সংঘাত, শরণার্থী ও শান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপজ্জনক সীমান্ত পেরোচ্ছে একটি অসহায় শরণার্থী পরিবার
বিপজ্জনক সীমান্ত পেরোচ্ছে একটি অসহায় শরণার্থী পরিবার

হঠাৎ কখনো একটি নির্মম দৃশ্য সমগ্র মানবজাতির সুপ্ত বিবেককে প্রচণ্ড ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে। মানুষ যে একটি দুই পা এবং দুই হাতবিশিষ্ট পশু নয়—মানুষও, তার প্রমাণ পাওয়া যায়। মানুষ দৃশ্যটি নিয়ে এতটাই আচ্ছন্ন হয়ে পড়ে যে তখন দৃশ্যটির পেছনের কারণ নিয়ে নয়, ঘটনা নিয়ে নয়, দৃশ্যটিই তার চিন্তায় প্রাধান্য পায়। নিষ্ঠুর ঘটনার শিকার দূর দেশের এক অজানা-অচেনা মৃতদেহের জন্য কঠিন-হৃদয় মানুষের মধ্যেও করুণার সৃষ্টি হয়। আপনাআপনি বুকের ভেতরে বেদনা এমনভাবে লতিয়ে ওঠে, মনে হয় ওই মৃতদেহটি যেন তারই কোনো আপনজনের। যেমন আজ কুর্দি শিশু আয়লান যেন সবারই প্রিয়জন। ব্যাপারটি এমনই যে আয়লানের মা রেহান নন, ওর ভাই গালিব নয়, আয়লানই শুধু আমাদের আপন। শুধু আয়লানের জন্যই আমাদের চোখ ভেজে পানিতে, অন্য কারও জন্য নয়।গত এক শ বছরে কয়েকটি আলোকচিত্র পৃথিবীর মানুষের অন্তর স্পর্শ করেছে। সেগুলো ইতিহাসে স্থায়ী স্থান করে নিয়েছে। সেগুলোর সঙ্গে যোগ হলো আয়লানের গাঢ় নীল রঙের প্যান্ট, লাল গেঞ্জি ও কেডস পরা ছবিটি।
আয়লানের ছবি দেখে অজান্তে আমার মনের পটে ভেসে ওঠে আরও অনেক আয়লানের ছবি। তাদের কারও নাম আয়নাল, কারও নাম আদিনাথ, কারও নাম আম্বিয়া বা আশুতোষ। তারা সাগরের সৈকতে নয়, সীমান্তের মাটিতে। বাংলাদেশ-ভারত সীমান্তে। সময়কাল ১৯৭১। হাজারো আয়লান সেদিন সাগর নয়, সীমান্ত পাড়ি দিতে গিয়ে জীবন দিয়েছিল। অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়াই তাদের মৃতদেহ পড়ে থাকত মাঠ-ঘাট-প্রান্তরে-ঝোপঝাড়ে অথবা শরণার্থীশিবিরের আশপাশে কোথাও। তাদের কারও কারও ছবি বিদেশি কাগজে ছাপা হয়েছে। তা দেখেও করুণার উদ্রেক হয়েছে সংবেদনশীল কারও কারও—যেমন আমাদের হচ্ছে আয়লানের ছবি দেখে।
সমুদ্রের পানিতে পড়ে গিয়ে শিশুটির মৃত্যুই কি আমাদের বেদনার কারণ? বর্তমান বর্ষা মৌসুমেই বাংলাদেশে ২০-২৫টি শিশু পানিতে ডুবে মারা গেছে। তাদের মৃত্যুসংবাদ প্রচারমাধ্যমে এসেছে। কই তা তো আমাদের বেদনার উদ্রেক করেনি! নাকি আয়লান যুদ্ধের শিকার শিশু বলেই আমাদের দুঃখটা বেশি? পৃথিবীতে প্রতি দুই মিনিটে একজনের বেশি শিশু নির্যাতনের শিকার হয়ে মারা যাচ্ছে। এমনকি তিন থেকে নয় বছরের মেয়েশিশুকে ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। কই, তাতে তো আমাদের চোখের পাতা ভেজে না! বস্তুত শিশু নয়, মৃত্যুও নয়, পানিতে ডুবে মারা যাওয়াও নয়—ছবিটিই জন্ম দিয়েছে বেদনার।
মানুষের পৃথিবীতে বেদনাও সংক্রামক। বহু মানুষকে বেদনার্ত হতে দেখে অনেকেই বেদনায় কাতর হয়। আয়লানের মৃত্যুশোকও তা-ই। তার জামা, জুতা, খেলনা নিয়েও প্রতিবেদন লিখছেন সাংবাদিকেরা। সব শিশুই রঙিন জামা পরে। খেলনা দিয়ে খেলে। ভাইবোন ও অন্য শিশুদের সঙ্গে খুনসুটি করে। আজ আয়লানের জামা-জুতা, খেলার সামগ্রীও মানুষকে ব্যথিত করে তুলছে।
