সংগ্রাম ও সৃজনে যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমদ রফিক
আহমদ রফিক

স্কুলজীবন থেকেই আহমদ রফিক সংশ্লিষ্ট হন প্রগতিশীল বাম রাজনীতির সঙ্গে। তিনি লিখেছেন, ‘স্কুলজীবনে পড়াশোনা ও প্রগতিশীল রাজনীতি আমাকে আকর্ষণ করে। কমিউনিস্ট পার্টি প্রকাশিত ভগত সিং ও তার সহকর্মীরা নামে একটি পুস্তিকার কথা আজও মনে পড়ে। বইটি পড়ে খুব অভিভূত হয়েছিলাম। স্বাধীনতা আন্দোলনও আমার মাথায় ঢুকেছিল বেশ ভালো করেই।...আমার জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার মূল কারণ সুভাষচন্দ্র বসু ও কাজী নজরুল ইসলাম। সুভাষ বসুর স্বদেশচেতনা, স্বাধীনতার স্পৃহা আমাকে মুগ্ধ করে। এই দুজন আমার কৈশোরে বিশেষ প্রভাব ফেলেছিল।’

ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনার সময় আহমদ রফিক বাম রাজনীতির সংগঠক হিসেবে বিশেষ দায়িত্ব পালন করেন। রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। উত্তরকালে ভাষাসংগ্রামীদের সংঘবদ্ধ করা এবং ওই আন্দোলনের চেতনা বিস্তারেও আহমদ রফিক পালন করেন ঐতিহাসিক ভূমিকা। কিন্তু বাম রাজনীতিতে মতাদর্শিক দ্বন্দ্ব ও নানামাত্রিক তাত্ত্বিক বিভাজন তাঁকে পীড়িত করে এবং একসময় পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকে রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। তবে সুস্থ রাজনীতির প্রতি তিনি সর্বদাই আছেন শ্রদ্ধাশীল।

আহমদ রফিক একজন নিষ্ঠ গবেষক। ভাষা আন্দোলন এবং রবীন্দ্রনাথ বিষয়ে তাঁর গবেষণা বাঙালির অনন্য সম্পদ। এই দুই ধারায় গবেষণাকর্মের জন্য বাংলাভাষী মানুষের কাছে তিনি চিরকাল বরণীয়-স্মরণীয় হয়ে থাকবেন। এ কথা ভাবলে বিস্মিত হতে হয় যে উভয় বাংলায় রবীন্দ্রনাথ বিষয়ে গ্রন্থপ্রণেতা হিসেবে তিনি আছেন সবার শীর্ষে। রবীন্দ্রনাথ ও সাহিত্য বিষয়ে আহমদ রফিকের বইয়ের সংখ্যা বিশের অধিক—এখনো অগ্রথিত অবস্থায় আছে এ-সংক্রান্ত অনেক লেখা। একই কথা প্রযোজ্য ভাষা আন্দোলন নিয়ে তাঁর গবেষণাকর্ম প্রসঙ্গে। এ ক্ষেত্রেও তাঁর নিষ্ঠা ও সাধনা রীতিমতো বিস্ময়কর। চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী আহমদ রফিক বই লিখেছেন কাজী নজরুল ইসলাম, বিষ্ণু দে, চে গুয়েভারা, বাংলাদেশের কবিতা, আধুনিক বাংলা কবিতা, দেশবিভাগ, মুক্তিযুদ্ধ—এসব ব্যক্তি ও বিষয় নিয়ে—ভাবা যায়! তাঁর প্রতিটি বইয়েই আছে নিষ্ঠা ও পাণ্ডিত্যের পরশ। তিনি কবিতা লিখতেন, আছে তাঁর একাধিক কবিতার বই, লিখেছেন কলাম; সম্পাদনা করেছেন নাগরিক নামের উচ্চ রুচির সাহিত্যপত্র।

বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সাহিত্যচর্চায় আহমদ রফিক পরিণত হয়েছেন দীপ্র এক প্রতিষ্ঠানে। এ ক্ষেত্রে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত রবীন্দ্রচর্চাকেন্দ্রের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। রবীন্দ্রনাথের পতিসরকে নতুনভাবে আবিষ্কার তাঁর উল্লেখযোগ্য এক কাজ। একসময় রবীন্দ্রচর্চাকেন্দ্র উভয় বাংলায় রবীন্দ্রনাথ-বিষয়ক উল্লেখযোগ্য এক সংগঠনের রূপ পরিগ্রহ করেছিল।

নিভৃতচারী, নিরাসক্ত, নির্লোভ, নির্মোহ এবং মর্মে মর্মে নিঃসঙ্গ ও অন্তর্মুখী আহমদ রফিক আমাদের কালের ব্যতিক্রমী মানুষ, অনুসরণীয় ব্যক্তিত্ব। সুস্থ ধারায় উন্নত রুচি এবং প্রগতিশীল জীবনবিশ্বাসের আলোয় দীর্ঘ ৮৬ বছর তিনি আছেন আমাদের সঙ্গে, বাঙালির পাশে। সংগ্রাম ও সৃজনের যুগলবন্দী মানুষ আমাদের সমাজে খুব বেশি নেই। এমন মানুষ আমাদের পাশে থাকা মানেই আমরা সাহসী মানুষ, সংগ্রামী মানুষ, সৃজনশীল মানুষ।

তাই আমাদের সংগ্রামে সতেজ রাখার জন্য, সৃজনে সক্রিয় থাকার আহ্বান জানানোর জন্য আহমদ রফিককে আরও দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকতে হবে, থাকতে হবে বাঙালি জাতিসত্তার সঙ্গে।

আজ জন্মদিনে তাঁকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

বিশ্বজিৎ ঘোষ: অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।