখনো সুর খুঁজছেন, যিনি এখনো একটি ছোট্ট সত্য কথা খুঁজছেন। সত্য কথা বলতে কি আমি ববের বড় একজন ভক্ত।’
কাজেই এই দিক থেকে বব ডিলানকে নোবেল দেওয়ার মধ্যে দোষ খুঁজে পাননি সালমান রুশদি কিংবা জয়েস ক্যারল ওটস। পৃথিবীর সব পুরস্কারের পেছনেই রাজনীতি থাকে, যে কারণে ১৯৫৩ সালে ব্রিটেনের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে নোবেল দেওয়া হয়েছিল, প্রায় তাঁর কোনো সাহিত্যকীর্তির জন্য নয়, বরং তাঁর রণ-উদ্যমী বক্তৃতামালার জন্য। চার্চিলকে নোবেল দেওয়া নিয়ে যেমন বিদ্বৎমহলে বিতর্ক আজ অবধি থেকে গেছে, তেমনি গত বছর বেলারুশিয়ান সাংবাদিক সেভতলানা আলেক্সিভিচের প্রতিবেদনসুলভ লেখার জন্য নোবেল বিজয়কে অনেকে সমালোচনা করেছেন।
কিন্তু ১৮ সদস্য নোবেল কমিটির মুখপাত্র সাহিত্যপণ্ডিত সারা ড্যানিয়াসের জবাব এখানে উদ্ধৃতিযোগ্য। তিনি বলেছেন, ‘বব ডিলান আমেরিকার সংগীত জগতের আইকন, তিনি হোমার আর সাফোর মতো লোকসংস্কৃতির জগৎকে ঋদ্ধ করেছেন অর্ধশতক বছর ধরে।’ সাংবাদিকদের পরবর্তী প্রশ্নের জবাবে বব ডিলানের একটি গান ‘দ্য টাইমস দে আর আ চেঞ্জিং’-এর অনুকরণে বলেছেন, ‘হ্যাঁ, সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়ার ধারাবাহিকতায় হয়তো পরিবর্তন আসছে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাজকীয় কবি (পোয়েট লরিয়েট) বিলি কলিন্স বলেছেন, ‘বব ডিলানকে শুধু গীতিকার হিসেবে স্বীকৃত হওয়া উচিত নয়, তাঁর কবি হিসেবেও স্বীকৃতি পাওয়া উচিত।’
বব ডিলানের গানের বিস্তৃতি ফোক, ব্লুজ, রক এবং কান্ট্রি সং হলেও মূলত লোকসংগীতকে নতুন মোচড় দিয়েছিলেন যখন ১৯ বছর বয়সে ১৯৬০ সালে তিনি আমেরিকা-কানাডার সীমান্তবর্তী ঠান্ডা-কনকনে শহর ডুলুথ থেকে শুধু একটা গিটার নিয়ে নিউইয়র্কে পৌঁছান এবং জন হ্যামন্ড নামক এক স্কাউটের (যার কাজ হলো নতুন প্রতিভার সন্ধান করা) সহযোগে কলম্বিয়া রেকর্ডসের দরজায় ধাক্কা মারেন। তাঁর ২০০৪ সালে প্রকাশিত আত্মজীবনী ক্রনিকলস: ভলিউম ওয়ান-এ তিনি সরস বর্ণনা দিচ্ছেন, কীভাবে তিনি তখনকার লোকসংগীত এবং প্রটেস্ট গীতের সম্রাট, বাউন্ড ফর গ্লোরি (এই নামের চলচ্চিত্রটিও উডি গুথ্রির জীবনের মহান আলেখ্য) অ্যালবাম–খ্যাত উডি গুথ্রি যে শহরে থাকেন সে শহরে অর্থাৎ নিউইয়র্কে থেকে যাবেন ঠিক করেছিলেন। উডি গুথ্রির সঙ্গে বব ডিলান দেখা করলেন। গুথ্রি বললেন, ‘তুমি আমার জন্য র্যালি সিগ্রেট নিয়ে এসো।’ প্রথমে তিনি উডি গুথ্রিকে তাঁর (গুথ্রির) গান গেয়ে শোনালেন, ‘প্রেটি বয় ফ্লয়েড’, ‘ডু রে মি’ ও ‘জিসাস ক্রাইস্ট’।