আয়লানকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার স্টোরিগুলো পড়ে আবার মাত্র এক বছর আগের কথা মনে পড়ছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও বোমায় গাজায় ২ হাজার ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়, তাদের মধ্যে ৫০০-র বেশি শিশু। ৫০০-র বেশি শিশুর বোমার আঘাতে মৃত্যুতে বিশ্ববিবেকের টনক বিশেষ নড়তে দেখা যায়নি।
ধারণা করি, মিডিয়া যদি আজকের মতো থাকত ৪৫ বছর আগে এবং সামাজিক যোগাযোগের ব্যবস্থাও যদি ১৯৭১-এ হতো এখনকার মতো, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নয় মাস স্থায়ী না হয়ে নয় সপ্তাহেই শেষ হতো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ব্যক্তির সংখ্যা হতো নয় ভাগের এক ভাগ। এ জন্য একালের মিডিয়াকে সালাম জানাতে হয়। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তুরস্কের দোগান বার্তা সংস্থার ফটোসাংবাদিক নিলুফার ডেমিরকে, যিনি তাঁর ক্যামেরায় বন্দী করেন সিরীয় শরণার্থী শিশু আয়লানের মৃতদেহ। তিনি তাঁর পেশাগত দায়িত্বই পালন করেছেন। জানি না জাতিসত্তার দিক থেকে তিনি তুর্কি না কুর্দি। হুরিয়াত নিউজ এজেন্সিকে তিনি বলেছেন, আমি শুধু চেষ্টা করেছিলাম শিশুটি নীরব চিৎকারকে উচ্চ স্বর দিতে, যা পৃথিবীর মানুষের কানে যাবে। ফটোসাংবাদিকতাকে জানাই দ্বিগুণ সালাম।
আয়লানের বাবা আবদুল্লাহ, মা রেহান জাতিতে কুর্দি। তাঁদের কোনো দেশ নেই। তাঁদের কেউ সিরিয়ায়, কেউ তুরস্কে, কেউ গ্রিস বা ইরাক-ইরানের নাগরিক। তাঁদের দুঃখের কথা তাঁদেরই একজনের মুখে একদিন শুনেছিলাম। ইস্তাম্বুলে আমার হোটেল ছিল ফসফরাস প্রণালির তীরে। হোটেলের রেস্তোরাঁ ছিল ছাদে। খুব সকালে সবার আগে আমি নাশতার টেবিলে গিয়ে বসতাম। শীতের মধ্যেও হাজারো গাঙচিল সমুদ্রের পানিতে হয় ঝাঁকে ঝাঁকে বসে থাকত অথবা কক্ কক্ শব্দ করে উড়ত। ওই পাখিগুলোকে দেখতেই খুব সকালে রোদ ওঠার আগেই জানালায় গিয়ে বসতাম। রেস্তোরাঁর ম্যানেজারের সঙ্গে ভাব হয়। কুশল বিনিময় করে একথা-সেকথা বলি। আমি পাখি দেখছিলাম, তিনি পাশে এসে দাঁড়ালেন। আমাকে ক্ষণিকের বন্ধু মনে করে বললেন, ওই যে সমুদ্রে পাখিগুলোকে দেখছেন ওড়াউড়ি করছে, ওরা যতটা স্বাধীন ও মুক্ত, আমরা কুর্দিরা তা নই। ওদের থাকার জন্য একটি সমুদ্র রয়েছে, আমাদের নিজস্ব কোনো ভূমি নেই, দেশ নেই, রাষ্ট্র নেই। তিনি তাঁর মোবাইল ফোন টিপে তাঁদের নেতাদের ছবি দেখালেন। যাঁদের কেউ ফাঁসিতে জীবন দিয়েছেন, কেউ আছেন কারাগারে।
আয়লান, তার মা ও ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী কে? কেন তাদের দেশ ত্যাগ করে শরণার্থী হতে হয়? কেন তাদের জন্মভূমিতে গৃহযুদ্ধ বাধে? কে বাধায়? তাদের ভিটেমাটি ছেড়ে কেন শরণার্থী হয়ে অজানা কোনো দেশের উদ্দেশে পাড়ি জমাতে সমুদ্রে গিয়ে নৌকায় উঠতে হয়? কেউ শখ করে কি শরণার্থী হয় বা হয়েছিল কোনো কালে? একাত্তরে বাঙালি কি শখ করে শরণার্থী হয়েছিল? একাত্তরে মার্কিন রাষ্ট্রদূত শেখ মুজিবকে বলতেন, তুমি ঠিক আছ, চালাও। ইয়াহিয়াকে বলতেন, ওদের ছাড় দিয়ো না, শিক্ষা দাও। পরিণাম সংঘাত, হত্যা, নির্যাতন, দেশত্যাগ এবং পথেঘাটে বেঘোরে মৃত্যু।
