সংঘাত থেকে উত্তরণের পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ একজন
হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ একজন

বাংলাদেশ আজ মহাসংকটের সম্মুখীন। অবরোধ ও হরতালের ছত্রচ্ছায়ায় দেশে একটি হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চলছে। দেশের জনগণ এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি চায়। বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয়, আজ ‘বাংলার মানুষ বাঁচতে চায়।’ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মানুষ এভাবে কেন মরবে?
তাই সবাই রাজনৈতিক সংঘাত পরিহার করে আলোচনায় বসে সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছেন, কিন্তু কিসের ভিত্তিতে আলোচনা হবে, সে বিষয়ে কোনো আলোকপাত করছেন না। আলোচনায় বসে যদি এক পক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আশু নির্বাচন দাবি করে এবং অন্য পক্ষ বর্তমান সরকারের অধীন ২০১৯ সালে নির্বাচনের পক্ষে অনড় থাকে, তবে আলোচনা অবশ্যই ব্যর্থ হবে। ফলে সংঘাতের রাজনীতি আরও মারাত্মক আকার ধারণ করবে। এই মারামারি ও হানাহানিতে হয়তো দেশটাই অকার্যকর হয়ে যাবে। এই উদ্বেগ ভুলে রাজনীতি কীভাবে চলতে পারে?
এই সমস্যার বিকল্প কোনো সমাধান বা সমঝোতার পথ আছে কি? অবশ্যই আছে এবং সমঝোতার পথ একটাই। কবিগুরুর ভাষায় বলতে হয়, ‘দেবে আর নেবে মিলাবে মিলিবে।’ তাই কোনো আলোচনায় বসার আগে দুই পক্ষকেই স্বীকার করতে হবে, যেকোনো সমঝোতায় পৌঁছাতে হলে উভয় পক্ষকে অবশ্যই ছাড় দিতে হবে এবং অনড় অবস্থান থেকে সরে এসে মাঝামাঝি এক জায়গায় দাঁড়াতে হবে। মনে রাখতে হবে যে মাঝামাঝি অবস্থানে আসাটা কোনো পক্ষেরই পরাজয় হবে না। বরং ছাড় দিয়ে সমঝোতায় পৌঁছানোর জন্য দুই পক্ষই কৃতিত্ব দাবি করতে পারবে। এই মানসিকতা নিয়েই আলোচনায় বসতে হবে।
এখানে একটি কথা পরিষ্কার করে বলতে চাই যে আমি রাজনীতিবিদ বা আইন বিশেষজ্ঞ নই। আমার সাধারণ জ্ঞানের আলোকে এবং দেশের শান্তি কামনায় আমি এই প্রস্তাব উপস্থাপন করছি।
আমার মতে, আলোচনার মূল বিষয়বস্তু দুটি (ক) একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং (খ) নির্বাচনের তারিখ। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি সংবিধানসম্মত নয় বলে সুপ্রিম কোর্ট সেটাকে বেআইনি বলে রায় দেন। এর পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার আইনটি রহিত করে। কাজেই যদি সংবিধানের আওতায় একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো তৈরি করা যায়, তাতে ক্ষতি কী?
সুপ্রিম কোর্টের আপত্তি ছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কোনো নির্বাচিত সরকার ছিল না এবং আমাদের সংবিধান কোনো অনির্বাচিত সরকারকে অনুমোদন দেয় না। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের ১১ জন সদস্যকে যদি ৩০ জন নারী সাংসদের মতো নির্বাচন করা হয়, তবে দোষ কী? ৩০ জন নারী সাংসদ যদি আইনসম্মতভাবে নির্বাচিত হন, তবে ১১ জন নির্দলীয় সাংসদও আইনসম্মতভাবেই নির্বাচিত হবেন। এ জন্য অবশ্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।
প্রস্তাবটি যদি গ্রহণযোগ্য হয়, তবে সংসদ ভাঙার ১২০ দিন আগে সরকার ও বিরোধী দলের সবাই ১০ জন নির্দলীয় ব্যক্তির নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে। রাষ্ট্রপতি তাঁর পছন্দমতো প্রতি তালিকা থেকে পাঁচজন করে নির্বাচন করবেন। পরে নির্বাচিত এই ১০ সদস্য পেশকৃত দুই তালিকার বাইরে থেকে এমন একজন নির্দলীয় ব্যক্তিকে নির্বাচন করবেন, যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন।
এই ১১ জনকে সংসদের সদস্যরা সাংসদরূপে নির্বাচিত করবেন, যেমন করে ৩০ জন নারী সদস্য নির্বাচন করেন। নির্বাচিত এই ১১ সাংসদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেন। এই সরকার গঠনের বিস্তারিত বিষয়াদি সরকার ও বিরোধী দল আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে। তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাস স্থায়ী হবে এবং এই সময়ের ভেতরেই নির্বাচন সম্পন্ন করতে হবে। সংসদ নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকার গঠনের আগেই তত্ত্বাবধায়ক সরকার পদত্যাগ করবে বা বাতিল বলে ঘোষিত হবে। এই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানসম্মত হওয়ায় দীর্ঘদিন চালু থাকতে পারে।
সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের এই রূপরেখা গ্রহণ করে, এটা বিরোধী দলের জন্য একটি বড় বিজয় এবং সরকারের জন্য একটি বড় ত্যাগ বলে গণ্য হবে। এর বদলে বিরোধী দলকেও ত্যাগ স্বীকার করে আশু নির্বাচনের দাবি থেকে সরে আসতে হবে এবং বর্তমান সরকারকে পূর্ণ মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ দিতে হবে। সরকারের জন্য এটাই হবে ত্যাগের বিনিময়ে বিজয়।
নির্দলীয় সরকারের সদস্যদের অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অবসরপ্রাপ্ত সামরিক বা বেসামরিক কর্মকর্তা, এনজিও-প্রধান, বিখ্যাত নাগরিক বা পেশাজীবী থেকে নির্বাচন করা যেতে পারে। লক্ষ রাখতে হবে যে তাঁদের কারও কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো যোগসূত্র নেই।
প্রস্তাবিত রূপরেখার ভিত্তিতে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা হতে পারে। মূল বিষয়গুলো নিষ্পত্তি হলে ধ্বংসাত্মক কার্যকলাপ পরিহার করা, সংসদে দীর্ঘদিন অনুপস্থিত না থাকা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতিমুক্ত রাখা, দুর্নীতি দমন করা, মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন করা ইত্যাদি বিষয় আলাপের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে।
আলোচনাটি সংসদের স্পিকার বা অন্য কোনো গ্রহণযোগ্য ব্যক্তির তত্ত্বাবধানে হতে পারে কিন্তু আলোচনার সময় উভয় দলের দুই নেত্রী ও তাঁদের উপদেষ্টারা অবশ্যই উপস্থিত থাকবেন, যেন আলোচনার সময়ই সফল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়।
দেশ ও জনগণের কল্যাণের স্বার্থে প্রস্তাবিত রূপরেখাটি সরকার ও বিরোধী দলের কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করা যায়।
আবদুল মতিন: পরমাণু প্রকৌশলী।