এ প্রসঙ্গে প্রতিবাদী গানের রচয়িতা জো হিলের কথা উঠল, যাঁকে প্রেসিডেন্ট উড্রো উইলসনের সময় একটা হত্যা মামলায় ফাঁসানো হয়েছিল। জো হিলের পক্ষে যখন আমেরিকার সমগ্র শ্রমিকশ্রেণি বিক্ষুব্ধ হয়ে উঠল, তখন ইউটাহর গভর্নর প্রেসিডেন্টের অনুরোধ সত্ত্বেও মামলাটি পুনর্বিবেচনা করলেন না। প্রতিবাদে জো হিল লিখলেন, ‘স্ক্যাটার মাই অ্যাশেজ অ্যানি প্লেস বাট ইউটাহ’ (ইউটাহ ছাড়া যেকোনো জায়গায় আমার দেহভস্ম ছড়িয়ে দিয়ো।), যেটা তাঁর ‘পাই ইন দ্য স্কাই’-য়ের চেয়েও বেশি জনপ্রিয় হয়ে ওঠে।
বব ডিলান প্রতিবাদী গান নিয়ে ভাবলেন, তারপর দেখলেন যে গানগুলোর মধ্যে যে এক মাত্রিকতা আছে, তার থেকে বের হয়ে আসতে হলে রিফ্রেইন বা পুনঃ পুনঃ গাওয়ার ওপর জোর দিতে হবে। তাঁর সবচেয়ে জনপ্রিয় গানটি লেখা হলো, ‘ব্লোয়িং অ্যান দ্য উইন্ড’, যেটির কথা হলো একটি লোককে সত্যিকারের মানুষ বলতে হলে তাকে কত মাইল পথ, কত পাহাড় ডিঙোতে হবে, ইত্যাদি। তারপর রিফ্রেইনটা আসছে, ‘দ্য আনসার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং অ্যান দ্য উইন্ড/ দ্য আনসার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড’। তাঁর আরেকটি জনপ্রিয় গান, ‘মি. টাম্বুরিন ম্যান’-এ তিনি প্রথাগত স্কেইল ভেঙে শুধু দুই আর সাত মাত্রার ওপর জোর দিলেন। দেখলেন, শুধু একজন ড্রামার আর আরেকজন বেইজ গিটারিস্ট নিয়ে গান সাজানো যায়। তাঁর ‘লেডি লেডি লে’ এবং ‘লাইক আ রোলিং স্টোন’ গান দুটিও বেস্ট সং চার্ট হিট করা গান। তাঁর অন্যতম অনুসারী প্রবাদপ্রতিম গায়িকা জোন বায়েজ তাঁর ট্রিলিংসর্বস্ব কণ্ঠে বিখ্যাত প্রতিবাদী গানটি গাইলেন, ‘দ্য নাইট দে ড্রৌভ ঔল্ড ডিক্সি ডাউন’। ডিলান আর বায়েজ যুগ্মভাবে গেয়েছেন, ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’।
ডিলানের গানের গলা ঠিক সুললিত নয়, কিছুটা শচীন দেববর্মনের কথা মনে পড়বে। দুজনেই একটু নাকি গলায় গান তো বটেই। ডিলানের গান শ্রোতাদের কাছে খানিকটা একঘেয়ে লাগতে পারে। তবে শচীন যেমন বাংলা লোকসংগীতকে নতুন ব্যঞ্জনায় পরিবেশন করেছেন, বব ডিলানও আমেরিকার ফোক এবং কান্ট্রি মিউজিকের বেলায় তা-ই করেছেন।
আদিতে তুরস্ক এবং পরে রাশিয়ার ওডেসা থেকে আগত ইহুদি বংশোদ্ভূত পরিবারের সন্তান বব ডিলানের পিতৃদত্ত নাম ছিল রবার্ট অালেন জিমারম্যান। একদিন তিনি ইংরেজ কবি ডিলান টমাসের কিছু কবিতা পড়েন। কিছুটা যোগ-বিয়োগ করে তিনি নিজের নাম বদলে রাখলেন বব ডিলান।
মোহীত উল আলম: উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।