২০১৪ সালে গৃহযুদ্ধে সিরিয়ায় মারা গেছে ৭৬ হাজার ২১ জন। পূর্ববর্তী তিন বছরে নিহত হয়েছে ১ লাখ ৯১ হাজার মানুষ। সরকারি অত্যাচার-নিপীড়ন তো আছেই, আইএস বা ইসলামিক স্টেটের বর্বরতা সীমাহীন। মানুষ কী করে সে দেশে বাস করবে? যে আইএস এখন দানবে পরিণত হয়েছে, কে তার স্রষ্টা, তা যারা জানার তারাই জানে, আমরা জানি না। পশ্চিমা মোড়লেরা অব্যাহতভাবে ‘ওয়ার্ল্ড পিস’ বা বিশ্বশান্তির কথা বলেন, কিন্তু তাঁদের কর্মকাণ্ড থেকে বোঝা যায় না যে তাঁরা শান্তি চান। কারণ, তাঁরাই মারণাস্ত্রের নির্মাতা ও বিক্রেতা। এবং সেগুলোর বাজার সংঘাতময় দেশগুলো। গন্ডগোল তাঁরাই বাধান এবং তাঁরাই জিইয়ে রাখেন। বক্তব্যটা আমার নয়, খোদ জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের সাবেক শীর্ষ কর্তা নাভি পিল্লাইয়ের। ২০১৪-র ২০ আগস্ট তিনি কঠোর ভাষায় পশ্চিমা শিল্পোন্নত দেশের শাসক ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, ধনী দেশগুলো চায় না বিভিন্ন দেশের সংঘাত বন্ধ হোক এবং সেখানকার জীবন রক্ষা হোক, শান্তি বিরাজ করুক।
গত মাসে নৌকাডুবি ও হাঙ্গেরি-অস্ট্রিয়া সীমান্তে ট্রাকে শ্বাসরুদ্ধ হয়ে ৭১ জন মারা গেলে আন্তর্জাতিক মাধ্যমে অভিবাসী ও শরণার্থী প্রসঙ্গ নিয়ে তোলপাড় শুরু হয়। জানা যায়, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় এ বছরে জাহাজ ডুবে মারা গেছে ২ হাজার ৬০০ মানুষ। সংঘাতপূর্ণ দেশগুলো থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ইউরোপে উদ্বাস্তু হিসেবে ২০১৪ সালে গেছে ২ লাখ ১৯ হাজার ৪৭৭ জন। এ বছর আগস্ট পর্যন্ত ৩ লাখ ১৩ হাজার ৬৮৩ জন। এ পরিসংখ্যান জাতিসংঘের উদ্বাস্তু কমিশনের।
শরণার্থী আর অভিবাসী দুই জিনিস। শরণার্থীরা থাকে উদ্বাস্তু শিবিরে। অভিবাসীরা থাকে সমাজে সবার মধ্যে মিশে। বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ ইউরোপের শিল্পোন্নত দেশগুলোতে পাড়ি জমাতে চাইছে। জার্মানি ৮ লাখ মানুষকে আশ্রয় দেবে বলে জানিয়েছে। ২০১৪-তে দিয়েছিল ৪ লাখ। সিরিয়ার ৪০-৪৫ লাখ মানুষ গৃহযুদ্ধে বাস্তুহারা। তাদের ২০ লাখ নিয়েছে তুরস্ক। ১১ লাখ গেছে লেবাননে। ব্রিটেন আন্তর্জাতিক চাপে অল্প কিছু নেবে, কিন্তু সুইডেন, ডেনমার্ক, নরওয়ে প্রভৃতি দেশ উদ্বাস্তু না নেওয়ার পক্ষে।
যুদ্ধ ও সংঘাত চলছে বহু দেশে। সেগুলোর মধ্যে রয়েছে সিরিয়া, ইরাক, ইয়েমেন, পাকিস্তান, সুদান, নাইজেরিয়া, লিবিয়া, মালি, প্রজাতন্ত্রী কঙ্গো, বুরুন্ডি প্রভৃতি। মিয়ানমারের রোহিঙ্গারা নিজ দেশে টিকতে পারছে না। সমুদ্রপথে পালাতে গিয়ে তারাও জীবন দিচ্ছে। সংঘাত, যুদ্ধ না থাকলে পশ্চিমের বিভিন্ন দেশে আগামী বছরগুলোতে অভিবাসী ও শরণার্থী হিসেবে পাড়ি জমাবে প্রায় পাঁচ কোটি মানুষ। তারা সেখানে গিয়ে বসে থাকবে না ঠিকই, অবদান রাখবে অর্থনীতিতে। কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক সমস্যার জন্ম দেবে। সে আশঙ্কা করছেন ইউরোপের খ্রিষ্টান মৌলবাদীরা।
ইতিমধ্যেই অভিবাসীদের বিরুদ্ধে উগ্র রাজনৈতিক সংগঠনগুলো আন্দোলনে নেমেছে। জার্মানির নব-নাৎসিবাদীরা আশ্রয়শিবির পুড়িয়ে দিয়েছে। ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড, ইতালিতে অভিবাসীবিরোধী আন্দোলন শুরু হয়েছে।
শতাব্দীর পর শতাব্দী পশ্চিমা উপনিবেশবাদীরা পৃথিবীর বিভিন্ন জাতিকে শোষণ-শাসন করেছে। এখন অস্ত্র বিক্রি করে সংঘাত বাধিয়ে তাদের করছে গৃহহারা। দায় তাদের নিতেই হবে। জাতীয় কবির ভাষায় বলব: ‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।’

সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক৷