সংজ্ঞা জানেন না নির্বাচন কমিশনার!

সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশনের অন্যতম কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের সঠিক কোনো সংজ্ঞা নেই। কমিশন দেখে নির্বাচন আইনানুগ হয়েছে কি না? ইসি আইনের মধ্যে থাকতে চায়। আইনানুগ নির্বাচন হলে সে নির্বাচন গ্রহণযোগ্য হয়।’
এমন অদ্ভুত কথা কোনো আমপাবলিক বললে আমরা ধরে নিতাম তিনি নির্বাচনী আইন সম্পর্কে অজ্ঞ। তাই এ রকম বালখিল্য কথা বলতে পারেন। কিন্তু কথাটি এসেছে এমন ব্যক্তির কাছ থেকে, যিনি সুষ্ঠু নির্বাচন করার জন্য জাতির কাছে শপথ নিয়েছেন। রফিকুল ইসলাম সাহেবদের জানা উচিত নির্বাচন মানেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ভোটার তালিকা প্রণয়ন থেকে ভোটের ফলাফল প্রকাশ—নির্বাচনী প্রক্রিয়ার কোনো পর্যায়ে কোনো অনিয়ম, ত্রুটি বা জবরদস্তি হয়ে থাকলে সেটি আর নির্বাচন থাকে না। ১৯৯৪ সালের ২৬ মার্চ আন্তসংসদীয় কাউন্সিলের ১৫তম সভায় সর্বসম্মত ঘোষণায় বলা হয়, ‘ইন এনি স্টেট দ্য অথোরিটি অব দ্য গভর্নমেন্ট ক্যান অনলি ডিরাইভ ফ্রম দ্য উইল অব দ্য পিপল অ্যাজ এক্সপ্রেসড ইন জেনুইন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস হেল্ড অ্যাট রেগুলার ইন্টারভ্যালস অন দ্য বেসিস অব ইউনিভার্সাল, ইকুয়াল অ্যান্ড সিক্রেট সাফরিজ।’
রফিকুল ইসলাম বলেছেন, কমিশনের দেখার বিষয় নির্বাচনটি আইনানুগ হয়েছে কি না? তাঁর এই বক্তব্যের জবাবে অন্য দেশ নয়, বাংলাদেশেরই অতীতের কিছু নির্বাচনের উদাহরণ তুলে ধরছি। দেশটি বহু বছর সামরিক শাসনের অধীনে ছিল। সামরিক শাসকেরা বরাবর নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে আইনানুগ নির্বাচনের পথ বেছে নিয়েছেন এবং জনগণকে কিছু সময়ের জন্য বোকাও বানিয়েছেন। কিন্তু চিরদিন বোকা বানানো সম্ভব হয়নি। রফিকুল ইসলাম সাহেবরা এখন জনগণকে বোকা বানাতে চেষ্টা করছেন আইনানুগ ও সুষ্ঠু নির্বাচনের বিতর্ক তুলে।
সামরিক শাসক জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ যথাক্রমে ১৯৭৭ ও ১৯৮৬ সালে দুটি গণভোট করেছিলেন, যাতে কোনো কোনো কেন্দ্রে ৯৭ শতাংশ পর্যন্ত ‘হ্যাঁ’ ভোট পড়েছিল এবং সেই গণভোটে তাঁদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তাঁরা এই গণভোট প্রথা নিয়েছিলেন পূর্বসূরি আইয়ুব খানের কাছ থেকে। তবে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সেই গণভোটের রেকর্ডও বর্তমান কমিশন ভেঙে দিয়েছে। সেখানে একটি কেন্দ্রে ৯৯ শতাংশ ভোট পড়েছে। বলতে হবে দুটোই ছিল আইনানুগ নির্বাচন।
এরপর দৃষ্টি দেওয়া যাক জাতীয় সংসদ নির্বাচনের দিকে। জিয়াউর রহমান সামরিক শাসন বহাল রেখেই ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন। সেই নির্বাচনে আওয়ামী লীগসহ বহু দল অংশ নিয়েছিল। অর্থাৎ নির্বাচনটি অংশগ্রহণমূলকও ছিল। কিন্তু সেই নির্বাচনকে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু বলা যাবে না। সামরিক শাসনের সুবিধা নিয়ে জেনারেল জিয়া দল করেন এবং সেই দল দুই-তৃতীয়াংশ আসনে জয়ীও হয়। তার আগে জিয়াউর রহমান জাতীয়তাবাদী ফ্রন্ট করে নিজে রাষ্ট্রপতি পদে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ, তথা গণতান্ত্রিক জোটের (গজ) প্রার্থী হয়েছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী। সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও অবাধ ও সুষ্ঠু হয়নি।
নির্বাচনের ক্ষেত্রে হুসেইন মুহম্মদ এরশাদও জিয়ার পথ অনুসরণ করেন। সামরিক শাসনের মধ্যেই তিনি ১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচন করেন এবং নবগঠিত জাতীয় পার্টিকে প্রায় দুই-তৃতীয়াংশ আসনে জয়ী করে আনেন। সামরিক শাসকদের দুই-তৃতীয়াংশ আসনের প্রয়োজন হয় সামরিক আইনকে বৈধতা দেওয়ার জন্য। ছিয়াশির নির্বাচন বিএনপি বর্জন করলেও আওয়ামী লীগসহ বহু দল অংশ নেয়। অর্থাৎ নির্বাচনটি অংশগ্রহণমূলক ছিল। কিন্তু সুষ্ঠু ও অবাধ ছিল, সে দাবি এরশাদ ছাড়া কেউ করবেন না। এর পৌনে দুই বছরের মাথায় এরশাদ গণ-আন্দোলনের মুখে সংসদ ভেঙে দেন এবং চতুর্থ সংসদ নির্বাচন করেন, যা আওয়ামী লীগ ও বিএনপি জোট বর্জন করলেও শ খানেক দল অংশ নেয়। জাসদ নেতা আসম রব ‘গৃহপালিত’ বিরোধী দলের নেতা হয়েছিলেন। রফিকুল ইসলামের চোখে হয়তো সেই নির্বাচনও আইনানুগ ছিল; কিন্তু সুষ্ঠু ও অবাধ ছিল না।
এ ছিল সামরিক শাসনামলের নির্বাচনী খতিয়ান। পরবর্তীকালে গণতান্ত্রিক শাসনামলে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি যে নির্বাচন হয়, সেটিকেও বেআইনি বলা যাবে না। কেননা, সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আইন পাস করে এবং সেই আইনের অধীনে ১৯৯৬ সালের ১২ জুন, ২০০১ সালের ১ অক্টোবর এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বর—তিনটি নির্বাচন হয়।
রফিকুল ইসলাম সাহেবদের জানা দরকার যে একটি নির্বাচন আইনানুগ হওয়াই যথেষ্ট নয়। নির্বাচনটি একই সঙ্গে সুষ্ঠু ও অবাধ হতে হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে অতীতে শুধু ‘আইনানুগ’ নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সংসদই মেয়াদ পূর্ণ করতে পারেনি। গণ-আন্দোলন কিংবা গণ-অভ্যুত্থানে সরকারের পতনের সঙ্গে সঙ্গে সেসব সংসদও ভেসে গেছে। ‘ভোটারবিহীন’ চতুর্থ সংসদ সাংসদদের জন্য বিনা শুল্কে গাড়ি কেনার যে আইন পাস করেছিল, সেই আইনের সুবিধা সাংসদেরা এখনো পাচ্ছেন এবং দু-একজন ব্যতিক্রম ছাড়া তাঁরা সেই সুবিধা ভোগও করছেন। অর্থাৎ নির্বাচনটি ‘আইনানুগ’ ছিল।
রফিকুল ইসলামের কথায় মনে হচ্ছে, তাঁরা শুধু একটি আইনানুগ নির্বাচনই চান; জনগণের আকাঙ্ক্ষার সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে মাথা ঘামাতে চাইছেন না। কিন্তু আইন রক্ষার নির্বাচনের জন্য এত বিজ্ঞ-অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপমহাদেশের ইতিহাসে বৃহত্তম নির্বাচন কমিশন গঠনের প্রয়োজন ছিল না। ‘সাদেকালী’ কিংবা আজিজ মার্কা একটি কমিশন গঠন করলেই হতো। তাঁরা শুধু আইনানুগ নির্বাচনে সন্তুষ্ট থাকলেও দেশের ষোলো কোটি মানুষ চায় নির্বাচনটি একই সঙ্গে আইনানুগ ও সুষ্ঠু হোক।
রফিকুল ইসলাম বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ‘সঠিক’ কোনো সংজ্ঞা নেই। তবে ‘বেঠিক’ সংজ্ঞা যে আছে, তা তাঁরা খুলনা ও গাজীপুরে দেখিয়ে দিয়েছেন। ভবিষ্যতে কমিশন যদি খুলনা ও গাজীপুরের মতো নির্বাচন করতে না চায়, তাহলে জনগণ সুষ্ঠু নির্বাচনের সঠিক সংজ্ঞা খুঁজে পাবে।
সোহরাব হাসান: কবি ও সাংবাদিক।